বুধবার, ৪ জুলাই, ২০১২


সে দিনের গহন আবেগ 
ওই মায়াবী রাতের একফালি ছায়া, কি এখনো 
জড়িয়ে আছে দেহ ও প্রাণে, কত কাছে 
এসে ভেসে গেছে মেঘের দল, 
বন্ধ জানালার কাচে
লিখে গেছে 
সজল 
কবিতার ভাসা ভাসা অনুভূতি, হয় ত সে -
খুলে নি চোখের বাতায়ন, কুয়াশায় 
ঢাকা রইলো চিরতরে, প্রণয়ের
অঙ্কুরিত চারাগাছ, সেই 
শীত নিদ্রায় জেগে 
আছে সম্ভবতঃ 
আজ ও 
কিছু জীবনের স্বপ্নীল মুহূর্ত, ক এক ফোঁটা
অশ্রু জল, কিছু অপূর্ণ প্রতিশ্রুতি,
শ্রাবণের সিক্ত সন্ধ্যা, কিছু 
আনত নিশিগন্ধার 
অপ্রস্ফুটিত 
গুচ্ছ - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
artist - Bloemen schilderijen 

সোমবার, ২ জুলাই, ২০১২


ভাঙা তটভূমি 
সেই ঝড়ো বাদল সাঁঝে, অনেক ক্ষণ ছিলাম 
গঙ্গার ধারে, চেয়ে রইলাম শুধু দিনান্ত 
নৌকার আঁধারে, ক্রমশঃ হারিয়ে
যাওয়া রূপ, বিচ্ছিন্নতার 
সেই মুহুর্তে ডেকে
ছিলাম হয় ত 
তোমাকে,
ফিরে এসেছিল, কিন্তু নিবন্ত প্রতিধ্বনি রিক্ত 
হাতে, হটাত ফিরে দেখি এক অদৃশ্য 
আলতো পরশ ভেঙ্গে চলেছে 
তন্দ্রিত ভাবনা, তাই 
উদাস মনে চলে 
এসেছিলাম
ধীরভাবে, সেই প্লাবিত রাতে বোধ হয় ডুবে 
গিয়েছিল, সমস্ত জোনাকির আলোয় 
উদ্ভাসিত দ্বীপের জগত, কেবল 
রইলো চিরস্থায়ী সজল 
তিমিরের সাম্রাজ্য,
কিছু অবশেষ 
বেদনা, 
বট বৃক্ষ, লোহার সেতু, দূরগামী ট্রেনের কম্পন,
ভাঙা মন্দির সোপান, তীরে ভেসে ওঠা 
ফুলের মালা, ঝুলন্ত শিকড়, বন্ধ 
ঠাকুর ঘরের মধ্যযুগীন 
কাঠের দরজা - - 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Thomas Moran oil paintings 

কিছু কথা - -
কিছু অনুভূতি;
শিশির কণা পড়ে
রয় বিছিন্ন 
পাতায় একাকী,
ঘনীভূত 
অশ্রু বিন্দু আছে 
নেত্র মাঝে
এখনো কি বাকি,
কিছু  মেঘ 
লুপ্ত অনায়াসে 
ঘুরে ফিরে 
দগ্ধ নীলাকাশে,
কিছু কথা 
মুখরিত হৃদয়ে
মৌন অধর 
ক্রমশঃ শব্দ হারায়ে - - 
- শান্তনু সান্যাল
dewy flower 

শনিবার, ৩০ জুন, ২০১২


অজেয়

সেই চলন্ত কাষ্ঠল চক্রে ছিল বাঁধানো 
ভালবাসা, নিয়তির হাতে ছিল 
ধারালো ছুরি, আপন পর 
সবাই তখন বিমুগ্ধ 
দর্শক বৃন্দ !
নির্বাক চেয়ে রইলো ভাবের খেলা, না, 
রক্ত ঝরে নি, চিত্কার ওঠে নি,
পৃথিবী থামে নি, আকাশ 
স্থির ছিল শুন্যে,
প্রগাঢ় ঘন 
আঁধারে সহসা সে প্রকাশিত সত্য নিয়ে 
বুকে, নেমে আসলো রঙ্গভূমির 
মাঝখানে, মৃত্যুর মলিন 
মুখে তখন বিস্ময় -
রেখা প্রসৃত, 
প্রণয় স্রোতে ভেসে চলেছে পার্থিব শরীর !
দূর দিগন্তে - -

- শান্তনু সান্যাল
Monocerotis

শুক্রবার, ২৯ জুন, ২০১২


শিশুবত মন 
কোন অদম্য জিজীবিষা, ফিরিয়ে আনে বারে বারে,
যেন ফেলে যায় মহাসাগরের উর্মিমালা ধরণীর
বুকে; অবহেলিত রূপে, সেই জীবন সৈকতে, 
খুঁজে পাই তার সিক্ত প্রণয়ের বালুকা 
ভূমি, হাজার স্বপ্ন নিয়ে সে বসে 
রয় সাগর তীরে, বাড়িয়ে 
দুটি হাত বলে - এখনো 
অনেক কিছু বাকি,
বহু গন্তব্যের 
ঠিকানা প্রতীক্ষারত,এখনো বুকের মুক্তা ফিরে পাই 
নি অমূল্য ফিনিক, জীবনের বিস্তর ভূভাগে; 
আজ ও কিশলয় ভাবনা চেয়ে আছে;
সূর্যের প্রথম কিরণের অনুদান, 
অনেক সুপ্ত কুঁড়ি ফুল 
হয়ে ওঠি নি, 
কত শিশির বিন্দু এখনো প্রতিফলন হারা, শুকিয়ে -
যায় নিশান্তে, কত জলসমিরণ বহে যায় 
অনর্থক ভাবে, মেঘের রূপে আর 
বদলাতে পারে না, শিশুবত 
মন স্বপ্ন দেখে প্রায়, ওই 
নতুন চাঁদের বিম্ব 
ভাসে পুকুরে, 
ভরতে 
চায় জীবন, অন্তর্মনের গভীরে,এক মুঠো জোছনার 
আলো - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Lotus Rising Painting by John Lautermilch 

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২


হারানো বৃষ্টি 
অনেক বিলম্বের পরে হয় ত সে বুঝলো, সজল 
আঁখির মর্ম, ততক্ষণ উড়ে গেছে মেঘের 
জুয়ার সুদুর কোন অজানা দেশে, 
ছেড়ে গেছে পিছনে এক 
মহা জনশুন্য মরু 
প্রান্তর, ঝরা 
কিছু 
ফণীমনসার কুসুম, ধু ধু মরিচিকার ভিতরে -
সে এখন খুঁজে ভালবাসার ছায়াময় 
পথ, চোখের ওই শীতলতা 
হারিয়ে সে যেন পূর্ণ 
বিভ্রান্ত, আকুল 
হরিণী !
আশাভরা নয়নে চেয়ে থাকে ধুসর আকাশের 
দহন, প্রখর গ্রীষ্মের দুপুরে বসে রয় 
বালিয়াড়ির ধারে, বুকে নিয়ে 
মরুভূমির উত্তাপ, এক 
অদৃশ্য দাহন,
কিছু 
অমূল্য মুহুর্তের হাতছাড়া মন, লিখে যায় -
ঠিকানা বিহীন চিঠি শ্রাবণের নামে,
খসে যাওয়ার তপ্ত বালির 
ধরাতলে - - 
- শান্তনু সান্যাল 
art by Phoebe Brunner

বুধবার, ২৭ জুন, ২০১২


আদিম রাত্রি 
আবার সেই রাত নিয়ে হাজির, সম্মোহনের 
কবচ খানি, জোছনায় দ্রাবিত মোহন -
মালা, বন্য ফুলের মদির গন্ধ,
পুনরায় সে নিয়ে যেতে 
চায় প্রাক্কালীন 
কন্দরায়, 
ভাবপ্রবণতা হারিয়ে, পুনশ্চ জীবন খুঁজে -
কস্তুরী নির্গত নাভির মূলবিন্দু, 
মৃগতৃষ্ণা নিয়ে বুকে ধেয়ে 
যায় স্বপ্নময়ী হরিণ,
একটানা ধাবন,
নিরন্তর 
জাগরণ, সুদুর সরে চলেছে বিহানের ফিকে 
আলো, রাত জড়িয়ে আছে নিখিল 
অস্তিত্ব, চেতন অবচেতন,
দেহ ও প্রাণ, ফেলে 
চলেছে ইন্দ্রিয় 
বশীকরণের অভিমন্ত্রিত, মায়াবী মৃগজলের 
ছিঁটে, গলিয়ে দিতে চায় ক্রমশঃ বলিষ্ট 
বক্ষস্থলের লৌহময় আবেগ 
বিন্দু বিন্দু - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/




art by Laura Milnor Iverson