বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

স্থান্তরণের পরে - -

সে জানতে চেয়ে ছিল স্বাধীনতার পরিভাষা -
গণতন্ত্রের সংজ্ঞা, বিস্মৃত সংগ্রামীদের 
ইতিহাস, আমি কিন্তু নিরুত্তর,
আমার সামনে ভেসে 
উঠেছে তখন 
রক্তাক্ত
পৃথিবী, নিষ্ঠুর মানবতা, দগ্ধ স্তনে লিপ্ত - - -
নবজাত শিশু, উধ্বস্ত গ্রামের 
মৌন ক্রন্দন, বিধবার 
মরু সিঁথি, খণ্ডিত 
বিধ্বস্ত 
দেউলের নীরব প্রাঙ্গন, জীবন্ত মাংসের বিক্রি,
খুব কাছের মানুষের হাতে রক্ত রঞ্জিত 
কাটারী, কে যেন তপ্ত লোহার 
শল্য দিয়ে লিখে গেছে 
বুকের উপরে 
আমি 
আজ থেকে উদ্বাস্তু, দেশহারা তথাকথিত - - 
চির দেশান্তরী, তখন থেকে আমি 
চির ভ্রমনশীল মানুষ, সতত 
হারানো শিকড়ের অবুঝ 
সন্ধান, সময়ের 
সাথে ভুলে 
গেছি 
আসল ঠিকানা, শুধুই এক ভাসা ভাসা স্মৃতি,
আসলে আমি নিজেই আর খুঁজতে চাই না 
ওই ধ্বংস স্তুপের মাঝে শৈশবের 
আতঙ্ক, খুঁজে হবে ও কি !
আপন আর পরের 
পরিচয় 
বয়স ভালই ভাবে বুঝিয়ে দিয়েছে, তাছাড়া 
সময় হলো মস্ত বড় মেরামতকারী,
গভীরতম ঘা ও যায় ভরে 
ক্রমশঃ, কিন্তু কি 
সব কিছু 
যায় 
বদলিয়ে স্থান্তরণের পরে, বলা মুশকিল, এক 
পরিচ্ছেদ শেষ হলেই অন্যের উত্পত্তি,
জীবন চির দিনই দিশাহারা -
নৌকো, ভেসে রয় 
অনবরত 
নতুন 
ঘাটের সন্ধানে, জানা সত্তেও যে সোপানের 
ভিত্তি অনিশ্চিত - - 
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
painting by Paresh Maity - kolkata - India 

বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

নিঃশর্ত বিরতি - -

এ কেমন অন্তরাল কয়েক দশকের, যদিও -
তুমি আছ এক হাতের দূরুত্বে, না 
তোমার বুকে কোনো 
অপ্রত্যাশিত -
সংবেদন !
না আমার হৃদয়ে পরশের আকুল আকাঙ্ক্ষা,
শুধুই ভাসা - ভাসা চাহনি, শীতের যেন 
পড়ন্ত বেলা, কাগজফুলের লতা 
জড়িয়ে রাখতে চায় 
অনিচ্ছায়
নরম রোদের ক্ষণিক উষ্মা, মাত্র এক নীরব 
লৌকিকতা,পরকীয় গন্ধের আভাস,
হয় ত তোমার চোখে এখন 
অজানা আগন্তুকের 
কুহক জেগে 
আছে, অথবা আমার বক্ষ:স্থলের চেনা দাগ 
উঠে চলেছে ক্রমশঃ, এক বিরোধাভাস 
অদৃশ্য ভাবে ভেসে উঠতে চায় 
দু জনের মাঝে, মৌন 
বিরক্তি যেন 
মুখর, 
তোমার প্রশ্নে লুকিয়ে আছে কোথায় যেন -
মুক্তির উপায়, আমার উত্তরে জমে 
আছে বিন্দু বিন্দু অভিলাষের 
মেঘ কিন্তু সেটা অজানা 
ঊষর ভূমির জন্য, 
পরস্পরের 
মুক -
দ্বন্দ্ব, না তুমি চাও জানতে, আনুগত্যের 
সংজ্ঞা, আর আমি ও কোথায় চাই 
অগ্নি পরীক্ষা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art of unknown source

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৩

আঙ্গুলের ডগায় - -

ওই তমসাবৃত চিলেকোঠায়, তার হৃদয়ের 
অদৃশ্য কোণায়, কোনো এক দুর্বহ -
সেঁতসেঁতে সন্ধার, ক্লান্ত 
মুহুর্তে, রেখে 
ছিলাম,
কিছু বিস্মৃত উপহার, সে আজ জানিয়ে -
গেছে অকস্মাৎ, তার টেকসইতা,
প্রেম ও আকর্ষণের তফাৎ,
দেখিয়ে গেছে সজল 
চোখে,
আঙ্গুলের ডগায় বিদ্ধ ভাঙা কাঁটার ফাঁস,
মৌন চেহারায় শুধিয়ে গেছে 
দীর্ঘ প্রণয়ের পরিভাষা,
আমি নির্বাক 
শুধুই 
চেয়ে রইলাম, তার চোখের ভাসন্ত দ্বীপ,
কিছু স্মৃতির নিষ্প্রভ জোনাকির 
ঝাঁক, নিরুত্তর জীবন 
তার আগে তখন 
কেবল 
ধু ধু মরুভূমি, চায় পুনরায় শ্রাবণের - -
একটানা বৃষ্টি - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by ANNA RAZUMOVSKAYA

সোমবার, ১২ আগস্ট, ২০১৩

জীবন্ত অটোগ্রাফ - -

তুমি শুধুই চাও চটকদার, ঝাঁকঝমক দুনিয়া, 
কুহক স্পৃহায় ভরা জীবন, আসলে 
দোষ তোমার নয়, চার 
দিকে যখন একই 
আগুন - 
নিজে কে বাঁচানো কোথায় সহজ, কিন্তু ওই 
নিয়ন আলোর নেপথ্যে ও আছে এক 
ঘিঞ্জি গলি, কিছু তথাকথিত 
নোংরা, বদনাম -
চেহারা, 
আর অন্ধকারে উঠন্ত ঘামের দুর্গন্ধ, ঝাপসা 
আলোয় দেখেছি অজানা মুখের ভিড়ে,
জীবনের উত্পত্তি ! শিশুর 
প্রথম ক্রন্দন, তুমি 
শুধুই চাও 
তোমার প্রেমের বৃত্তের চার দিকে ঘিরে রবে 
কবি, কল্পনার ফুলে সাজিয়ে যাবে -
চাঁদের তরী, কিন্তু সেটা কি 
সব সময় সম্ভব, ওই 
বনেদী পাড়ার 
খুব কাছে 
দেখেছি তাকে দাঁড়িয়ে রয় একাকী, সে এক 
জীবন্ত অটোগ্রাফ, নিখোঁজ প্রেমীর 
করে অপেক্ষা, বহুকাল আগে 
কে যেন লিখে গেছে 
তার দেহে 
ভুল ঠিকানা, ওই ঠিকানা টা এখন বেরিয়ে 
আসতে চায় উল্কির বাইরে, খুঁজতে 
চায় নিজের জৈবিক পরিচয়,
জানি সে কোনো দিনই 
খুঁজে পাবে না 
পলাতক 
কে,শুধুই মুখোশের ভিড়ে আসলের সন্ধান 
মিছে মিছে পাগলামি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Sekhar Roy Indian Figurative painter

অসময়ের পলায়ন - -

এক নিস্তব্ধতা বিগত রাতে ছিল দুজনের মধ্যে,-
সেটা স্বাভাবিক কি ব্যতিক্রম, প্রায়শ 
ভাবে মন, যখন দেহের দ্রোণী
রিক্ত গহ্বর ! চাঁদ, তারক 
আকাশগঙ্গা সব 
কিছু মনে 
হয় -
যেন দীপ্তিহীন, কেবল ঝুলে রয়েছে নির্জীব ভাবে
এলোমেলো, এক বিশাল বৃত্তাকার দান্তালে !
অনেক সময়, যখন উচ্চতর 
বেলোর্মী, ঢালনির পথে, 
এক পানসে -
ভাব 
ঘনিয়ে উঠে নিঃশ্বাসের বিনিময়ে, শুধুই কৃত্রিম 
প্রেম জীবন্ত তখন, পরস্পরে মাঝে এক 
মৌন সন্ধি, একে অপরকে নীরব, 
বাধ্য সহ্য করা, তখন ওই 
আলিঙ্গন শুধুই এক 
মিথ্যা প্রলেপ,
ক্ষণিক 
মুহুর্তের অস্থায়ী উপক্রম, বাসি গন্ধের মাঝে - -
জোর করে আতর ঢালা, স্পষ্ট দৃশ্যমান,
খোলা দরজা, কম্পিত জানালা,
কুয়াশাচ্ছন্ন জোছনা, 
তবু ও জীবন 
উড়ে 
যেতে চায় না বাহিরে, অভ্যাসগত তখন পিঞ্জর - 
বাসিন্দা প্রেম, ভুলে যায় উন্মুক্ত উড্ডয়ন,
করে যায় সাদা কাগজে বারংবার 
দস্তখৎ, ফিরে আসে বুকের 
মাঝে ভুলে যায় 
অসময়ের -
পলায়ন !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Chandan Chowdhry's art

রবিবার, ১১ আগস্ট, ২০১৩

খুবই পরিচিত - -

গভীর নিশীথে,নীল আঁধার বিদীর্ণ করে, 
তুমি টেনে নিতে চাও সমস্ত কিছু,
অস্তিত্ব ! তখন খুবই নিরীহ,
বুঝতে পারে না 
তোমার 
ওই অবাক করা রূপ, এক মৌন দ্বন্দ্ব - -
ঘনিয়ে উঠে, আয়না ও দেহের 
মাঝে, তোমার হাতে 
যেন বিকল্পের 
অফুরন্ত 
তালিকা, খেলে যাও তুমি দাবার খেলা 
অবিরাম লয়ে, দাঁড়িয়ে রয় জীবন 
তোমার সম্মুখে অঝর 
ধারায়, খোলা 
গায়ে -
সঘন অন্ধকারে ! খুঁজে পায়ের তলার 
জমি, তুমি তখন করে যাও 
অট্টহাসি, তোমার 
মুখে তখন 
শিশু -
সুলভতা কি প্রবঞ্চনার ঢেউ খেলে যায় 
বলা কঠিন, কিন্তু ওই হাসির 
সাথে তোমার চোখের 
ঠিক নীচে ভেসে 
উঠে বিন্দু 
বিন্দু 
সজল ঝিলিক, আমি তখন ভুলে যাই -
নিমিষে সব কিছু, ফিরে আসি 
যেন সহজে, জন অরণ্যের 
দহন জ্বালা হতে -
মফস্বলের 
অন্তিম 
ট্রেন ধরে, আঁধারের সমস্ত জাঙ্গাল - - 
তখন মনে হয় খুবই পরিচিত !
ঠিক তোমার দেহ গন্ধের 
মত, আপন ভাব 
জেগে উঠে 
সহসা,
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
dark nightingle - unknown source

কোথায় যেন - -

দেখেছি তোমায় কোথায় যেন অভ্যন্তরীণ 
অর্ধ চেতনার মাঝে, সাজিয়ে চলেছ -
নিজের মনে সান্ধ্য পুজোর 
উপাদান, চোখের 
পাতায় 
চন্দনের শীতলতা, মুখপানে ভাসে তীরের 
নীরবতা, অধরে মুখরিত মৌন 
ঋচার সংবেদন, তখন 
ত্রিভুবন যেন 
এক -
বিরাট শুন্যে ভাস্যমান, তোমার ওই - - 
উপাসনায়, খুঁজেছি কোথায় যেন 
আমি জীবনের হারানো 
কিছু অমূল্য লমহা,
অস্তিত্বের 
অর্থ -
দেখেছি তোমায় এক অপরূপ রূপে সেই 
ক্ষণে, খুলে চলেছ তুমি দিব্য প্রেমের 
অবুঝ গ্রন্থী, ছড়িয়ে গেছ 
অনন্ত প্রণয়ের এক 
অভূতপূর্ব 
গন্ধ !
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY -SARBANI GANGULY - - KOLKATA - - INDIA.png