বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

বিলুপ্ত ভালবাসা - -

যখন গেছে পুড়ে বিস্তীর্ণ অরণ্য হতে মানব বসতি,
কোথায় খুঁজবে বল আপন পরের পরিচয়,
কার হাতে ছিল জ্বলন্ত মশাল, কে 
দিল বিষাক্ত ভাববাণী, বলা
মুশকিল, সবাই তখন 
ছদ্মবেশী -
মুখোশ - পরিহিত, গেছে ধরিয়ে আগুনের বন্যা, -
বিধ্বস্ত দেউলের প্রাঙ্গনে ভালবাসা তখন 
উলঙ্গ, খুঁজে বেড়ায় পাতার আবরণ, 
ওই বাল্য বন্ধু তখন দেখে 
আর হাসে আমার 
ক্ষত স্থান !
চির পরিচিত মাঝি তখন নদী পার করার ছলে 
ডুবিয়ে গেছে মাঝধারে, তারা খুঁজে 
তাদের উত্স, তাদের বিজয় -
গাথা, আমি আজ ও 
ধরে আছি 
বুকের মাঝে পুরাতন মৃত বিলুপ্ত তার একমাত্র 
ভালবাসা - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
ART OF SANATAN DINDA - India

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

সজলতার প্রদর্শনী - -

সে গেছে বহে মরু নদীর রূপে বারংবার ! 
তবুও বুকের দুই ধারের বালির -
স্তূপ, যথারীতি চেয়ে রয় 
সন্ধ্যার মুখে, চির 
তৃষিত 
নয়নে, এ কেমন গুহ্য দহন, জ্বলে সতত 
দিবা নিশি অন্তরতমে ! এ কেমন 
ভালবাসা কখনো হৃদয়ের 
খুব কাছে, আবার 
অনেক 
সময়ে ভেসে রয় আকাশের গায়ে মায়াবী 
মেঘের রূপে, শুধুই সজলতার 
প্রদর্শনী ! এ কেমন 
প্রবণতা -
মৌন দাঁড়িয়ে রয় জীবন নিলামের ছকে,
* * 
- শান্তনু সান্যাল 
art by j.cianalli

ছেঁড়া দড়ির কাহিনী - -

আত্মীয়তার বসন ছিল কাঁচা রঙ্গী, কিছু 
দিন রইলো দেহ ও ভাবনা সাথে 
জড়িয়ে, পরবর্তী কালে 
ক্রমশঃ গেছে 
রং উঠে,
তাই ছাতের এক কোণায়, দড়ির শেষ -
প্রান্তে রইলো ফেলানো, পেরকের 
সাথে ওই অস্থায়ী চুক্তি, 
ঝড় বাদল থেকে 
ভয় মুক্তি,
কিছু পরিচিত চড়ুই পাখিরা, প্রায়শ - - 
গেছে ঠোকরিয়ে, সবাই যেন 
নিজের নীড় নিয়ে ব্যস্ত,
যত দিন থাকে 
চমক -
দমক আয়না ও যায় ভালোবেসে, তার 
পরে শুন্য দড়ি ঝুলে রয়, প্লাস্টার
খসা ছাতের সীমানার 
দেয়ালে একাকী 
নিঃশব্দ !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source of art - -

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩

অ বিকল্প - -

বিকল্প বলতে কিছুই নয় এই মুহুর্তে আমার 
হাতে, তাই অনিচ্ছা বা ইচ্ছার প্রশ্নই 
ওঠে না, শুধুই অগোছাল - 
ভাবে স্ব বিলয়ন, 
সব নির্ণয় 
তোমার বুকে, পরশ পাথর কি অদৃশ্য বর্ষা, 
জানি না কি যে আছে, তোমার 
নিগূঢ় চোখের ঘনীভূত 
মেঘে, ইদানিং -
মরুতৃষার 
প্রয়োজন শুধুই এক পশলা বৃষ্টি ! ভাবনার 
দোলনকাল খুবই ক্ষণিক, তাই 
পল্লব ঝরার আগে কিছু 
ফোঁটা আবেগ যদি 
যায় ঝরে -
নি:সন্দেহে জীবনের তরু ভরে উঠবে - - -
নতুন কিশলয়ে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
artist - jill deveraux

সোমবার, ৫ আগস্ট, ২০১৩

তার চোখের ভাষা - -

এই জীবন কখনো খুবই পেঁচানো, স্তরে স্তরে 
লুকানো আগ্নেয় অনুভূতি, আবার অনেক 
সময় খুবই সহজ হাত বাড়ালেই 
প্রজাপতির রঙ্গীন ডানা,
কখনো করতলের 
মাঝের - 
জোনাকির আলো, আঙ্গুলের বাঁধন খুলে - -
গেলেই অন্ধকার, রয়ে যায় রেশমী 
শল্কের দাগ আর এলোমেলো 
রেখার জাল, জটিল 
হিসাব নিকাশ,
আবার 
মাঝে মাঝে এই জীবন শিশুর বুকে জড়ানো 
শালুক গুচ্ছ, চেয়ে রয় বিস্ময় চোখে 
রাজহংসের ঝাঁক পুকুর পারে,
স্বপ্নবিহীন অথবা নীরব 
ভাবনার সাথে, 
অনেক 
সময় সে অধরা গঙ্গা ফড়িং, বেরিয়ে আসে 
হঠাৎগভীর পুকুর হতে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Subrata Das - Bengal Artist

রবিবার, ৪ আগস্ট, ২০১৩

তির্যক হাসির মাঝে - -

বিমুগ্ধ পৃথিবী, পুলকিত আকাশ, তুমি আজ 
পূর্ণ মুকুলিত কানন কুসুম ! ফুটে 
আছো অন্তর পৃষ্ঠতলে -
একরাশ, বুকে 
সাজিয়ে 
প্রগাঢ় বুনো গন্ধ, জীবনের সমস্ত রিক্তাঞ্চল 
ভরে নিতে চায় আজ রাত, তোমার 
চোখ হতে নির্গত সুধাময় 
আবেগ, তোমার 
ওই তির্যক 
হাসির মাঝে ঝুলে রয় আমার দীর্ঘ নিঃশ্বাস,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by amber-vitek