শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২

অবুঝ প্রহেলিকা

ফিরে যেতে হয় এক দিন মৌন, ইচ্ছা অনিচ্ছার 
প্রশ্ন রয় যায় বুকের ভিতরে, অদৃশ্য মায়ার 
ডোর ! খুবই কাঁচা হালকা টানে, যায় 
সহজে ছিঁড়ে, তাকে নিয়ে কত
কিছু ভাঙ্গা গড়া, শীশ -
মহলের ছড়ানো 
রূপকথা,
চালাঘর হতে বিস্তৃত শ্বেত পাথরের প্রাসাদ, যখন -
ডাক পড়ে, সব কিছু,যা যেখানে, যেমন আছে, 
নিমেষে ফেলে চলে যেতে হয়, একাকী -
সুদুর আবছা পথে, সেই অন্তহীন 
যাত্রার ছায়াময় সহযাত্রী 
বলতে কিছুই নাই, 
শুধু স্মৃতির 
পৃষ্ঠে অঙ্কিত কিছু অপ্রকাশিত নিঃস্বার্থ ভাবনা, 
কিছু ধুলিমলিন পবিত্র ভালবাসা, জীবনের 
কিছু পরোপকারী মুহূর্ত, জোনাকির 
রূপে ভেসে রয় মহাশুন্যে !
ক্রমশঃ পৃথিবী তখন 
ইতিহাসের 
অবুঝ 
প্রহেলিকা, বহুদূর যায় হারিয়ে - - - - - - - - - - 

- শান্তনু সান্যাল 
paintings by Osnat 

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

উপকুলের ঠিকানা - -

নিভৃত শেষ প্রহরে, জেগে উঠে মনের প্রতিচ্ছায়া !
আসুরিক আয়নার মাঝে তখন জীবন করে
ছটপট, আসক্তির কস্তুরী ঝরে বিন্দু 
বিন্দু, অতিরিক্ত পিপাসা ঘনিয়ে 
আনে তার প্রণয়ের ঝঞ্ঝা, 
প্লাবিত দেহ ও প্রাণে 
অগোচর শক্তির 
সঞ্চার,  
অর্ধেক নিমগ্ন তরণী যেন খুঁজে উপকুলের ঠিকানা, 
সাধু অসাধুর ভেদাভেদ নিমেষে যায় হারায়ে,
ওই প্রকৃত সত্যের মাঝে লুকিয়ে রয় 
সৃষ্টির সৃজন, মাটির নিচে বীজ -
কণার উত্সর্জন, প্রথম 
কিরণের অপেক্ষা !
নব পল্লবের 
বাসনা,
জড়িয়ে বিশাল বৃক্ষ, আকাশমুখী উঠে যাওয়া, -
জলা ভূমি পেরিয়ে সুদুর বনানীর পথে 
পাড়ি দেওয়া, উন্মুক্ত পৃথিবীর  
আবরণ বিহীন শরীরে, 
যেন অন্তরীক্ষের 
শুন্যে !
নিরন্তর ভেসে যাওয়া, অবাক নীহারিকার আলো,
ঝিমন্ত আকাশগঙ্গা, পিঙ্গলবরণী চাঁদের 
ক্রমশঃ বিলুপ্তিকরণ, অধর তীরে 
সঘন মেঘের নেমে আসা, 
বৃষ্টির অনিবার
রূপে বর্ষণ, 
স্বপ্নময় 
কিন্তু বাস্তবিক উপত্যকায়, বহু ক্ষুদ্র  জল স্রোতের 
অকস্মাত অধিজনন, কলকল ধ্বনির সাথে 
নিম্নাঞ্চলে একরাশ বহে যাওয়া - - - 

- শান্তনু সান্যাল
Painting by Ivan Konstantinovich.jpg








বুধবার, ২২ আগস্ট, ২০১২

অক্ষধুরা


যেথা চন্দ্র সূর্য্য, না আকাশগঙ্গা, নিঃসীম আঁধার !
অনুধাবিত অসংকৃৎ আহ্বান, না ছায়া না 
কোনো মায়া, অন্তবিহীন ওই পথের 
উন্মন্থন করে আপন মনের 
খেলা, না বন্ধু, নাহি 
আত্মীয় স্বজন,
একাকী 
অদৃশ্য দেহভৃৎ, অনবরত বিস্মৃত আলোর সন্ধান !
না দেবালয়, নাহি ঋত্বিকের মন্ত্রোচ্চার, ওই 
পন্থে সমস্ত মোহের অবসান, যেন কর -
তলের জোনাকি পেয়েছে মহা -
অভয়দান, মুক্ত সর্ব 
বন্ধন, নাহি
যেথা 
প্রণয় ও ক্রন্দন, আবরণ বিহীন পাখি তবু উড়ে 
যায় অচিন দিগন্তে, ফিরে আসে সমস্ত জ্ঞাত 
অজ্ঞাত অনুরণন, চারদিকে অসমাপ্ত 
নীরবতা, জন্ম মৃত্যুর মহাচক্রে 
দোলায়মান বর্তমান,অতীত,
ভবিষ্যত, নিয়তির
হাতের দড়ি 
খুবই জটিল, সন্ধি বিগ্রহের অজানা দৈবক্রমের 
ভাষা বোঝে না, যেন সর্বদা সে ঘুর্ণিত 
নিজের অক্ষধুরায় একটানা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

mystic moon - courtesy Jackie rose 

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২

মাস্তুল স্পর্শে - - -


আকুলতার মর্মে ছিল জানি না কি যে চুম্বকীয় 
আকর্ষণ, খালি পায়ে যেন হেঁটে গেছে 
নির্বস্ত্র জীবন গায়ে আঁধার ঢেকে, 
একাকী বহু দূর রক্ত ঝরিত
পদক্ষেপে, অনেক বার 
বুঝিয়ে ছিল 
দর্পণ,
ওই সঙ্কীর্ণ, প্রতিফলনের আলোয় আছে শুধুই 
মায়াবী জগত, এমন একটা সুড়ঙ্গ যার 
প্রবেশদ্বারে অঙ্কিত, আগমের তীর -
সংকেত আছে বিদ্যমান, কিন্তু 
প্রস্থানের গুপ্ত পথ উধাত্ত !
দুই মেরু বিন্দুর 
মাঝখানে 
অনন্তকালের কুয়াশাচ্ছন্ন, আবছা প্রাচীন -
সেতু বুকে নিয়ে স্বপ্নের দুনিয়া, যেন 
আছে সৃষ্টির উদ্গমের মুখে 
যথারীতি, ঝুলন্ত 
ভাবে !
তার প্রনয় প্রবাহে ভেসে গেছে হৃদয়, কোনো 
কিছু চিন্তা না করে, বহু ত্রিশুলমুখী 
স্ফটিক শিলার উপরে 
সংজ্ঞাহীন দেহে, 
সুদুর পৃথিবী
আকাশ
শুন্যের অপর পারে, যেন ভূগর্ভস্থ জল ধারা 
বহে যায় এক রাশ অজানা উজানের 
পথে, যখন নির্গলিত দেহ ও প্রাণ  
পৌঁছল মহাসাগরের তীরে !
দেখি নোঙ্গর বিহীন 
নৌকা দুলে বলে 
ওই যে -
কিসের দ্বিধা, ছুঁয়ে যাও একবার অন্তর্মনের 
মাস্তুল, হয় ত ত্রাণ পাবে আমার 
সিক্ত বুকে - - - 

- শান্তনু সান্যাল 
alone boat - no idea about painter 
http://sanyalsplanet.blogspot.in/





সোমবার, ২০ আগস্ট, ২০১২

ধর্ম বিহীন বিচার - -


যাদের কাছে জীবনের মূল্য ধর্ম ভিত্তিক, ওই 
সব মুখোশ পরা মানুষের মাঝে করুণা,
ভাতৃত্ব বলে কিছু নাই, নিজের 
অস্তিত্বের জন্য তারা যা 
কিছু ও করে যেতে 
পারে, ওই 
মহোত্সবের আড়ালে ক্রন্দনময় মানুষের -
ভিড়ের কথা কি মনে পড়ে, উধ্বস্ত
গ্রামের গোঙানির শব্দে তারা 
গড়তে চায়, নিজ নির্মিত
সংবিধান, অদৃশ্য 
সত্তার নামে 
নিজের সাম্রাজ্য, সেই ধর্ষিত সমাজ এক দিন 
করে প্রতিহিংসা, বেয়ে আনে প্রলয়ের 
তাণ্ডব, তখন কোনো দিব্যবাণীর 
কল্পনা কাজে লাগে না, ফিরে 
যায় মানুষের দল বন্য 
পথে, সংস্কৃতি -
সভ্যতা 
তখন শুধুই অশ্রুময় সেজে রয় উপান্তের পথে !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by Betty Moses

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

থামানো যদি যেত

ভাবনার নাগরদোলায় দুলে যায় জীবনের আলো 
ছায়া, ঝুলন্ত আত্মীয়তার মাঝে খুঁজে মন 
কার অনুরাগের মায়া, কখনো 
পৃথিবীর অনেক কাছে 
কভু আকাশ 
ছুঁয়ে 
যায় অন্তর্তমের কুয়াশা, ওই শুন্য থেকে শহর 
লাগে স্বপ্নের বাসভূমি, ঝিলমিল তারক 
যেন প্রতিবিম্বিত, ছড়িয়ে রয়েছে
এলোমেলো চারদিকে, না 
তোমার হদিস না 
আমার ঠিক 
ঠিকানা, 
কিসের টানে উড়ে যেতে চায় হৃদয় বহুদূর -
মেঘলা দেশের পারে, ফিরে যাওয়া 
শ্রাবণের পথে, থামানো যদি 
যেত কিছু দিন আরো,
তার খামখেয়ালী 
ঝরে যাওয়া 
আবদার,
মনের মরু প্রান্তরে হয় ত ফুটে উঠত কিছু 
অর্ধ মুকুলিত বন্য কুসুম - - 

- শান্তনু সান্যাল 
 Paintings by Rob Evans
 anyalsplanet.blogspot.in

সোমবার, ১৩ আগস্ট, ২০১২

অপূর্ণ স্বাধীনতা

পূর্ণাঙ্গ স্বাধীনতার পরিভাষা খুঁজতে গিয়ে
হারিয়ে গেছে জীবনের মূল্য, কোথায়
আছে অগ্নি পথের পথিকের রক্ত
ঝরিত স্বপ্ন, সর্ব কল্যাণের
ওই পবিত্র ভাবনার
মাঝে ছিল
ভবিষ্যতের ভারতবর্ষ, এমন এক ভূভাগ
যার প্রতিকণে সমাহিত প্রেম ও
ত্যাগের অনুভূতি, দেশের
জন্য মহাউত্সর্গের
সংবেদনা,
হৃদয় চায় আবার এই পুণ্য ভূমির -
পুনুরুত্থান, সর্বে ভবন্তু সুখিনঃ
সর্বে শন্তু নিরাময়াঃর
সত্য প্রতিপাদন,
সম্পূর্ণ
স্বাধীনতার জন্য আমূল ক্রান্তির শঙ্খ নাদ -

শান্তনু সান্যাল
 by kimblair artist.
   http://sanyalsplanet.blogspot.in/