মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

বহু পুরাতন খোলস - -

কোনো এক শীতকালের ভাসমান অন্ধকারে,
যখন সূর্য প্রায় অর্ধ নিম্মজনের পথে,
তার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া,
জাগিয়ে ছিল বুকে, এক
অদ্ভুত স্বপ্নময়
উৎকন্ঠা, তার অস্পষ্ট চোখের তীরে খুঁজে -
পেয়ে ছিল এ জীবন, কিছু সরু গলির
হদিস, কিছু জোনাকিদের ঘোপ,
আর একে অপরের মধ্যে
নিখোঁজ হওয়ার
চোরাগলি,
কত দূর সে হাত ধরে হেঁটে ছিল, কত দূর
যে ছিল শূন্যে হাতড়ানো, বলা কঠিন,
কিছু দূর অব্দি, নিঃসন্দেহ ছিল
বুকের উপরে উরোগামী
আভাস ! আর সারা
দেহে অদৃশ্য
কম্পন,
যখন সন্ধ্যার আঁধার গড়িয়ে হলো গভীর
রাত্রি, তখন দেখি স্পৃহা হটাৎ উড়ন্ত
সরীসৃপ, উড়ে চলেছে আকাশ
পথে অনিয়ন্ত্রিত রূপে,
পৃথিবীর গায়ে
পড়ে আছে
বহু পুরাতন খোলস এলোমেলোভাবে, আর
চার দিকে এক অন্তহীন নীরবতা !

* *
- শান্তনু সান্যাল

  


http://sanyalsplanet.blogspot.in/
Still Life with Pink Rose by Jacqueline Gnott

সোমবার, ২৬ জুন, ২০২৩

অসমাপ্ত শূন্যতা - -

সজল নয়নে সে রেখে গেছে কিছু শেষ
প্রহরের অপরিভাষিত মৌন কথা,
কিছু সিক্ত অনুরাগের মর্ম
ব্যথা। সেই নিশান্তের
পরে আজও আমি
খুঁজে বেড়াই
কাঁচা
হলুদরঙ্গী বিহান। আজও মনে হয়ে সে
চেয়ে ছিল শুধুই, হারানো শৈশবের
কোনো এক মুহুর্তের খণ্ডিত
খুশির কণা, উড়ন্ত
কোনো গঙ্গা
ফড়িঙ্গের
কাচিক ডানা। জানি না কেনো, আর
সে ফিরি নি পুকুর পারে কোনো
দিন, ধীরে ধীরে ওই কচুরী -
পানার জগৎ গেছে
হারিয়ে, আর
গড়ে
উঠেছে জলাভূমির মাঝখানে বিরাট 
এক কংক্রিটের আবাসন, আজও
জীবন খুঁজে বেড়ায় এক
ফোঁটা শিশির কণা।
অবশ্যই সেই
সন্ধানটি
রয়ে যায় যথারীতি কালো কুয়াশার -
মাঝে কোথায় যেন নিরুদ্দেশ !
কিংবা আর আকাশের
বুকে জমে না
তুষার,
সব কিছুই মনে হয় যেন ক্রমশঃ খুব
ফাঁপা, এক অসমাপ্ত শূন্যতা - -
* *
- শান্তনু সান্যাল

রবিবার, ২৫ জুন, ২০২৩

নিখোঁজ নাবিকের আশায়

কাচিক মন নিয়ে দাঁড়িয়ে ছিলাম অনেক ক্ষণ,
যখন ভাঙলো তীরের মাটির স্তর, তখন 
দেখি নৌকো সরে গেছে বহু দূরে, 
মেঘেরা ছিল পরকীয় দেশী, 
কিছু সময় ছিল স্থির 
আকাশে, জাগিয়ে 
গেল অতৃপ্ত 
বাড়তি
তৃষা,
পারদর্শী পালকে লেখা ছিল মৌসুমের গান !
প্রবাসী প্রজাপতির ঝাঁক গেছে উড়ে,
উদাসীন উপবনে এখন পাতা 
ঝরার দিন, কুঞ্চিত নদীর 
বুকে পাষাণের স্তুপ,
জীবনের এই 
প্রান্তে 
রাত দীর্ঘ, আলগা, অগীত, তটহারা সংকীর্ণ 
প্রবাহ, তবু ও মনের ভাবনা মরতে 
চায় না, চেয়ে রয় তপ্ত গগনের 
পানে, করে বর্ষার আহ্বান
গাহে নিরদের মল্হার 
গান, জ্বালিয়ে 
রাখে  
আকাশের দীপমালা, সময়ের উধাত্ত বহিত্র,যদি 
ফিরে আসে এক দিন - - - 

-- শান্তনু সান্যাল
Storm ravaged ship Painting by Vladimir Bibikov 
  

শনিবার, ২৪ জুন, ২০২৩

শেষ মুহূর্তে - -

সুদুর ভূমধ্য সাগর হতে, সিন্ধু নদীর
তীর পর্যন্ত, তার বিজয় পতাকার
ছিল আলোড়ন, তবুও ওই
বিশ্ববিজেতা ছিল
নিজের চোখে
খুবই
নিরুপায়, সহজ নয় মানুষের হৃদয়ে
একছত্র রাজ করা, গায়ের জোরে
ভূ ভাগের দখল খুবই সরল,
নিয়তির আগে সমস্ত
আকলন ছিল
বৃথা !
শেষ মুহূর্তে কিছুই কাজে লাগে না - -
ওই সুবর্ণ মুকুট তখন অর্থহীন,
কাঞ্চন দেহের প্রয়োজন
শুধুই এক ভুমিগৃহ,
খোলা পিঞ্জর
চেয়ে
রয় নির্বাক ভাবে, ইতিহাসের উড়ন্ত
কিছু বিছিন্ন পাতা, কালান্তরে
ভুলে যায় মানুষ ক্রমশঃ
তাদের গৌরব
গাথা !

* *
-  শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
Claudio Perina paintings 1

শুক্রবার, ২৩ জুন, ২০২৩

ফিরে আসা - -

সব কিছুই ছিল নিজের জায়গায়
সচরাচর, ঘাটের চাতালে
কিছু শালিকের ঝাঁক
আর উদাস
চোখের
অপরিচিত অর্ধ উলঙ্গ শিশু। ওই
বিশাল নদীর ভাঙনে থেমে
ছিল কোথায় যেন সেই
অপ্রবাহিত প্রেম।
যখন ফিরে
এলো
দিনের শেষ খেয়া, কে যেন ডাক
দিল নদীর ওপার হতে, যে
সূর্য গেছে ডুবে অনেক
ক্ষণ আগে, এখন
তোমার
ফেরার পালা, আর মিছে পথ -
চাওয়ার কোনো মানে নেই,
নদীর হাতে কিছুই
নেই, সময়ের
বন্যা
খুবই একগুঁয়ে, ভেঙ্গে গড়ে যায়
নিজের ইচ্ছায়। আর তুমি
কি ফিরে পাবে ওই
কবলিত এক
ফালি
হরিৎ প্রদেশ। প্লাবিত প্রান্তর করে
যায় অবিরল মৌন অট্টহাস।
* *
- শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

পরবর্তী স্টপ - -

সবাই একই পথের যাত্রী, কে কখন কোথায়
যে হারাবে কুয়াশার দেশে, বলা কঠিন,
অনেক কিছুর পাওয়ার আশায় অনেক
কিছুই যায় হারায়ে, তবুও
অভিলাষের তালিকা
অন্তহীন, যদি
কোনো
এক দিন বিস্মৃত মরুদ্যানের তীরে দেখা হয়
হটাৎ, তাহলে বলবো, তোমায় মরীচিকার
নীরব কাহিনী, অনেক কিছুই জীবনে
রয়ে যায় অনুচ্চারিত, বুকের
গভীরে চিরস্থায়ী বিলীন,
কিন্তু থামে না ঋতু
চক্র, থামে না
কেউ
কারোর জন্য, আকাশের গায়ে যথারীতি - -
ভরে উঠে চন্দ্র তারার সম্মেলন, আর
পৃথিবীর বুকে জেগে থাকে চাপা
সুপ্ত দহন, আর মানুষের
চিরকালীন ঘাত -
প্রতিঘাতের
মাঝে
জীবন খুঁজে বেড়ায় উজানের পথ, শূন্য
দিগন্তে ভেসে উঠে ডুবন্ত চাঁদের
কিছু ভাঙা ভাঙা প্রতিফলন,
চেয়ে রয় অরণ্য কুসুম
আকাশের পানে,
অন্তর্তমের
কাহিনী
নিজের ছাড়া কেউ কি জানে ? আবার
সেই পরিচিত পুনরাবৃত্তি - - সরু -
পথ, সুড়ঙ্গ, সিঁড়ির ধাপ,
মেট্রো ট্রেন, জন -
অরণ্যের
মাঝে
নিজের সন্ধান। তুমি কিংবা আমি বলে
কিছুই নেই সবাই সহযাত্রী, কত
দূরের সঙ্গী, এটাই বোঝা
মুশকিল - -

* *
- শান্তনু সান্যাল



 

মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

পূর্ব পরিকল্পিত কিংবা - -

অভিলাষের সিদ্ধি ছিল, হয়'ত প্রচ্ছন্ন 
রূপে বুকের গভীরে, অথবা 
সব কিছুই ছিল পূর্ব 
পরিকল্পিত 
চক্রান্ত !
বলা মুশকিল এই মুহূর্তে, এখন - - - 
স্পন্দনের ঢেউ ফেরার 
পথে, নিঃশ্বাসের 
সমীকরণ 
শুন্য মুখী, বহে গেছে বহু দূর সজল 
সমীরণ, প্রবল বর্ষা সুনিশ্চিত, 
অশনি উৎসের সন্ধান 
পাওয়া এই লহমায় 
বড়ই কঠিন,
আবছা 
দিগন্ত, পৃথিবী ও আকাশের পার্থক্য 
অর্থহীন, অপ্রত্যাশিত সব 
কিছু যেন একাকার,
যা ঘটার ছিল 
সে গেছে 
ঘটে, অনাহূত প্লাবনে ভেঙ্গে গেছে 
জীবনের তটভূমি, এখন 
চার দিকে শুধুই 
ক্লেদিত 
অনুভূতি, ঝুলন্ত বট বৃক্ষের শিকড়ে 
জোনাকির ঝাঁক আর 
গভীরে নিহিত 
প্রণয়ের 
উপত্যকার অন্তহীন জলরাশি - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist Julie Gilbert Pollard