কোথায় সেই অদ্ভুত উপগ্রহ, না আকাশগঙ্গার
ওই গোপন তীরভূমি, যেখানে ঝরে
অনন্ত আলোকের ঝরনা,
কবিতার পৃষ্ঠার
বাইরে
বুকের খুব গভীরে দেখেছি তুমি জড়িয়ে আছ
অসম্ভব ভাবে, সুদুরে সরে চলেছে সব
কিছু অরণ্য হতে মহাসাগর,
কুঁড়ে ঘর হতে উচ্চ
অট্টলিকা,
হঠাৎ ব্যাপক হুলুস্থূল, সমস্ত কিছু যেন ধ্বসে
চলেছে দগ্ধ পৃথিবীর গর্ভে, পাখিদের
অসংখ্য ঝাঁক খুঁজে চলেছে
অন্য অভয় আশ্রয়,
না সূর্যের
কোনো হদিস, চাঁদ ও নিরুদ্দেশ, হিমনদের -
সহসা মহাদ্রাবণ, চারদিকে প্লাবিত
নিসর্গ, সমস্ত ভাববাণী তখন
অর্থহীন,এমন সময়
দেখি, তুমি
এখনো রয়েছে স্পন্দনের তন্তু ধরে আমার -
নিঃশ্বাসের মুখোমুখি, আশ্চর্য্য বৈকি -
অন্তিমে মুহূর্তেও তুমি আছ
আমার শিরায় শিরায়,
তাই আর
আমি চাই না তথাকথিত ওই মোক্ষের প্রাপ্তি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Pia Erlandsson - Swedish Watercolor painter
http://4.bp.blogspot.com/-nlvwPEgrV3E/UaKWU4AMfzI/AAAAAAACrZE/ShJRZ8kT5zg/s1600/Pia+Erlandsson+-+Swedish+Watercolor+painter+-+Tutt'Art@+(41).JPG
ফিরে আসে না কী, সব কিছু, মেঘলা দিনের
একঘুঁয়ে রোদ, পরিচিত হাতের কড়া
নাড়ার শব্দ, তীর বদলানো
নদীর ঢেউ, বিলুপ্ত
রজনীগন্ধার
শিকড়,
অনেক কিছুই ফিরে আসে, মৌসুমের সাথে
জীবনের উপত্যকার রঙ যায়
বদলিয়ে, কখনো সবুজে
নীলের আভাস,
আবার
বহু বার দেখেছি মরু বালিয়াড়ি সম জ্বলে
রয়, ধুসর জীবনের পরিত্যক্ত প্রান্তর,
খুবই সহজে পাশ কেটে যায়
অনেক সময় অন্তরঙ্গি
শ্রাবণের মেঘ,
জ্বলন্ত
হৃদয়ের কাছে থাকে না বহু বার অন্য - -
কোনো বিকল্প, ফিরে আসে না কী,
প্রথম প্রেমের প্রথম সংবেদন,
অপ্রত্যাশিত ভাবে
বুকের মাঝে
সে এক
বিচিত্র কিন্তু মধুর ব্যথার কম্পন, জানি
না, সবাই কী ফিরে পায় হারানো
স্মৃতির স্বরলিপি কিংবা
শুধুই আঁধারে
সুরের
মৃগতৃষার পিছনে ধেয়ে যাওয়া ক্রমশঃ
বহুদূর - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
The Long Road by Christopher Clark
বিগত রাতের শেষ প্রহরে, হাসনুহানার কুঞ্জে,
শিশির ভেজা গন্ধে, কোন যুগল দেহ
ও প্রাণ, গেছে শীত দহনে জ্বলে,
কেউ ও জানে না, যদিও
জেগে ছিল পুরাতন
দেউলের ওই
পদ্মমুখী
শিখর চূড়া, নিঃসঙ্গ নিশাচর পাখি গেছে - -
ডেকে সারা রাত, কোন অজানা
করুণ সুরে, হারানো দিনের
গান, সে গেয়েছে
একতানে !
আশ্চর্য্য যে সে ও দেখি নি দুই প্রাণীর অগ্নি
স্নান ! মন্দির চত্বর হতে ডুবন্ত সিঁড়ির
ধাপে, তীর হতে নদীর গর্ভে ছিল
সারা রাত এক অদ্ভুত
অস্থিরতা, তবু
ও কেউ
দেখি নি ওই দুই রূপের আকাশমুখী প্রস্থান,
দেহে দেহের একাত্মতা, প্রাণে প্রাণের
অন্তর্ভুক্তি, নিঃশ্বাসে জীবনের
আহুতি, উপাসনা কি
বাসনা সমস্ত
সংজ্ঞার
বাহিরে ছিল, তাহাদের অনন্ত প্রণয়ের দিব্য
অনুভূতি, তারা গেছে মিলে মিশে
অবিচ্ছিন্ন ভাবে, নিসর্গের
বুকে, নামবিহীন
ফুলের গন্ধে -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
glassy touch
রাত্রি শেষে, কুয়াশার অবাধ প্রবাহে দেখেছি
তাকে, নিদ্রালু চোখে নিজেকে গুটিয়ে,
সে খুঁজে চলেছে আমার বুকের
মাঝে উষ্ণ নীড়ের
অনুভূতি,
পরিবেশের সঙ্গে অনেক সময়ই মানুষ, না -
চেয়েও করে যায় নিঃশর্ত মিটমাট,
তার ওই অজান্তে, অনিশ্চিত
তীরে, স্বাভাবিক
ভাবে
ভেসে যাওয়া, নি:সন্দেহ ! জীবনের স্থির -
ধারায়, দিয়ে গেছে অবশ তরঙ্গের
আবেগময় অভিজ্ঞতা, শেষ
প্রহরে, যখন ঝরে গেছে
শিশিরে ভেজা
লাজুক
নিশিপুষ্পের থোকা একরাশ, দেখি সে - -
যেন আছে নিঃশ্বাসের অনেক
কাছে, জানালার কাচে
এখনো বিন্দু বিন্দু
তুষার কণা
জড়ানো,
বেলোর্মির পরে যেন পড়ে আছে অর্ধসিক্ত
হৃদয়ের পলকা তীরভূমি - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
beyond the window of emotion
দিনের শেষ আলোর কড়া নাড়ার শব্দের
সাথে, আঁধার যখন খুঁজে তোমার
চোখের ঝলকানি, মনে এক,
উড়ন্ত হলদে পাখির
ডানা সহসা
রেখে
যেতে চায় কিছু অদেখা স্বপনের সম্ভাবনা,
পাঁচিলের গায়ে জড়ানো ওই নরম
সোনালী পরশে, জানি না
কি যা আছে, সন্ধ্যা
নামার আগেই
রাতের
ফুলেরা খুলে দিতে চায় অসময়ে পাপড়ির
সুবাস ঘূর্ণি, আবেগের পুষ্পরেণু
তখন দিশাহারা খুঁজে মরে
তোমার নিঃশব্দ
পায়ের
উৎস বিন্দু, সারা রাত বসে রয় সিক্ত -
চোখে জানালার ধারে, নিয়ে
বুকে জোছনার শীত
দহন একরাশ,
একাকী !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
evening beauty 1
যদিও যথারীতি সন্ধ্যা গেছে বিঁধিয়ে
বুকের পাঁজরে বহু শাখাকন্টক,
তবুও জীবনের অভিলাষ
চায় না বিলীনতা,
এখনো কিছু
আছে
বাকি আমাদের মাঝে, এখনো তুমি -
খুল নি নীরব চোখের রহস্য,
কোথায় যেন তোমার
ওই ব্যথা ভরা
হাসির
মাঝে ঝিলমিলিয়ে উঠতে চায় কিছু
অসময়ের নিবন্ত আলোর শিখা,
এখনো তুমি চাও অনেক
কিছু কহিতে, দ্বিধা
দ্বন্দ্বের অগ্নি -
বৃত্তের
বাইরে আছে তোমার মনের পৃথিবী,
আমি আজ ও দাঁড়িয়ে রই
স্বাভাবিক ভাবে
ওই প্রবেশ
দ্বারে
যেখানে তুমি এসে থেমে যাও প্রায়ই,
সেই নির্বাক মুহুর্তে আমি
দেখেছি বহু বার
তোমার
আনত চোখের পৃষ্ঠতলে বিন্দু বিন্দু
ঝিলিমিলি সজলতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
scarlettrio(1)