মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

শব্দহীন মরুভূমির বুকে - -

অবশিষ্ট পথে আমি ছিলাম যথারীতি
একাকী, অবশ্যই কিছু দূর এগিয়ে
গেছে রাতজাগা চাঁদের আলো,
আর ঝরা নিশিপুষ্পের
অল্প কিছু গন্ধের
অদৃশ্য কণা।
আমি জানি, তুমি চেয়েও ভাঙতে - -
পারো নি পলকা রেশমের খোল,
আসলে, জীবনের অনেক
বৃষ্টিছায়া - প্রদেশ
রয়ে যায়
অনাবিষ্কৃত, শব্দহীন মরুভূমির বুকে 
চিরতরে প্রোথিত, আর অশেষ
নীরবতার মাঝে ক্রমশঃ
এক দিন হারিয়ে
যায় তার
সজল চোখের ইতিহাস।পথে পড়ে -
রয় কিছু শুকনো ফণীমনসার
ফুল ও একরাশ কাঁটার
লতা আর অবশ্যই
এক ফোঁটা
মৃগজল।

* *
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫

চেনা চেনা মুখ - -

তাদের ওই চোখ ঝলসানো আসরে ছিল
সব কিছুই, রূপ, রং, নেশা, আর
মুখোশ পরিহিত ন্যাকান্যাকা
চেহারা, যেন কাঁচা
তৈলরঙ্গী ছবির
পুতুল খেলা।
হয় তো আমি আছি ব্যতিক্রমী মানুষ -
তাই তাদের আসরে ছিলাম খুবই
একাকী, অবশ্যই, আমার
আশেপাশের মানুষ
ছিল খুবই
পরিচিত, ওই যাকে বলে চেনা চেনা মুখ
ঠিক পরবর্তী দরজার কেউ এক,
তবুও জানি না কেন পরিবেশে
ছিল, ভাসন্ত অভিনয়ের
অনুভূতি।আসলে
জুয়ারে গা
ভাসানোটা আছে এক অদ্ভুত শিল্প, যারা
জানে না তারা রয়ে যায় মধ্যপ্রবাহে
একাকী, কিন্তু তারা ডুবে না
নিজেই শিখে যায় এক
দিন কুশল
সন্তরণ।

* *
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ১১ জুলাই, ২০১৫

উতলা মন - -

কোন বাউণ্ডুলে, বুনো গন্ধের পিছনে
ধেয়ে যায় উতলা মন, যদিও
নাগালের মাঝে রয়েছে
অঝর শ্রাবণ।
জানি না
কেন সে বারেবারে করে যায় উধ্বস্ত,
হৃদয়ের স্ফুরিত জগৎ, যদিও
বুকের মাঝে জ্বলে অদৃশ্য
প্রদীপ শাশ্বত।কিসের
সন্ধানে জীবনটা
হতে চায়
অহর্নিশ বেদুইন, ঘুরে বেড়ায় মরু -
প্রান্তর হতে সমুদ্রতীর অন্তহীন।
কোন অলৌকিক আভার
আড়ালে দাঁড়িয়ে
রয় সটান
তার অপ্রতিম ভালবাসা, সমস্ত কিছু
হারাবার পরেও, সে যেন হয়ে
ওঠে ঝিনুকের বুকের
উদ্ভাসিত বিলুপ্ত
অভিলাষা।

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
martha kisling art

সোমবার, ২৯ জুন, ২০১৫

নাবিক বিহীন নৌকো - -

ওই চলন্ত আয়নার
মুখোমুখি সবাই
সমান,
ভেদাভেদ বিহীন
তার চোখের
ঠাওরান।
কোন
ধারে যে লুকানো
নিয়তির
পারঘাট,
নদী নির্বাক আর
খুব কাছে
দিনের
অবসান। সারা
জগৎ জুড়ে
যখন
অবগুণ্ঠনের খেলা,
সে অদৃশ্য ভাবে
তখন অন্তর্তমে
বিরাজমান।
নাবিক
বিহীন নৌকো বহে
যায় আপন মনে,
কে জানে
কোথায়
আছে তার নোঙ্গর
 স্থান।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

বুধবার, ১৭ জুন, ২০১৫

প্রকৃত সুন্দর - -

অন্য কোনও এক দিন, জিজ্ঞেস করে
নিও জীবনের উলঙ্গ সত্য, আজ
চলো করে যাই শৃঙ্খলাবদ্ধ
মুখোশের খেলা,
ওই বহু
যুগ ধরে, সজ্ঞানে দুইজনের পরস্পর
বোঝাপড়া। সঘন আঁধারে একে
অপরকে সুন্দর ভাবে
ঠকিয়ে যাওয়া,
আসলে,
গোটা পৃথিবী জুড়ে আছে থিয়েটার -
ওয়ালাদের শরিকের বসতি।
যে যত ভালো নাটুয়া
তার জীবনের
দিনান্ত
অতই সুখকর, আর যে মাটির মানুষ
সে রয়ে যায় চিরকালের মত
চার দেওয়ালের মাঝে
একাকী।কিন্তু
কোথায়
যেন সেই ভিড়ে হারানো শেষ বেলার
মানুষ, শুন্য হাতে ঠিক খুঁজে পায়,
ক্লান্ত জীবনের অভিপ্রায়,
খুলে ফেলে ক্রমশঃ
ছদ্ম আবরণ।
তখন সে
নিবস্ত্র, কিন্তু প্রকৃত সুন্দর স্বউদ্ভাসিত,

* *
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
art by harold kraus

শুক্রবার, ১২ জুন, ২০১৫

রঙীন পতঙ্গের পিছনে - -

আজ আকাশ খুবই উদার, ঝরে গেছে
উজাড় করে নিজেকে, আজ সন্ধ্যার
পরিতপ্ত দেহে, সজল বাতাস
ছুঁয়ে গেছে শীত - মলমে,
আজ তোমায়
পেয়েছি
আমি প্রবল স্রোতপূর্ণ বৃষ্টির রূপে।- -
বহু শূন্য ফাটলে, পুনরায় দেখি
জীবনের সংকেত, ভেসে
উঠছে আবার -
তোমার
চোখের গভীরে, বহু বিলুপ্ত মরুদ্বীপ !
তুমি আবার চাও, প্রণয়ের ওই
হারানো মায়াময় জগৎ,
আমি পুনরায়
দ্বিধাগ্রস্ত,
ধেয়ে যাই যথারীতি রঙীন পতঙ্গের
পিছনে।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

সোমবার, ৮ জুন, ২০১৫

সন্মিলন নিজের অন্তরে - -

যখন তুমি অঝর শ্রাবণের মধ্য যামিনী,
তখন আমি শুধুই এক শৃঙ্খলমুক্ত
পুরুষ, বুকে নিয়ে ধূমায়িত
অরণ্যশিখা, চেয়ে রই
তোমার অধর
তীরে।
চুষে নিতে চাই সমস্ত সজলতা উন্মত্ত - -
ভাবে, আমি তখন সাঙ্ঘাতিক
ভাবে হয়ে উঠি ঊষর -
ভূমি, নিমিষে
সকল
তটবন্ধ ভেঙে, তোমায় করে নিতে চাই
সন্মিলন নিজের অন্তরে।ওই মহা -
প্রলয়ী মুহুর্তে জীবন গড়িয়ে
যায় অপরিভাষিত
পথে, যেখানে
দেহের
সমস্ত অভিলাষ, সিক্ত মাটির মত খসে
পড়ে প্রণয় নদীর গায়ে, আর
সুদুর উজানে দেখা যায়
শুধুই এক ঘোলাটে
জলের বিরাট
উর্মিমালা।

* *
- শান্তনু সান্যাল
 

ocean-impact-jersey-shore-angie-mckenzie
 http://sanyalsplanet.blogspot.in/