রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৬

নিঃশব্দ উচ্ছ্বাস - -

এখানে প্রতিধ্বনিরা করে আত্মঘাত,
এখানেই জীবনের প্রতিফলন 
যায় হারিয়ে, সে যেন
এক অবুঝ দ্বীপ
ভেসে যায়
কোন উজানমুখী স্রোতে, আর মৌন
ভাষায় করে যেন  চাপা অট্টহাস।
সন্ধ্যা যখন নেমে আসে
অরণ্য পথ হতে
বুকের অন্ধ -
গহ্বরে,
সম্ভবতঃ, অনিচ্ছায় আমি ফিরে যাই
তোমার হৃদয়ের খুব কাছে।
ওই বুড়ো অশ্বত্থ গাছের 
মাথায় ভরে ওঠে
ক্রমে - ক্রমে
আকাশব্যাপী কলরব, আর তুমি হয়ে
ওঠো নির্বিকার ঘাটে বাঁধানো
নৌকো, আর আমি খুঁজি
নিজের অস্তিত্ব,
তোমার
দেহের অভ্যন্তরীণ কোষ কেন্দ্রকে কিছু
অশোষিত জলের রূপে, যেন আমি
চাই বাঁচতে তোমার নিঃশব্দ
উচ্ছ্বাসে - -

* *








শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬

অন্তর্লিখন - -

এক অনি:শেষ তিয়াসা নিয়ে বুকে -
যখন ভেঙ্গে যায় মধ্যরাতের
গভীর ঘুম ! তখন আমি
খোলা জানালার
পারে খুঁজি
টুকরো টুকরো ভেসে যাওয়া উল্কার
আলো। রাত হটাৎ মনে হয়
খুবই অসহায় খুঁড়িয়ে
খুঁড়িয়ে হাঁটছে,
আর সুদুর
দিগন্ত রেখায় কে যেন দাঁড়িয়ে আছে
ঝাপসা আলোয়, এক মহাকায়
আকৃতি ! কৌতুহল কী
আত্মঘাতী প্রবৃত্তি,
বোঝা খুবই
মুশকিল,
তবুও জীবন ছুঁতে চায় সেই ক্ষিতিজ
পারের ফেকাশে প্রতিভাস ! আর
এই ভাবে আমি বহু রাতের
অন্ধকারে লিখে যাই
অসমাপ্ত
অন্তর্লিখন, রাখতে চাই আলোর বর্ণ -
মালা চির জীবন্ত !

-  শান্তনু সান্যাল

শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬

মরিচা - মুক্ত - -

এখনো ফুরায় নি পৃথিবীর আবর্তগতি,
এখনো তুমি বেঁধে রাখতে চাও
বাউণ্ডুলে মরশুম নিজের
উচ্ছ্বাসের সমীকরণে,
যদিও জীবনের
আরশি
কিছু মলিনতার পথে চলেছে এগিয়ে - -
ভাবনারা কিন্তু এখনো মরিচা -
মুক্ত, চাঁদের আলোয় হয়ে
ওঠে জীবন্ত, সব কিছু
হয় তো ফুরায়
সময়ের
সাথে, আবার ওই ফুরান বিন্দু হতে - -
নতুন যাত্রার সূচনা হয় বৈকি,
সাগরমুখী নদীর ওই ঊষর
বাঁকের ভূমি, যদিও
আজ ঝোপ
জঙ্গলে ভরা, তবুও সে দেখে যায় মহা
শ্রাবণের স্বপ্ন, মিলে যেতে চায়
ওই বিচ্ছিন্ন নদীর সাথে
ঠিক আগের মত
একাকার,
সাগরকুলে যাওয়ার অভিলাষ কী যায়
সহজে, এখানেই কচি আলোর কড়া
নাড়ার শব্দ, আর একরাশ
ফুলের গন্ধ ভরে যায়
বুকের শূন্যতা।

* *

- শান্তনু সান্যাল

 

বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬

দিবা শেষে - -

এখুনি সন্ধ্যা নামবে পাহাড় হতে ঝপাস করে,
ওই গভীর ঝিলের বুকে, আর দিনের
শেষ আলোয়, জানি আবার
তুমি হয়ে উঠবে
অস্থির,
বেঁধে রাখতে চাইবে দেহের নৌকো, নিজের
রুক্ষ তীরে। আমিও তখন হারাতে
চাই তোমার ওই বুকের
অন্ধকার পথে,
যে যা
বলুক, সে মুহুর্তে আমি যেন হয়ে উঠি এক
জাগ্রত অভিশপ্ত পাথর, তোমার ওই
কুহকভরা পরশে আমার
পাঁকে -ভরা জীবন
তখন করে
ঝলমল, যেন সদ্য সংস্কারিত মরা - পুকুর
জোছনায় ভরে চলেছে ক্রমশঃ। ওই
তোমার স্নিগ্ধ ভালবাসায়,
আমি চিরতরে চাই
হারাতে।

* *
- শান্তনু সান্যাল 


 

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

ফ্ল্যাশব্যাক - -

আজও তুমি ভোরের শাপলা, কুয়াশা
ভরা সকালে, রেখে যাও মনের
দুয়ারে, শিশিরে সিক্ত
অনুভূতি।
যদিও দরজা খুলতে বিলম্বিত আমার
পদক্ষেপ, তবুও তুমি থেমে থাক
যথারীতি নামহীন সুদুর
অরণ্য ঝিলের
মাঝখানে। 
তোমার থামানো পুরাতন নিঃশ্বাসে -
আজও আমি খুঁজে পাই ওই
শৈশবের হারানো খুশি,
খালি পায়ে ওই
আবছা
আঁধারে শিউলি তোলার ছলে দৌড়ে
তোমায় খুঁজে পাওয়া।
* *
- শান্তনু সান্যাল


মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

শব্দহীন মরুভূমির বুকে - -

অবশিষ্ট পথে আমি ছিলাম যথারীতি
একাকী, অবশ্যই কিছু দূর এগিয়ে
গেছে রাতজাগা চাঁদের আলো,
আর ঝরা নিশিপুষ্পের
অল্প কিছু গন্ধের
অদৃশ্য কণা।
আমি জানি, তুমি চেয়েও ভাঙতে - -
পারো নি পলকা রেশমের খোল,
আসলে, জীবনের অনেক
বৃষ্টিছায়া - প্রদেশ
রয়ে যায়
অনাবিষ্কৃত, শব্দহীন মরুভূমির বুকে 
চিরতরে প্রোথিত, আর অশেষ
নীরবতার মাঝে ক্রমশঃ
এক দিন হারিয়ে
যায় তার
সজল চোখের ইতিহাস।পথে পড়ে -
রয় কিছু শুকনো ফণীমনসার
ফুল ও একরাশ কাঁটার
লতা আর অবশ্যই
এক ফোঁটা
মৃগজল।

* *
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.in/