রবিবার, ২১ মে, ২০২৩

সজল কবিতা - -

আলো - আঁধারের মাঝখানে ঝুলে রয়
নিয়তির এক সরু সীমারেখা,
অনেকটাই অদৃশ্য।ঠিক
মধ্যরাতের কিছু
ক্ষণ আগে
যখন
শিশির ঝরার শব্দ, হয়ে ওঠে মুখরিত,
আর নিশি পুষ্পের গন্ধে ভরে যায়
অন্তর্তমের গভীরতা, তখন
তোমার প্রেম করে
যেতে চায়
সমস্ত
ব্যতিক্রম পার।ওই সন্ধিক্ষণে জীবন -
হয় ওঠে যেন এক অলৌকিক
অনুভূতির আকাশগঙ্গা,
বহে যায় অন্তহীন
আলোর পথে,
আকাশ
অকস্মাৎ গুটিয়ে চলেছে নিজেকে নিজের
মাঝে।ওই বিরল মুহূর্তে, নারী ও
পুরুষের সংজ্ঞা মনে হয়
খুবই অর্থহীন, সে
এক গভীর
অন্তর -
মিলনের প্রহর, লিখে যায় ফুলের গায়ে - -
বিন্দু বিন্দু সজল কবিতা।

* *
- শান্তনু সান্যাল


শনিবার, ২০ মে, ২০২৩

বিলুপ্ত তারকের পথ

হয় ত আকাশের ছিল কিছু নিজস্ব বাধ্য
বাধকতা, তারক গুলো ভেঙে
ছড়িয়ে রইল, বসুধার
ছিল আপন অগ্নি -
রেখা, ইচ্ছা
থাকা
সত্ত্বেও বুকে জড়াতে পারি নি সে
অপসৃত আলোর স্রোত, প্রতি
নিঃশ্বাসে ছিল অদৃশ্য
প্রেম, প্রতি ধাপে 
বেঁচে থাকার
অদম্য
প্রত্যাশা, জানি না কেন নিষ্ফল
রইল আত্মীয়তার কলা,
প্রত্যেক কথায় সে
বলে ভগবানের
ইচ্ছে, কিন্তু
সেই
অদৃশ্য শক্তি বলেছে কি তোমার
সঙ্গে দেখা করি যেন
মসজিদের ছায়ায়
দেউলের ওই
সোপানে,
প্রখর রোদে, হিমানী রাতে, আলো
আঁধারে, দেখা হল তোমার
সাথে বহুবার, তুমি চিনে
ও চিনতে চাও নি,
জিজ্ঞেস করেছ
রক্তের বর্ণ,
শুদ্ধ কি
অশুদ্ধ,
তোমার উজবুক প্রশ্নে আমি শুধুই 
হেসে যাই চিরদিন, উত্তর না
দিয়ে হেঁটে যাই পূর্ব মুখী 
রহস্যময়ী সেই প্রান্তরে,
সমাধিভূমি হইতে
ব্রহ্মলীন জগত,
এখানে কিছুই 
প্রমাণ ও
দলিলের কোনো দরকার নাই,বসে
থাকতে ইচ্ছে করে, এই বিজন
অচল সীমান্তে, একাকী
পরিপূর্ণ শান্তি,
জীবন
যেন খুঁজে এখানে তারকের বিলুপ্তির
কারণ ! হারানো আত্মাদের
আশ্রয়স্থল, ভালবাসার
চিরস্থায়ী গর্ভগৃহ,
নিরাকার
অনন্ত
অখণ্ড জ্যোতির মহা উদ্ভাসিত উর্মিমালা.

-- শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

পুনর্প্রাপ্তির পথে - -

থেমে আছে যেন শূন্যে, কুহেলীর রহস্যময় 
নদী, দুই ভাসন্ত পাহাড়ের  মাঝখানে,
ওই রোমাঞ্চিত জগতে, প্রায়ই
মন খুঁজে, তোমার 
প্রেমের 
গভীরতা, বহুবার দেখেছি তোমায় ওই - -
মিহি মেঘের গুড়োর সাথে, উড়ে 
চলেছো জানি না কোথায়,
সারা দেহে জড়িয়ে 
প্রথম বর্ষার 
অনুভূতি,
এক বিচিত্র নীরবতার মাঝে, অনেক বার -
তুমি যেন জমাট ভাবনার পরত,
অদ্ভুত চাহনির সঙ্গে, চেয়ে 
আছো আমার বক্ষের 
অভিতপ্ত ভূমি, 
হদয়ের 
ঊষর অঞ্চল সহসা আশান্বিত, উর্বরতার - 
স্বপ্ন নিয়ে বুকে, জেগে রয় সারা রাত,
ওই বিনিদ্র মুহূর্তে, আমি ভুলে 
যেতে চাই জীবনের 
সমস্ত বিফলতা, 
অতীতের
জানা অজানা সমস্ত দংশন, বিষাক্ত স্মৃতি -
হতে পুরোপুরি মুক্তি - - 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
misty valley

বুধবার, ১৭ মে, ২০২৩

দিগন্তের পথে - -

সমস্ত জমাখরচ যথারীতি রইলো
ফেলানো উপকুলের গায়ে,
ওই জীবন নদীটি
অবশেষে
ডুব
দিলো সাগরের বক্ষঃস্থলে। সবাই
বহে যায় সময়ের প্রবাহে,
সবাই হারায় একদিন
অতীতের পৃষ্ঠে
ক্রমশঃ
হয়ে ওঠে পলিমাটির স্তর। করে
যায় তটভূমির মৌন বন্দনা,
আসলে সৃষ্টির আছে
নিজস্ব বিধান,
যেখানে
কৃত্রিম যুক্তি চলে না, চাইলেও
ফের বদল করা মুশকিল।
জীবনের কাফেলা
এগিয়ে যায়
দিগন্তের
পথে অনবরত, তারা খচিত ওই
আকাশের ভবিষ্যদ্বাণী তখন
কোনো কাজে লাগে না।
সকালের গায়ে লেখা
থাকে নিশান্তের
কাহিনী।

* *
- শান্তনু সান্যাল 

সোমবার, ১৫ মে, ২০২৩

অনন্তকালীন সন্ধান - -

জীবনের যে মুহূর্তে, নিঃশ্বাস যাবে হারিয়ে 
দেহের জগৎ পড়ে রইবে শূন্যতার
মাঝে, সে দিন কী রবে সেই 
আসক্তির সান্দ্রতা 
তোমার হৃদয়ে, 
চিরকালের
জন্যে,
প্রেম কী ক্ষণিক সম্মোহন শুধুই চোখের 
ছলনা, যখন কিছুই চিরস্থায়ী নেই 
তখন কিসের অহংকার ও 
কিসের জয়লাভ !
সব কিছু 
বহে 
যাবে সময়ের তীব্র প্রবাহে, না তুমি রবে 
তুমি, না আমার অস্তিত্ব অন্তহীন,
শুধুই কুয়াশাচ্ছন্ন ভরা 
পথে হেঁটে যাওয়া,
অজ্ঞাত 
গন্তব্যে হারিয়ে যাওয়া, ক্রমশঃ অদৃশ্য -
ঠিকানার পথে অনন্তকালীন সন্ধানের যাত্রা !
* * 
- শান্তনু সান্যাল 

অতীতের রঙীন স্মৃতি - -

আর কত দূর, যে নিয়ে যেতে চাও-
তুমি, এই নীরব রাতের শেষ -
প্রহরে, একের পর এক
গেছে ঝরে, নিশি
পুষ্পের
লাজুক গন্ধ ভরা পাপড়ি, সুদুর - -
মহুয়া বনে থেমে গেছে
মধ্য রাতের ওই
নিরীহ
হরিণের স্নায়বিক ডাক, চিরকালের
জাল - জালিকের খেলা, এক
জনের মৃত্যু অপরের
জন্য জীবন !
নিসর্গের
নিয়ম খুবই জটিল, ওই নিগূঢ় অরণ্য
পথের আছে সবাই যাত্রী, জানা
সত্ত্বেও যে প্রত্যেক জিনিসের
আছে এক দিন, অন্ত
অবশ্যম্ভাবী,
তবুও জীবন ধরে রাখতে চায়, কিছু -
অতীতের রঙীন স্মৃতি, কিছু
মিথ্যে আত্মীয়তার এক
সাময়িক প্রলেপ,
অথবা তার
তথাকথিত শাশ্বত অঙ্গীকার অবশ্যই
কিছুই নেই এই জগতে অটুট,
শুধুই এক  সুন্দর আত্ম
প্রবঞ্চনা, তবুও
সাজিয়ে
রাখতে ক্ষতি কি, হৃদয়ের ফুলদানী - -

* *
- শান্তনু সান্যাল

 http://sanyalsplanet.blogspot.in/

painting by artist Qiang Huang 1

রবিবার, ১৪ মে, ২০২৩

সকালের আলো - -

যার সন্ধানে সারাটা জীবন গেল বৃথা,

সেই হারানো পরশ পাথর ছিল 
উঠোনের বুকে ফেলানো, 
যার উত্স খুঁজতে 
গিয়ে ফুরালো 
মধুরাত,
ওই জোছনা ছিল হৃদয়ের মাঝে অদৃষ্ট,
কাছে থাকলে মনের মানুষের মূল্য 
শুধুই মাটি, যখন যায় ভেঙে 
বাস্তব প্রেমের পুতুল, 
তখন হৃদয় 
বোঝে 
আসল আর নকলের পার্থক্য, কিন্তু - -
আর ফিরে আসে না, জীবন -
যাত্রায়, পথে হারানো 
পান্থশালা, ঠিক 
সকালের 
মুখে আকাশ গুটিয়ে ফেলে আলোকিত 
শামিয়ানা, রজনীগন্ধার বুকে 
জমে থাকে অবিকশিত 
গন্ধ কোষ, এক 
অন্তহীন 
অভিলাষের সাথে জীবন দাঁড়িয়ে রয় 
একাকী আধ খোলা জানালার
ধারে, চেয়ে রয় যথারীতি 
দিগন্ত রেখার উপরে 
ঝাপসা সকালের 
আলো - - 

* * 
- শান্তনু সান্যাল