রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

অন্তিম সোপান - -

প্রগাঢ়ভাবে সে জড়িয়ে রয়, অন্তর্তমের
প্রচ্ছন্ন ভাবনার অঞ্চল ! যখন
সমস্ত দুনিয়া নিজের
মাঝে গুটিয়ে
চলেছে,
সে তখন খুলতে চায় বুকের বন্ধ কপাট,
ভাঙতে চায় আমার পুরুষালী
অহংকার, অকস্মাৎ সে 
হয়ে ওঠে মুহুর্তে এক
প্রাগৈতিহাসিক
হিংস
প্রাণী, কিছু ক্ষণের জন্য হয়'ত তার রূপ
যায় বদলিয়ে, তখন সে আর নয়,
তথাকথিত ধৈর্য্য - ত্যাগের
মূর্তি ! ওই পরিবর্তিত
প্রকৃত রূপের
আছে
নিজের সৌন্দর্য্য, সৃষ্টি পূর্বের অকৃত্রিম -
রূপ, প্রেমের পরাকাষ্ঠা ! কিংবা
প্রণয়ী উপাসনার অন্তিম
সোপান, যেখানে
আমি এবং
তুমির
তফাৎ বলতে কিছুই থাকে না, জলের
সমতুল্য নিঃশ্বাস যায় মিলে আর
বহে যায় শাশ্বত পথে - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
painting by artist parastoo ganjei 1

বুধবার, ১ অক্টোবর, ২০১৪

জীবনের জামিননামা - -

ক'এক দিন বেশ ভালই লাগলো,
ঢাকের ওই একঘেয়ে সুরেও
জীবন যেন কিছু খুঁজে
পেল, বহু দিনের
পরে মনের
মানুষের সনে পুজো মণ্ডপে দেখা,
প্রথমে সে চিনতেই পারি
নি, অথবা নিজেকে
গুটিয়ে রাখার
রণনীতি !
আসলে মানুষ খুবই স্ব - কেন্দ্রিত,
অদৃশ্য খোল ঘিরে রাখে
নিজের আসেপাশে,
যখন ডাক
দিলাম
সে ফিরে দেখেছে নিশ্চই, কিন্তু -
না দেখার সুন্দর ভান করে
গেছে ভিড়ের মাঝে,
আবার দেখি
দূর থেকে
হাত ঝাঁকিয়ে, বলে গেল সম্ভবতঃ
দেখা হবে আবার অন্য কোনো
স্থানে, কিংবা নাও হতে
পারে, জীবনের
জামিননামা
বলতে
কিছু হয় কি, সারা পৃথিবী জুড়ে
অনিশ্চয়তা রয়েছে যেখানে,
তবুও জানি না কেন,
মানুষ পথ চেয়ে
থাকে ওই
ভিড়ে
নিরুদ্দেশ মানুষের জন্য, ফিরিয়ে
আনার কৌতুহল ফুরায় না
কোনো দিন।

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
art of Mary Ellen Golden

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

পূর্ণায়ত আয়না - -

মধ্য রাতে কি শেষ প্রহরে, যখন
ফুরালো নিশিপুস্পের অন্তিম
সুবাস কণা, দেহের
ফুলদানী ছিল
খুবই
একাকী, আসলে সবাই নিজের -
ভিতরে কোন একস্থানে
স্থায়ী বাস করে
একাকী !
ওই বৃত্তের মাঝে সাজানো আছে -
পূর্ণায়ত আয়না, সুন্দর
ভাবনার ফ্রেমে
সঠিকভাবে
বসানো,যখন সারা জগৎ ঘুমের
দেশে, তখন অন্তরে জাগে
সত্য প্রতিফলন, সে
সুন্দর কি
কুৎসিত চোখের উপরে নির্ভর -
সে মুহুর্তে প্রতিটি মানুষ
পুরোপুরি আবরণ
বিহীন,
অন্ধকারেও দেখতে পায় সহজে -
নিজের আত্মজীবনী, যেখানে
পুনরায় সংশোধন এক
বারেই নিষিদ্ধ !
শুধুই
হাতে থাকে, অনিশ্চিত সময়ের
কিছু প্রায়শ্চিত্তের  তালিকা -

* *
- শান্তনু সান্যাল


 

 http://sanyalsplanet.blogspot.in/
Hanne Lore Koehler painting

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

বিশৃঙ্খল পায়ে - -

খুলে দাও কুন্ঠিত মনের কারাগার,
বিশৃঙ্খল পায়ে হাঁটতে চায় এ
জীবন, দুর্গের বাহিরে
ওই বিস্তৃত চত্বরে,
জানি আবার
বসবে
চাঁদনী রাতে ঝিলমিল মীনাবাজার,
কিনতে চাই আমি একজোড়া
তারকভরা রিনিঝিনি
পাজেব শুধু
তোমার
জন্য, নিঃশর্ত যদি তুমি হাঁটো ওই -
জ্বলন্ত অগ্নিপথে আমার সাথে,
শিকল মুক্ত, অবগুন্ঠন
বিহীন, দুই চোখ
উঠিয়ে গর্বিত
বুকে !
বিশ্বাস রেখো, আমি ঠিক এক দিন
ফিরে আসব, হাজার বলি বেদি
পার করে - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
art by subrata sen India

অধরা রহস্য - -

 অসমাপ্ত রইলো যথাবত অনুসন্ধানের -
যাত্রা, অবশ্যই ঘুরে এলাম আমি
গঙ্গার ঘাট হতে উদ্ভাসিত
সুদুর মরুঅঞ্চলের
শহরে, সে
নাকি
ছিল, অনেক ক্ষণ পথ চেয়ে ঠিক ঘরের
দোরগোড়ায়, হয়'ত শুনতে পাই
নি, তার কড়া নাড়ার শব্দ,
হয়'ত ছিলাম আমি
নিজের মাঝে
নিমগ্ন !
যখন ভাঙলো আত্ম বিস্মৃতির ঘোর - -
দ্বার খুলে দেখি সে ফিরে গেছে,
বহুদূর তথাকথিত কুখ্যাত
ঘিঞ্জিবস্তির আঁধারে,
খুঁজেছি তাকে
উঠন্ত
কালো ধোঁয়ার মাঝে, সে তখন নিখোঁজ
অর্ধ উলঙ্গ শিশুর হাতে, ঠিক ঘুরন্ত
সাইকেল রিঙের রূপে, সন সন
করে ধেয়ে যায় অন্ধকার
মাঠে, যেন সে ধরা
দিতে চায় না
কোনো
ভাবে, চেয়েছিলাম জানতে তার তৃপ্তির
কারণ, যদি সে দিত নিশ্ছল হাসির
এক টুকরো অনুদান, যখন
সে প্রায় হাতের নাগালে,
দেখি হটাৎ সে
তখন
গঙ্গা-ফড়িং ! উড়ে চলেছে পুকুর পারে,
রঙীন ডানা খুলে নিজের অদৃশ্য
জগতে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by barbara fox.jpg 3.jpg

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

সিক্ত অনুভূতি - -

মেঘলা আকাশ আর রাতের অন্ধকার,
তবুও কোথায় যেন এক বিন্দু
আলো, এখনো আছে
আমার নয়নের
তলে !
থাক না, এই ভাবে তোমার প্রণয়ের - -
সজলতা সারা রাত, নীহার
ভেজা শিউলির বৃন্তে,
জানি সবাই যায়
হারায়ে, এই
জগতের
হাট বাজারে, তবুও সাজে নিত্য নতুন
নাগরদোলার রঙীন চক্রাবর্ত !
কখনো তুমি ছুঁয়ে চলেছ
উড়ন্ত গুড়ো মেঘ,
আর কখনো
আমি
চাই ধরতে পৃথিবীর বুকের ঝরা পাতা,
দেখতে চাই বিলুপ্ত বসন্তের কিছু
ছাপ, হয়'ত এখনো আছে
বাকি কিছু সুগন্ধ !
আর তোমার
কম্পিত
হাতের প্রথম পরশের আবেগভরা - - -
অনুভূতি !

* *
-   শান্তনু সান্যাল
 

 http://sanyalsplanet.blogspot.in/
Chris Aiton ~ Mixed media painting