সে আবার খুলে বসে আছে আমার
সামনে, অতীতের জানালা,
অন্ধকারে চিরহরিৎ
আইভি লতার
গায়ে
এখনো লেগে আছে কিছু শিশির -
কণা, বিন্দু বিন্দু ঝরে
যেতে চায় তার
চোখের
রহস্যময়ী আলোর স্ফুলিঙ্গ, সমস্ত
শরীরে এক বিচিত্র নীলাভ
আবেগের সৃষ্টি, তার
অপরূপ মায়া
ভরিয়ে
যেতে চায় উতলা হৃদয়ের ধুসর ভূমি !
জীবনের অ-সংজ্ঞায়িত
মুহূর্ত গুলো সহসা
মুখর, গড়ে
যেতে
উৎসুক, প্রণয়ের কিছু সাত রঙের
পরিভাষা, সমীপবর্তী, যেন
থেমে রয়েছে আসন্ন
ঝড়ের হাওয়া,
জানি না,
লৌহ পিঞ্জর ভেঙ্গে সে কি ফিরে - -
পাবে আমার মনের উন্মুক্ত
আকাশ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Clay-pot-w-Flowers
রাতের শেষ প্রহরে দেখেছি সৃষ্টির
বিশৃঙ্খলতা, পৃথিবীর দুরে
সরে যাওয়া আর
আকাশের
ভেঙে
যাওয়া, আসলে দিগন্ত অনুভূতি
ও তোমার তথাকথিত
অশেষ ভালবাসা
কোথায়
যেন মিলেও মিলে না, কাল্পনিক -
ওই রেখার ঠিক উপরে
দেখেছি তুমি ও
আমি
ভেসে চলেছি সারসের রূপে বহু -
দূর, অজানা অন্তরীক্ষে !
বাস্তবিকতা এবং
স্বপ্নের
ওই চিরদিনের দ্বন্দ্ব বাদ দিয়ে - -
মন চায় নীল শুন্যে, দেহ
ও প্রাণ সম্পূর্ণ ভাবে
ভাসাতে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mystic moon 2
আজ এই সন্ধ্যার শেষে, কিছু বিশেষ
নেই বুকে বলার জন্য, শুধু এই
নিস্তব্ধ ক্ষণে, মন চায়
অনিবার ভাবে,
খোলা
আকাশের দিকে, অকারণে চেয়ে - -
থাকতে, আকাশগঙ্গা কি
কোনো দিন খুঁজে
পায়ে ওই
আঁধারের সমুদ্র, কিংবা নিজের তটে
নিজেই যায় হারিয়ে, জানতে
ইচ্ছে করে, কোন পথে
আছে জোছনার
গোপন
বাড়ি, কিছু আলোর উপহার যদি -
পেতাম, হয় ' ত জীবনে ভরে
উঠত উজ্জ্বল অরণ্য -
ফুলের আবেগ,
যাযাবর
পাহাড়ি নদীর মনোভাব যদি ছুঁয়ে -
যেত মনের স্থির ভাবনা, হয়
তো জীবন খুঁজে পেত
বিমুখ শ্রাবণের
ঠিকানা,
হয় 'ত তার সজল বক্ষঃস্থলে জেগে
উঠত, একটানা বরিষণের
উৎকন্ঠা, ভিজে উঠত
যুগের অভিশপ্ত
বসুন্ধরা,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
midnight beauty 1
বিষন্ন রাত্রি চেয়ে রইলো চন্দ্রহীন
আকাশ, সম্ভব কোথায় সব
সময় দীর্ঘকালীন
জোছনার
ভেসে
থাকা, সৃষ্টির নিজস্ব নিয়ম আছে,
সব কিছু, কি ঘটে মনের
অনুযায়ী, বেঁধে
রাখার
চেষ্টায় উড়ে যায় বারে বারে ওই
বাউণ্ডুলে, সুখ নামের পাখি !
বুকের খাঁচা চিরদিনই
শুন্য, তবুও বয়ে
যায় ব্যথা
ভার -
অদৃশ্য ভাবে, সেটা দৃষ্টি ভ্রম ছিল
অথবা অতিরিক্ত পাওয়ার
অভিলাষ, সারা রাত
হেঁটে, ক্লান্ত দেহে
যখন -
পৌঁছোলাম, ওই সুদুরস্থ ঝিলের -
তীরে দেখি, সে গেছে
শুকিয়ে বহু দিন
আগে,
কেবল লবণাক্ত পৃষ্ঠতলে আছে -
কিছু স্মৃতির সজল পদচিহ্ন,
প্রতিধ্বনিত অতীতের
কিছু তরঙ্গের
শব্দ - -
আর চারদিকে বিস্তীর্ণ নীরবতা,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
poetic bloom
সুখ ও দুঃখের পরিভাষা নিজের
দৃষ্টিকোণে কিছুই হতে পারে,
চোখে ভরা অশ্রু, আর
মুখ ভরা হাসির
মাঝখানে
ছিল
অন্তরাল বিস্তীর্ণ, জীবনের ওই -
মানিয়ে নেওয়ার প্রক্রিয়া
থামে কোথায়, সতত
এক চুক্তি হতে
অন্যে
দিকে এগোনো, না তোমার প্রেমে
আছে ওই অনন্তকালীন
গন্ধ, না আমার
বুকে আছে
বাকি
সততার পরশ, যেন এক অদৃশ্য
নাটকের ভূমিকায় আমরা
সবাই, করে চলেছি
অভিনয়,
নিয়তির ওই পরিচালনায় কেউ
হস্তক্ষেপ করতে পারে না,
লিপিবদ্ধ চরিত্রের
বাহিরে
আসা সম্ভব কোথায়, অনুপায় -
তুমিও, নিরুপায় আমিও
কম নই, কেবল
মৌন ভাবে
এক
স্বীকারোক্তি, বিশ্বাসঘাতকতার
প্রশ্ন কোথায় ওঠে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by nancy medona
চির পরিচিত মুখের ওই জলসায়
সব কিছুই ছিল যথাবৎ
নিজের জায়গায়,
সঠিক
গোছানো, কায়দা করে সাজানো,
বিদেশাগত ফুলদানি, চটক
রঙের আলোর মাঝে
অবশ্যই ফুলেরা
ছিল দেশী,
তার ওই
স্বপ্নীল আসরে, সমস্ত কিছু ছিল -
দামী, অমূল্য সৌন্দর্য্যে ভরা
কিন্তু সব কিছু থাকার
সত্তেও, ওই বিশেষ
চেহারায়
ছিল না সতেজতা, কোথায় যেন
সে হারিয়ে এসেছে হাসির
কৌটো, কোথায়
যেন ভুলে
এসেছে
ভালবাসার খোলা আতরদানি !
তার চোখের কোণে মেঘের
ছায়া ছিল সুস্পষ্ট, এক
অস্থায়ী থামানো
ঝড়ের
সাথে, তার চোখের সন্ধানে ছিল
পরকীয় গন্ধ, অপ্রত্যাশিত
ভাবে সন্ধ্যার বৃষ্টি !
যদি ধুয়ে যায়
সব কিছু
নিমেষে, বুকের মাঝে ছিল তার
ঘনীভূত প্রেমের ধাতুনি:স্রব,
অনুদ্ঘাটিত অন্তহীন
অপেক্ষা জানি
না কার
জন্য সে হতে চায় আগ্নেয়গিরি,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Chris Saper
তুমি আজ ও ধরে আছো, দেহের
কঙ্কাল শাখা প্রশাখা, আশ্চর্য্য
বৈকি ! যদিও ঝরিয়ে
গেছে সময়ের
বাতাস,
স্তর প্রতি স্তর মুখের লাবণ্য হতে
সজলতা, তোমার এই প্রেম
কি আত্ম্দাহ, ঝঙ্কৃত
করে হৃদয়ের
স্পন্দন,
তুমি আজও জড়িয়ে আছো কচি
গন্ধে মাখা আমার ভালবাসা,
যদিও ছুঁয়ে গেছে নব
বসন্তের সুরভি,
পৃথিবীর
বুকে,সত্যিই তোমার অমলিন -
প্রণয় করে যায় বাধ্য
আমায়, তাই
আমি
ফিরে আসি, বারংবার ডিঙিয়ে -
সঘন রাতের অন্ধকার !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Hood Art Watercolors