শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬

মরিচা - মুক্ত - -

এখনো ফুরায় নি পৃথিবীর আবর্তগতি,
এখনো তুমি বেঁধে রাখতে চাও
বাউণ্ডুলে মরশুম নিজের
উচ্ছ্বাসের সমীকরণে,
যদিও জীবনের
আরশি
কিছু মলিনতার পথে চলেছে এগিয়ে - -
ভাবনারা কিন্তু এখনো মরিচা -
মুক্ত, চাঁদের আলোয় হয়ে
ওঠে জীবন্ত, সব কিছু
হয় তো ফুরায়
সময়ের
সাথে, আবার ওই ফুরান বিন্দু হতে - -
নতুন যাত্রার সূচনা হয় বৈকি,
সাগরমুখী নদীর ওই ঊষর
বাঁকের ভূমি, যদিও
আজ ঝোপ
জঙ্গলে ভরা, তবুও সে দেখে যায় মহা
শ্রাবণের স্বপ্ন, মিলে যেতে চায়
ওই বিচ্ছিন্ন নদীর সাথে
ঠিক আগের মত
একাকার,
সাগরকুলে যাওয়ার অভিলাষ কী যায়
সহজে, এখানেই কচি আলোর কড়া
নাড়ার শব্দ, আর একরাশ
ফুলের গন্ধ ভরে যায়
বুকের শূন্যতা।

* *

- শান্তনু সান্যাল

 

বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬

দিবা শেষে - -

এখুনি সন্ধ্যা নামবে পাহাড় হতে ঝপাস করে,
ওই গভীর ঝিলের বুকে, আর দিনের
শেষ আলোয়, জানি আবার
তুমি হয়ে উঠবে
অস্থির,
বেঁধে রাখতে চাইবে দেহের নৌকো, নিজের
রুক্ষ তীরে। আমিও তখন হারাতে
চাই তোমার ওই বুকের
অন্ধকার পথে,
যে যা
বলুক, সে মুহুর্তে আমি যেন হয়ে উঠি এক
জাগ্রত অভিশপ্ত পাথর, তোমার ওই
কুহকভরা পরশে আমার
পাঁকে -ভরা জীবন
তখন করে
ঝলমল, যেন সদ্য সংস্কারিত মরা - পুকুর
জোছনায় ভরে চলেছে ক্রমশঃ। ওই
তোমার স্নিগ্ধ ভালবাসায়,
আমি চিরতরে চাই
হারাতে।

* *
- শান্তনু সান্যাল 


 

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

ফ্ল্যাশব্যাক - -

আজও তুমি ভোরের শাপলা, কুয়াশা
ভরা সকালে, রেখে যাও মনের
দুয়ারে, শিশিরে সিক্ত
অনুভূতি।
যদিও দরজা খুলতে বিলম্বিত আমার
পদক্ষেপ, তবুও তুমি থেমে থাক
যথারীতি নামহীন সুদুর
অরণ্য ঝিলের
মাঝখানে। 
তোমার থামানো পুরাতন নিঃশ্বাসে -
আজও আমি খুঁজে পাই ওই
শৈশবের হারানো খুশি,
খালি পায়ে ওই
আবছা
আঁধারে শিউলি তোলার ছলে দৌড়ে
তোমায় খুঁজে পাওয়া।
* *
- শান্তনু সান্যাল


মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

শব্দহীন মরুভূমির বুকে - -

অবশিষ্ট পথে আমি ছিলাম যথারীতি
একাকী, অবশ্যই কিছু দূর এগিয়ে
গেছে রাতজাগা চাঁদের আলো,
আর ঝরা নিশিপুষ্পের
অল্প কিছু গন্ধের
অদৃশ্য কণা।
আমি জানি, তুমি চেয়েও ভাঙতে - -
পারো নি পলকা রেশমের খোল,
আসলে, জীবনের অনেক
বৃষ্টিছায়া - প্রদেশ
রয়ে যায়
অনাবিষ্কৃত, শব্দহীন মরুভূমির বুকে 
চিরতরে প্রোথিত, আর অশেষ
নীরবতার মাঝে ক্রমশঃ
এক দিন হারিয়ে
যায় তার
সজল চোখের ইতিহাস।পথে পড়ে -
রয় কিছু শুকনো ফণীমনসার
ফুল ও একরাশ কাঁটার
লতা আর অবশ্যই
এক ফোঁটা
মৃগজল।

* *
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫

চেনা চেনা মুখ - -

তাদের ওই চোখ ঝলসানো আসরে ছিল
সব কিছুই, রূপ, রং, নেশা, আর
মুখোশ পরিহিত ন্যাকান্যাকা
চেহারা, যেন কাঁচা
তৈলরঙ্গী ছবির
পুতুল খেলা।
হয় তো আমি আছি ব্যতিক্রমী মানুষ -
তাই তাদের আসরে ছিলাম খুবই
একাকী, অবশ্যই, আমার
আশেপাশের মানুষ
ছিল খুবই
পরিচিত, ওই যাকে বলে চেনা চেনা মুখ
ঠিক পরবর্তী দরজার কেউ এক,
তবুও জানি না কেন পরিবেশে
ছিল, ভাসন্ত অভিনয়ের
অনুভূতি।আসলে
জুয়ারে গা
ভাসানোটা আছে এক অদ্ভুত শিল্প, যারা
জানে না তারা রয়ে যায় মধ্যপ্রবাহে
একাকী, কিন্তু তারা ডুবে না
নিজেই শিখে যায় এক
দিন কুশল
সন্তরণ।

* *
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ১১ জুলাই, ২০১৫

উতলা মন - -

কোন বাউণ্ডুলে, বুনো গন্ধের পিছনে
ধেয়ে যায় উতলা মন, যদিও
নাগালের মাঝে রয়েছে
অঝর শ্রাবণ।
জানি না
কেন সে বারেবারে করে যায় উধ্বস্ত,
হৃদয়ের স্ফুরিত জগৎ, যদিও
বুকের মাঝে জ্বলে অদৃশ্য
প্রদীপ শাশ্বত।কিসের
সন্ধানে জীবনটা
হতে চায়
অহর্নিশ বেদুইন, ঘুরে বেড়ায় মরু -
প্রান্তর হতে সমুদ্রতীর অন্তহীন।
কোন অলৌকিক আভার
আড়ালে দাঁড়িয়ে
রয় সটান
তার অপ্রতিম ভালবাসা, সমস্ত কিছু
হারাবার পরেও, সে যেন হয়ে
ওঠে ঝিনুকের বুকের
উদ্ভাসিত বিলুপ্ত
অভিলাষা।

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
martha kisling art