শুক্রবার, ১৬ মে, ২০১৪

আত্ম বৃত্তের বাইরে - -

আত্ম বৃত্তের বাইরে বেরিয়ে এসে দেখি,
অনেক কিছু এখনও অনাবিষ্কৃত,
বহু গন্তব্য এখনো চেয়ে 
আছে প্রথম পদ -
ক্ষেপের 
দিকে, আকাশ ও পৃথিবীর মাঝে যেন 
এক নীরব চুক্তি ভেসে চলেছে 
যুগ যুগান্তর ধরে, বন্য 
ফুলের উন্মুক্ত 
উপত্যকা 
হতে 
ধুসর মরু প্রান্তরে, জীবন করে যায় -
অশ্রান্ত ভাবে অন্তহীন যাত্রা, 
অরণ্য নদীর বুকে ওই 
ঝুলন্ত সাঁকোর 
 উপরে, 
সময়ের রোদ ছায়া লিখে যায় কিছু  -
মৌন ইতিহাসের তালিকা, 
হয় 'ত অদৃশ্য ক্রমে 
কোথাও যেন 
লিপিবদ্ধ 
আছে, 
তোমার আমার আবছা বিহানের - - 
আলোয়, যুগপৎ হেঁটে 
যাওয়ার বৃতান্ত !

* * 
- শান্তনু সান্যাল 



  
http://sanyalsplanet.blogspot.in/
art by luis aston

বুধবার, ১৪ মে, ২০১৪

নিঃশর্ত প্রেমের সন্ধান - -

অভিতপ্ত অনুভূতি হতে, যখন এই 
জীবন খুঁজে পায়, কিছু মুহুর্তের 
পরিত্রাণ, তখন হৃদয়ে 
জাগে পুনরায় 
বিলুপ্ত 
মরুদ্যান, ভেসে ওঠে সুপ্ত তরঙ -  
সহসা, তার নি:শব্দ চোখের 
তীরে তখন অবসাদের 
অবসান, বহু 
দিনের 
পরে যেন অনাহুত বৃষ্টি ভিজিয়ে - 
গেছে দেহ ও প্রাণ, পৃথিবী 
আকাশ, নিসর্গের 
সমস্ত 
সৌন্দর্য্য অকস্মাৎ হয় ওঠে খুবই  -
অর্থপূর্ণ, জীবন করে পুনশ্চ 
নিঃশর্ত প্রেমের 
সন্ধান !

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
the poetry of rain
http://sanyalsplanet.blogspot.in/
dahlias

মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

অজানা দিগন্তের পথে - -

সে নিয়ে যেতে চায় প্রায়ই, জানি না 
কোন সাগর সঙ্গমে, কিংবা 
অথৈ অর্ণব তলে !
তার ওই 
গভীর চোখের আবাহনে আছে, এক 
অদ্ভুত মোহের সুপ্ত তরঙ,
ভাসিয়ে নিয়ে যেতে 
চায় চেতনার 
সমস্ত 
নোঙর, তীর ভূমির খুঁটি নিরুপায় -
চেয়ে রয়  তার এই জোর 
দখল, বহে যায় 
সব কিছু,
মান অভিমান, আপন পর, পৃথিবী - 
আকাশ, আলো আঁধার,
প্রেম ঘৃণা, রঙ -
রূপ, তার 
অদৃশ্য পরশে যায় হারিয়ে মনের - -
সম্পূর্ণ মলিনতা - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
art  by Linn Miller

সোমবার, ১২ মে, ২০১৪

মায়ার বন্ধন - -

আকাশের রঙ চিরদিনই অস্থির, 
মৌসুমী হাওয়ার সাথে 
যায় বদলিয়ে,
কখনো 
সপ্ত রঙে একাকার কখনো জ্বলে 
আপন জগতে পাংশুবর্ণে !
তাই সময়ের সঙ্গে 
আবিষ্ট করে 
গেছি, 
তার বিম্বিত রূপ, বুকের মাঝে !
অন্ধকার পথে একাকী 
হাঁটা ছাড়া কোনো 
উপায় ছিল 
না -
তাই হেঁটেছি বহু বার, অপহৃত -
হয়েছি বারংবার, আলোর 
জগতে দেখি সমস্ত 
লুন্ঠনকারী 
চেহারা 
খুবই কাছের মানুষ, অভিযোগ -
করা মুশকিল, পুনরায় 
মৌন ব্রত নিয়ে 
বসে রই 
তাহাদের সম্মুখীন অজ্ঞাতসারে,
সহজ কোথায় মায়ার 
বন্ধন ভেঙ্গে 
ফেলা,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
abstract beauty

শনিবার, ১০ মে, ২০১৪

মুখোশের নেপথ্যে - -

জীবন যখন কৌতুকাভিনেতা 
তার প্রেম ছিল, কোথায় 
যেন ভিড়ের মাঝে 
বৃন্দ হাসির 
সুরে, 
বহে যাওয়া স্বরলিপি, চোখের 
অশ্রু জলেও সে দেখেছে  
হাস্য প্রহসন,
সুতরাং 
উন্মুক্ত কান্নার জন্য মন খুঁজে 
এমন সময়ে অঝর বর্ষণ, 
জীবন যখন অন্যের 
জন্য বিকল্পের 
সাধন, 
আপন ব্যথা তখন মূল্যহীন - 
নিজেকে পুরোপুরি 
ভুলিয়ে দিতে 
চায় 
এমন মুহুর্তে পাগল মন, সজল 
চোখে জীবন হয় ওঠে 
বহুরুপী মানুষ,
মুখোশের 
নেপথ্যে একাকী করে ক্রন্দন,

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
beauty in naivety

শুক্রবার, ৯ মে, ২০১৪

রঙীন কাচের অনুধ্যায় - -

রঙীন কাচের অনুধ্যায় নিয়ে চোখে, 
সে দেখিয়ে গেছে বহু কাল 
আগে, স্বপ্নময়,মায়াবী 
জগৎ, কত যুগ 
ধরে আমি 
বসে আছি পথ চেয়ে একাকী, ওই -
ভাসন্ত আকাশগঙ্গার তীরে, 
সে বলেছিল এক দিন 
হৃদয়ের আলো 
অন্তহীন,
কোনো দিন নিভে না, তাই মনের 
জানালা খুলে রাখি দিবা -
নিশি, সম্ভবতঃ সে 
ফিরবে এক 
দিন - 
হঠাৎ, নিয়ে হাতে যাদুকর ফুলের 
গুচ্ছ, সুগন্ধে ভরিয়ে যাবে 
বুকের সমস্ত শুন্যতা,
যুগের তৃষ্ণা 
পাবে 
তৃপ্তি, আবার পরিত্যক্ত জীবনে - - -
ভেসে উঠবে বিলুপ্ত নির্ঝর !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
aquarelle beauty