রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

নিবিড় আবদ্ধ - -

সে যেন অরণ্য বল্লরী, জড়িয়ে যেতে কৌতুকী,
দেহ হতে আত্মচেতনে, নিবিড় আবদ্ধে !
তার অভিলাষের উচ্ছৃঙ্খল উর্মি 
ভেঙ্গে দিতে চায় তীর 
ভূমি, কখনো 
সে এক 
লাজুক মর্মর ভাবনা, আবার অনেক সময়ে - - 
নিঃশব্দ ভাঙনের গৌরব গাথা, নিমিষে 
করে যায় দুই ধারের ভূ ভাগে,
মহা প্রলয়ের পরিণতি !
তার ওই 
ক্রমশঃ রূপান্তরকারী আচরণের মাঝে, জীবন 
খুঁজে স্থির ভালবাসা, সেই স্থিরতায় 
হৃদয় চায় অনন্তকালীন 
প্রেমের চুক্তি !
বিশুদ্ধ 
ভাবনার রেশমে বোনা, দেদীপ্যমান প্রণয়ের - -
শামিয়ানা !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
leaf poetry

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

ভেজা মুহুর্তগুলি - -

কখনো, কোনো এক দিন, ক্লান্ত একাকী, ফেকাশে 
সন্ধ্যার মুখে, যদি  নিশি গন্ধার মৌসুম 
যায় ফুরিয়ে, বৃষ্টি থেমে রয় 
যদি ঈশান কোণে !
মুখ ভার করে,
মন খারাপ কর না যেন, অলিন্দের কোনো এক 
আঁধার কোণায়, ঘুপচি মেরে হয় ত 
বসে রবে আমার কবিতার 
পুরাতন গন্ধ, ওই 
সেঁতসেঁতে -
অনুভূতির মাঝে কোথায় যেন এক টাটকা - - -
বাতাসের আভাস ছুঁয়ে যাবে তোমাকে,
টের পাবে নিশ্চই, সজলতা ঘিরে 
আসবে ধীরে ধীরে, দেহ ও 
প্রাণে, তখন হয় ত 
তুমি খুলবে 
স্মৃতির সিন্দুক, উলট পালট করে খুঁজবে, হারানো 
ভেজা মুহুর্তগুলি - - 
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
a glance 

বিলুপ্ত দ্বি -পথিক - -

নিঃশ্বাস বিনিময়ের অদৃশ্য লেখচিত্র ছাড়া, ওই মুহুর্তে 
কিছুই ছিল না আমাদের মাঝখানে, আলো -
আঁধার মিশ্রিত, এক ধুসর পরিবেশ,
বালু ঝড়ের মাঝে যেন সুদুর 
মরুদ্যানে হারিয়ে যাচ্ছে 
তখন সব কিছু, 
পৃথিবী 
আকাশ, সমুদ্র পাহাড় ! পারস্পরিক সন্ধানের ওই ক্ষণে 
খুঁজে পেয়েছি, নিজেদের কে পরস্পরের অনেক 
ভিতরে, অনেক গভীরে, সেখান থেকে 
আর ফিরে আসা ছিল না সম্ভব,
তাই দূর হতে জানিয়ে 
গেলাম বিদায় !
হে ! প্রিয় 
বসুন্ধরা, আর ডেকো না, আমরা আর কোনো দিনই -
ফিরব না, এখান থেকে মহৎ প্রয়াণের পালা,
অনন্ত পথের যাত্রী আমরা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Hall of the Dragon Mist. Matte Painting by Tiberius Viris.

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

সত্যের নগ্নতা !

এত  কাছে আসার পরেও যদি  সে রয়ে যায় 
অপরিচিত ! প্রাণ ভরে ভালবাসার 
পরেও সে যদি পিপাসিত 
পাহাড়ি নদী, সব 
কিছু নিঃশেষ 
করার 
পরে ও সে যদি এখনো বর্ষার জন্য প্রতীক্ষিত,
অজানা জ্যামিতির মাঝে গড়ানো, তার 
প্রণয়ের ত্রিকোণে, জীবন খুঁজে - -
রহস্য বিন্দু, আবেশিত 
রেখার মিলন 
স্থল !
যতই গভীরে যাই, দেখি আসক্তির কুয়াশা -
আর কমে না, ক্রমশঃ ঘনিয়ে যায় 
প্রতিটি ধাপে, টেনে নিয়ে 
যেতে চায় বহু দূরে 
অপ্রত্যাশিত 
ভাবে,
সে যেন নিশুতি রাতের মায়াবী নিশি ডাক !
ডেকে যায় চোখের আলোর দ্বারা,
অদৃশ্য দেহে, নিয়ে যেতে 
চায় সুদুর জনশূন্য 
প্রান্তরে, খুব 
সম্ভব 
দেখতে চায় অন্তরতমের আবরণ বিহীন রূপ,
সত্যের নগ্নতা !
* * 
- শান্তনু সান্যাল 

source unknown 1

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

পরিতৃপ্তি - -

না - -  বেঁধ না, নয়ন পিঞ্জরে চিরস্থায়ী ভাবে !
আমি আজন্ম বিমুক্ত পাখি, কোনো 
রকমেই বন্দিশালার শিকলে 
আটকিয়ে থাকব না !
আমার যাত্রা 
অন্তহীন,
ঠিকানা বিহীন, তোমার আসক্তি দেহ যাবৎ - 
দেহের বাইরের অদৃশ্য জগত চেনা 
খুবই জটিল, রক্ত মাংসের 
কাঠামোর মাঝে 
তুমি খুঁজ 
আনন্দ অশেষ, আমার বাসনা আকাশ পারের 
সৌন্দর্য্য বিশেষ, একটানা সুদূরের উড়ান,
সহজ কোথায়, অম্বর ও পৃথিবীর 
বাস্তবে পুনর্মিলন, তোমার 
আধিপত্য শুধুই 
শরীরের 
অঙ্গ প্রতি অঙ্গে, আমার পরিতৃপ্তি স্পন্দনের 
সমাগমে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
julie gilbert pollard-artwork big

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

অ-সংজ্ঞায়িত - -

রাতের বুকে থাক কিছু অপ্রকাশিত অন্তরঙ্গতা, -
তোমার চোখের গহিনে কিছু লুকানো 
পরিতৃপ্ত নীহার কণিকা, এই 
রহস্যের সৌন্দর্য্যে আছে 
জীবনের পূর্ণতা,
ঢেকে থাক 
চিরদিন কুয়াশার যবনিকায়, ওই মুহুর্তের মাঝে 
ছিল অশেষ পরিতোষ, দেহ ও প্রাণ গেছে 
ভরে প্রণয় সুধা, এখন জীবন যেন 
মৃত্যুঞ্জয়, প্রস্তুত সব হলাহল 
পানের জন্য, জন্ম 
মৃত্যুর ধাঁধার
বাহিরে 
তোমার প্রেমে, অস্তিত্ব গেছে বিলীন হয়ে - - - - 
একাকার, খনি হতে সুবর্ণের নির্মাণ !
উজ্জ্বলতা চিরস্থায়ী !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
blue moon night