পারস্পরিক সমীকরণের বাইরেও আছে,
কিছু চেনা অচেনা জীবন্ত জ্যামিতি,
কোনো এক সন্ধ্যার ঝাপসা
আলোয়, যদি সম্ভব
খুঁজে দেখো
সজল
চোখের গভীরতা, আমার অভিলাষের -
পরিধি, কেন এত উন্মুক্ত প্রায়ই
ভাবে মন, কোনো এক
মুহুর্তে যদি সম্ভব
বুঝে দেখো
ব্যথিত
হৃদয়ের মৌন কবিতা, তোমার প্রেমের
পরিণতি কিছুও হতে পারে,
বিরহের দুঃখ শুধুই
নয় অন্তিম
ব্যথা !
দ্বৈত বিষণ্নতার বাইরে ও আছে কত - -
যে অদেখা সিক্ত স্পর্শানুভূতি,
যদি সম্ভব কোনো এক
দিন সংকুচিত
বৃত্তের
বাইরে এসে দেখো জীবনের বিভিন্নতা,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Mary Aslin
সব কিছুই যখন নিমিষের খেলা
তখন এত মান অভিমানের
কিসের জন্য, পৃথিবী
আকাশ, সাগর
মরুভূমি
সমস্ত কিছু রইলো ক্ষণিক মৌন
অবস্থায়, যখন অন্তিম
নিঃশ্বাস, ছাড়ল
দেহের
আঙুল, আপন জনের ওই হাটে
ছিলাম আমি তখন খুবই
অপরিচিত, নেয়া
দেয়ার চুক্তি
গেল -
এক পলকে ভেঙে, ফিরে আর -
চায় নি কেউ, সন্ধানের
প্রশ্ন ওঠে কোথায়
সবাই তখন
নিজের
মাঝে যথারীতি গেছে হারিয়ে,
প্রকৃত সত্যের আগে সব
কিছুই ছিল পরিষ্কার
কাচের মায়া
ধরতে
কি কেউ পারে, দৃষ্টির সর্বশেষ
প্রান্তে ছিল কেবল এক
সঘন ভাসন্ত
কুয়াশা !
তার তথাকথিত আত্মীয়তার
রেশমী সুতোর সৃষ্টি খুলে
গেছে ক্রমশঃ, তীব্র
বেগে এলোমেলো
ভাবে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
purple aura
কুয়াশাবৎ ওই রহস্যময় অরণ্যে, চির
পলাতক ছায়ার সন্ধান, কাঠামো
বিহীন, পূর্ণায়ত আয়নার
মুখোমুখি তখন
নগ্ন দেহ,
নারী
পুরুষের বিভেদের বাইরে তখন জীবন,
কিছু প্রশ্ন চিহ্নের ভিড়ে, অস্তিত্ব
খুঁজে তথাকথিত আপন
জনের চেহারা
আসল
কি নকল ওই ভালবাসার প্রতিফলনে -
সব কিছু উদ্ভাসিত, অন্তর্মনের
গভীরে সুপ্ত আলোড়ন
তখন খুঁজে
বেড়ায়
মিহি বালুর উপকূল, অতৃপ্ত বাসনার -
তরঙ মিশে যেতে চায় ঝাঁঝর
পৃষ্ঠতলে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
forest-fog-cornelia-rusu-labosan
নিজস্ব সহিষ্ণুতায় আমার ভীষণ -
সম্ভ্রম ছিল, জানি না আজ, কি
যে হলো, চোখের বাঁধ
সহসা ভেঙে
গেল,
বুকে জমানো মেঘের প্রতি আমার
গভীর শ্রদ্ধা ছিল, জানি না
আজ, সন্ধ্যার আবছা
আলোয় কি যে
হলো
দমকা হাওয়ার সাথে নয়নকোণ
হতে বিন্দু বিন্দু ঝরে গেল,
জীবনের ঊষর ভূ -
ভাগের জন্য
আমার
হৃদয়ে খুবই দুর্বলতা ছিল, আজ -
রাতের রহস্যময়ী আঁধারে
জানি না কি যে হলো,
তার প্রণয়ের
প্লাবনে
সমস্ত দগ্ধ ভাবনার কোটর ক্রমে
ক্রমে ভরে গেল - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by John La Farge
মৃগতৃষা অথবা জাগরস্বপ্ন, যা কিছুই
ছিল তার ওই প্রণয়ী আভাস,
জীবনের পথে, কিছু
ক্ষণের জন্য
ভরে
গেছে পরিত্যক্ত ভাবনার আগ্নেয়গিরি
গহ্বর, শেষ প্রহরের সুরভিত -
জাগরণ কিংবা চোখের
পাতায় শিশিরের
ফোঁটা, যা
কিছুই ছিল তার বুকের কাছে আসা -
দেহ ও প্রাণের দহনে, কিছু
মুহুর্তের জন্য ঝরিয়ে
গেছে অনাহুত
বৃষ্টি !
জীবনের পরিভাষা হঠাৎ ভাবে গেছে
সে বদলিয়ে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
reflection of depth
কিছু স্মৃতির ছায়া ঘিরে রয় পার্শ্ববর্তী
দেয়ালে, কিছু ভালবাসার ছবি
অ্যালবামের বাহিরে
খুঁজে সতেজ
নিঃশ্বাস,
অরণ্য নদীর কিনারা ছিল হয়' ত - -
তাদের অনুরাগের সীমানা,
গ্রীষ্মকালের শিখরে
ক্রমশঃ গেছে
সঙ্কুচিত
হয়ে, অভিযোগের কারণ এই মুহুর্তে
কিছুই নেই, কপালের ভাঁজে
গেছে গুটিয়ে, সমস্ত
কুটুম্বিতার
দাবি !
ধরে রাখতে চেয়ে ছিলাম খুব করে,
বুকের অভ্যন্তরে, তাদের ওই
তথাকথিত ঘনিষ্ঠতা,
শীতের কচি
রোদের
মত কবে যে উধাও নিজেই জানি না,
খোলা করতলে ছিল কেবল কিছু
জোনাকির উজ্জ্বল ছাপ,
আঙ্গুলের ফাঁক
হতে
বোধ হয় বেরিয়ে গেছে আলোর - -
পাখি ডানা মেলে, বহু দূর
কুয়াশা ভরা অরণ্য
পথে,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
memory on wall
সাঁঝের এক পশলা বৃষ্টির রূপে, যদি
আচমকা যেতে ভিজিয়ে, দীর্ঘ
কালীন উপেক্ষিত মনের
প্রান্তর ফিরে পেত
উর্বরতা,
জীবনের বৃষ্টি ছায়ার প্রদেশে এখনো
কিছু অরণ্য পুষ্পের চারা
আছে আশান্বিত !
কিছু ঘুমন্ত
স্বপ্ন
চায় শেষ প্রহরের জাগরণ, কিছু -
ঘনীভূত বুকের নিঃশ্বাস চায়
পুনরায় বিগলন, কিছু
অভিলাষের বীজ -
কণা, তপ্ত
মাটির
তলে পুনরপি চায় অঙ্কুরণ, জানি -
তোমার নয়নের আলোয়
লুকিয়ে আছে কিছু
পূনর্জীবনের
মন্ত্র !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
soft-quilted-tulips-kathy-braud