বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ঝরা ফুলের আস্তরণ - -

হয়ত এখনো আছে সেই হারানো

কৃষ্ণচূড়া ছাওয়া রাস্তা, যেখানে
এক দিন দেখা হয়ে ছিল,
সব কিছুই রয়ে যায়
ঢাকা শুকনো
ফুলের
আস্তরণে, কিছু অতৃপ্ত কামনা
সময়ের স্রোতে ভেসে যায়
সুদূর মোহনায়,স্মৃতি
বিন্দু খুবই অস্থির
ঝরে যায় মৃদু
সমীরণে,
হাজার
বার
মৃত্যু তবুও অশেষ অনেক কিছু
থেকেই যায় এই জীবনে,
মহুয়া অরণ্য পুড়ে যায়
প্রতি মধুমাসে,
প্রাণের চুক্তি
ফুরায় না
শুধু
এক দহনে, সারা দেহে ভস্ম মেখে
ডুব দিয়েছি বহু বার প্রেমের
গহনে, তলদেশ চিরদিন
রইলো অধরা যথারীতি
নাগরদোলার
দোলনে,
সব
কিছুই রয়ে যায় ঢাকা শুকনো
ফুলের আস্তরণে - -
- - শান্তনু সান্যাল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন