মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২


শৃঙ্খলিত বিভাব

ঝরে কোথা হতে মিহি আলোর কণিকা,অনুমানের 
বাহিরে সেজে চলেছে আবার ব্যথিত সন্ধ্যা, 
জানি না কে রেখে গেছে ওই বিস্মৃত 
ঢিবির উপরে স্ফুরিত আবেশ, 
ছুঁতে চায় জীবন নিবন্ত 
অঙ্গার, পুনরায় 
জাগে সুপ্ত 
দহন, 
কার ডাকে ফিরে ফিরে চায়, পলাতক বসন্তের 
সজল আঁখি, ঝরতে চায় না কিংশুক
কুসুমের শাখা, ধরে রাখে বুকের  
মাঝে কে যেন ভোরের স্বপ্ন, 
যদিও মৌ মাখা সকাল 
গড়িয়ে গেছে বহু 
দূর ক্লান্ত 
সাঁঝের প্রান্তরে, প্রণয়ী মায়া চাহে না বিভাগ, 
কার শৃঙ্খলে থেমে রয় সময়ের পদক্ষেপ,
অভিমন্ত্রিত যেন দেহের ঊষর
ভূমি কে ছড়িয়ে চলেছে 
অদৃশ্য হাতের মৃগ -
জল, মনের 
দর্পণে
ভেসে উঠতে চায় কার ঐন্দ্রজালিক অপূর্ব 
প্রতিচ্ছায়া - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২


প্রতিশ্রুতির ভিজা পৃষ্ঠ 

ওই যে ফেরারী স্বপ্ন, ঘুরে বেড়ায় পুকুর পারে, 
সবুজ মাঠে, দিয়ে যায় শিস অবিরাম 
উঠোনের ধারে, কাঁচা  ধানের 
গন্ধে ভরে রাখে মনের 
আবছায়া ভোর, 
ধরা দিতে 
চায় না সে যেন উড়ে রয় রেল পথের উপরে, 
পৌঁছিয়ে যায় শাল মহুয়া বনের পরক
প্রান্তে, বসে রয় একাকী শুকনো
নদীর দ্বীপে, চেয়ে রয় 
পাতাঝরার দৃশ্য, 
লিখে রাখে 
বুকের মাঝে বসন্তের স্বরলিপি, খুঁজে বাঁশের 
বনে দহনের ব্যথা, করে শ্রাবণের
উপাসনা আদিম গুহার মুখে, 
সাজিয়ে যায় নিশীথ 
রাত মাকড়সার 
জালে কিছু 
শিশির বিন্দু, সে ফিরে আসে নিয়ে কিছু নতুন 
অনুভূতি, নিরব নিঃশব্দ পায়ে আবার 
রেখে যায় কিছু স্নিগ্ধ চুম্বন নেত্র 
পল্লবের গায়ে, আস্তে আস্তে 
চোখ খোলার সঙ্গে 
শিস যায় দুরে 
হারিয়ে, প্রতিশ্রুতির  ভিজা পৃষ্ঠ উড়তে 
চায় বিহানের মৃদুল বাতাসে - - 

-- শান্তনু সান্যাল

 PAINTING BY THOMAS MORAN 

নায়িকার দর্পণ

বড়ই  সাধের সে মানুষ কাঁধে হাত রেখে নিয়ে
চলে সঙ্গে তার অনেক দূর পর্যন্ত, অশেষ 
পথ, দুই ধারে ঝিমন্ত বনানীর গায়ে
ঝুলে আছে আরোহী জোছনা, 
সেই নীল প্রতিফলনের
আলোয় দেখি সে 
তুলে আনতে 
চায় 
রুপালি বন্য কুসুমের বৃন্ত, কুড়োতে চায় ঝরা 
স্বপ্নের সোনালী পালক,"না যেও না -- "
তাকে হারিয়ে ফেলার ভয়ে, হাত 
টি ধরে রাখি, বারে বারে 
অনুরোধ করি কিন্তু 
সে শুনে না, 
পরিশেষে দেখি সে হাত টি ছাড়িয়ে সহজে চলে 
গেছে আকাশ গঙ্গার অপর মহাকাশে, 
যখন হুঁশ ফিরে আসে, নিদ্রালু 
চোখে দেখি আবছায়া 
পথে ঝরে আছে 
জীর্ণ পাতা, 
ফুলের কোনো হদিস নাই দুরে দুরে, শুধুই 
দিগন্তের বুকে ভেসে চলেছে, উষ্ণ 
সাদা মেঘ, পল্লব বিহীন 
তরু সারি সারি, 
ফাটল ভরা 
ঝিলের 
গর্ভে স্বপ্নের অস্থি পিঞ্জর, নির্জলা প্রতিবিম্ব, 

-- শান্তনু সান্যাল  
 http://sanyalsplanet.blogspot.com/
mirror - painting by  Ida Łotocka

রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২


ফিরে যাওয়া পদধ্বনি 

বারান্দার ওই অলক্ষিত কোণে পড়ন্ত দুপুরে 
ছড়িয়ে থাকে কৃষ্ণ চূড়ার ছায়া, সেই 
পাখিদের আড্ডার মাঝে উঁকি 
দিয়ে যায়ে শীতকালের 
ছোঁয়া, কিছু কাছে 
থাকার গল্প, 
কিছু দুরে যাওয়ার অভিমান, জীবনের 
সেই রেশমি কশিদায় লুকিয়ে রয় 
নানান স্বপ্নের ক্রস সেলাই, 
অদৃশ্য মসৃণ হাতের 
স্পর্শ, যেন 
এই মাত্র কেউ  ঢেকে গেছে কাশ্মিরি শাল, কান 
পেতে রয় মন, বুঝতে চায়  শালিকের 
ভাষা, পাখার  ছটফটানি, হঠাৎ
হারিয়ে যাওয়া মিহি জালের
ছায়া শুধায় গ্রীষ্মের 
সূর্যাস্ত, উড়ে 
চলেছে  সুদুর দিগন্তে  পাখিদের ঝাঁক, পড়ে
রয় উদাস আলোচনা সভার চত্বর, 
চেয়ে থাকে জীবন ঝলসানো 
দিনের হাঁপানি, স্মৃতির 
শাখায় ভরে 
চলেছে কিছু জোছনার আলোকিত কুঁড়ি -
হয় ত বসে থাকবে একাকী স্বপ্ন,
 চেয়ে রবে কিছু পাখিদের 
পায়ের  ছাপ, প্রেমের 
ফিরে যাওয়া 
পদধ্বনি!

-- শান্তনু সান্যাল 
Megan's Bird Painting 




বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২



ক্ষণিক
 সংযুক্তি
সংক্ষিপ্ত রাত ! অনেক কিছু বলার ছিল যদি
শুনতে, জীবনের কিছু নগ্ন পরিদৃশ্য
এখনো ঢাকা আছে সময়ের ঘন 
অন্ধকারে, যদি দেখতে !
জানতাম সে শুধুই 
ভালবাসে -
বহিঃস্থ দেহাংশ, তার পিপাসার গন্তব্য -
কটি প্রদেশের সীমানায় হারিয়ে 
যায় সর্বদা, সে অসময়ের 
বর্ষা, ঝরে যেতে চায় 
পাহাড়ের এক 
কোণে,
বৃষ্টি ছায়ার ভূমি ফেলানো থাকে বুকের 
দহনে, হৃদয়ের ওই মরু ভূমির 
চিত্কার অশ্রুত করে সে 
উড়ে চলে  উন্মুক্ত 
নীল গগনে, 
নির্বন্ধ 
যেন ভেসে যেতে চায় সে সপ্ত আকাশ পারে,
অর্ধ চৈতন্য দেহ পড়ে রয় বসুধার 
উপরে সংজ্ঞাহীন, নির্বস্ত্র !
খুঁজে জীবন প্রেমের 
ক্ষুদ্র কণিকা 
শাশ্বত 
ভালবাসা, চিরস্থায়ী অভিলাষা, অসমাপ্ত
অনুসন্ধান বিনিদ্র করে যায়
সারা রাত - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
rainy-night -photography - by vinoth chandar 

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১২


পুনর্জন্মের কাহিনী 

কি হলো যদি আজ -
নিঃশেষিত দেহে পড়ে আছি মেঝের উপরে,
আমি দেবব্রত নই, তাই সূর্যের ওই 
দিশান্তরের অপেক্ষায় থাকি না, 
অর্জুনের ছদ্ম ভালবাসা 
আমি চাই না, 
রক্ত 
ঝরুক, খসে পড়ুক জীবনের স্বপ্ন প্রাচীর !
আমি আবার উঠে আসব বিহানের 
দ্বারে নিয়ে নতুন পরিবর্তনের 
খবর, অলিন্দের উপরে 
তুমি থাকবে তো,
ধরতে সেই 
কাগজ, 
হয় ত আজ আমি উঠতে পারি না 
তেতলায়, কিন্তু এক দিন 
ঠিক এমন কুয়াশা 
বিহীন ভোরে
আমি 
নিয়ে আসবো টাটকা লাল গোলাপের তোড়া, 
জানিয়ে আসবো অস্তিত্বের অর্থ 
ইচ্ছা মৃত্যুর থেকে বড় 
জীবনের মূল্য,
শায়ক
শয্যার গল্পের বাহিরে  বারংবার বেঁচে উঠার 
বাস্তবতা - - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY -KOLKATA  - BIKASH BHATTACHARJEE 

  

সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২


নিরবতার ভাষা 

নিরবতার নাকি নিজের ভাষা থাকে, মুখ ন 
খুলে যেন চোখ যায় সব কিছু বলে, দূর 
থেকে ভেসে আসে মেঘের গায়ে, 
শ্রাবণের অতৃপ্ত প্রত্যাশা, 
বর্ষণের ব্যাকুলতা
নিয়ে যেন 
সে খুঁজে চলেছে তৃষ্ণার্ত ঊষর ভূমির -
শুন্যতা, জীবনের এই সন্ধিক্ষণে 
জেগে রয় অনেক দিনের 
অনুক্ত মনের দ্বন্দ্ব, 
মখমলে ঢাকা 
হীরক
অঙ্গুরী সম অপরিণত লাজুক অভিলাষা,
খুলে যেতে যায় নিজেই যেন 
উপহারের সেই  সাজানো 
বাক্স, উড়ে যেতে 
চায় দামী 
আতরের গন্ধ, প্রলুব্ধ করে চলে তখন 
নিশুতি রাতের মাতাল সমীরণ,
সরে যায় বাষ্প কণিকা,
ক্রমশঃ আরশির 
গায়ে স্পষ্ট 
ভেসে উঠে, প্রণয়ের আর্দ্র  প্রতিবিম্বে পরিচিত 
চেহারা - - 

-- শান্তনু সান্যাল
diamond_ring_by_cassandra