বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

মৌন অনুবন্ধ - -

পিপাসিত চোখে সে চেয়ে আছে আবার, 
ভেজা সন্ধ্যার মৃদু আলোয়, বিস্মিত 
নজরে, বৃষ্টি এখনো থামি নি, 
বোধ হয়, ঝরবে 
সারা রাত !
দু জনের মধ্যিখানে ঘনিয়ে চলেছে এক 
আবেগী নীরবতা, অধরের কথা 
নয়ন ধরে রাখতে চায় 
ভীষণ ভাবে !
নয়নের 
সিন্দুক কিন্তু, খুলে খুলে যায় অদৃশ্য - 
আকুলতায়, জল বিন্দু কি 
ঘামের কণা, কম্পিত 
দীপশিখার রূপে 
উদ্ভাসিত,
হয়ে উঠছে সিক্ত মুখের মাধুরী ! ওই 
শব্দহীনতার মাঝে, কোথায় 
যেন প্রগাঢ় মুহুর্তের 
সৃষ্টি, চুপচাপ 
স্বপ্নের 
মায়া জাল বোনা, কাছে আসার এক 
ওজর খুঁজা, প্রেম তখন 
বিবর্তনের পথে 
অগ্রসর।
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art Rain Walker Seattle

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

মনের বাতায়ন - -

মনের বাতায়ন চিরকাল চঞ্চল, ভাবনার পরশে 
খুলে যায় অহর্নিশ, নামহীন কোন এক -
ফুলের গন্ধে খুঁজে পেয়েছি, হঠাৎ
ওই বিস্ময়কর ভালবাসা !
জোছনার প্রবাহে 
ভাসন্ত 
সে এক চিলেকোঠা, ফেলে যায় রঙ্গীন স্বপ্নের -
বলয় প্রতি মুহুর্তে, তার ওই ঐন্দ্রজালিক 
বৃত্তে, জীবন হয়ে উঠে দিশাহারা,
পৃথিবী ও চাঁদের ধরাতল
তখন প্রায় সমান,
উন্মাদনের 
ওই অবস্থায়, দেহ ও প্রাণের মাঝে জেগে ওঠে 
অদৃশ্য সুরভিত আবেগের তরঙ্গ, ঘর -
দ্বার, আপন পর, চেনা অচেনা,
আকাশ পাতাল, ফুল -
কাঁটা, দুঃখ -
সুখ, অনল জল, নিদ্রা জাগরণ,সব কিছুই - -
যেন পরস্পর মিলে মিশে একাকার !
তার প্রেমের মায়া টেনে নিয়ে 
যেতে চায়, বহু দূর এক
অজ্ঞাত গন্তব্যের 
কাছে - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by -box-joanne-coyle

সোমবার, ২২ জুলাই, ২০১৩

মাঝ প্রবাহের ঠিকানা - -

শুধিও না বারংবার ভালবাসার সঘনতা,
ওই চরমপন্থী হাবভাবে, কোথায় 
যেন এক আতঙ্ক লুকিয়ে 
রয় সর্বদা, সুদূরে 
ক্রমশঃ সরে 
যাওয়া সমুদ্রতীর ও পরিত্যক্ত নৌকার 
মধ্যবর্তী, ওই বেলাভূমির বুকে 
আছে কত কাহিনী 
অপ্রকাশিত !
সময়ের ধুলো ঢেকে গেছে, নিঃশব্দ বহু -
পদচিহ্ন, কিছু খাগড়ার ঝোপ 
আর ছড়ানো রঙীন 
আঁশের স্তূপের 
ছাড়া - 
ওই প্রত্যাখাত ভূভাগে, কিছুই অবশিষ্ট 
আর চোখে পড়ে না, এক অশেষ 
নীরবতা নিয়ে জীবন, থেকে
যায় নিজের ভিতরে 
চির একাকী,
নিভৃত !
স্ব - বৃত্তে, স্বয়ং অজানা খুঁজে রয় বিলুপ্ত 
মাঝ প্রবাহের ঠিকানা - - 
* * 
- শান্তনু সান্যাল 
boat on the beach by unknown artist

রবিবার, ২১ জুলাই, ২০১৩

মৌলিক প্রমাণ - -

সিক্ত চোখের অভিপ্রায় সে কতটা বুঝলো আর 
কতটা এড়িয়ে গেল, এই মুহুর্তে মনে করা 
একটু মুশকিল, হয় ত তার জন্য 
প্রেমের সংজ্ঞা ছিল শুধুই 
তাসের ঘর, নিমিষে 
গুছিয়ে নিয়েছে 
সে নিজের 
ভাবনা, 
হাসি মুখে জানিয়ে দিয়েছে আর খেলবে না - - 
অনিশ্চিত খেলা, আমার মৌন নিহারন, 
তার অগোছাল ভাব, সন্ধ্যার 
সেই বিশৃঙ্খল আলোয়,
হৃদয় ! মৌলিক 
প্রমাণ 
খুঁজে পাই নি, তাই একতরফা বিচার নিয়ে - - - 
বুকে সে ফিরে গেছে একাকী, ক্রমশঃ 
সুদুর কুয়াশা পথ হতে জন 
অরণ্যের মাঝে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Window boxes

শনিবার, ২০ জুলাই, ২০১৩

সৈকতের অন্তহীন নীরবতা - -

সারা রাত সে ছিল জড়িয়ে প্রগাঢ় ভাবে - 
বাহ্য অঙ্গ প্রত্যঙ্গ, পরিপূর্ণ দৈহিক 
আধিপত্য, তত্সত্তেও 
অন্তরতমের -
তটভূমি 
রইলো অপ্রভাবিত, অখণ্ড যথারীতি - - 
নিজের জায়গা অটুট, যদিও 
মাঝ প্রবাহ হতে বহু
বার উঠেছে 
ঘূর্ণিঝড়,
ওই ক্ষণিক আবেশের ভাঙন ছাড়া কিছুই 
এমন ঘটে নি, স্বাভাবিকভাবে -
হৃদয় স্পন্দন, লিখে গেছে
গোপনীয় মুহুর্তের 
কবিতা !
বিহানের আবছা আলোয় দেখি ফিরে - -
গেছে সমস্ত জলোচ্ছ্বাস, বেলোর্মির 
ওই ফিরে যাওয়ার পথে 
দেহ যেন রঙ্গীন 
ভাঙা 
ঝিনুকের খোল, খুঁজে চলেছে সৈকতের - - 
গায়ে হারানো মূক্তা মণি, তীব্র 
অভিলাষ নিয়ে বুকে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
silence

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

উন্মুক্ত বক্ষ:স্থলে - -

উন্মুক্ত বক্ষ:স্থলে তোমার অধর মুদ্রণ,
আকাশগঙ্গা গুটিয়ে চলেছে উজ্জ্বল 
শামিয়ানা অন্তর গভীরে !
তোমার নিঃশ্বাসে 
জড়িয়ে 
আছে হাসনুহানার আবেগ, নিশীথের 
মায়াজালে জীবন খুঁজে উচ্ছ্বাসের 
তীর ভূমি ! ওই আসক্ত 
আলিঙ্গনের মাঝে 
রয়েছে 
সৃষ্টির সমস্ত সম্ভাবনা, কল্প লোকের - 
বাহির সে অনুভূতি, তোমার 
সজল নয়নের ছায়া ও 
আমার পাষাণী 
অস্তিত্ব -
কোথায় যেন মরুভূমির গায়ে ঝরে - - 
যেতে চায়, উত্কন্ঠিত ঘনীভূত 
মেঘের অস্থির প্রাণ, এক 
অবিরাম বৃষ্টি !
তোমার 
প্রেমের উন্মাদিত রূপে ঘনিয়ে চলেছে 
সমীপবর্তী ঝড়ের ছায়া, হৃদয় 
এখন শুধুই এক নীরব 
শান্ত কিনারা, 
স্থির -
চেয়ে আছে নিয়ে দেহে আগ্নেয় পৌরুষ 
গ্রন্থী, অদৃশ্য কিন্তু বিধ্বংসী !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source art 11

কুঞ্জগলি - -

তোমার ভালবাসা অনেক সময় মনে হয়,
হিল স্টেশনের কুহেলি ভরা ফুলের 
নার্সারি, চেয়ে রয় নির্বাক 
উপত্যকার বুকে 
অবস্থিত 
ঝিলের ধীর তরঙ্গিত ঢেউর দিকে, এক 
মৌন আমন্ত্রণ ভেসে রয় সুরভিত 
হাওয়ার সাথে, তোমার 
চাহনি মনে হয় 
কখনো -
লুক্কায়িত জলপ্রপাত ! অদৃশ্য কিন্তু করে 
মন্থর শব্দ, করে যায় প্রতি মুহুর্তে 
ক্লান্ত জীবন, ভীষণ ভাবে 
মন্ত্রমুগ্ধ ! তোমার 
অপ্রত্যাশিত 
পরশে 
আছে, নীলগিরির বিরল বনস্পতির - 
রহস্যময়ী প্রতিকারের গুণ, যেন 
মুহুর্তে পুরাতন ক্ষত হয় 
ওঠে পূর্ণ নিরাময়,
জীবন খুঁজে 
পায় -
বিলুপ্ত বর্ষা বনের অর্কিড ভরা প্রণয়ের -
কুঞ্জগলি - - 
* * 
- শান্তনু সান্যাল 

unknown source 13