মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

খুব কাছের মানুষ - -

 বিশেষ বলতে এমন কিছু নয়, ওই
বাঁধা - ধরা জীবনের ধারা,
পাখির ডাকে যখন
জেগে ওঠে অর্ধ
সুপ্ত, উড়াল
সেতু !
তখন যেন পুনরায় বেঁচে থাকার
জন্য যুদ্ধের শঙ্খনাদ, ক্রমশঃ
দুষিত মহানাগরীয়
আকাশে, সূর্য্য
কেমন
যেন হিমসিম, খুঁজে পায় না সহজে
সাঁঝের ঠিকানা, ভরা দুপুরে
হাঁপিয়ে ওঠে, দেখে
সাগর সৈকত
বহু -
দূর, জীবনের কাহিনী সব মিলিয়ে
কোথায় যেন এক বিন্দুতে যায়
মিলে, অতৃপ্ত ফণীমনসার
যেন ঝোপ, কোনো
এক পরিত্যক্ত
স্থানে
জড়ো হয়ে শ্রাবণের গল্প করে ! ওই
সন্ধ্যার সাড়ে সাতটার লোকাল
তখন অজ্ঞাতসারে নিজের
খুব কাছে আপন
করে ডাকে,
সূর্যের কথা আর মনে থাকে না - -
তখন আঁধার হয়ে ওঠে খুব
কাছের মানুষ !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
Willem Haenraets Art

রবিবার, ২ নভেম্বর, ২০১৪

অনেক দূর হাঁটার পরে - -

"অনেক দূর হাঁটার পরে, পিছনে ফিরে
যাওয়ার, কোনো ঔচিত্য কি
আছে এই সন্ধিক্ষণে,"
প্রশ্নের সঙ্গে
যখন আমি চেয়ে দেখলাম তার নয়ন -
কোণে, তখন সন্ধ্যা, প্রায়ই নেমে
এসেছিল গঙ্গার অন্য তীরে,
ওই বিশাল বুড়ো বট
বৃক্ষের নীচে
কিছু ক্ষণ থেমে সে যেন মৌন ভাষায় -
করেছিল আবৃতি, বিলুপ্ত ঋচার
রূপে, দূরগামী ট্রেনের
ওই বুক কাঁপানো
আওয়াজে
হয়'ত আমি শুনতেই পারি নি, তার - -
শাশ্বত প্রণয়ের স্বীকারোক্তি কিংবা
একে অপরের থেকে মুক্তি,
আসলে, হিমায়িত
পৃষ্ঠতলে হাঁটা,
সহজ নয়
কাচিক পৃষ্ঠতলের নীচে চিরদিনই থাকে
এক অনিশ্চয়তা, ভাসন্ত এবং
নিমজ্জনের মাঝের
অবস্থা - -

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by Mary Anne Aytoun Ellis

আলো - ছায়ার যবনিকা - -

পরগাছা অথবা অমর লতা ! শুধুই
শাব্দিক ফের, সহজ কোথায়
জীবনে, আকাঙ্ক্ষিত -
ভাবনার মূর্ত
হওয়া !
তার ওই আপন করে জড়িয়ে রাখার
দাবি, শুনতে ভালই লাগে,
কিন্তু জানি না কেন,
তার গভীরতার
আন্দাজ -
করতে চায় না, এই দ্বিধাগ্রস্ত হৃদয়, -
আসলে, হাসির সঙ্গে অদৃশ্য
ভাবে লুকিয়ে রয়
চিরদিনই
অশ্রু কণা ! আলো - ছায়ার যবনিকা
চিরদিনই অবিরত ভাবে, খেলা
করে অগোচর নিয়তির
হাতে, তুমি কিংবা
আমি নিমিত্ত
মাত্র - -
প্রাক - পরিকল্পনার গুটি, সে ফেলে - -
যায় পাশা নিজের ইচ্ছায়, সব
কিছুই কপালের ভাঁজে
থাকে মুদ্রিত !
জীবনের
রহস্য চিরকালই থাকে অ-সংজ্ঞায়িত,
প্রহেলিকার মাঝে লুক্কায়িত !

* *
- শান্তনু সান্যাল
 

http://sanyalsplanet.blogspot.in/
Fidelia Bridges Watercolor Paintings

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

অসমাপ্ত মৃগতৃষ্ণা - -

সে আবার আজ শব্দের পাশা ফেলেছে,
ভাবনার চৌকোণ ঘরে, পুনরায়
জীবন হতে চায় পরিপূর্ণ
ভাবে পরাজিত !
তার নয়ন
কোণে
ঝিলিকিয়ে ওঠে মেঘরঙ্গী শিশির বিন্দু
কি ঘনীভূত অশ্রু, না চেয়েও খুব
জানতে ইচ্ছে করে ! জানা -
সত্তেও যে আমি, এক
ছারখার ব্যক্তিত্ব,
তবুও তার
ওই অজানা বিষপ্রাসনের অভিলাষ - -
উদ্বেলিত করে যায় অন্তরতম !
আমি যে এক পরিযায়ী
পাখি, কোথায়
আমার
স্থায়ী আস্তানা, বহুবার বুঝিয়েছি তাকে
তবুও জানি না কেনো, সে সজল
চোখে, ভালবাসার প্রদীপ
যথারীতি রাখে
জ্বালিয়ে !
আর যেন আমি, কাটা অশ্বত্থ গাছের - -
শাখা প্রশাখা, বুকে লুকিয়ে রাখতে
চাই তার বিক্ষিপ্ত প্রেমের কিছু
কচি পাতা ! পুনর্জন্মের
যেন অসমাপ্ত
মৃগতৃষ্ণা !

* *
- শান্তনু সান্যাল




http://sanyalsplanet.blogspot.in/
art by simon bull 1

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

অন্তিম বিচারের রাত্রি - -

ওই অন্তিম বিচারের রাত্রিতে তোমার
ঘাড়ে থাকবে অদৃশ্য বহু বাড়ন্ত
হাত, আজ তোমার হাতে
আছে নগ্ন তলোয়ার,
করে যাও
নৃশংস
হত্যাকান্ড ! এ কেমন রক্ত পিপাসা -
কে তোমার হিংস দেবতা, যে
ভালবাসে নিরীহ মানুষের
রক্তপাত, এ কেমন
ধর্মীয় - দর্শন
যে করে
দানবের মহিমামন্ডন, ইতিহাস করে
আপন অক্ষে বারংবার সহজে
পুনরাবৃত্তি, মহাভারতের
পুনরাগমন শুধুই
নয় পুরাকথা
কিংবা
শ্রুতি, অদৃশ্য থাকে চিরদিন জীবন -
রথের সারথি, নিয়ে অসংখ্য
হাতে সুদর্শন চক্র,
অধর্মের অন্ত,
যুগে যুগে
অবশ্যম্ভাবী, মানব ধর্ম চিরকাল বহে
যায় শাশ্বত দিব্য প্রবাহে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
reflection of art

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

কল্পনার শুন্যযাত্রা - -

 মধ্য রাতের আমি স্বপ্নিল পথিক
হেঁটে চলেছি একাকী, ছায়া -
পথ পেরিয়ে, বহু দূর
দিগন্ত রেখার
পারে !
সম্ভবতঃ তুমি আছো দাঁড়ায়ে ওই
ঝিলমিল অরণ্য নদীর তীরে,
দেহে জড়িয়ে বিহানের
কচি আলো, অধর
কুলে ফুটিয়ে
আছো
সদ্য পুষ্পিত গোলাপ ! তোমার -
জগতে, জীবন যেন দামাল
নির্ঝর, বহে যায় নিজের
ইচ্ছায় অবাধ্য
আবেগে,
জানি এ সব কল্পনার শুন্যযাত্রা,
বাস্তবিক ধরাতল খুবই
খাঁজকাটা, তা সত্তেও
মন লিখে যেতে
চায় কিছু
মসৃন কবিতা, কিছু মখমলীয় -
ভাবনার অর্ঘ্য তোমার
চোখের তলে, দিব্য
অঞ্জনের রূপে
চিরদীপ্ত
আশায়, অন্যথা কে জানে কখন
যে যাবে ভেঙে, নিঃশ্বাসের
তন্তু খুবই কাঁচা !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
scattered realization

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

অন্তহীন নীরবতা - -

জীবনের প্রতি, কোনো দিনই ছিল - -
না কোনো অভিযোগ, যার
যত ছিল আঁচল, অতই
পেল উপহার, যদি
সব কিছুই
ঝুলে রয় কল্পতরুর শাখায়, তা হলে
জীবনটা হতো খুবই বিরক্তিকর,
নীরস, সারাটা দেহ যদিও
বিক্ষুব্ধ, আক্রোশে
ভরা তবুও
মেঘলা আকাশের পারে কোথায় - -
যেন আছে, তারক ভরা
উন্মুক্ত জোছনার
জলসা, ওই
রহস্যময় খুশির জুয়ারে ভেসে যেতে
চায় জীবন, উড়ে যাক সমস্ত
অনর্থক গণনার পৃষ্ঠা !
অপ্রকাশিত থাক
যথারীতি
দিনলিপির মান অভিমান, আরশির
নিয়তি যখন অকস্মাৎ ভাঙন,
এত সোনালী ফ্রেমের মানে
বা কি, জানতে চায়
অনেক সময়ে
নিজস্ব
প্রতিফলন, আর ভাবতেই না ভাবতে
সব কিছু হয়ে ওঠে নিমিষে, ঠিক
ঝড়ের পরে উধ্বস্ত তীর
ভূমির অন্তহীন
নীরবতা !

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
primura_obconica