বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

গোপন সভা - -

সে আবার করে যাবে উচ্ছন্ন মনের জমি,
রেখে যাবে জ্বলন্ত স্পর্শ, মম লাজুক 
অনুভূতি আবার চেয়ে রবে 
আশাতীত মেঘের 
বর্ষণ, বিক্ষিপ্ত 
শ্রাবণ -
ধারা, পুনরায় জাগিয়ে অন্তহীন তৃষা, সে 
উড়ে যাবে সুদুর মালবিকা বনের 
দক্ষিন সাগর তীরে, সেই 
নদীমুখের ভাসন্ত 
বালুময় 
দ্বীপে, ওই নীলাভ আলোর অধিবাসে হয় 
ত আছে জোনাকির গোপন সভা,
স্বপ্নের নিশিপালন, প্রণয়ের 
বীজ রোপন, জীবনের 
পুনরুত্থান - - 

- শান্তনু সান্যাল
misty night 




বুধবার, ৩ অক্টোবর, ২০১২

নিঃশব্দ জলোচ্ছ্বাস !

আজ বলার কিছুই নাই, শুধুই এমনি বসে আছি, 
নির্বাক চোখে চেয়ে যাই তারা ভরা আকাশ, 
সমুদ্রের বুকে রাত্রির মহা প্রতিবিম্ব, 
ফিরে চলেছে দিগন্ত ছুঁয়ে কিছু 
ছায়াময় পাখির ঝাঁক,
অদ্ভুত নীরবতা,
নিঃশব্দ 
জলোচ্ছ্বাস ! না দুঃখ না সুখ, না আবেশ নাহি -
উদাসীনতা,এক নিঝুম ব্যাপক শান্তি !
চন্দ্র বিহীন যামিনী, গহন 
তিমির জড়িয়ে সর্ব 
দেহে হেঁটে যায় 
সুদুর,
মরুপ্রান্তর পেরিয়ে, বর্ষার সন্ধানে একাকী - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
alone traveler 1

মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২

উন্মীলিত রাত্রি - -

সে এক প্রণয়ী ছায়া অথবা মায়াবী হরিণ, 
ভাবনার ঝোপের মাঝে এক লহমায় 
উধাত্ত, তরঙ্গিত গুল্ম শাখায়
উড়ে যায় আবেশের 
জোনাকি !
তোমার প্রেমের পরিভাষা খুবই জটিল,
দেহ ও মন দুটিই করে রাখতে
চায় বন্দী অন্তহীন ভাবে,
আমার ব্যক্তিত্ব
আজন্ম 
উন্মুক্ত, আবরণের ভাষা বোঝে না, গায়ে 
জড়িয়ে রয় আরশির উত্তরীয়,
কেমন করে আত্মসাত 
করি তোমায় বল,
খোলা জীবন 
পিঞ্জরে,
যদি পার এস, বিমুক্ত জলস্রোতের রূপে -
বন্য বক্ষঃ স্থলে - - 

- শান্তনু সান্যাল 
Creeper 1


পরাশ্রয়ী লতা - -

নিজে কে উজাড় করে জোছনা ভালবাসতে 
চায় গহন অন্ধকার, নিশুতি রাতের 
মায়া ছড়িয়ে চলেছে অদৃশ্য 
কুহকের আলো, সুদুর 
নীরব প্রান্তরে 
নিশাচর 
পাখির রহস্যময় সুরে জেগে উঠতে চায় -
গভীর প্রণয়ের শিখা, কার বিমূর্ত 
শরীর, হতে চায় আরোহী,
পরাশ্রয়ী লতার সম, 
ধরে রাখতে 
আগ্রহী,
দেহ ও প্রাণের তরু, প্রতি গন্ধ কোষ, পরাগ,
পুংকেশরে প্রগাঢ় আধিপত্য, করে যায় 
প্রতি মুহুর্তে আবেগময় অবরুদ্ধ !
হৃদয় তখন দ্রুত লেখচিত্র,
লিখে যায় জীবনের 
অবুঝ অর্থ,
ওই 
মহামিলনের সঙ্গমে, ভব্য আকাশ চেয়ে রয় 
নির্বাক, শব্দহীন - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

painting by sasitha weerasinghe

রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

বিন্দু বিন্দু ভালবাসা - -

প্রমাণ দিতে পারি নি হৃদয় আমার, তার বিদেহী 
ভালবাসা রয়ে গেছে অজানা, অপরিচিত !
অগীত কবিতার বুকে বিস্মৃত লিপির 
সাথে চিরস্থায়ী একাকী, নিভৃত  
মঠের যেন সন্যাসী, চেয়ে 
রয় পুবাল আকাশের 
বিলুপ্তির পথের 
ধুমকেতু !
অবাক চোখে সরে চলেছে তখন ব্রহ্মাণ্ডের সমস্ত 
গ্রহ উপগ্রহ, সেই শুন্যের মায়াভরা জগতে, 
খুঁজেছি বহুবার তার নিঃশব্দ হাসির 
অনুবাদ, কম্পিত অধরের অর্থ,
আনত চোখের পাতায় 
ভেসে ওঠা শিশির 
সম সজলতা !
বিন্দু বিন্দু আলোর নির্ঝর ঝরে চলেছে যখন -
তার নয়ন হতে, ছুঁতে পারি নি কোনো 
ভাবে জীবন নৌকা, সুদূরে সরে 
গেছে ধীরে ধীরে দিগন্তের 
কড়া নাড়ার শব্দ, 
বিহানের 
দ্বারে,
রাত দাঁড়িয়ে রইলো অনেক ক্ষণ নিয়ে শিহরিত 
হাতে নিশিপুষ্পের ফেকাসে তোড়া - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
knock

শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২

নীরব তীরভূমি - -

সে ফিরে গেছে হয় ত কিছু ক্ষণ পথ চেয়ে, 
তীরভূমির বুকে এখনো রয়েছে কাঁচা 
পায়ের ছাপ, কিছু ভাবনার রিক্ত 
খোল, কয়েকটি সপ্তরঙ্গী 
পালক এলোমেলো !
নিঃশ্বাসের 
ভাঙ্গা
চিত্রলেখ, নিয়তির ছকে ছিল জীবনটা - 
খুবই নিরুপায়, যখন শেষ ট্রেন 
ছেড়ে গেছে নির্জন হৃদয়ের 
চত্বর, বহুদূর দেখি সে 
হারিয়ে চলেছে 
ছাইরঙা
আকাশে, যেন কোনো অমূল্য প্রতিশ্রুতি 
করে সন্ধান তার ভুল ঠিকানা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
 Walter Griffin s Oil Painting ...

শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

ছদ্ম খোলস - -


নিয়ে ধূমায়িত অনুভূতি রাত দাঁড়ানো 
সদর দরজায়, নীরবতা ভেঙ্গে 
জানিত গন্ধ ভরে যেতে 
চায় গভীরতম 
মনের 
শুন্যতা, সে আবার লুন্ঠিত হতে চায় -
আমার প্রণয়ে, সে পুনরায় উজাড়
করে যাবে সঞ্চিত নিশি -
পুষ্পের সুরভিত 
পৃথিবী,
তার ওই অগ্নিবলয় পার করে অগোছাল
ভাবে অনুপ্রবেশ করা, উদ্বেলিত 
করে যায় সুপ্ত বুকের স্থির 
ভালবাসা, আমিও 
যত্নহীন খুলে 
দিতে চাই 
তথাকথিত প্রবুদ্ধ মানুষের ছদ্ম খোলস - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by Winslow Homer