বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

ঐহিক জগতের বাহিরে - -


তুমি এখনো ভেসে আছো ঊর্ধ্বতলে,
নির্বাধ ভাবে খেলতে চাও শান্ত
তরঙ্গের সাথে।ওই প্রচণ্ড
আবেগে জানি না
কি যে আছে,
ভুলিয়ে
নিয়ে যেতে চায় সুদূর কোন এক -
প্লাবিত উপকূলে। ক্রমশঃ তুমি
ভেঙে দিতে চাও সমস্ত
ঐহিক জগতের
রেশমী -
বাঁধন, নিঃশর্তে বেঁধে রাখতে চাও
এই জীবন, নিজের নিঃশ্বাসের
সাথে। আমিও কেমন
যেন অতি আগ্রহী,
মিশে যেতে
চাই - -
চিরতরে, তোমার দেহের প্রতি অণু
রন্ধ্রে। প্রেমের উৎকর্ষ কিংবা
অন্ত্য স্পৃহা বলা কঠিন,
কি যে আছে এই
মুহূর্তে
দুই আবেশপূর্ণ দেহের  অন্ত:করণে।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

স্বপ্নের বাহিরে - -

এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে, তবে

এসো, হৃদয়ের দ্বারে কোনো ছায়াপথ নেই,
সুদূর প্রসারিত মৌনাঞ্চলে শুধুই রয়েছে
মৃগ মরীচিকার মেঘ আর তপ্ত
মরুভূমি, নিঃশব্দ শিশির
ঝরে সারা রাত, কিছু
ক্ষণের আলো
এই পথের
কাহিনী,
অনন্তকালের অনুবন্ধের কোনো শপথ নেই,
এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে,
তবে এসো, হৃদয়ের দ্বারে কোনো
ছায়াপথ নেই । অভিলাষের
তালিকা অশেষ, নদীর
বাঁকে জীবন খুঁজে
হারিয়ে যাওয়া
সঞ্জীবনির
বৃক্ষ, যার
গায়ে ঝুলিয়ে রয়েছে কিছু অপূর্ণ  মানতের পাথর,পল্লববিহীন ওই গাছের শাখায়
জড়িয়ে আছে হলদে অমরলতা,
আলোর স্রোতে ভাসিয়ে
যে নিয়ে যেতে পারে
এমন কোনো
মায়াবী
রথ
নেই, এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে, তবে এসো, হৃদয়ের দ্বারে কোনো ছায়াপথ
নেই ।
- - শান্তনু সান্যাল

সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

যথারীতি - -

কিছুই বদলাই নি, ঘড়ির কাঁটা নিজের 

জায়গায় যথারীতি ধেয়ে চলেছে 

পরস্পরের পিছনে, মধ্য -

রাতের মহা উৎসব 

শেষের দিকে,

নিস্তব্ধতা

ভেঙে

তোমার নিঃশ্বাস ছুঁয়ে চলেছে বুকের মরু

ভূমি, কিছু শিশির কণা চোখের পাতায় 

এঁকে চলেছে জোনাকির আলো,

স্মৃতির শূন্য ঘরে আবার 

জ্বলে উঠতে চায়

চকমকি পাথর,

আবার মন

খুঁজে

বেড়ায় হারানো বৃষ্টির দিন, অতীতের সিন্দুক

খুলতে গিয়ে দেখি, অনেক দিনের পাট 

করা ভাবনার পরিধান ছিঁড়ে গেছে

বহু কোণে, কম্পিত আঙ্গুলের

ডগায় রয়েছে কিছু

ডানার ফিকে

দাগ, আর

পুরাতন

বইর

চেনা গন্ধ - -

- - শান্তনু সান্যাল



বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

অন্তহীন সোপানে - -

তার কামনার ওই অন্তহীন সোপানে, 
জানি না কোন ধাপে আছে 
পরিতৃপ্তির চূড়ান্ত 
বিন্দু, তার 
গভীর 
চাহনির মাঝে আমি খুঁজে বেড়াই - -
জীবনের উচ্ছ্বাস, সব কিছুর 
আয়ু, নিয়তির হাতে 
রয়েছে বাঁধা,
তবুও 
মন বারংবার উড়ে যেতে চায় রঙীন 
প্রজাপতির সাথে সুদুর অজানা 
রামধনুর দেশে, জানা 
সত্তেও যে পাতা 
ঝরার 
মৌসুম আছে সমীপবর্তী, তবুও এই -
জীবন ধরে রাখতে চায় 
অদৃশ্য সুরভির 
অনুভূতি, 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
humming_bird_window

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

ভাঙা চশমার ওপারে - -

 বহু খণ্ডিত চশমার কাচের ওপারে

বিন্দু বিন্দু স্বপ্নরা যায় মরে 

তবুও জীবনের বৃক্ষ

যায় না শুকায়ে,

বহু অভিযোগ

অপমান,

অবহেলার দংশ নিয়ে বুকে মানুষকে

বাঁচতে হয়, অনেক কিছুই মনের

বিরুদ্ধে করে যেতে হয়, 

আসলে বিকল্প, 

উপায় বলতে

নিজের

হাতে

কিছুই থাকে না, বহুবার একই কাপড়ে

রিফুর পুনরাবৃত্তি,খুবই সহজে

পালিয়ে যাওয়া যায়,

পলায়নের পরে

আবার ফিরে

আসার

পথ

খুঁজে থাকি আমরা, সবাই'ত আর গেরুয়া রঙ্গে ডুব দিতে পারে না,

দুঃখ সুখের ছাই রঙ মেখে

কবিরদাস আবার তাঁতির 

রূপে বসে থাকে

নব সৃজনের

মোহে।

- - শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

হারানো দিন - -

 

কত বার ফিরে আসি খালি হাতে,

কড়া নাড়ার ভাষা আজও

বুঝতে পারি নি, ভূল

ঠিকানায় পড়ে

থাকে  মনের

ধূসর খাম,

দরজার

মুখে

থেমে রয় এক চিলকে নরম রোদ,

ক্রমশঃ দিন গড়িয়ে যায় সন্ধ্যার

কাছে, জীবনের বৃন্ত হতে

ঝরে যায় দিনের এক

জীর্ণ পাতা, আবার

অন্ধকারে খুঁজে

বেড়াই সেই

ঝরে

যাওয়া পাতার অজ্ঞাত সমাধি ভূমি,

কিছু এলোমেলো শব্দের ফুল

ছড়িয়ে রয় তার গায়ে, সে

এখন চিরনিদ্রায় ভেসে

যায় জীবাশ্ম দেশে,

হয় তো ফিরে

পাবে এক

দিন তার

হারানো

দিনের রূপ রঙ - -

- শান্তনু সান্যাল