শনিবার, ৫ নভেম্বর, ২০১১


 মোহাবিষ্ট অন্তর 

আবছায়া জল রং ছবির মতো ভাসা ভাসা 
সঘন অরণ্য বিথির সীমান্তপ্রদেশে,
সে এখন মহুয়া বনের 
ভোরের উঠন্ত 
ধোঁয়া, 
শার্সির কাচে আবেগের বাষ্প বিন্দু -দ্রবণীয়,
আবেশহীন, ক্লান্ত, চুষিত, উভচর নৈশ - 
প্রাণী যেন আমার বৃষ দেহ, 
বসে আছে গুটিয়ে 
চতুষ্পদ 
আমলকির নীচে আধ ঘুমন্ত, হেলান মাথায়,
নাভি শীর্ষে ঘনীভূত কস্তুরী কণা,
এখন সংজননের পথে, 
ঝরে চলেছে 
মকরন্দ
বিন্দু বিন্দু পলাশবৃন্ত হতে মনের রিক্ত কোষে,
পাকিয়ে চলেছে অস্তিত্ব, নানান 
চাণক্য মান্ত্রিক সুচতুর,
টোপ ফেলার 
রণনীতি,
রেখাচিত্র প্রায় শেষের দিকে, এখন সূর্য্য অলস 
জালক ছড়িয়ে দিয়েছে মদ্যরঙ্গী 
গোলাপী সাঁঝ, এখন আমি 
পরিপূর্ণ ঘাতক জীব,
লুক্কায়িত ছোবল 
নিয়ে আছি 
পথ চেয়ে.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Antonela's Fine Art - painting 


শুক্রবার, ৪ নভেম্বর, ২০১১

আদিম যুগের সেই চাঁদ

চেয়ে ছিলাম চোখে চোখ রেখে কথা বলতে,
যখন সে এসেছে মুখোমুখি, যেন 
লুকোতে চায় নিজের ছায়ার 
আড়ালে নিজেই, টেনে 
আনতে চায় মন 
বহু বার তার 
 আলগা
অনাবিষ্কৃত রূপ, উন্মুক্ত আলাপ হত যদি 
তার আনত আঁখির পল্লব খুলত, 
খিলানের রহস্য, তির্যক 
হাসির রোমাঞ্চ,
সেই কাচের
পারদর্শী 
ছায়া পার করে যেতে চায় হৃদয় বাস্তবিক - 
ধরাতলে, বিংশ শতাব্দীর অনেক 
পিছনে, তাম্র কি লৌহ যুগের
আশেপাশে, নির্বিবাদ 
আখেটক জীবন,
মুখোশ 
বিহীন আরণ্যক ভালবাসা, সাংকেতিক সেই 
চোখের আদি ভাষা, আঙুলিক লিপি,
প্রণয়ের সেই নিশীথ রাতের 
দাবাগ্নি, নিশাচরের 
মাঝে জীবনের 
উত্পত্তি,
দর্শন, ধর্ম বিহীন সেই অমর প্রেমের প্রাপ্তি -
শুধুই চাঁদ জানে সেই রাতের মর্ম, 
আজ ও ভাসে আকাশে নিয়ে 
সেই হারানো রজনীর 
সুরভিত আলো,
অগণ্য 
উদ্ভাসিত হৃদয়ের ছড়ানো অসংখ্য মিলন বিন্দু,

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting - Cincyjim's
 

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১


অতি বেগুনি কিরণ 

প্রাঞ্জল আলোয় এই মুহুর্তে সে খুলে রেখেছে 
অহংকারের পালক, ফাঁপা হাড়, 
মিথ্যার ফিনিক,জাল আলো, 
ছদ্ম ভালবাসা, 
হয় ত সে 
জানে না তৃতীয় নেত্র এখন তীব্র  ক্রিয়াশীল,
সেঁতসেঁতে ভাব, যদি বৃষ্টি হত, আহ -
যত সব উল্টোপাল্টা ভাবনা,
এই মাঝ চৈত্র মাসে বর্ষা !
অসম্ভব, সে ছিঁড়ে 
ফেলেছে 
অন্তিম পাপড়ি, ফুল এখন ঝাড়া মাথা, সুন্দর 
কি কুত্সিত বলা সহজ নয়, চোখের 
নিজস্ব জগত আছে, অন্য দৃষ্টে 
সে উলঙ্গ আবার শিল্পীর  
নয়নে এখন ভেসে 
উঠবে 
অন্তরিক্ষের বিশালতা, সৃজনের হারানো পথ,
সে ছুঁয়ে চলেছে শনৈঃ শনৈঃ, বুক, লোম,
পাঁজর, নাভি, কটিবন্ধ, কিন্তু
গোচর প্রসুপ্ত, শরীর 
শুধুই এখন 
পদার্থ, 
প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রবল শপথের প্রয়োজন, 
ক্ষনিক আবেশের বশিভুতে সে 
এখন খুঁজে চলেছে ঝরা 
পালক, ভালবাসার 
অতিবেগুনী
কিরণ,

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
 contemporary floral-inspired paintings by Robin Street-Morris

বুধবার, ২ নভেম্বর, ২০১১


নিখুঁত প্রেমের দাবি 

মাছরাঙা সাঁঝে সে আবার শুধিয়ে গেল 
সে চায় পরিপূর্ণ, ঠাসা এক আস্ত 
ভালবাসা, সেটা কি সম্ভব, 
ভরাট নদীর কূল, কি 
দিতে পারে 
কোনো
জামিন ! তাই বন্ধ চোখে করে গেলাম - 
তার অধর অঙ্গীকার পত্রে 
দস্তখৎ, তার এই ভাবে 
টানাটানি ঘনিয়ে 
আনে জীবনে 
শিথিলতা,
সে চায় শুধুই মধুমাসের উল্লাস, হাসি -
খেলা, তাই কি সব সময় সম্ভব -
তাই অকৃতিম ভাবে দেহে 
লাগিয়ে এসেছি উদ্ভট -
তীব্র গন্ধ, এই 
গন্ধে নাকি 
তার 
প্রাণে,আবেশের ঝরনা বহে যায়, বাহু -
পাশের, মুক্তির আনন্দ কি যে হয় 
সে জানে না, মন উড়ে চলে
 যেন সিগারের ধুম্র 
বলয়ে র পথে
 ক্রমশঃ 
বিলীনতার অভিমুখে, এই আকাশ পথে 
দেখেছি উদাস যেন বসে আছে 
ছায়াপথের তীরে তথাগত !
হাসছে আপনমনে 
তার এই 
হাসির 
মর্মে কত যে পরিতৃপ্তি বোঝা খুবই কঠিন,
তাই বলি হে জীবন আমায় কর 
গ্রহণ সহজ, নিসর্গ ভাবে,
নিখুঁত ভাবে যেন
প্রাপ্তির দাবি, 
প্রতিশ্রুতি, 
আমি দিতে পারব না, দেবতা হতে পারব না.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by - Andy Simmon



মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১


মন চায় যখন 

ভিজিয়ে গেছে মন, বর্ষণ মুখর, শেষ রাতের 
সেই দমকা মৃদু সমীরণ, তুলে রেখেছি 
জীবনের কিছু ফেকাসে ঝরা ফুল,
তার শপথের আগুন গেছে 
নিভে, দেহের চত্বরে 
রয়েছে কিছু 
ফোসকা, 
স্মৃতি গুলো ঘর পোষা, সব সময়  চায় গা 
ঘেঁষে যেতে, চেয়ে থাকে বেড়াল চোখে, 
জীবন যায় আলতো হাত বুলিয়ে, 
আশকারা দিয়ে চলেছে চাঁদ 
আকাশগঙ্গার সেই 
আলোকিত 
প্রলোভন,
ফেলে যায় সমানে, জোছনার রহস্যময়ী -
ফাঁদ, হৃদয় নামিয়ে রাখতে চায় ছদ্ম 
আবরণ, ফেলতে ইচ্ছুক  সব 
ভাবনা পুরাতন, সাবলীল 
ভাবে খুঁজতে চায় ভিন্ন 
নদীর কিনারা,
অনন্য 
গভীরতা, ভাসন্ত কোনো অভিনব দ্বীপ,
করতে চায় মন নতুন রহস্য -
উদঘাটন, উড়ে যেতে 
চায় প্রজাপতিদের  
আঁকা পথে, 
দূর 
বহু দূর, বর্ষাবনের পিচ্ছিল পথে, রাস্না
ভরা শামিয়ানায়, হারিয়ে যেতে 
চায় জীবন তার দুই 
অনাহূত চোখের
 প্রণয় 
গন্ধে, 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
  PAINTING BY - Julie Gilbert Pollard 


শনিবার, ২৯ অক্টোবর, ২০১১


পুংজাতীয় পুষ্প 

তার স্থিতিমাপে আমার অস্তিত্ব যেন ছিল 
এক দ্যুত খেলা, সে খেলে গেছে 
সহজ ভাবে উঠিয়ে কখনো
সৈকতের ফেনা, আবার 
অনেক সময় ফেলে 
দিয়েছে ভাঙা
শম্বুকের
খোল ভেবে দুঃস্বপ্নের কিছু মর্মস্পর্শী মুহূর্ত,
ওই বিক্ষিপ্ত শ্রাবণের সাঁঝে যখন 
ইন্দ্রধনু মচকিয়ে গেল ভেঙে
রং ছড়িয়ে একাকার,
সেই প্রলোভনীয় 
ক্ষণে, তার
দুর্বোধ্য ভালবাসা করেছে আমায় প্রজ্বলনের 
শিখা, দাহের গভীরতায় খুঁজে পাই 
নি মন নিষ্ক্রমণের পথ, তার 
বহু কুঞ্চিত আবেগের 
গিঁটে ছিল অগ্নি
গহ্বর,
সক্রিয় মায়াবী গ্রন্থী, জীবন্ত আগ্নেয়গিরি,
সেই গহন নিঃশ্বাসে আমি করেছি
আত্মসাত তার প্রগাঢ়
অভিলাষ, বুকের
মাঝে দিয়েছি
আশ্রয়,
হয়ে উঠেছি ক্রমশঃ দ্রবীভূত পূর্ণ পুরুষ,
পাষাণী রুক্ষতা, কালান্তরে হয় 
উঠবে মনে করি এক দিন,
পুংজাতীয় কোনো 
বন্য কুসুম. 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY EDWARD MUNCH 

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

অগ্নিকোণের ভালবাসা

সৃষ্টির সেই খমধ্য বিন্দুর খুব নিকট 
যখন সজল বারিদ যায় ছুঁয়ে 
অন্তর্মন, আমি রাখি 
জ্বলন্ত অধর 
তার 
গলবন্ধ বুকের সন্ধিস্থানে, পরিত্রাণের
আশায়, তাপদগ্ধ ঊষর ভূমি 
ভেসে উঠে বহু লুপ্ত চিড় 
নিয়ে, হটাত 
বসুধার 
দেহে, এমন ক্ষণে মন চায় হয় যেতে 
মুষলধার বৃষ্টি, অবিরাম, 
একরাশ শুধুই ঝরে 
যাওয়া, যেন 
ক্ষিপ্ত 
অভিলাষ, অগ্নিমুখে কৃতিম সরসীর 
সৃজন, আগ্নেয়গিরির অন্তরে 
যাওয়া, ভস্মীকরণের 
আবেশ, সমন্বয়ের 
তীব্র আবেগ, 
হৃদয়ের 
অমত্র্য রূপান্তর, এমন সময় জীবন 
চায় তার অনাবৃত প্রণয়ের 
স্পৃহা, পূর্ণ উজ্জ্বলমুখী 
অর্চির সৌন্দর্য্য,
উন্মুক্ত রুপি 
সমর্পণ,
যেন এক দর্পণের মাঝে অন্য আরশির 
বহুমুখী প্রতিফলন, বিশুদ্ধ মনের 
গন্ধে সিক্ত জীবনের স্বপ্নিল 
পাপড়ি, দেহের গভীরে 
হতে প্রেমের বাহির 
আসা, দিব্য 
আলোর 
উদ্ভাসন - - - 

--- শান্তনু সান্যাল