শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

প্রত্যাশার অন্তরালে - -

এখনো থেমে আছে মধুমাসের আবেগ প্রবণতা,
জীবন ধরতে চায় উড়ন্ত শিমুল তুলোর
ঠিকানা, এখনো বাসন্তী আভাস
করে যায় আত্ম বিভোর,
ওই পল্লব বিহীন
তরুশাখায়
আজ ও
লেগে আছে বিগত রাতের শিশির সিক্ত স্পর্শ,
সহজ কোথায়, চির প্রণয়ী হৃদয়ের
নিবৃত্তি ! ক্রমাগত দহন প্রতি -
দহন, অহর্নিশ স্বপ্নের
ভাঙা গড়ার
মাঝে
তার চিরন্তন সন্ধান, এখনো জীবন রয়েছে
অনিঃশেষিত, নিয়ে বুকে সজল
ভাবনার তরঙ্গিত
তীরভূমি - -
* *
- শান্তনু সান্যাল  


মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

অধর কোণে - -

কিছু কথা থাক না অধর কোণে, ঈশানী
মেঘের রূপে, নিথর অভিলাষের
সন্ধ্যা চায় অপ্রত্যাশিত
উষ্ণতা, এখনো
আঁধার
হয় ওঠে নি নিরন্ধ অপারদর্শী, কিছু -
ভাবনা থাক না লুকিয়ে, অর্ধসুপ্ত
রজনীগন্ধার লাজুক
পাপড়ির বন্ধ
আবর্তে,
জোনাকির আলো ছড়ায় নি এখনো -
হাসনুহানার বৃন্তে, কিছু ক্ষণ
আরও জ্বলে উঠুক
আবেগের
শিখা,
কিছু মুহূর্তের পরে ঠিক সজীব হয়ে
উঠবে, পাষাণী গ্রীক দেবতা !
চাঁদের আলো ছড়াক
কিছু আরও
মোহিনী
মায়া, এখনো রাত্রি অনেকটা বাকি !

- শান্তনু সান্যাল

 

রবিবার, ২ এপ্রিল, ২০২৩

সারাংশ - -

 
কী তুমি এখনো বসে আছ করতলে মুখ
ঝুলিয়ে, অলিন্দের সীমানা পার  
করে রোদ গেছে হারিয়ে,
বহু দূর, অনেক
আগে -
পুকুর পারের একাকী পিয়াল গাছে, - -
ফিরে এসেছে মায়াবী আঁধার,
পাখিদের কলরব
নীরবতার
পথে !
কী এখনো খুঁজে চলেছ বাসী ফুলের - -
নিরস গন্ধ, অতীতের পৃষ্ঠে
লেখা অবুঝ কবিতা,
জীবন চির
উদ্দাম,
খেলে যায় লুকোচুরি নিয়তির সাথে !
এখনো রাত্রি অনেক অশেষ,
আলো ছায়ার খেলা
সবে আরম্ভ,
কে মৃগ
আর কে যে মৃগয়া, সব কিছু অনাগত
আগামীকালের গর্ভে সমাহিত,
হারানো প্রাপ্তির মাঝেই
লুকিয়ে রয় জীবনের
সারাংশ - -
এখনো জীবন্ত কুহেলি ভরা পথে, মম -
প্রণয়ের নিশীথ ডাক, বুকে
জড়িয়ে সিক্ত জোছনা,
হাঁটছে চিরন্তন - -
* *
- - শান্তনু সান্যাল,

শনিবার, ১ এপ্রিল, ২০২৩

আলফা পুরুষ - -

পাপ পুণ্যের চক্রান্তে ফেলে দেহ ও প্রাণ, সে এখন
ভেজা অর্ধ নগ্ন শরীরে বেয়ে উঠছে ঘাটের
মন্দির সোপান, উত্তরীয় বিহীন তার
কাঁধে পবিত্র কুম্ভের জল চলকে
পড়তে চায়, সে এখন মহা -
ঋত্বিক, পেরিয়ে সদ্য
এসেছে যেন পুণ্য
ক্ষীরসাগর !
হয় ত সে এখন মুছবে পরিষ্কার ভাবে দেউলের
পূজাবেদী, গাঁথবে কুসুম মালা, ঘষবে
চন্দনের কাঠ, জাগাবে পঞ্চ প্রদীপ,
কিন্তু মনের শঙ্খ নিঃশব্দ,
ধ্বনিবিহীন যতই
ফু দাও না কেন,
সে বোবা !
তুলসী মালা ছুঁয়ে সে করে চলেছে পাপের
প্রায়শ্চিত, কিন্তু তার দেহের কোষে
আবদ্ধ আছে এখন প্রবল
আকাঙ্ক্ষা, আগ্নেয়
খেলা, জোর
পূর্বক
সেই আদিম প্রক্রিয়া, বলাত প্রস্ফুটনের সে
এক মুরুবি, দলপতি ! বিশ্বে সে কিন্তু
একা নয়, সমস্ত দিব্যলোকের
ঠিকানা রয়েছে ওই
শ্মশ্রু ভরা মুখের
হাতে, তারা
জানে কি ভাবে নেশায় ফেলে রাখা যায়
পৃথিবীর মানুষকে, নিজের সাধের
জন্য সে রচে অভিনব
জাদুর খেলা,
সাজায়
কপাল শীর্ষে রঙ্গীন পালকের গুচ্ছ ! বলতে
চায় সে একটি মাত্র আলফা পুরুষ,
শ্রেষ্ঠ ধর্মের পুরোধা, সমাজ
শুধুই তার অনুচর,
চাবুক তার
হাতে
শোষণের সে অশ্বারোহী হাঁকিয়ে নিয়ে যেতে
চায় যেখানে তার ইচ্ছে ওখানে
কিন্তু কি সব সময় এটা
সম্ভব - - - ওই বিন্দু
তে থেমে রয়েছে
প্রলয় ! যখন
নিরীহ
প্রাণী  চাইবে হাঁটতে  জ্বলনশীল মহা দাবানলে !

--- শান্তনু সান্যাল





শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

পরিপূর্ণতার দিকে প্রস্থান - -

সোদক রাত্রি, বৃষ্টিময় আঁধার, জলপূর্ণ  অভিলাষ, 
আলোপতঙ্গ খুঁজে চলেছে আত্মাহুতির পথে 
উপাসনাবেদি, ওই উত্সর্গের শীর্ষে 
আছে অমূল্য ভালবাসা, দেহ 
ও আত্মার সেই মিলন -
স্থলে, অসমাপ্ত
কাব্যের 
পংক্তি করে আহ্বান, উদ্ভাসিত স্বরলিপি গাহে প্রণয়
গান, নিশীথ রাতের নীরবতা ভেঙ্গে ভেসে 
উঠে দ্বৈত শরীরের অভিন্ন প্রাণ, 
সদ্য উদিত অর্ধচন্দ্র করে 
সুধাময় জোছনার 
অমূল্য দান,
হৃদয় রন্ধ্রে ভরে উঠে জীবনের মধুর সঙ্গীত, সারা 
রাত জেগে রয় অন্তর্মনের পুষ্পিত উপত্যকা,
সম্পূর্ণ রাত্রি সেজে রয় সুরভিত দেহ 
ও মনের অনুষ্ঠান, প্রতি মুহুর্তে 
নব আবিষ্কার, প্রতি পলে 
অর্ঘ্যের চরম বিন্দু, 
শেষ প্রহরে 
সর্বত্র বলিদান, প্রেমের পরাকাষ্ঠা, অনন্তকালের পথে 
জীবনের প্রস্থান - - 
- শান্তনু সান্যাল


অসমাপ্ত গান - -

তার নীরবতা যেন প্রাচীর ঘেরা প্রস্তর -
নগর, বুকে জমিয়ে আছে কত যে
রূপকথা, চোখের ওই আলোর
স্রোত ! ভাসিয়ে নিয়ে
যেতে চায়
জীবন বহুদূর, ঐতিহাসিক পৃষ্ঠের বাইরে,
যেখানে ঝরে হাসনুহানা সারা রাত,
আর সুরভিত জোছনায় জীবন
খুঁজে পায়, তার প্রণয়ের
বিরল সন্ধান,
তখন আমরা হয়ে উঠি পৌরাণিক কিন্তু
অধুনা দেবযানী ও কচ, যুগল রূপে
খুঁজি পরস্পরের মাঝে মৃত -
সঞ্জীবনীর মন্ত্র, সমস্ত
প্রণয়ী মানুষের
জন্য অমরত্বের প্রাপ্তি, এক এমন পৃথিবী,
যেখানে মানুষের হৃদয়ে, প্রেম সুধা
ভরে থাকে অন্তহীন ভাবে,
যেমন করে ভরে
উঠে পল্লব -
বিহীন অরণ্য বসন্তের আগমনে, বিস্তীর্ণ
রঙের আলোয় চার দিকে, জীবন্ত
বিতান গাহে জীবনের মধুর
অসমাপ্ত গান - -

* *
- শান্তনু সান্যাল
 

সোমবার, ২৭ মার্চ, ২০২৩

শূন্যতার মাঝে কলরব - -

অন্ধকারের অপর পারে এখনো রয়েছে
কিছু অর্ধ - জ্বলন্ত অনুভূতি, হাড় -
মাংসের সাথে সব কিছু কী
শেষ হয়। তোমার ওই
পরিপূর্ণ পাওয়ার
অভিলাষ,
আর
আমার সম্পূর্ণ না দেওয়ার ব্যর্থতা, যেন
কুন্ঠিত করে যায় এই সংক্ষিপ্ত জীবন,
তবুও জানি না কেন, জীবন
দিতে চায় অনেক কিছু,
কিন্তু তোমার ওই
হৃদয়ের উষ্ণ -
ভূমি,
সহজে ধরে রাখতে পারবে কী, আমার - -
চোখের অন্তহীন প্রবাহের বৃষ্টি।বলা
মুশকিল, অনেক পথের কাহিনী,
চিরকাল থাকে, যথারীতি -
মৃগতৃষ্ণার দ্বন্দ্বে হারানো
জল বিন্দুর পৃথিবী !
শূন্যতার মাঝে
কলরব !

* *
- শান্তনু সান্যাল