সোমবার, ৫ জুন, ২০২৩

জীবনের সার্থকতা

পৃথিবী জুড়ে রয়েছে শোক, বিলাপ,
বিষন্নতা, জীবনের এই উধ্বস্ত
পরিমন্ডলে কিছু ক্ষণ যদি
তার সমীপে স্বপ্ন ঝিনুক
কুড়িয়ে যাওয়া, ক্ষতি
কী? জানি প্রেম
ও নিয়ে যায়
অদৃশ্য
ধ্বংসের মুখে, কিন্তু অবুঝ হৃদয়
মরিচিকার ভাষা বুঝে না,
ব্যাধের তীরে গরল
আছে কি সুধা,
মায়া মৃগ,
সুকরাত
কিংবা
সিদ্ধার্থের পরিচয় জানে না, সে - -
নিসর্গের সাথী, শ্রাবণের ধারায়,
মধুমাসের মৌন আমন্ত্রণে,
পলাশের রক্তিম প্রবাহে
কেবল ভাসতে জানে,
অরণ্য বীথিকায়
কস্তুরীময়
গন্ধে
নিজের জীবন হারিয়ে দিতে চায়,
এই চরম উৎসর্গ বিন্দুই ত
প্রেম, প্রণয়ের পথের
যাত্রি, কখনো
রাধার
অশ্রু
ধারা, আবার যাযাবর সম
বাউলের ওই একতারা !
কান্না ও হাসির মাঝে,
অনাবৃষ্টি ও বর্ষণের
মধ্যে তার দুই
চোখের
বৃষ্টিছায়ার ভূমিতে, হৃদয় দেখে যায়
বেঁচে থাকার স্বপ্ন, পুঁতে যায় নব
পুষ্প চারা !

 -  শান্তনু সান্যাল     



রবিবার, ৪ জুন, ২০২৩

নিঃসন্দেহে তোমায় - -

নির্মোহী রাত ফিরে গেছে ঝরা ফুলের

পথে, নিভিয়ে তারকের ঝাড়বাতি,
আবছা আলোয় দেখি, নব
প্রভাত করে চলেছে
পুনশ্চ আহ্বান,
জীবনের
সৌন্দর্য্য চিরস্থায়ী, যেখানে ছিল শেষ
পদক্ষেপ, সেখান থেকেই আবার
অভিনব যাত্রার প্রারব্ধ,
পরিচিত চেহারা
বা পান্থ -
নিবাস, সব কিছুই এই জগতে নীহার
বিন্দু, শুধুই ক্ষণিক মুহূর্তের
কাহিনী, যথারীতি
আসা যাওয়া
এবং
অস্থায়ী ঠিকানা, তবুও ভালবাসতে -
চায় এই  হৃদয় চিরকাল, পৃথিবী,
আকাশ, মহাসাগর হতে
সুদুর চিরহরিৎ
অরণ্য -
প্রদেশ এবং নিঃসন্দেহে তোমায় - - - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ৩ জুন, ২০২৩

কল্পনার অপর পারে - -

এলোমেলোই থাক জীবনের সমস্ত পৃষ্ঠ, 

পরিপূর্ণতার ছোঁয়া লাগলেই 
শূন্যতার আমন্ত্রণ !
এই আলুখালু
ভাবের 
মাঝেই আমি চাই তোমার ভালবাসা,
বিশৃঙ্খল ভাবনা দিয়ে তোমায় 
জড়িয়ে রাখা, খুব কাছে 
বুকের অভ্যন্তরে
লুকিয়ে 
রাখা, জানি এই বিবর্ণ ঘর, সেঁতসেঁতে
গন্ধে ভরা, রঙ্গ বিহীন দেয়ালে
ঝুলন্ত, ছেঁড়া পুরাতন
সস্তা পেইন্টিং, 
হয় ত 
তোমার মনে বিরক্তি এনে থাকবে - - 
অস্বাভাবিক ও নয়, কিন্তু 
প্রকাশ্য সত্যের এক 
সৌন্দর্য্য ও 
থাকে 
বৈকি ! ওই নিগূঢ়তার মাঝে আমি - - 
খুঁজে পেতে চাই তোমায়, পুরো -
পুরি ভাবে, এখানে কিছুই 
গোপন নয়, সব 
কিছুই 
প্রকাশিত, আবরণ বিহীন দেহ প্রাণ !
বুক খুলে যেন নিশি পুষ্পের 
গন্ধ লুটিয়ে যাওয়া,
আনত পাপড়ির 
ডগায় 
ঝুলানো ওই এক ফোঁটা নীহার কণার 
মত আমি চাই তোমার প্রেম 
ঝরে পড়ুক আমার 
দগ্ধ নিঃশ্বাসে,
বিন্দু 
বিন্দু সারা রাত কল্পনার অপর পারে।
* * 
- শান্তনু সান্যাল  




শুক্রবার, ২ জুন, ২০২৩

পুষ্পিত মোড়ে হঠাৎ - -

উড়ে যাক অস্থির সমস্ত তুষার কণা

সকালের মন্থর বাতাসে, জোর 
করে আটকালে যাবে 
সব কিছুই 
গলে,
নতুবা শীত দহন নিয়ে করতলে - -
জীবন খুঁজে বেড়াবে বিলুপ্ত 
প্রেমের ঠিকানা, সব 
কিছু কি পোষ 
মানে,
আসলে মনের মিল যদি না হয়, কি 
অর্থ আছে, জোরাজুরি হাতে 
হাত মিলিয়ে দূরে 
হেঁটে যাওয়ার 
অভিলাষ,
শুধুই 
ছদ্ম অভিনয়ের ছলে পরস্পরকে - -
ধরে রাখা, আর পুষ্পিত 
মোড়ে হঠাৎ সরে 
যাওয়া - - 

* * 
- শান্তনু সান্যাল 



বুধবার, ৩১ মে, ২০২৩

জীবন যায় নি শুকায়ে - -

ঝরে বিন্দু বিন্দু, প্রণয় জাফরির আলো, জীবন 
যায় নি শুকায়ে, যদিও বহু বার এসে 
ফিরে গেছে পাতা ঝরার ঋতু,
নিরীহ ভাবনার শাখা 
পুনরায় কুড়িয়ে 
পেয়েছে 
স্বপ্নের কচি পল্লব, তার চোখের স্নিগ্ধ দীপ্তির -
মাঝে আছে ত্রিভুবনের মায়া, প্রতি 
বার মহা অন্ধকার যায় 
অস্তিত্ব হারিয়ে,
জীবন 
ভেসে ওঠে বারে বারে কুয়াশাচ্ছন্ন ধরাতলে !

- শান্তনু সান্যাল 

japanese art 1
http://sanyalsplanet.blogspot.com/

মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

বারংবার মৃত্যু - -

কথা ছিল দেখা হবে, বিধ্বস্ত দেউলের 
বয়োবৃদ্ধ অশ্বত্থ গাছের ঠিক কাছের
পরিত্যক্ত চত্বরে, অথচ সে 
আসি নি, ভেসে গেছে 
প্রতিশ্রুতির শব্দ -
গুলি, ভাটার 
শিথিল লহরে, সুদুর নদীর ওই পারে চাঁদ 
খুঁজে চলেছে হয় ত আরেকটি আস্তানা, 
অজানা পান্থনিবাসে, জানি সে 
বদলিয়ে যাবে সব কিছু
শেষ প্রহরে, উচ্ছিষ্ট
অধরে রয়ে 
যাবে কিছু ভাঙা কম্পন, লুন্ঠিত কবিতা,
ছড়ানো বিসর্গ, দূর ছিটানো চন্দ্র -
বিন্দু, তখন আমার ভুল 
বানান ভরা জীবন
খুঁজবে এক 
ব্যাকরণ, 
আবার কাটকুট করে পুনরায় মুক্ত ছন্দ 
রচনা, জানি সে কোনো দিনই 
বুঝতে পারবে না মনের 
বারংবার মৃত্যুর 
ঘটনা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
pink roses - unknown painter 

 

সোমবার, ২৯ মে, ২০২৩

অন্তহীন ভাসান - -

অবশেষে সে ছুঁয়েছে গভীরতম বিন্দু -
যেন শীতের শেষে ঋতুরাজের
উড়ো চিঠি, অরণ্য গন্ধে
মাখা গোপন হৃদয়ের
লিপি । অন্তত সে
ভুলে নি সেই
উত্তর
দিকের জানালা, হারানো কোন শিহরণ
জড়িয়ে বুকে, সে  রেখে গেছে
অনুরাগের ছোঁয়া উড়ন্ত -
পর্দার গায়ে । তার
পরশে ছিল
অদ্ভুত
কুহকের ছায়া, যেন দেহ ও প্রাণে ঘিরে
আছে অদৃশ্য জগতের মায়া । জানি
না তার মুক্ত স্রোতের উৎস,
শুধুই ভেসে চলেছি
সুদূর অজানা
ভাসন্ত
দ্বীপের সমান্তরালে । চার দিকে শুধুই অথৈ
জলরাশি - -  !

* *
- শান্তনু সান্যাল