বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

নেগেটিভ স্মৃতি - -

অনেক নেগেটিভ স্মৃতি পড়ে থাকে
উপেক্ষিত, চিত্রশালার অন্ধ -
কোণে, শুকিয়ে যায়
সময়ের সাথে
অনুরাগী
দ্রবণ,
ভুলে যায় মানুষ রাত ঘিরতে না
ঘিরতে ওই সকালের কচি
আলোর কাহিনী,
যুগের নিজস্ব
আইন
আছে বৈকি, জীবন যেন দূরগামী
দুরন্ত রেলগাড়ি, পিছনে রয়ে
যায় যথারীতি বাবলা
গাছ, পুকুর মাঠ,
মাছরাঙা
সন্ধের
আকাশ, টেলিফোনের তারে কিছু
ঝুলন্ত চড়ই পাখির ঝাঁক !
দুলন্ত কাঁশফুলের
মাঝে কিছু
হারানো
শৈশবের মধুরিম ডাক, কলমির -
গন্ধে তখন চেয়ে থাকে ভীরু
ভালবাসা উন্মুক্ত
আকাশ !
নিঃশব্দ সন্ধ্যার অন্ধকার, ভাঙা
আরশির বুকে টিপ টিপ
জ্বলে সিক্ত ভাবনা
খুবই একাকী
ও নির্বাক।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by Ray Hendershot

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

গহিন নিঃশ্বাসে - -

সে কোন এক জোছনা ভরা শরৎ -
নিশীথে, হাসনুহানার সঘন
কুঞ্জে, দিব্য প্রণয়ের
শীত দহনে !
যুগল
কায়া যখন একাকার শাশ্বত মিলনে,
হয়'ত দেখেছে উচ্চ দেবালয়ের
স্বর্ণকলশ কিংবা ছিল
সাক্ষী চাতকের
করুণ
ডাক, হয়'ত দেখেছে  আকাশ পথ
হতে উড়ন্ত সারসের জোড়া,
সেই মধ্য যামিনীর
শিউলি ঝরার
বেলায়
জীবন গেছে হয়ে অবিনশ্বর অগ্নি
বলয়, সে এক অপরিভাষিত
ভালবাসা জড়িয়ে রয়
গহিন নিঃশ্বাসে
জন্ম -
জন্মান্তর ধরে, শিরায় - শিরায় - -
আত্ম তন্তুর সাথে !

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
 
artist Maureen Bainbridge

সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

মৌন সংকলাপের মাঝে - -

 অন্তরঙ্গন গাছপালা, এবং এক চিলতে
রোদের সেই মৌন সংকলাপের
মাঝে, কোথায় যেন, অচিন 
বিন্দুতে জীবন খুঁজে
বেড়ায় তার
দখল !
সে এক বিশুদ্ধ অনুরাগ অথবা অদম্য
অভিলাষ কিছুই হতে পারে,
অস্বাভাবিক বলতে
এখানে কিছুই
নেই, শুধু
নিজস্ব দৃষ্টিভঙ্গি, সবাই সুখী হতে চায়,
সবাই ছুঁতে চায় উন্মুক্ত হাসির
জন্মাধিকার, কিন্তু কত
জন যে সফলতা
অর্জিত করে
সেটা
আবার ভিন্ন ব্যপার, সে এক নৈসর্গিক
অনুভূতি, বিষের পাত্রে অদৃশ্য ঝরে
প্রণয় সুধা বিন্দু বিন্দু, রাজন
নিঃশব্দ চেয়ে রয় রাজ -
রানী মীরার
উজ্জ্বল
মুখপান, আর স্বঝঙ্কৃত সেতারের মধুর
তান - -

* *
- - শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by Marni Maree

রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

দিব্য প্রলেপ - -

তার প্রেমের আদল, ভেসে ওঠে -
কল্পলোকের অতিক্রমে !
যখন এ জীবন
সুদুর
নামীব মরুপ্রান্তরের বালুকণায়
মিশ্রিত, তখন সে হটাৎ
নীলনদের পারে
পীরামিডের
দেহে
লিখে যায় মেঘবর্ণ নিগূঢ় ছন্দ !
তার অদৃশ্য রূপের ওই
অপরূপ মায়া গড়ে
যায় ভূগর্ভস্থ
জলধারা,
যখন
পৃথিবীর বুকে মহা বিনাশের -
ছায়া, তখন দেখি সে
অনাহুত সন্ধ্যার
বৃষ্টি, ঝরে
যায়
অনিবার লয়ে ভাঙা দেউলের
চূড়া হতে, জ্বলন্ত গ্রামগঞ্জের
পথে, বৈষম্য বিহীন
সুজন মানবের
অশ্রু জলে,
তখন
দগ্ধ হৃদয়ে আশার দিব্য প্রলেপ,
কে যেন রেখে যায় সান্ধ্য
প্রদীপের সাথে, সমস্ত
সঙ্কুচিত আলোর
জগৎ তখন
সহসা
উদ্ভাসিত, চন্দনবন হতে বহে
আসে তখন সুরভিত
সমীরণ !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
fragrant

বুধবার, ২০ আগস্ট, ২০১৪

নিয়তির চক্র - -

বহু বার লাঞ্ছিত, বহু বার লুন্ঠিত সে এক -
গ্রাম প্রান্তের পুরাতন, অর্ধ বিচ্ছিন্ন
মন্দির, এমনকি যে লাগোয়া
নদীও গেছে বিমুখ হয়ে,
কিনার বদলিয়ে,
আসলে
সময়ের দেহভঙ্গিমা খুবই জটিল, অট্টালিকা
হতে, সেই রহস্যময় পথের অন্তরাল
খুবই কম, এক পলকে সব
কিছু পরিবর্তনশীল !
এই 'ত ময়ুর
সিংহাসন
ক্ষিপ্রা নদীর তীরে, আর চোখ তুলতে না - -
তুলতে দেখি, উজ্জয়নি বহু দূর মালব
প্রদেশে, তথাকথিত রাজন
তখন মণি কর্ণিকা
ঘাটে, দাবি
করে - -
দাহ সংস্কারের পারিশ্রমিক ! নিয়তির চক্র
চিরকাল অস্থাবর, হৃদয়ের ব্যথা
বোঝে না - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
art by Karlyn Holman 2

সোমবার, ১১ আগস্ট, ২০১৪

দৃশ্য পরিবর্তন - -

 জখমের পুনরাবৃতি, বেদনার পুনর্সৃষ্টি,
সহজ না হওয়ার আগেই যেন
সব কিছু নিয়তির হাতে
সঠিক ভাবে পূর্ব
নির্ধারিত !
মেঘ
ও রোদের ওই চির পরিচিত খেলার
মাঝে জীবন দাঁড়িয়ে দেখে দৃশ্য
পরিবর্তন, কখনো ধু ধু মরু
প্রান্তর আবার অনেক
সময়ে ভেসে
চলেছে
মহা প্লাবনে সমস্ত সাধের নীলাকাশ,
ভাঙা তট বন্ধের ধারে এক
টুকরো পৃথিবীর জন্য
মানুষ তখন বর্বর,
ভুলে যায়
নৈতিকতা, সভ্যতা ও সংস্কৃতি - - -
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by Ann

শনিবার, ৯ আগস্ট, ২০১৪

অস্পর্শিত আবেগ - -

ময়ুরপঙ্খী, সেই স্বপ্নের তরী নিয়ে
আমি ছিলাম অনেক ক্ষণ,
ছায়াপথ তীরে, সমগ্র
আকাশ জুড়ে
ছিল এক
অদ্ভুত
নীলাভ আলোকসজ্জা, সারা রাত
ছিল তারকের এক মহীয়ান
সভা, আলোর প্রতি
কণায় খুঁজেছি
তোমায়,
খুঁজে
পাই নি কোথাও, ঝরেছে শিশির
বিন্দু শিউলির বুকে, ভরেছে
ঝুমকো লতা জানি না
কার প্রণয় গন্ধ
শিরায়
শিরায়, দিগন্তরেখায় ছিল লাজুক
বিহান, বুকে জড়িয়ে সিক্ত -
প্রেমের অপঠিত
ফেরৎ
কবিতা, আর উঠোনের গায়ে - -
ছিল ঝরা শিউলি রাশি
রাশি !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art By Artist Samuel Durkin