সোমবার, ১২ নভেম্বর, ২০১২

আগের রাতে - -

চড়ুই ঝাঁক ফিরে এসেছে ওই নিঃসঙ্গ 
খেজুরগাছের মাথায়, সুদুর 
পশ্চিমা প্রান্তে সূর্যের 
পরিচয় গেছে 
হারিয়ে,
খুঁজে মন এক মুঠো স্নিগ্ধ আলো, এই 
চন্দ্র বিহীন রাতে, শুনেছি 
আজ আছে মহানগরে 
রোশনাইর মেলা,
উত্সবের 
নিনাদের মাঝে, জানি ভুলে যাবে - 
সবাই, শহরতলির আঁধার,
অবনমিত মুখের 
কাহিনী,
উলঙ্গ শিশুর শুন্য চোখের নিরাশ্রয় 
স্বপ্নের বাস্তবিকতা, পড়ে রবে 
সকালের বুকে আবার 
কিছু এলোমেলো 
ভাঙ্গা পান 
পাত্র, বাজি পটকার রঙিন কাগজের 
খোল, বারুদের গন্ধ, এক 
দুঃখপ্রকাশের ছোট্ট
চিরকুট !
মনেই ছিল না যে পাশেরবাড়ি তে 
কাল রাত আলো জ্বলি নি,
তারা কি আগের 
রাতে ছিল ?
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


painting by Janis Zroback 

রবিবার, ১১ নভেম্বর, ২০১২

অনন্ত তরলতা - -

কোন নিরালায় ছিল নিলীন, নিভৃত জীবন,
যখন সে ছিল না শামিল নিঃশ্বাসে,
ভেসে গেছে দেহ ছুঁয়ে কত 
বার মিহি মেঘের 
গুড়ো, মনের 
নিষ্ফল 
ভূমি রইলো অনাসক্ত, যখন সে ছিল না -
অন্তর্ভুক্ত ভাবনার আশেপাশে, 
সেই বিগত বসন্তের 
সাঁঝে, লেবু 
ফুলের 
গন্ধে বহে এসে অকস্মাৎ, ভিজিয়ে গেছে 
হৃদয় অনায়াসে, তার নিঃশব্দ 
কাছে আসা, স্থির গভীর 
সমুদ্রীয় জলধারা 
দূর সরিয়ে 
নিয়ে গেছে মন্থর বেগে, বৃহৎ পুরুষালি -
তুষার স্তূপ, বহুদূর এক স্বপ্নীল 
দিগন্তের পারে, অচিন 
আবেগী মহাকাশে !
দ্রবণের পথে 
ফিরে পেয়েছে জীবন অনন্ত তরলতা - - - !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Artist Martha Kisling




শনিবার, ১০ নভেম্বর, ২০১২

শীর্ষ বিন্দু - -

সে এক সুসিক্ত অবস্থার প্রান্তবর্তী সীমা !
নারী পুরুষ, রঙ্গ রূপ, জড় চেতন, 
সত্য মিথ্যা, আসল নকল,
দৃশ্য অদৃশ্য, আকার 
নিরাকারের 
উপরে 
উঠে, ছুঁয়ে যেতে চায় উদ্ভাসিত চূড়া, -
ওই শীর্ষ বিন্দুর দীপ্তির আগে 
ধূমিল সমস্ত প্রকৃত -
কৃত্রিম আলো,
পৃথিবী 
ব্যোম ও মহাসাগরের পরিধি যেখানে -
নিমিত্ত মাত্র, ভেসে যায় শুন্যে 
অতীত, আজ, আগামী 
কাল, জন্ম মৃত্যু,
রাগ বিরাগ,
প্রেম 
ঘৃণা, গুপ্ত উন্মীলিত, পূর্ণ মায়াবী অন্তঃ
শীলার যবনিকা যায় উঠে ক্রমশঃ,
আমি তুমি, আপন পর,
সবাই পুরাদস্তুর 
প্রকাশিত !
খুঁজে চলেছে স্খলিত ছদ্ম আবরণ - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by Cathy June Arneson

শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২

মহা নির্ঝর পারে - -

ওই নজিরহীন প্রবহণ বহে যায় দিগন্ত হতে 
আকাশ পথে, সারা দেহে জড়িয়ে যেন 
জ্বলন্ত চন্দন কাঠের আলো, ঝরে 
পৃথিবীর বক্ষে বিন্দু বিন্দু 
দিব্য আলোকের 
স্ফুলিঙ্গ !
 চিরন্তন প্রণয়ের পথে বসে রয় জীবন - - 
এক শাশ্বত প্রতীক্ষা সাজিয়ে 
অন্তরতমের গহীন 
গভীরে !
সেই সুবাসিত জোছনার পরশে, দ্রাবিত সর্ব 
অহংকার, অভিমান, মোহ মায়া,
আপন পর, রাগ অনুরাগ,
জীবন যেতে চায় 
সঘন তিমির 
থেকে 
টলটলে সম্পূর্ণ পারদর্শী, পরম সত্যের মহা 
নির্ঝর পারে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Ken Bushe 

বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

জীবন চায় - -

অস্পৃহ, উদাসীন সন্ধ্যা চাই নি আমি, 
জীবনের সংক্ষিপ্ত পথে, জীবন্ত 
মুহূর্ত গুলো চায় সর্বদা 
অভিনব বিস্তার, 
প্রত্যেক 
পদক্ষেপে, এক নতুন স্বপ্নের সূত্রপাত !
প্রতিটি নিঃশ্বাস - প্রশ্বাসে এক 
অপ্রত্যাশিত, পুষ্পিত 
ঋতুর আগমন,
হৃদয় 
চায় পরিপূর্ণ, ভব্য শারদীয় আকাশ,
ওই ছায়া রোদ্দুরের দ্বন্দ্ব, যদি 
ও বাস্তবিক, তবু ও  
জীবন চায় 
দিগন্ত 
পারের সেই অনাহূত বৃষ্টি কে জোর 
করে টেনে আনা, শ্রাবণ যদিও 
বহুদূর, মন চায় সেই 
অজানার প্রেমের 
জন্য শুধু 
অনবরত ঝরে যাওয়া - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


Paintings by Artist Anant - India 

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

অজানা স্রোতে - -

কোন সুখের বাসনায় জীবন ধরে 
রাখে খুব আপন করে, বুকের 
নিকটে, সেই বিষাক্ত 
ফুলের বৃন্ত, 
অগোছালভাবে বহিয়া যায় সুদুর 
অজানা ভাবনার স্রোতে, 
ওই সৌন্দর্য্যে জানি 
না কি এমন 
চুম্বক
আছে নীলকন্ঠ হতে চায় হৃদয়ের 
নিরীহ মানুষ - - 

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
painting by  MaggieThompson

নিবিড় তৃষ্ণা - -

মোহনামুখী সে এক বিস্তীর্ণ নদীর বহর,
সাগর কুল ঠেলে নিয়ে যায় অনেক 
দূর গভীর জগতে, তরঙ্গিত 
অট্টহাস হঠাৎ তখন 
নিঝুম ! ভাঙা
নিঃশ্বাসের 
সাথে 
আবেশ পড়ে রয় বালির স্তূপে, নির্বিকার 
দেহের গন্ধ কোষ, অকস্মাত যেন 
সক্রিয়, সারা রাত বায়ুমণ্ডলে
এক পরক জাতীয় সুবাস, 
ভেসে রয় অবিরাম
এক দিগন্ত হতে 
অন্য অলিক 
রেখায়, 
বিচিত্র সজলতা ভিজিয়ে রাখে রুপালি 
আলো, অন্তঃকরণে ওঠে  নামে
প্রণয়ের জলোচ্ছ্বাস, এক 
অদৃশ্য, নিবিড় 
তৃষ্ণা
ধরে রাখে জীবনের সংবেদন - - - - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
illusive moon