বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

অন্তহীন সোপানে - -

তার কামনার ওই অন্তহীন সোপানে, 
জানি না কোন ধাপে আছে 
পরিতৃপ্তির চূড়ান্ত 
বিন্দু, তার 
গভীর 
চাহনির মাঝে আমি খুঁজে বেড়াই - -
জীবনের উচ্ছ্বাস, সব কিছুর 
আয়ু, নিয়তির হাতে 
রয়েছে বাঁধা,
তবুও 
মন বারংবার উড়ে যেতে চায় রঙীন 
প্রজাপতির সাথে সুদুর অজানা 
রামধনুর দেশে, জানা 
সত্তেও যে পাতা 
ঝরার 
মৌসুম আছে সমীপবর্তী, তবুও এই -
জীবন ধরে রাখতে চায় 
অদৃশ্য সুরভির 
অনুভূতি, 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
humming_bird_window

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

ভাঙা চশমার ওপারে - -

 বহু খণ্ডিত চশমার কাচের ওপারে

বিন্দু বিন্দু স্বপ্নরা যায় মরে 

তবুও জীবনের বৃক্ষ

যায় না শুকায়ে,

বহু অভিযোগ

অপমান,

অবহেলার দংশ নিয়ে বুকে মানুষকে

বাঁচতে হয়, অনেক কিছুই মনের

বিরুদ্ধে করে যেতে হয়, 

আসলে বিকল্প, 

উপায় বলতে

নিজের

হাতে

কিছুই থাকে না, বহুবার একই কাপড়ে

রিফুর পুনরাবৃত্তি,খুবই সহজে

পালিয়ে যাওয়া যায়,

পলায়নের পরে

আবার ফিরে

আসার

পথ

খুঁজে থাকি আমরা, সবাই'ত আর গেরুয়া রঙ্গে ডুব দিতে পারে না,

দুঃখ সুখের ছাই রঙ মেখে

কবিরদাস আবার তাঁতির 

রূপে বসে থাকে

নব সৃজনের

মোহে।

- - শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

হারানো দিন - -

 

কত বার ফিরে আসি খালি হাতে,

কড়া নাড়ার ভাষা আজও

বুঝতে পারি নি, ভূল

ঠিকানায় পড়ে

থাকে  মনের

ধূসর খাম,

দরজার

মুখে

থেমে রয় এক চিলকে নরম রোদ,

ক্রমশঃ দিন গড়িয়ে যায় সন্ধ্যার

কাছে, জীবনের বৃন্ত হতে

ঝরে যায় দিনের এক

জীর্ণ পাতা, আবার

অন্ধকারে খুঁজে

বেড়াই সেই

ঝরে

যাওয়া পাতার অজ্ঞাত সমাধি ভূমি,

কিছু এলোমেলো শব্দের ফুল

ছড়িয়ে রয় তার গায়ে, সে

এখন চিরনিদ্রায় ভেসে

যায় জীবাশ্ম দেশে,

হয় তো ফিরে

পাবে এক

দিন তার

হারানো

দিনের রূপ রঙ - -

- শান্তনু সান্যাল


শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

খুশির উৎস - -


দরজাটা খোলা রাখি বহু দিন ধরে,

জানা সত্ত্বেও যে কেউ আসবে

না, সময়ের সাথে হয়'ত

টানটা শিথিল হয়ে

ওঠে, ধীরে ধীরে

সব কিছু বিন্দু

বিন্দু ফুরিয়ে

যায়, তবুও

মানুষ

আশা ছাড়ে না, জীবনের প্রতি ধাপে

প্রদীপ জ্বালিয়ে রাখে, আসলে

সবাই আলোর স্রোতে

ভাসতে চায়, কিছু

ক্ষণ বাঁচতে

চায়, এই

এক

বিন্দুতে আমরা খুঁজে পাই হারানো

খুশির উৎস ।

- শান্তনু সান্যাল

শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

অপলক চোখের অভিলাষ - -

আঁধারের গর্ভেই লুকিয়ে রয় জীবনের সূচনা,
যতই কালো হোক না মায়াবী রাত্রি,
আলো ঠিক পেরিয়ে আসে
কুয়াশা ভরা অরণ্যপথ। 
তোমার
আমার ওই
এক
ঘেয়ে জীবনের বাইরেও আছে আরেকটি - -
জগৎ, কিছু সুরভিত ভাবনার বীথি,
কিছু অন্তর্তমের গভীরতা, সব
মিলিয়ে নিখাদ সুন্দরতা।
যদিও বুকের তৃষা
চিরদিনই
অপূর্ণ,
ওই অপূর্ণতাই হলো বেঁচে থাকার মূল কারণ,
আর সেই কারণেই তোমার আমার মাঝে
এক অদৃশ্য সেতুবন্ধন, কিছু অপলক
চোখের মৌন চাহিদা, কিছু বন্ধ
নয়নের নিবিড় প্রাপ্তি।
কম্পিত অধরের  
ওই মৃদু হাসির
মাঝে
জীবন যেন ফিরে পায় পূনর্যৌবনের অন্তহীন
অনুভূতি।

* *
- শান্তনু সান্যাল







শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

অভিশপ্ত আত্মা - -


তোমরা করে যাও অসুরের জয়গান, যারা গর্ভস্থ শিশুর করে হত্যা, 

বয়োবৃদ্ধ মহিলাদের করে

অপহরণ, তোমাদের

ওই ঘৃণিত দৃষ্টির

মাঝে তারাই

নায়কের

সমান,

তোমাদের মিথ্যে স্বর্গের পথে অদৃশ্য

নরকের আছে জ্বলন্ত অবস্থান,

মানুষের মুখোশে তোমরা

লুকিয়ে রাখো নর

পিচাশের হিংস্র

মরুদ্যান,

নিরীহ

মানবের রক্তে রাঙ্গা পতাকা হাতে নিয়ে

অশ্বারোহী তুমি বয়ে চলেছো অনন্ত

কালের অভিশাপ, তুমি কোনো

দিনই পাবে না ইশ দর্শন,

তোমার বীভৎস

আত্মা কোনো

দিনই পাবে

না ত্রাণ ।

- শান্তনু সান্যাল

 

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

ভিটে মাটির শূন্য সন্ধান - -

 নদী কী মানুষ সবাই হারায় জীবনের

গতি পথ, সময়ের স্রোতে হারিয়ে
যায় জীবনানন্দের জন্ম ভিটা,
ধানসিঁড়ির কিনারায় খুঁজে
পায় না কেউ পুরাতন
মন্দিরের স্মৃতি
স্থান, শ্বাস
রোধে
মারা যায় তথাকথিত মানবতার দেউল,
বৃহদাকার বয়োবৃদ্ধ বট বৃক্ষের
নিচে হারিয়ে যায় ঐতিহ্যের
শঙ্খ ধ্বনি, গড়ে ওঠে
উচ্চ মিনার চার
দিকে, কেউ
কী মনে
রাখে
অতীতের হাহাকার, হটাৎ মায়ের ভাষা
হয়ে ওঠে বোবা, ভাঙা বিগ্রহ নিয়ে
বুকে মানুষ করে দেশান্তর, পুকুর
ঘাটের পাথরে শুধুই লেখা
থাকে এমন মানুষের
নাম যাকে এই
প্রজন্ম চিনে
না, ওই ভিটে
মাটি তখন
শুধুই
শত্রুর বিষয় সম্পত্তি, সহজে প্রাপ্য যক্ষের ধন ।
- শান্তনু সান্যাল