রবিবার, ৪ মার্চ, ২০১২


কিছুই ব্যতিক্রমী নয় 

প্রত্যাশা বিহীন ভালবাসার কাহিনী সে শুরুতেই 
বাতিল করে দিয়েছে, যেন ভুল ঠিকানার 
চিঠি ফিরে এসেছে আবার মূল 
বিন্দুর কাছে, লাল রঙ্গে 
বক্ররেখা টি  
বুঝিয়ে
দিয়েছে পরিষ্কারভাবে ওই অমুক দুর্লভ বস্তুর 
অস্তিত্ব নাই, কল্পনা, সম্ভাবনার  জায়গা 
শুধুই স্বপ্নের মাঝে, দুই জৈবিক 
রসায়নের সম্মিলনে 
কবিতা কি 
জন্মায়, 
ওই যুক্তির আগে বলার কিছু ছিল না সুতরাং 
বাস্তবিকতা কে গ্রহণ করে গেছে মন,
তার প্রয়োজনের ফর্দে যুক্ত করে 
এসেছে, প্রেমের স্থানে দেহের 
নামকরণ, হয় ত পরে 
সময় অন্তরে 
যখন 
ওই লেখাটি হয় উঠবে ফেকাশে, চুপটি করে 
লিখে দেবে শাশ্বত প্রেমের নিখুঁত  বানান, 
কৃষ্ণচুড়ার  ফুল  ভরলো শাখার  প্রতি 
বৃন্তে, পাতার মাঝে যেন অগ্নি -
শিখার মধুরিম দহন, 
সাময়িক প্রজ্বলন
মৌসুমী 
মেজাজের সঙ্গে কবে যে গেছে নিভে কেউ টের
পাই নি, যখন  ঝরে গেছে সমস্ত ফুল ও 
মিহি পাতার শামিয়ানা, দেহের 
বানান হয় উঠেছে  পল্লব 
বিহীন বৃক্ষ, হাড়
মাংসের এক 
স্থুল 
ফলক, কুত্সিত  ঝুলন্ত  চামড়ার  মানবীয় গঠন,
যেন ঝুলে রয়েছে, শুধু শুকনো শিমের
সহস্ত্র  গুচ্ছ সারা অঙ্গ জুড়িয়ে, 

- শান্তনু সান্যাল
broken glass - sherry c. nelson





শনিবার, ৩ মার্চ, ২০১২


বন্য আবেগ

কে জানে কোথায়, কোন প্রান্তে উড়িয়ে নিয়ে যাবে 
বাসন্তী সমীরণ, জীবনের  ঝামর পৃষ্ঠ গুলো 
ঝরে  চলেছে একে -একে, কার 
ছোঁয়া আবেগের পাতায়,
সবুজ  বোঁটা এখনো 
রয়েছে দাপটে 
ধরে শ্বাস তন্তু, জানি না কার অনুরাগে  ঘিরে 
থাকে  উদ্ভট সুরুভি, যদ্যপি কবে যে 
ঝরে গেছে  বীথির নিশিগন্ধা, 
কে গেছে ভরে ভাবনার 
মঞ্জরি, ঝঞ্জার 
আঘাতে ও 
যেন স্বপ্নের আকাশ ঝলমলিয়ে রয় নয়নে, ঝরে 
নীল আলোর সুধা সারা রাত, ঘুরু ঘুরু 
করে ঘুমের মেঘ উড়ে যায় বুক 
হতে অধর পার, থেমে
রয় চোখের ওই 
পান্থশালায়, 
কার পলাশরঙ্গী ভালবাসা রাঙিয়ে যায় দেহ প্রাণ.

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Carea arborea 

শুক্রবার, ২ মার্চ, ২০১২


পুষ্পদানির সাধ 

শেয়াকুল, আকন্দ, গুয়েতুলসীর সেই ঝোপঝাড়
পেরিয়ে, স্বর্ণলতার শ্বাসরোধী জাল সরিয়ে 
এক দিন পৌঁছিয়ে ছিলাম তার অনেক 
কাছে, অলৌকিক কিছু পাওয়ার 
সন্ধানে, আদিগন্ত শুন্যতা 
নিয়ে যখন ফিরলাম, 
জীবন দাঁড়িয়ে 
আছে 
তখন দেখি অনন্য ভাবমূর্তি নিয়ে দ্বারে, সে 
হাসছে কি কাঁদছে ধরা মুশকিল, ঘালময়  
দেহের উপরে, সময়ের  অদৃশ্য হাত 
বুলিয়ে গেছে হয় ত, ক্রমশঃ 
ভরে  উঠেছে  সুক্ষ্ম  
কুহর, প্রেমের 
সেই 
অনুভূতি কিন্তু পুরতে পারি নি হৃদয়ের সরু 
ফাটল, যেন কাচের আধ ভাঙা 
নান্দনিক পুষ্পদানি আজ ও 
চেয়ে থাকে জানালার 
বাহিরে নিয়ে 
বুকে 
বিচিত্র সাধ, কিছু সদ্য কুসুমিত লাল গোলাপ, 
কিছু সংগ্রহিত শিশির বিন্দু পল্লব প্রান্তে,
কাচা হলুদরঙ্গী সকালের লাজুক 
আলো, কাঁধের উপরে কিছু 
অন্তরঙ্গী হাতের 
স্পর্শ, 
সূর্যের অলস বেগে আকাশের পথে যাওয়া - - - 

- শান্তনু সান্যাল 
Painting by Thomas Kinkade

বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২


অগম গভীরতা

গহিন চোখের সেই মিহিন আলোর মাঝে 
ভেসে উঠে প্রায়ঃ অস্ফুট ভাষা, ওই 
স্থির জলরাশির ভিতরে খেলা 
করে অগনিত ভাবনার 
লুকানো ঢেউ, সে 
মুচকি হাসির 
ঝালরে 
ঢেকে রাখতে চায় মিথ্যা অভিমান, তার 
মুক অভিনয়ে ফুটে উঠে কত যে 
আবেগের কুমকুমী সন্ধ্যা, 
তার উড়ন্ত পরশে 
মেখে রয় 
সিক্ত 
চন্দনের আভাস, যেন মন্দির দ্বারে উঠে 
চলেছে সান্ধ্য বন্দনের ধূপের ধুম্র 
বলয়ের অনুক্রম মালিকা, 
না কিছু বলে ও সে 
বলে যায়
জীবনের অপারিভাষিত অনেক গল্প, লিখে 
রয় প্রণয়ের রোদ্র ছায়ার কাহিনী, 
আমি ঠাউর করার চেষ্টায়  
হারিয়ে যাই সহজে 
ওই হৃদয় 
নদীর তীরে, খুঁজি তার প্রেমের গভীরতা. 

-- শান্তনু সান্যাল

painting by artist Diane Hoeptner



বুধবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১২


মায়া ভরা চোখ 

চুনিরঙ্গী  আকাশ, সূর্য্য ঝুলিয়ে গেছে যেতে যেতে 
কিছু মেঘের আলখিল্লা, বয়ে যায় বাউলিয়া 
বাতাস, শহরতলীর  ট্রেন ঝাঁকিয়ে 
গেছে  পুকুর পারের কলমির 
গন্ধ, মন  বসে আছে 
একাকী যেন 
পথহারা 
যাত্রী, 
সুদুর  দিগন্তে যেখানে মিলে যায় রেলের দুই 
সমান্তরাল  ট্র্যাক, জীবন করে সন্ধান 
হারানো  সুরের স্বরলিপি, কিছু 
স্বপ্নের মন্ত্র, জীবনের 
অজ্ঞাত সুখ, 
তোমার 
ফিরে চাওয়ার সেই মায়াভরা দুই জীবন্ত চোখ.

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



প্রাঞ্জল আলোর মোহে 

রাতের বয়ঃসন্ধিকাল যত  পলকা অতই অধীর,
মন্থরভাবে জোছনার  জোয়ার  নির্জিত করে
চলেছে  মায়াবী আঁধার, সেই আলো 
ছায়ার খেলায় অভিনব সৃজন, 
নিঃশ্বাসের  বিনিময়, দেহ 
ও প্রাণের আদান 
প্রদান, সুপ্ত  
বীজাণুর গায়ে গুটিয়ে চলেছে কচি পাতা, দ্বি -
প্ররোহের  উত্পত্তি, যুগল নয়নে স্বপ্নের 
বসুধা, খুলে দিতে চায়  সৃষ্টির 
পুষ্পাচ্ছাদিত  বীথিকা,
সেই বিরল 
মুহুর্তে
জীবনের সঞ্চার, প্রাণবায়ুর প্রসার, যুক্ত 
অধর হতে বহুবর্ণী মুক্তার  আবিষ্কার, 
প্রাঞ্জল  আলোয় অমর প্রণয়ের 
পূর্ণপরিণতি, নৈসর্গিক 
মিলনের সেই 
স্রোতে 
ভেসে যায় সম্পূর্ণ  ব্রহ্মাণ্ড, ত্রিলোকের  অজ্ঞাত 
রহস্য ও রোমাঞ্চ - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 Leah Piepgras  gallery  - Soul mates


মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২


শৃঙ্খলিত বিভাব

ঝরে কোথা হতে মিহি আলোর কণিকা,অনুমানের 
বাহিরে সেজে চলেছে আবার ব্যথিত সন্ধ্যা, 
জানি না কে রেখে গেছে ওই বিস্মৃত 
ঢিবির উপরে স্ফুরিত আবেশ, 
ছুঁতে চায় জীবন নিবন্ত 
অঙ্গার, পুনরায় 
জাগে সুপ্ত 
দহন, 
কার ডাকে ফিরে ফিরে চায়, পলাতক বসন্তের 
সজল আঁখি, ঝরতে চায় না কিংশুক
কুসুমের শাখা, ধরে রাখে বুকের  
মাঝে কে যেন ভোরের স্বপ্ন, 
যদিও মৌ মাখা সকাল 
গড়িয়ে গেছে বহু 
দূর ক্লান্ত 
সাঁঝের প্রান্তরে, প্রণয়ী মায়া চাহে না বিভাগ, 
কার শৃঙ্খলে থেমে রয় সময়ের পদক্ষেপ,
অভিমন্ত্রিত যেন দেহের ঊষর
ভূমি কে ছড়িয়ে চলেছে 
অদৃশ্য হাতের মৃগ -
জল, মনের 
দর্পণে
ভেসে উঠতে চায় কার ঐন্দ্রজালিক অপূর্ব 
প্রতিচ্ছায়া - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/