বুধবার, ৪ এপ্রিল, ২০১২


শীর্ষক বিহীন 

নিরবে চাহিয়া গেছে সে,যখন ও বলতে চেয়েছি,
প্রাণের সিক্ত ভাবনা, শুধাবার আগেই 
যেন  পুষ্পের বন্ধ পাপড়ি, লুকিয়ে 
গেছে গন্ধ কোষ, হৃদয়ের 
শিশির বিন্দু ঝরে 
গেছে নয়ন 
পল্লব 
হতে বসুধার তপ্ত বুকে, ফিরে দেখি আকাশ -
নীল সবুজের মাঝে হয় উঠেছে 
সাগরের প্রতিবিম্ব, তার 
মৌন অভিলাষ 
কিংবা 
বলে ও না বলার ইতিহাস, ভেসে যায় ঠিক 
গা বাঁচিয়ে হালকা শ্বেত মেঘের 
আড়ালে, অজ বীথির 
পথে সে যেন 
এগিয়ে 
চলেছে ধরতে বর্ণালীর অসংখ্য আলোর কণা,  
আমি ফিরে আসি নিয়ে বুকে 
ক্রমশঃ, ঝিরঝির 
বর্ষার
উদাসীনতা, জুড়ে যাই পুনরায় সেতারের তার,
গেয়ে যায় মন অসময়ের  যেন 
মেঘ মল্হার - - - 

- শান্তনু সান্যাল
barbed flower 

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

আত্মসাত

সে এক রহস্যময়ী জলধারা, 
অগ্রগামী- উজানমুখী 
আমি ভাঙ্গনের
 বেদন, 
বুকে নিয়ে শুধুই চেয়ে থাকি 
বুঝি না স্রোতের মৌন 
অভিলাষ, প্রেম 
কিংবা 
অভিমান তার স্বপ্নের প্রান্তর, 
মহাসিন্ধুর বিশাল
 মুহানা 
আমার পৃথিবী বিছিন্ন, খণ্ডিত ,
রুক্ষ মরুভূমি তবু 
আমি 
ভালোবাসী তার মায়াবী জগত, 
সে আমায় আত্মসাত
করে প্রতিক্ষণ,
প্রতিপল 
কিছু পাওয়ার  আশায় জীবনে 
অনেক কিছু হারাতে 
ও হয় - - 
---শান্তনু সান্যাল 
tilism - Eyvind Earle Paintings.
http://sanyalsplanet.blogspot.com/

সতত অনুসন্ধান 

গল্প কাহিনীর রহস্য রোমাঞ্চের বাইরে সে 
এক সত্য ঘটনা, বলতেই সে যেন 
বিস্ময় চোখে তাকিয়ে ছিল, 
আসলে অনেক সময় 
মানুষ অপ্রত্যক্ষ
ভাবে 
মায়াবী জগতে ঘুরে বেড়ায়, বাস্তবিকতার 
কথা শুনলেই যেন চমকিয়ে উঠে, 
বাকশক্তি হারায়, বিস্মিত 
চেয়ে থাকে কিংবা 
সত্য মিথ্যার 
মৌন
বিশ্লেষণ করে, মুখ ভঙ্গির পঠন করে যায়, 
এক অনিশ্চয়তার দোলক অবিরাম 
দুলে রয় নজরের সামনে, তার 
সঙ্গেও সে দিন তাই ঘটে 
ছিল, যেমন সত্য 
ঘটনা শব্দের 
উচ্চারণ করলাম দেখি তার মুখের রং এক 
মুহুর্তে ফিকে হয়ে চলেছে, সে তখন 
ফিরে গেছে নিজের শরীরে, 
খুঁজে চলেছে নিজের 
প্রতিবিম্ব,
নাটকীয় মুদ্রায় সাহসীর ভান করে বললো,
তাহলে তুমি কি বলতে চাও যে 
দেহের সংসর্গটাই বাস্তব,
প্রেমের সংজ্ঞা 
রয়েছে 
সাহিত্যের পৃষ্ঠের জং ধরা পরম্পরা মাত্র, সে 
দেখি এত ক্ষণ বেরিয়ে এসেছে ছন্দবদ্ধ 
কবিতার বাহিরে, ক্রমিক 
বিকাশের পথে, হয় 
ত দমিত 
ভাবনারা  মুক্তি চায়, শুধালাম কিন্তু আমি ত 
কিছুই বলিনি, না কিছুই চেয়েছি , 
এখানেই পালা বদল, ভদ্র 
উস্কানি, পুরুষত্বের 
বিস্ফোরণ,
মোহাবিষ্ট পথে টেনে নিয়ে যাওয়া অথবা প্রেমের 
সমাপ্তি দেহের অন্বেষণ, নিসর্গের নিয়ম 
অপরিবর্তনশীল, যেখানে অন্ত 
ওখানেই নতুন সূত্রপাত,
সতত অনুসন্ধান 
কখনো 
বিফলতা, কখনো সাফল্যের সোপান, এই নিয়েই 
সৃষ্টির উদয় ও অবসান - - 

- শান্তনু সান্যাল 
painting by James Brereton - 'A NIGHT TIME SAIL'

সোমবার, ২ এপ্রিল, ২০১২


সমাধিগৃহের রহস্য 

এক বিচিত্র ভীতি  ঘর করে চলে হিয়ার মাঝে 
স্বপ্ন দেখার আগেই যেন ঘুম উধাত্ত, কিছু 
পাওয়ার পূর্বে  হারিয়ে যাওয়ার সে 
অনুভূতি, নিজেই ডেকে আনে 
নিশার আকাশে তিমির 
সঘন, বিলীন 
তখন 
চাঁদের আলো, অভ্রময় মনে জাগে লুপ্তপ্রায়ঃ 
প্রচণ্ড আবেগ, অতরিক্ত দখল বুকের 
জমি ঘিরে বেঁধে যায় প্রেমের 
পাঁচিল, ছড়িয়ে রাখে 
তার গায়ে 
কাচের
শাণিত, বাণমুখী অগণিত টুকরো, অদৃশ্য 
হারাবার ভয় পিছু ধেয়ে যায় সারা 
রাত, খুঁজে মন ভাবনার 
কুলুপ, এঁটে 
রাখে 
তার উদ্দাম ভালবাসা বুকের গভীরে, লুকিয়ে 
আসে রুপালি চাবির  গুচ্ছ অন্তরতমের
সেই গুপ্ত তহখানায়, যেন কেউ 
কেড়ে নিতে না পারে 
কোনো দিন - - 

- শান্তনু সান্যাল
painting by attachment - ATELIER MARMO


রবিবার, ১ এপ্রিল, ২০১২


আলাপটুকু থাক 

ওই ভাবে তাকিও না ভাসন্ত তরী যাবে থেমে,
বৃষ্টির কোনো হদিস নাই আকাশ যেন 
থমথমে, আলাপের পরেও আছে 
আরোহ অবরোহের ধাঁধা, 
কিছু মনোভাব থাক 
যে অন্তরে গুপ্ত, 
স্বপ্নীল 
সুতোয় বাঁধা, জীবনের বৃষ্টি ছায়ার পথে যদি 
চাও হাঁটতে আগেই করে এস উজাড়
মনের মরুদ্যান, এই পথের 
যাত্রীর গন্তব্য জানি না 
সঠিক, অনন্ত যাত্রা!
নাহি যে কোনো 
অবসান, 
ফিরে ফিরে চেয়ে আছ কীসের জন্য ভোরের 
কুয়াশা কবে গেছে সরে, অপরাহ্নের 
আলোয় স্পষ্ট তুমি আর আমি, 
সাঁঝের অনুগ্র আঁধারে 
এখন উগ্র গন্ধের 
সন্ধান, 
দেখি কত দূর এগোনো যায় ওই ছায়া পথে - - - 

- শান্তনু সান্যাল
Silk Painting Bougainvillea

শনিবার, ৩১ মার্চ, ২০১২


সরে যেতে পারি নি 

না পারি নি দূরে সরে যেতে, যতই করেছি প্রয়াস 
ফিরে এসেছি অনায়াস, জড়িয়ে বুকে মায়া 
যেন একরাশ, জানি না কি যা  আছে
তার প্রীতির কাব্যের অনুপ্রাস,
নিঃশব্দ পায়ে এসে, ক্ষণে 
ক্ষণে হৃদয়ে বেঁধে 
যায় অধিবাস,
রাত ও দিনের ওই মিলন বিন্দুর তীরে সে থাকে 
দাঁড়িয়ে, বুকে নিয়ে জলরঙ্গী উচ্ছ্বাস, কি 
এমন আছে তার চোখের ভাষায় 
বোঝে না অবুঝ মন, সে 
যেন অলস বেলার 
মধুর দীর্ঘ 
নিঃস্বাস,
জীবনের মরু প্রান্তরে শুধুই ভরে থাকে শ্রাবণী
আভাস, তাই আলো ছায়ার পথে সে 
অদৃশ্য রহে আশপাশ - - 

- শান্তনু সান্যাল 
PAINTING BY TONY GROTE 1




সোহাগী রাত্রি 

রহস্যময়ী রাত্রি, সেজে চলেছে বোষ্টমীর সাজে 
নিয়ে হাতে চন্দন ফুলের মালা, বিচরণ 
করে  অজয় নদীর ধারে, কাশ 
বনের মায়াবী পথে, যেন 
অনুগামিনী অজ্ঞাত 
নাগরের লয়ে,
ধরে গান 
কি কীর্তন সেই জানে, ঘুরে বেড়ায় আপন মনে,  
তার সুরের জোছনা ভরে যায় শুন্য 
জীবনের বাতায়নে, হৃদয়ের 
প্রাঙ্গনে বেজে উঠে ওই 
নূপুর ধ্বনির মধুর 
রিনিঝিনি,
সে  উঁকি দিয়ে যায় হাতে নিয়ে স্বপ্ন ভরা ডালি,
সে যে আমার বড়ই সোহাগের সাথী, 
থেমে রয় অনেক ক্ষণ বিছানার 
কাছে, বলে যায় কত রূপ 
কথার কাহিনী, মুদিত 
চোখের পাতে 
সাজিয়ে রাখে আগামী দিনের সপ্তরঙ্গী সকাল, 
বুকে রেখে যায় ভরসার অদৃশ্য হাত, 
অস্পষ্ট বাক্যে কি যেন বুঝিয়ে 
যায় করুন স্বরে, হয় ত 
পরিয়ে যায় ঘুমন্ত 
দেহে পুষ্পের 
মালা, আস্তে  দিয়ে যায় কপালের মধ্যে নিয়তির 
চন্দনরঙ্গী বৃত্ত, আমি তখন সম্মোহিত 
মহন্ত, ভেসে চলেছি গঙ্গার ঘাটে,
অজানা নৌকা বেয়ে 
অপরূপ সেই 
মায়াপুরে,

- শান্তনু সান্যাল 
deer_in_moonlight_Messier Art