সোমবার, ৯ জুন, ২০১৪

বিলুপ্ত জলাভূমি - -

তারা ছিল দূরগামী দ্রুত বেগের ট্রেন,
সময়ের বুকে পা ফেলে, গেছে 
দৌড়িয়ে বহুদূর, আর 
আমি ছিলাম 
চির 
পরিচিত নদীর সেতু, অরণ্য প্রদেশ -
অথবা প্রস্তর যুগের কোনো শৈল
চিত্রাঙ্কন, বুকে নিয়ে 
মৌসুমী ভাঙন, 
দেখেছি 
আমি তাদের অনবরত পলায়ন, যুগ 
যুগান্তরের একই কাহিনী, মানুষ 
মানুষের জন্য শুধুই এক 
আরোহণের সিঁড়ি,
যে উঠে 
যায় উপরে, তার হাতেই বিজয়ের - - 
পতাকা, বাকি সবাই পড়ে রয় 
যথারীতি পুকুর পারে, 
নদীর ঘাটে, 
হাট 
বাজারে, কাঁস বনের ধারে, নিরুদ্দেশ 
আপন জনের ভিড়ে, ঠিক রেল 
লাইনের এক পাশের  
নোনা জলাভুমির 
খুব কাছে,
যার 
দিকে কেউ ভুলেও দেখে না, নিজের 
ভেতরে এক দিন নিজেই 
যায় হারিয়ে। 

* * 
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
art of nancy medina.jpg 1

শুক্রবার, ৬ জুন, ২০১৪

কখনো সখনো - -

মাঝে মাঝে জীবন চায় খুঁজতে 
কল্পনার বাইরে ধুসর 
বাস্তবিকতা,
ঊষর
ভূমির বুকে লুকানো সজলতা !
অসংখ্য কাঁটা নিয়ে দেহে 
অনিমেষ চোখে 
পরিতপ্ত 
গ্রীষ্মের আকাশ চাওয়া, মাঝে -
মাঝে মনে হয় তুমি হয় 
উঠেছো  সন্ধ্যার 
যাযাবর এক 
পশলা 
বৃষ্টি, হঠাৎ উড়িয়ে নিয়ে চলেছ 
সব কিছু, আর বিষন্নতার 
দড়ি, ঝুলে আছে 
ছাদের এক 
প্রান্ত 
হতে অন্য প্রান্তে, মাঝে মাঝে - - 
ভালই লাগে তাদের মিথ্যে
আবদার, জানা সত্তেও 
যে উঠোনের 
বুড়ো 
নিম গাছটা যে কোনো দিন পড়ে 
যেতে পারে, তবু ও ওঠার 
আগে বলে যায়, এই 
গাছের ছায়া 
সত্যি 
আশ্চর্য্য, বারোমাস সমান ভাবে 
দাঁড়িয়ে আছে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
art by linda blondheim

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

শব্দকোষের বাইরে - -

সম্ভবতঃ সে ফিরে আসবে এক দিন,
তাই ! সাত সকালে সে বসে 
রয় অহর্নিশ, পার্কের 
এক সীমান্তে,
আনত 
চোখে দেখে শুকনো ঝরা পাতার -
নড়াচড়া, আকাশ উদাসীন,
মেঘের নেই কোনো 
হদিস, তবুও 
কৃষ্ণচূড়া 
ভুলি 
নি ফুটতে, দাঁড়িয়ে আছে উর্ধ্বমুখী 
দেহে জড়িয়ে যেন অন্তহীন 
অগ্নিশিখা ! পিঁপড়ের 
এক দল খুঁজে 
চলেছে 
নিরাপদ আশ্রয়স্থল, হয়'ত সন্ধের 
মুখে ঝরবে যাযাবর বাদল,
অবশ্যই মনের পূর্বাভাস 
বহুবার হয়েছে 
দেউলিয়া 
তবুও 
জীবন হতে চায় না পরাজিত, সে 
ফিরবে নিশ্চই এক দিন,
আগেকার মতন 
আর নেই 
এই 
পৃথিবী, গুটিয়ে চলেছে দিনেদিন !
অদৃশ্য বিবর্তন নিজের পথে 
যথারীতি অগ্রসর, 
তাই আশার 
বৃক্ষ 
চিরহরিৎ এবং স্বপ্নগুলো চিরজীবী,
শব্দকোষের বাইরে তাদের 
পরিভাষা - - 

* *
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.in/
art by parastoo ganjei 1

মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

বিক্ষিপ্ত পৃষ্ঠতল - -

নিস্তব্ধতা যখন তীব্র মুখর, নিশান্তের 
অনাম নৈশ কুসুম, তখন ঝরন্ত 
বেলায় লুটিয়ে যেতে চায় 
গন্ধের অন্তিম কণা,
ওই প্রকৃতির 
অদ্ভুত 
লীলায় জীবন খুঁজে পায় বেঁচে থাকার 
অর্থ, জেগে ওঠে দেহ ও প্রাণে 
সুপ্ত অভিলাষের কিরণ,
নিদ্রালু চোখে 
ভেসে 
রয়, তার প্রেমের শীতল ছায়া, অদৃশ্য 
কড়া নাড়ার শব্দে যেন ঝঙ্কৃত 
সব কিছু, হৃদয় খুলে 
দিতে চায় বন্ধ 
নিঃশ্বাসের 
কপাট,
সকালের মৃদু দমকা হাওয়ায়, বহু দূর 
পাড়ি দিতে চায় ক্লান্ত আবেগ,
হিমায়িত হিমনদের 
বুকে তখন 
নদী 
হওয়ার অদম্য আকুলতা ভেঙে দিতে 
চায় সমস্ত কিছু পাহাড় মরু,
গ্রাম শহর, জীব নির্জীব,
তার চোখের আগে 
শুধুই ভাসে 
উন্মুক্ত, 
নীল সমুদ্রের বিস্তীর্ণ, বিক্ষিপ্ত পৃষ্ঠতল,

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
fnight tulip 

সোমবার, ২ জুন, ২০১৪

স্বপরাজিত সৈনিক - -

সমস্ত গণনা, যোগ বিযোগ, পূর্বাভাস
রইলো নিষ্ফল, দিগ্বিজয়ী হওয়ার 
পরেও সে ছিল খুবই একাকী, 
নিজের অন্তঃকরণের 
মাঝে, চার 
দিকের 
বিজয়োল্লাসের ধ্বনি, অকস্মাৎ সব -
কিছু এক চাপা ক্রন্দনে পরিণীত, 
সম্রাট তখন নিজের বিম্বে 
খুবই বিবশ, সঘন 
অন্ধকারে সে 
দেখে,
ভেসে উঠছে নিরীহ মানুষের করুণ -
চিৎকার আর অন্তহীন গোঙানি,
অদৃশ্য দাঁড়িপাল্লা চোখের 
আগে দুলে চলেছে 
অবিরাম 
লয়ে,
সে তখন নিজের সম্মুখীন পরিপূর্ণ - - 
ভাবে ধরাশায়ী, রক্তরঞ্জিত 
এক অনুপায় নিরস্ত্র, 
স্বপরাজিত 
সৈনিক !
দাঁড়িয়ে রয়েছে অগোচর সত্যের - - -
আগে নত মস্তক - - 

* * 
- শান্তনু সান্যাল 
  
http://sanyalsplanet.blogspot.in/
Painting of Purple Orchid Flowers

শনিবার, ৩১ মে, ২০১৪

মেঘের আঁচল - -

ফুটতে দাও আমায় ভোরের আবছা 
আলোয়, দীর্ঘ  জাগরণের পরে 
কে যেন দিয়েছে ডাক 
সুদুর অজানা 
অঞ্চল 
হতে, জানি আমি আছি কিছু ক্ষণের 
অতিথি, সন্ধ্যার সাথে যাব 
ঝরে, মেলতে দাও 
আমায় সিক্ত 
পালক,
কে যেন পথ চেয়ে আছে বহুদূর - - 
সাগর তীরে, আমার দেহের 
অদৃশ্য রং ধনু চায় 
রং ছড়াতে,
কিছু 
মুহুর্তের আকুল সাধ, ওই দিগন্তের 
অপর ধারে, কে যেন খুলেছে 
মেঘের আঁচল, উন্মুক্ত 
ভাবে ! 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
apple blossom and buds

শুক্রবার, ৩০ মে, ২০১৪

পলাতক শ্রাবণের ঠিকানা - -

সন্ধ্যার মুখে উঠেছিল কিছু মেঘের
মিছিল, সুদুর কোন শহরতলীয়
অঞ্চলে, হয়'ত ঝরেছে
কিছু ছিঁটে ফোঁটা
বৃষ্টি !
উড়ে গেছে ক্লান্ত এক ঝাঁক পায়রা,
হাওয়ার ডাকে, সবাই যায়
এ ভাবেই উড়ে, হঠাৎ
ঠিকানা না
জানিয়ে,
অবশ্যই অনেক সময় খুব ইচ্ছে -
করে, পলাতক শ্রাবণের
ঠিকানা জানতে,
প্রতিদিন
আমি মিনতি করি, যথারীতি সে
হাত বাড়াতে বলে, করতলে
রেখে যায় কিছু সজল
এক মুঠো মেঘের
গুড়ো এবং
বলে - -
ঠিক মধ্য রাতে, দেখবে মুষলধার
বৃষ্টি ভিজিয়ে চলেছে সমস্ত
কিছু, পৃথিবী আকাশ
মিলে একাকার,
আমি বসে
রই নিয়ে বুকে একরাশ তার ওই
সিক্ত ভাবীকথন, কিন্তু
আকাশ, যথারীতি
খুলে রাখে
সারা রাত আলোয় ঝিলমিল মীনা
বাজার ! কিছু মেঘ হয়'ত
আসে, শেষ প্রহরে
কেনাকুটি ও
করে -
আর, বিহানের আবছা আলোয় - -
হারায় বিলীনতার পথে,

* *
- শান্তনু  সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by michael naples