শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

পূর্ণ পৌরুষে - -

আর আমি ব্যথা পাই না, তুমি ছুঁয়ে
দেখতে পারো বুকে অবস্থিত
ক্ষত স্থান, আসলে
সহিষ্ণুতার 
আছে এক নিশ্চিত সীমাবদ্ধতা, তার
পরে, মানুষ হয় ওঠে আশ্চর্য্য
ভাবে অনড়, মৌসুমের
পরোয়া করে না,
আর আমি
কাঁদি না, হয়তো অশ্রু ধারা গেছে -
শুকিয়ে, ওই শুষ্ক ধরাতলে
ক্রমশঃ গজিয়ে উঠেছে
লবণাক্ত ভূমি,
আর কিছু
ঝলসানো স্বপ্নের বৃক্ষ, পাতা বিহীন,
আর আমি ওই মৃগজলের
পিছনে ধেয়ে যেতে
চাই না, সে
প্রেম কি
স্পৃহা ছিল জানি না, আমি আর - -
স্বপ্নের জাল বুনি না, হয়তো
তোমার এই মুহুর্তে
কিছু অস্বস্তি
হতেও
পারে, কিন্তু বাস্তবিকতা শুধু এটাই
যে তুমি আমায় নৈসর্গিক ভাবে
পেতে চাও, যাকে বলে কটু
সত্য রূপে, পূর্ণ
পৌরুষে।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
Glennda Field Fine Art.jpg

বুধবার, ১১ মার্চ, ২০১৫

ছায়াপথের অধিবাসী - -

আমি গেছি বহুবার বহে, নদীমুখের সাথে
দূর সমুদ্র গভীরে, হারিয়েছি নিজের
অস্তিত্বের দ্বীপ খানি তার
বুকের বিশৃঙ্খল
পৃষ্ঠতলে,
অনেক সময়ে, সে যেন রহস্য ভরা সুদুর
ছায়াপথের অধিবাসী, তার ওই
উদ্ভাসিত প্রণয়ের মোহনে,
আমি ভেসে গেছি
মহাকাশে !
আবার, কতবার দেখেছি তাকে অন্তহীন
মহাসাগরের অশ্রান্ত নাবিকের রূপে,
নিয়ে যেতে চায় আমায়
সুদুর, কোন এক
সপ্তরঙ্গী
দেশে, শুনেছি যেখানে নাকি আছে এক
অবসান বিহীন জোছনার রাত্রি !
ঝরে অষ্টপ্রহর যেখানে দিব্য
আলোর ঝরনা, জীবন
খুঁজে পায় হৃদয়ের
পবিত্র পরশ
পাথর,
কাজেই বারংবার আমি ধেয়ে যাই তার
অদৃশ্য ভালবাসার পিছনে - -

* *
- শান্তনু সান্যাল




 

http://sanyalsplanet.blogspot.in/
mary maxam painting

মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

চির নিদ্রার দেশ - -


অনেক কিছুই ছিল তার কাছে, তবুও -
জানি না কেন, কোথায় যেন
সে ছিল ভীষণ একাকী !
বাহ্য - অভ্যন্তরীণে
সমান ভাবে
ফাঁপা,
আসলে অতিরিক্ত পাওয়ার অভিলাষ -
নিজেই ডেকে আনে শূন্যতা, এবং
সেখান থেকেই, স্বয়ং ক্ষয়ে
যাওয়ার সূত্রপাত !
চোখের আগে
যেন
ভেসে রয় বিস্তীর্ণ মায়াবী মরুদ্যান, - -
চার দিকে, সারি সারি খেজুর
বৃক্ষের বীথি, আর 
মাঝখানে নীল
গভীর
ঝিল ! ওই মৃগতৃষ্ণার পারে স্বপ্ন গুলোর -
আছে চির নিদ্রার দেশ, যেখান
হতে ফিরে আসা খুবই
জটিল, জীবন
শুধুই
খুঁজে বেড়ায় অনবরত ভাবে মনের বন্ধু !
যদিও, বুকের খুব কাছে থাকে সে
প্রণয়ী মানুষ, কিন্তু খোলা 
চোখ তাকে চিনতেই
পারে না,

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫

পুনরায় সন্ধান - -

হয়তো তুমি আবার খুঁজবে আমায়,
বারান্দার কোণায়, এক চিলতে
রোদের রূপে, কোনো এক
ফুরিয়ে আসা শীতের
সকালে, পুরাতন
ফুল - টবের
কাছে, হয়তো তখন আমি আর নেই
তোমার বুকের মুলায়েম আবেগে,
সব কিছুর এক নিশ্চিত
সীমানা আছে বৈকি,
তাই, আর
ওই প্রণয় গন্ধের দাবিটা যেন একটু
বানানো মনে হয়, ঠিক ঝরা
শিউলির ওই অকাজের
অভিমান ! তবুও
জানি না
কেন হৃদয় চায়, যে তোমার চোখের
ওই অশেষ তল্লাসে, কোথায় যেন
আমি থাকতে চাই লুকিয়ে,
ঠিক হারানো, কোনো
এক অমূল্য
কৌটোর মাঝে, কেশরের রূপে চির -
মৌন, রাশি রাশি গন্ধ লুকিয়ে
শুকনো রন্ধ্রে - - 

* *
-  শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
painting of Ann Mortimer

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫

অশেষ নীরবতা - -

সবাই এখানে দৌড়িয়ে চলেছে দ্রুতগামী - -
সময়ের সাথে, তুমি যদি থামতে
চাও, কোনো এক মফস্বল
স্টেশনে, সেটা কিন্তু
তোমার নেহাৎ
নিজস্ব
সিদ্ধান্ত, অথচ এখনো সূর্য্য যাই নি অস্তাচলে,
অন্ধকার ঘিরে আসতে, হয়তো এখনো
দেরী, কিন্তু সব দিনের অবসান
অপরিবর্তনশীল, চির ক্ষুধিত
কালো রাত্রি গিলে যাবে
যথারীতি সব
কিছুই,
আর আঁধারের যবনিকায় ঢেকে থাকবে -
কিছু ঝাপসা শেষ প্রহরের কাহিনী,
ওই এক দিগন্ত রেখা, যেখানে
স্বপ্নের ভূমি ভেঙে যায়
বহু খণ্ডে, তবুও
ছুঁতে পারে
না সকালের আসল চেহারা ! ওই কুয়াশার
জগতে, হয়তো তুমি খুঁজে পাবে না
ঘরে ফিরে আসার, ওই ভোর
বেলার মহানগরমুখী
ক্ষিপ্র বেগের
ট্রেন !
ওই নির্জন স্টেশন চত্বরে, রয়ে যাবে শুধুই
কিছু অসমাপ্ত পথ চাওয়া, আর
অশেষ নীরবতা - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
Water color by Mary Gibbs

অনন্তকালীন ভালবাসা - -

সে দূর হয়েও যেন বেঁধে রাখে আমায়
মায়ের ভাষায়, শিরায় শিরায়
স্বাধীন ভাবে মিশিয়ে
যায় বাংলার
মাটি
বাংলার জল, শঙ্খ বেলায় ভেসে ওঠে
হৃদয়ের কুলে আজানের সুর,
গোধুলির ওই আবছা
আলোয় দেখি
তুলসী
তলায় কে যেন জ্বেলে যায় ঐতিহ্য -
প্রদীপ, হটাৎ আজও মনে হয়ে
যেন অজয় নদীর কূল
আর মেঘনার
তীর
মিলে মিশে একাকার, আর তোমার
হাসি কান্নার মাঝে, আমি প্রায়ই
ভুলে যাই জীবনের
পারাপার,
তখন
এপার - ওপারের মাঝে ঝুলে রয় এক
মাত্র মাতৃভাষার অখণ্ডিত সেতু,
অনন্তকালীন ভালবাসার
পথে অগ্রসর।

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Painting by Oregon Artist Jacqueline Newbold

সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫

অন্তর্তমের অনুনাদ - -

তার প্রেমের পরশে আছে চাঁদনী রাতের
স্নিগ্ধতা, অথবা অপ্রতিম শীতলতা,
যেন চন্দন অরণ্যের সমীরণ
ছুঁয়ে যেতে চায় গভীর
হতে গহনতম,
তার চোখের আয়না চিরকাল অনি:শেষ
পারদর্শী, বেঁধে রাখতে চায় আমার
অস্থির ভাবনার তরঙ্গ, ওই
রহস্যময়ী চোখের
আলোয়, তার
প্রণয় প্রহেলিকার গিঁটে আছে এক অদ্ভুত
পেঁচানো গহ্বর, যতই যাই গভীরে
জীবন যেন হয় ওঠে অতই
জটিল হতে গ্রন্থিল !
প্রায়ই ফিরে
আসে অন্তর্তমের অনুনাদ, সুদূরের শুন্য -
উপত্যকার গা ছুঁয়ে, যথারীতি
জীবন, একাকী দাঁড়িয়ে রয়
মধ্য রাতের অন্ধকারে,
তার মায়াবী
প্রেমের উন্মুক্ত প্রাঙ্গণে, উন্মোচিত দেহের
সাথে, সে এক রোমাঞ্চিত খেলা,
কখনো মেঘের মিহি কণার
রূপে আবার কখনো
অগ্নিস্ফুলিঙ্গের
চমকে, ঝরে সারা রাত মন্থর বেগে বিন্দু -
বিন্দু আকাশ হতে পৃথিবীর বুকে !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/

in-the-moment-ognian-kuzmanov.jpg