বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
বুধবার, ১৬ মে, ২০১২
জীবনদায়িনী গরল
জানি না, পাগল বৃষ্টি ভিজিয়ে যায় মরু -
ধরা নিজে কে উজাড় করে, মনে
হয় সে বুঝে না অনিবারিত
যুগের তৃষ্ণা, অথবা
তুলেছে যজ্ঞের
অঙ্গীকার,
তার সেই বিস্তীর্ণ ঝরে যাওয়া, আকাশের বুকে
রেখাঙ্কিত করে যায় উত্সর্গের কাহিনী,
এ কেমন প্রণয়ের গরল যতই
পান করে জীবন; ততই
যেন বৃদ্ধি পায়
নিঃশ্বাস,
জেগে উঠে অভিশপ্ত ভাবনা, সাজিয়ে যায়
অপ্রত্যাশিত বাসনা, বুকে জমিয়ে
রাখতে চায় মেঘের সঘন
স্তর, শুধুই ঝরে
যাওয়ার
প্রবল প্রতিশ্রুতি, সে যেন অন্তরে রাখে অনন্ত
দহন, বহুমুখী অগ্নিশিখার অনুভূতি,
তাই সজলতার করে নির্মিতি,
যেমন প্রখর গ্রীষ্মের
পরে শ্রাবণের
প্রস্তুতি !
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
মঙ্গলবার, ১৫ মে, ২০১২
অব্যক্ত ভাবনা
হৃদয়, ওই বর্ষায় ভিজে সে এসে; ফিরে
গেছে বিস্মৃত শৈশবের রূপে,
সিঁড়ির ধাপে রেখে
কিছু স্মৃতির
আর্দ্র
বিন্দু, প্রতিধ্বনিত অতীতের নিঃশ্বাস, শুন্যতা ;
ওই ভাঙা সুরের জগতে ঘুরে ফিরে গেছে
কত মৌসুমী হাওয়া, তার কন্ঠের
গভীরে ; কি এখনো ভাসে
প্রণয়ের কম্পন,
জানতে
পারি নি যে মন, সেই সাঁঝের চিত্রলিপির মাঝে
ছিল কি যে রহস্য ; খুঁজতে পারি নি
জীবন, হয় ত সে লুকিয়ে
গেছে অশ্রু ; বৃষ্টির
অবিরল জলে,
শুধুই
রেখে গেছে দোরগোড়ায় কিছু ব্যথিত হাসির
শব্দ, নিরব ভাঙনের কাহিনী, অস্পষ্ট
পদচিহ্ন, জাগরণের সত্যতা,
ঘুমন্ত কিছু ভাবনা,
আরও অনেক
কিছু - -
সোমবার, ১৪ মে, ২০১২
সেই নয়নের গভীরতা
সে নিকট আসতে ও দ্বিধাগ্রস্ত;
দূরত্ব রাখতে ও না রাজি,
কেমন করে বোঝাই
চেতনের এই
নিমজ্জন,
ভাবনার পলকা পল্লবের অবস্থা খুবই
করুণ, না ধরে রাখতে চায়
হৃদয়ের তন্তু ; না উড়ে
যেতে চায় সুদুর
ঝড়ের
সাথে, এক ভাগ্যগত রহস্য নিয়ে বুকে;
সে করে আলাপ তড়িতের
সাথে, এ কেমন তার
চোখের ভাষা
বুঝতে
গিয়ে যেন তারক খচিত আকাশ যায়
ফুরায়ে, নৌকা ডুবির সমস্ত
যাত্রী পেয়েছে পরিত্রাণ,
যে নিজেই ডুবতে
চায় যদি,
খুবই মুশকিল যেন জীবনের মোক্ষ প্রাপ্তি !
রবিবার, ১৩ মে, ২০১২
না আসার কারণ - - -
ঝরে গেছে হালকা হাওয়া লেগে,
জেগে ছিলেম সারা রাত
মনের দ্বার খুলে
চাঁদ ওঠে
নি; শুক্লা তিথি থাকার সত্তে ও, না; সে
কথা রাখি নি, ঝরে গেছে ভাবনার
কুঁড়ি নিশুতি রাতে ফুটে,
কীসের শব্দ বুকের
মাঝে বেদনার
সঙ্গে
মিলে লিখে গেছে ; আত্ম কাহিনী, না;
চোখের ঘনীভূত বাদল ঝরে নি;
তবুও দেখি ভিজে আছে
ভালবাসার পলকা
অনুভূতি,
জানি হয় ত সে ভালোবাসি নি; শুধুই
মন রাখার আবদার; মিথ্যে
করুণার স্পর্শ, রেখে
গেছে স্বপ্নীল
নয়নের
আলো হতে - - -
শনিবার, ১২ মে, ২০১২
স্বাহার জন্য প্রস্তুত
আবার সে সাজিয়ে চলেছে উপাসনা মঞ্চ
বুকে জ্বালিয়ে রেখে সান্ধ্য প্রদীপ,
চোখে ঘনিয়ে এনেছে
প্রেমাঞ্জন,
ফিরে এসেছে হয় ত ভাবনার; মোহানা
হতে অশ্রু জলের তরী, আবার
সে বিছিয়ে রাখতে চায়
কার পথে হৃদয়ের
কোমল
গালিচা, বেঁধে চলেছে রেশমী সুতায় -
স্বপ্নের লাজুক ভাবপ্রবণতা;
আবার সে হতে চায়
রিক্ত হাতের
অর্ঘ্য,
জীবনের যজ্ঞ; পুনরায় যেন প্রজ্জ্বলিত!
সাঁঝের সুর্মারঙ্গী আঁধারে জেগে
উঠতে চায় সুপ্ত অভিলাষ,
সে যেন আবার
স্বাহার জন্য
প্রস্তুত,
শুক্রবার, ১১ মে, ২০১২
অনন্তকালব্যাপী
অন্তরতমের তৃষ্ণা, তাই অপ্রত্যাশিত
সন্ধ্যার ঝড়ে সে ছিল নির্বিকার,
ঠিক শিলাময় সামুদ্রিক
সৈকত, নীরব !
ভাঙ্গনের জন্য যেন প্রস্তুত, দৃঢ় সংকল্প, জেদী,
তার এই অদ্ভুত অনুসঙ্গ, জাগিয়ে গেছে
ভীরু ভালবাসায় এক অনন্য
উদ্ভাবন, উড়ে গেছে
সারস যুগল সম;
তারা
দিগন্তের পথ ধরে বহুদূর অজানা প্রান্তরে -
সেই স্বপ্নীল উপগ্রহের দেশান্তরী
যাত্রা গেছে বদলিয়ে সব
কিছু, যেন ফুটে
চলেছে
পাষাণী ধরাতলে; নামবিহীন স্বর্গীয় কুসুম,
পরিত্যক্ত উত্স ভূমি রইলো যুদ্ধ
মুখী, তারা নিখোঁজ তাদের
নিজের জগতে; বাইরে
ঝড় বৃষ্টি একাকার,
বহে চলেছে
ক্ষিপ্ত হাওয়া তীব্র বেগে; তারা এখন সুদুর ভেসে
চলেছে; আকাশপথে অভ্র মেখে গায়ে,
আবেশীয় অশনি নিয়ে বুকে,
বিলীনতার দিকে;
অনন্ত কাল ব্যাপী পথের বোধ হয় তারা যাত্রী - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)





