সোমবার, ১৫ মে, ২০২৩

অনন্তকালীন সন্ধান - -

জীবনের যে মুহূর্তে, নিঃশ্বাস যাবে হারিয়ে 
দেহের জগৎ পড়ে রইবে শূন্যতার
মাঝে, সে দিন কী রবে সেই 
আসক্তির সান্দ্রতা 
তোমার হৃদয়ে, 
চিরকালের
জন্যে,
প্রেম কী ক্ষণিক সম্মোহন শুধুই চোখের 
ছলনা, যখন কিছুই চিরস্থায়ী নেই 
তখন কিসের অহংকার ও 
কিসের জয়লাভ !
সব কিছু 
বহে 
যাবে সময়ের তীব্র প্রবাহে, না তুমি রবে 
তুমি, না আমার অস্তিত্ব অন্তহীন,
শুধুই কুয়াশাচ্ছন্ন ভরা 
পথে হেঁটে যাওয়া,
অজ্ঞাত 
গন্তব্যে হারিয়ে যাওয়া, ক্রমশঃ অদৃশ্য -
ঠিকানার পথে অনন্তকালীন সন্ধানের যাত্রা !
* * 
- শান্তনু সান্যাল 

অতীতের রঙীন স্মৃতি - -

আর কত দূর, যে নিয়ে যেতে চাও-
তুমি, এই নীরব রাতের শেষ -
প্রহরে, একের পর এক
গেছে ঝরে, নিশি
পুষ্পের
লাজুক গন্ধ ভরা পাপড়ি, সুদুর - -
মহুয়া বনে থেমে গেছে
মধ্য রাতের ওই
নিরীহ
হরিণের স্নায়বিক ডাক, চিরকালের
জাল - জালিকের খেলা, এক
জনের মৃত্যু অপরের
জন্য জীবন !
নিসর্গের
নিয়ম খুবই জটিল, ওই নিগূঢ় অরণ্য
পথের আছে সবাই যাত্রী, জানা
সত্ত্বেও যে প্রত্যেক জিনিসের
আছে এক দিন, অন্ত
অবশ্যম্ভাবী,
তবুও জীবন ধরে রাখতে চায়, কিছু -
অতীতের রঙীন স্মৃতি, কিছু
মিথ্যে আত্মীয়তার এক
সাময়িক প্রলেপ,
অথবা তার
তথাকথিত শাশ্বত অঙ্গীকার অবশ্যই
কিছুই নেই এই জগতে অটুট,
শুধুই এক  সুন্দর আত্ম
প্রবঞ্চনা, তবুও
সাজিয়ে
রাখতে ক্ষতি কি, হৃদয়ের ফুলদানী - -

* *
- শান্তনু সান্যাল

 http://sanyalsplanet.blogspot.in/

painting by artist Qiang Huang 1

রবিবার, ১৪ মে, ২০২৩

সকালের আলো - -

যার সন্ধানে সারাটা জীবন গেল বৃথা,

সেই হারানো পরশ পাথর ছিল 
উঠোনের বুকে ফেলানো, 
যার উত্স খুঁজতে 
গিয়ে ফুরালো 
মধুরাত,
ওই জোছনা ছিল হৃদয়ের মাঝে অদৃষ্ট,
কাছে থাকলে মনের মানুষের মূল্য 
শুধুই মাটি, যখন যায় ভেঙে 
বাস্তব প্রেমের পুতুল, 
তখন হৃদয় 
বোঝে 
আসল আর নকলের পার্থক্য, কিন্তু - -
আর ফিরে আসে না, জীবন -
যাত্রায়, পথে হারানো 
পান্থশালা, ঠিক 
সকালের 
মুখে আকাশ গুটিয়ে ফেলে আলোকিত 
শামিয়ানা, রজনীগন্ধার বুকে 
জমে থাকে অবিকশিত 
গন্ধ কোষ, এক 
অন্তহীন 
অভিলাষের সাথে জীবন দাঁড়িয়ে রয় 
একাকী আধ খোলা জানালার
ধারে, চেয়ে রয় যথারীতি 
দিগন্ত রেখার উপরে 
ঝাপসা সকালের 
আলো - - 

* * 
- শান্তনু সান্যাল 



শনিবার, ১৩ মে, ২০২৩

ভেতরের প্রতিধ্বনি - -

এখনো আছে অনেক অন্ধকার, কিছু -
শূন্য চোখের নিঃশব্দ আবিষ্কার,
এখনো রয়েছে কত যে
মায়াবী রাতের
না - বলা
গল্প - কাহিনী কিছু নগ্ন সত্যের আঁধার।
এখনো অন্তস্থলের তুমি হদিস খুঁজে
পাওনি, অনেক দূরে এখনো
আলোকের সম্ভার।
এখন শুধুই
অন্ধ -
পরশের অনুভূতি, এখনো খুলে নি - -
ভেতরের জড়তা, বুকের মাঝে
রয়েছে চাপা আগুনের
হাহাকার। এখনো
তুমি আপন
হয় ওঠো
নি -
তাই নিভে গেছো অন্তিম প্রহরে হটাৎ,
আর রেখে গেছো অকারণে
কিছু ভাসন্ত ধোঁয়ার
মেঘ আর কিছু
আবছা
আলোর ভার।এখনো আছে অনেক
অন্ধকার - -

* *
- শান্তনু সান্যাল






শুক্রবার, ১২ মে, ২০২৩

অন্য কোনো সময় - -

এখনো অনেক কিছু অনাবিষ্কৃত, অনেক
কিছু অস্পৃষ্ট, শুধুই চোখের পরশে
দেখেছি জীবনের আলো ছায়া,
এখনো অনেক কিছু আছে
দাবি দেনা। তাই ভীরু
মন চায় কিছু
মন্থর হোক
জীবনের দ্রুতবেগ। এখনো অনেক পথে
আছে অপেক্ষারত সহযাত্রী, এখনো
জীবন খুঁজে পাই নি আকাঙ্ক্ষিত
বাসভূমি। সেই একটানা
যাযাবরবৃত্তি, তাই
মন চায় কিছু
ধীরে
চলুক জীবনের দ্রুতগামী ট্রেন। এখনো
আমার নিঃশ্বাস মিলে নি তার
নিঃশ্বাসে, সম্ভবতঃ, আমি
এখনো পরকীয় তার
কাছে। এখনো
অনেক
তটবন্ধ আছে ভাঙ্গনের পথে, এখনো - -
বন্য নদীর ধারা বাঁধতে পারি নি
আমি। এখনো তুমি আছো
একটু অচেনা, কাজেই
কিছু আরও
সময় যদি পেতাম পুনরায় ভালবাসতাম
তোমায় - -

* *
- শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

অন্তহীন সন্ধান - -

এ কেমন মায়া জাল, নিজের প্রতিচ্ছায়া
ঠাওরান করা মুশকিল, বহিরাগত 
অস্তিত্ব নিয়ে, জীবন চেয়ে 
রয় বিস্ফারিত 
চোখে 
আয়নার মুখোমুখি, ওই নিস্তব্ধ মুহূর্তে -
হৃদয় চায়, শুধু এক মুঠো আলোর 
দান, খাঁচায় বন্দী পাখির 
ডানায় যেন মুক্তির 
পরশ, শাপিত 
পাথরের 
বুকে বিলুপ্ত কম্পনের অনুভূতি, অদ্ভুত 
তখন মনঃস্থিতি, এক দিকে দৈহিক 
প্রণয়ের আগুন, অন্য দিকে
দিব্য চিতা ভস্মের 
অদৃশ্য দহন,
এমন 
সময়ে ভেবাচেকা জীবন খুঁজে পায় না 
কোনটা বাস্তবিক, আর কোনটা 
যে নকল জগৎ, আবছা 
আলোর মাঝে প্রাণ 
ধেয়ে যায় 
বহুদূর 
রঙ্গীন মরীচিকার পিছনে, বুঝতেই - -
পারে না, কোনটা দিগন্ত রেখা 
আর কোনটা সহজ 
ভালবাসার 
সকাল |

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
japanese art

বুধবার, ১০ মে, ২০২৩

শাশ্বত চুক্তি - -

এখানে শূন্যতা যায় হারিয়ে ভরে উঠে
জীবন, তার চোখের আলোর 
নির্ঝরে একরাশ, 
এখানে পথ 
যায় 
উদ্ভাসিত ভাবনার দিকে, ফুটিয়ে - - 
অজস্র রঙের স্বপ্নের বীথিকা,
এখানে শুধুই প্রেম 
চায় অনাবিল 
অনুরাগ,
নিঃস্বার্থ বিনিময়, অবিরাম বিশুদ্ধতা !
এখানে দেহের উপরে আত্মার 
দস্তখত প্রতীয়মান,
শাশ্বত চুক্তি, 
অপার 
উজ্জ্বলতা, সর্ব অভিলাষের উপসংহার.
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

Artist Graham Gercken.