গেছে রাতের আকাশ আলোকময়
শামিয়ানা গুটিয়ে, বিহানের
দ্বারে আবার দাঁড়ানো
ভিড়ের ছুটাছুটি,
কোলাহলের
মাঝে
উদ্বর্তনের অভিযান, অদৃশ্য চক্র -
ব্যুহ, কিছু ছদ্মবেশী চেহারা,
কিছু পরিচিত রহস্য -
ভরা হাসি, পুনঃ
ক্লান্ত দেহের
সাথে
নিজের সন্ধান, সাড়ে সাতটার - -
মফস্বল লোকালের সাথে,
আবছা আলোয়,
পিছনে
সরে চলেছে, উড়াল পুল, কালো
দিঘির ওপারের হরিত ভূমি,
ফ্লেটফর্মে ছড়ানো
চীনাবাদামের
খোল,
পরিশ্রান্ত পায়ে আবার আঁধারের
সঙ্গে এক সংক্ষিপ্ত রাতের
নিঃশর্ত সন্ধি, এক
ফালি নিঃশ্বাস,
পুরোনো
বইর উপরে আবার নতুন ভাবে
বেঁচে থাকার ঝকঝকে
মলাট !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
vases-and-flowers art by joni-mcpherson
সব কিছুই ছিল আশেপাশে ফুল, গন্ধ,
জোছনার ক্ষরা, আবগের বন্যা,
তবুও জানি না কিসের
জন্য সারা রাত
ধুঁইয়ে -
ধুঁইয়ে জ্বলেছে ভাবনার ধূপ, কোন -
অতৃপ্ত আত্মার ছায়া, করেছে
বিন্দু বিন্দু গ্রাস দেহের
এই কাঞ্চন ভূমি,
সব কিছুই
ছিল -
প্রেমের অবুঝ যবনিকার অপর ধারে,
জীবন রইলো যথারীতি খুবই
একাকী শেষ প্রান্তে, না
হাসি, না কান্না,
তটস্থ
নিজের বৃত্তে, পরিধির সমস্ত বিন্দু - -
অবশেষে হলো উধাও, হয় ত
তারা উড়ে গেছে অদৃশ্য
প্রজাপতির রূপে,
নিজস্ব
উপবনে, পরিচিত গন্ধের পথে সুদুর
আপন লোকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist Nancy Medina
আবছায়া আয়না কিন্তু উজ্জ্বল প্রতিবিম্ব,
বিচিত্র বিরোধাভাস, অনেক সময়ে
ব্যতিক্রম ঘটে জীবনে, আর
করে যায় নির্বাক
অন্তর্মন,
বহুবার দেখেছি তোমার চোখে আছে - -
যেন এক থামানো কালবৈশাখী,
ঠিক পরবর্তী মুহুর্তে, তুমি
বিগলিত জলধারা,
বহে যেতে
চাও সুদুর সাগর সঙ্গমের পথে অনিরুদ্ধ
ভাবে, অনেক বার দেখেছি তুমি
বুকের পাঁজরে থাকতে চাও
সন্নিবিষ্ট রূপে, আবদ্ধ
হৃদয়ের খুব
কাছে,
আবার অনেক সময়ে দেখি তুমি উড়ে -
যেতে চাও প্রণয় পিঞ্জর খুলে,
জল স্থল আকাশ পার
অন্য কোনো
উপগ্রহে,
আর আমি শুধুই চেয়ে থাকি বিস্ফারিত
চোখে, তোমার ওই উচ্ছৃঙ্খলতার
উন্মুক্ত অণিমা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Charles Storer
না তুমি হতে পারলে পৃথিবীর অন্তরতম,
না আমি আকাশের উদারতা, তাই
প্রণয়ের দিগন্ত রেখা রইলো
চিরদিনই ফেকাশে,
যখনও
চেয়েছি ঝরতে আমি, শ্রাবণের অধীর
বর্ষণে, তখন তুমি দেহের উপরে
সাজিয়ে গেছ সজল ফুলের
উপত্যকা, ফিরে
গেছি সুদুর
অন্য
বৃষ্টি ছায়ার দেশে, কখনো উজ্জ্বল রাতে
আমি খুঁজেছি তোমায় সঘন
অরণ্য পথে, চেয়েছি
ভিজিয়ে দিতে
আবেগের
জোছনায় পরিপূর্ণ ভাবে, তখন দেখি -
তুমি আছো নিমগ্ন স্বপ্নের দেশে,
তাই নিঃশব্দ পায়ে ফিরে
গেছি বন্য সুরভির
সাথে অনেক
দূর -
অজানা ধুসর প্রান্তরে, একাকী পুড়েছি -
সারা রাত অদৃশ্য দহনে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection
একধারে বিস্তৃত আলোকিত জগৎ
অন্য দিকে বিরাগের অবগাঢ,
হৃদয়ের ধুসর প্রান্তর,
জীবনের নৌকা
ভেসে রয়
মাঝ -
ধারে একাকী, বহুদূর দেখি ভাসন্ত
সকালের দ্বীপ, পাখিদের উন্মুক্ত
ঝাঁক উড়ে চলেছে খোলা
আকাশের অভিমুখ,
চেয়ে আছে
কচি
রোদে, শিশুদের চোখ উড়ন্ত স্বপ্নের
দিকে, সহসা পাখিরা রঙ্গীন
ঘুড়ির রপে রুপান্তরিত,
আস্তে আস্তে তারা
নীল শুন্যে
গেছে
হারিয়ে, ওই ক্ষণিক শিশুদের হাসি,
প্লাবিত করে যায় জীবনের
মরু প্রদেশ, আবার
হৃদয়ে আশার
কিরণ,
জাগিয়ে যেতে চায় সুপ্ত গোলাপের
পাপড়ি, পুনরায় মন চায়
তোমায় ভালবাসতে
হে ! পৃথিবী - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
roses-painting
এখনো বহুদূর শিশির ভেজা ফুলের
সকাল, আঁধার ও বিহানের
মাঝে রয়েছে একটি
দশকের দুরুত্ব,
উঁচু নীচু
ঊষর
ভূমির অপর পারে আছে এখনো বহু
ফণীমনসা ভরা প্রদেশ, আধ
পথে এসে পিছনে ফিরে
চাওয়া অর্থহীন,
তোমার
অঙ্গ -
প্রত্যঙ্গে, এখন আমার দেহের ছায়া -
ঘনিয়ে উঠে চলেছে ক্রমশঃ - -
তোমার হৃদয় দর্পণে
ভেসে উঠতে
চায় -
আমার প্রাণের প্রতিফলন আশ্চর্য্য -
ভাবে, ধীরে ধীরে তুমি অদৃশ্য
রূপে বিলীন, আমার
বুকের পাঁজরে,
এখন কিন্তু
তোমার প্রাক আকারে পুনরায় ফিরে
যাওয়া খুবই মুশকিল।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
creeping feeling
তোমার সিক্ত নয়নের তীরে, আছে -
কিছু অধীরতার আভাস, কিছু
হারাবার দুঃখ, কিছু নব
উপলব্ধির খুশি !
ওই তপ্ত
পৃথিবী ও ভব্য আকাশের মাঝে ভেসে
ওঠা, মিহি দিগন্ত রেখায় দেখি
আবার স্বপ্নের পায়চারি,
আবার নিশিপুষ্পের
উঠোনের
গায়ে অদ্ভুত টলমলানি,পুনরায় তুমি
সাজিয়ে চলেছ হৃদয়ের শুন্যতা,
সেটাই জীবনের আসল
অন্ত:সার, ভাঙা
গড়ার এই
শিল্পের মাঝে অনবরত পূর্বগামী এক
জলস্রোত, নিঃশ্বাসের ওই ওঠা -
নামা চিত্রলেখে, পুনরায়
মধুর আবেগের
নব সৃষ্টি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
collection of Sally Hunt Fine Art