যখন জীবনের পড়ন্ত বেলায় ভালবাসা
খুঁজে শীতকালের গোলাপী রোদ্দুর,
আর হারানো যৌবন বসে
রয় আরামকেদারায়
একাকী, ঠিক
এমন
সময়ে অলিন্দের এক কোনায় অযথাই
দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে,
যখন ঈশান কোণে মেঘের
দল ঘনিয়ে ওঠে বিন্দু
বিন্দু,তখন জানি
না কেন,
অজ্ঞাতসারে, আমি ছুঁয়ে দেখতে চাই - -
তোমার বুকের স্পন্দন, জানতে
চাই তার বাস্তবিক ভাষা,
ওই উঁচু নিচু রেখায়
বুঝতে চাই
জীবনের
মর্ম, আর দেখতে চাই ওই গোপন স্থান !
যেটা পড়ে রয় দাবিদারহীন নিয়তির
সাথে এক কিনারায়, নিজেকে
উজাড় করে ভালবাসা,
আমি আবার
ভরে দিতে
চাই সেই শুন্য জগৎ, অবশ্যই আমার - -
হাতে রয়েছে কয়েকটি মৌসুমের
সূচী আর তোমার পুরাতন
হাসির বর্ণমালা, ঠিক
যেন অপঠিত
প্রেম পত্র
বুকের সিন্দুকে খুব যতনে পাট করে রাখা
আছে বহু যুগ ধরে।
* *
- শান্তনু সান্যাল
art by irene sheri
http://sanyalsplanet.blogspot.in/
অনেক দিনের পরে হটাৎ আজ, বৈকালিন
বৃষ্টি ! বয়ে আনলো সুদুর হতে কিছু
উটকো স্মৃতি, কিছু ভাসন্ত দ্বীপ
আবার যেন খুঁজে পেয়েছে
হারানো পৃথিবী,
পুনরায় -
জীবন ধরে রাখতে চায় খুব যতনে মুঠোর
মাঝে, তোমার সাবলীল ভালবাসা !
ছাদের কোণে, এন্টেনার গায়ে
সেই ঝুলন্ত ছেঁড়া ঘুড়ি,
দেখি আর নেই,
বোধ হয়
খুঁজে পেয়েছে শেষ মিলনের ঠিকানা, ঠিক
আমরাও একদিন ছিলাম প্রাণবন্ত
দুই নদী, মিলনাতুর, ক্ষিপ্র -
আবেগী, সেটা অন্য
ব্যাপার যে
সঙ্গমের অনেক আগেই, আমরা গিয়েছি - -
শুকিয়ে, কিন্তু সেই মরুধরার নিচে
বিশ্বাস করো, আজও বহে
যায় ভূগর্ভস্থ এক
জলধারা,
দুই বুকের মাঝে ওই অদৃশ্য জগতে আজও
আছে হরিৎ প্রদেশ।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
জীবনের নাগরদোলা ঘুরে যায় অবিশ্রাম
লয়ে, কখনো আকাশপথে আবার
কখনো পৃথিবীর গা ছুঁয়ে,
মৌসুম, যথারীতি
দাঁড়িয়ে রয়
দর্শক
দীর্ঘায়, ওই ভাবনার সঘন ভিড়ে, আমি
ডেকেছি তোমায় খুব আপন করে,
কখনো তুমি দিয়েছ মৌন
সাড়া, আবার দেখি
বহুবার তুমি
করেছ
অবহেলা, কৈফিয়ৎ বলতে কিছুই নেই -
এই মুহুর্তে, সবাইর আছে নিজস্ব
এক দুনিয়া, নিজের কিছু
আপন কলাকৃতি,
কিছু অবুঝ
জ্যামিতি,
আর বারংবার মুছে স্বপ্নের স্লেটে, নতুন
ভাবে লেখা - কিছু ভালবাসার
কবিতা, আত্ম গোপনের
কিছু নাটক, কখনো
একক আর
কখনো
কোরাসে নিজেকে হারাবার অভিনব - -
প্রয়াস।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Irene Sheri art
গহন অন্ধকারেও সে খুঁজতে পারে -
আমার নিঃশ্বাসের ঠিকানা,
অদৃশ্য ছায়ার মতন
সে জড়িয়ে রয়
অহর্নিশ
আমার অস্তিত্বের সাথে। সে প্রেম কি
দিব্য অনুভূতি, প্রায়ই ভাবে
জীবন, যখন দৈহিক
সুখের অভিলাষ
ক্ষণে ক্ষণে
যায় উপাসনার পথে। সমস্ত ছদ্ম - -
আবরণের তখন পরিসমাপ্তি
ঘটে। ধূপের ধোঁয়া
শুন্যে যায়
হারিয়ে, পড়ে থাকে দেউলের মেঝে -
কিছু ছাইর গুড়ো, আর এক
পরিতৃপ্তির মধুর গন্ধ,
উজান হতে
প্রতিধ্বনিত তখন নদীর সাগরকুলে
হারিয়ে যাওয়ার গান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by artist Jacqueline Gnott 1
বিশাল, ওই ভিড়ের মাঝে আমি খুঁজে
চলেছি, জানি না কোন আপন
জনের চেহারা, দৌড়িয়ে
যাচ্ছি প্রায়, এই
প্ল্যাটফর্ম
হতে অন্য প্ল্যাটফর্ম, দূরগামী ট্রেনের
কম্পন এখনো রয়েছে বাতাসে,
লাল - নীল সবুজের আলো
গায়ে জড়িয়ে হয়'ত
সে এখন
বহুদূর ভেসে যাচ্ছে সঘন অরণ্যে, -
আস্তে -আস্তে স্টেশন চত্বরটা
প্রায় ফাঁকা, ক'এক
বেওয়ারিশ
চেহারা
ঠিক আমারই মতন চেয়ে আছে দূর
ভাসন্ত ছায়ার জগৎ, চৈত্র
শেষের কিছু উড়ন্ত
পাতার সাথে
মনে হয়
সে রেখে গেছে কিছু স্মৃতির ছিঁটে - -
দাগ, কিছু পিঙ্গলবর্ণী ভালবাসা,
এখন মধ্যরাত্রি সে এখন
পৌঁছিয়ে গেছে
উপত্যকা
পার, ঝিরিঝিরি ঠাণ্ডা হাওয়ায় বুজে
আসছে খুব সম্ভব এখন তার
দুটি সুন্দর চোখ, নিঝুম
স্টেশনের বাইরে
এখন
আমার নিজের তল্লাস আর খোলা - -
অন্তহীন রাজপথ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
red-bougainvillea-thorns-james-temple.jpg
বুকের অন্তঃপুরে, লুকিয়ে রাখাটা ছিল
না সহজ, ওই প্রাঞ্জল কাচের
জগতে সব কিছুই ছিল
পারদর্শী ! অপর
পারের
সমস্ত ভাবনা উন্মুক্ত ভাবে প্রকাশিত।
মধুঋতুর আগেই যেন জীবনে
হটাৎ করে, অসময়ের
পুষ্পিত অনুভূতি,
জাগিয়ে
গেছে সারা দেহে এক অদ্ভুত রোমাঞ্চ।
তখন নিজের অস্তিত্বের সাথে
অগ্নি - বলয়ের খেলা
খেলে গেছে
জীবন,
তার হাতে ছিল যাদুর অদৃশ্য চাবুক -
আর আমি প্রতিবাদ বিহীন খুলে
গেছি সমস্ত আবরণ। এক
বিচিত্র মুগ্ধতায়
তখন
ভেসে চলেছে পৃথিবী, নীলাকাশ এবং
অন্তহীন মহাসাগরের ঢেউ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Tueko Sato.jpg
সে এক তিলস্মী* রাতের মুষলধার বৃষ্টি,
পৃথিবী ও আকাশ যখন একাকার।
নিখোঁজ সমস্ত দুনিয়ার
দিগন্ত রেখার
কল্পনা,
নিঃশ্বাসের কুয়াশায় তখন ঢাকা পড়ে
রইলো পারাপার। তার বুকের
উষ্ণ ডানায় আমি
ভুলে এসেছি
সমস্ত
বৈধ - অবৈধের কারোবার। দেউলের
কপাট ছিল খোলা, কিংবা উচ্চ
মিনারের আলো ছুঁয়েছে
আধখোলা মনের
জানালা,
সত্যি, কিছুই জানি না সেই মুহূর্তের ওই
বাহিরের আবহাত্তয়া, অথবা
শতাব্দী ধরে বহে আসা
যথারীতি
একঘেয়ে আবহমান। আমরা ভেসে গেছি
ওই অন্তহীন আঁধারের সাথে
বহুদূর, যেখান হতে
ফিরে আসা
অসম্ভব।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
* তিলস্মী - যাদুভরা (আরবী শব্দ )