শনিবার, ৪ মে, ২০১৩

ভগ্ন প্রাচীরের খুব কাছে - -

জীবনের পড়ন্ত বেলায়, কোলাহলের শব্দগুলি যেন 
হঠাৎ ভগ্ন, নীরবতার মাঝে নিখোঁজ কিছু 
চেনাশোনা মুখাকৃতি, সন্ধ্যার শেষ 
আলোয় চাইছে জীবনের 
পরিচয়, কোথায় 
এত সহজ 
নিজেকে পুনরায় গুছিয়ে আবার যাই আয়নার - -
মুখোমুখি, ঘোলাটে আলোর নিজের এক 
সৌন্দর্য্য আছে বৈকি, মানুষ আর 
খুঁজে পায় না ধরাতল, 
ভেসে রয় নিজস্ব 
গভীরে, ওই 
হারানো অভিজ্ঞানের বর্ণহীন ছবির পরিধানে - - 
রাত্রি দেখতে চায় ভালবাসার কিছু 
নিরুদ্দেশ হাতের ছাপ, কিছু 
আলিঙ্গনের মধুর 
আঘাত !
উড়ন্ত চুম্বনের অনুকম্পন, যবনিকার আড়ালে -
নিমগ্ন দুই দেহের একরূপতা, কিন্তু 
পর্দার বাইরে শুধুই ভেসে 
রয় সময়ের ছায়া 
নৃত্য !
আসেপাশে ছড়িয়ে রয় কেবল ভাঙা ইঁটের বহু 
টুকরো - - 
* * 
- শান্তনু সান্যাল 

art by Avi Shankar Ain  - Bangladesh

বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

তার প্রতিচ্ছায়া !

পূর্ণ মুখরিত তার প্রণয়ের মধুর ধ্বনি, ভেসে 
যায় নদীর ধরাতল হতে  আকাশ পথে, 
চন্দ্রালোকিত সেই মুহুর্তে জীবন 
হারিয়ে যেতে চায় অনন্য 
অলৌকিক জগতে,
ওই শব্দের 
মাঝে সমাহিত চির শান্তির বার্তা, আপন পর 
ভুলিয়ে শুধুই মানুষের কথা, না নারী 
না পুরুষ, ওই অভিন্ন রূপে 
জেগে রয় অদৃশ্য 
এক সত্তা !
দ্বৈত অদ্বৈত, আকার নিরাকার, শুন্য ঝঙ্কৃত 
সমস্ত বিরোধাভাস যেখানে অর্থহীন, 
ময়ুর সিংহাসনে তখন এক 
মাত্র পবিত্র ভাবনা 
বিরাজমান !
অণু পরমাণু, ক্ষুদ্র কণা, সকল জীব নির্জীব 
অংশে কেবল মাত্র তার প্রতিচ্ছায়া !
* * 
- শান্তনু সান্যাল 

ARTIST TONY GORTE.jpg moonlight love

বুধবার, ১ মে, ২০১৩

প্রতিবিম্বের মুখোমুখি - -

যেখানে মরু অঞ্চলের শেষ সীমানা ছুঁতে চায় -
নীলাভ আনত আকাশ, অতৃপ্ত জীবন 
দাঁড়িয়ে রয় একাকী ওই কল্প -
রেখার খুব কাছে, তার 
প্রণয়ের মৃগজল 
তখন মনে 
হয় মেঘের মিহি কণিকা, ঝরে চলেছে অবিরাম 
জ্বলিত বুকের উপরে, সহসা জনশূন্য 
ঊষর ভূমি, হয়ে উঠতে চায় 
দুই ফসলা, সজল 
নয়নে ভেসে 
যায় তার প্রেমের স্বপ্নীল কবিতা, এক অদ্ভুত - - 
অনুভূতির মাঝে হৃদয় যায় হারিয়ে,
সুদুর বর্ষাবনের সমীরণ বহে 
আনে কিছু চন্দনে 
মিশ্রিত তার 
অনন্ত ভালবাসার  সজলতা, ফিরে আসে জীবন 
সিক্ত দেহে, বাস্তবিক প্রতিবিম্বের 
মুখোমুখি - - 
* * 
- শান্তনু সান্যাল 
desert night - unknown source

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

প্রতিপাদন - -

ওই বন্দিশালার বাইরে আলো থেমে রয় সারা 
রাত, যদি কোনো ভাবে সে পায় মুক্তি, 
এক দৃষ্ট চাহনির গভীরে ছিল 
এক শতাব্দীর দীর্ঘ 
ব্যথা ! 
খাঁচার দণ্ডের মাঝে তিল তিল করে দেহ ও -
প্রাণের ক্ষয়ে যাওয়া, আলোর প্রেম 
যেন কালজয়ী, শীত, তাপ 
বর্ষার কোনো প্রভাব 
মানে না, 
আঁধার ক্রমশঃ যায় ঘনিয়ে, ধর্ম দর্শনের জং 
ধরা বেড়ি পায়ে জড়িয়ে, চার দেয়ালের 
ভিতরে নিজের নিঃশ্বাস তখন 
অপরিচিত, বিম্ব যায় 
হারিয়ে দর্পণের 
নেপথ্যে !
আলো তবুও বসে থাকে লৌহ ফটকের - - 
সামনে, নিয়ে বুকে যুগান্তকারী 
অভিলাষ, ফিরিয়ে দিতে 
চায় তার অবদান, 
আগামী 
প্রজন্মের সৃষ্টির জন্যে, বুকের রক্ত হতে দুগ্ধ 
সরবরাহ করার জন্যে, গর্ভের জটিল 
উপগ্রহ থেকে পৃথিবীতে পা 
রাখার জন্যে, ঋণ -
মুক্ত হতে 
চায় সে, দিতে চায় তাকে পুনরায় প্রতিষ্ঠা - - 
প্রতিপাদন করতে চায় তার  দিব্য 
স্বরূপ - - মাতৃ রূপে 
সংস্থিতা,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist JAHANGEER SABAWALA 

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

নিবিড় আবদ্ধ - -

সে যেন অরণ্য বল্লরী, জড়িয়ে যেতে কৌতুকী,
দেহ হতে আত্মচেতনে, নিবিড় আবদ্ধে !
তার অভিলাষের উচ্ছৃঙ্খল উর্মি 
ভেঙ্গে দিতে চায় তীর 
ভূমি, কখনো 
সে এক 
লাজুক মর্মর ভাবনা, আবার অনেক সময়ে - - 
নিঃশব্দ ভাঙনের গৌরব গাথা, নিমিষে 
করে যায় দুই ধারের ভূ ভাগে,
মহা প্রলয়ের পরিণতি !
তার ওই 
ক্রমশঃ রূপান্তরকারী আচরণের মাঝে, জীবন 
খুঁজে স্থির ভালবাসা, সেই স্থিরতায় 
হৃদয় চায় অনন্তকালীন 
প্রেমের চুক্তি !
বিশুদ্ধ 
ভাবনার রেশমে বোনা, দেদীপ্যমান প্রণয়ের - -
শামিয়ানা !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
leaf poetry

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

ভেজা মুহুর্তগুলি - -

কখনো, কোনো এক দিন, ক্লান্ত একাকী, ফেকাশে 
সন্ধ্যার মুখে, যদি  নিশি গন্ধার মৌসুম 
যায় ফুরিয়ে, বৃষ্টি থেমে রয় 
যদি ঈশান কোণে !
মুখ ভার করে,
মন খারাপ কর না যেন, অলিন্দের কোনো এক 
আঁধার কোণায়, ঘুপচি মেরে হয় ত 
বসে রবে আমার কবিতার 
পুরাতন গন্ধ, ওই 
সেঁতসেঁতে -
অনুভূতির মাঝে কোথায় যেন এক টাটকা - - -
বাতাসের আভাস ছুঁয়ে যাবে তোমাকে,
টের পাবে নিশ্চই, সজলতা ঘিরে 
আসবে ধীরে ধীরে, দেহ ও 
প্রাণে, তখন হয় ত 
তুমি খুলবে 
স্মৃতির সিন্দুক, উলট পালট করে খুঁজবে, হারানো 
ভেজা মুহুর্তগুলি - - 
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
a glance 

বিলুপ্ত দ্বি -পথিক - -

নিঃশ্বাস বিনিময়ের অদৃশ্য লেখচিত্র ছাড়া, ওই মুহুর্তে 
কিছুই ছিল না আমাদের মাঝখানে, আলো -
আঁধার মিশ্রিত, এক ধুসর পরিবেশ,
বালু ঝড়ের মাঝে যেন সুদুর 
মরুদ্যানে হারিয়ে যাচ্ছে 
তখন সব কিছু, 
পৃথিবী 
আকাশ, সমুদ্র পাহাড় ! পারস্পরিক সন্ধানের ওই ক্ষণে 
খুঁজে পেয়েছি, নিজেদের কে পরস্পরের অনেক 
ভিতরে, অনেক গভীরে, সেখান থেকে 
আর ফিরে আসা ছিল না সম্ভব,
তাই দূর হতে জানিয়ে 
গেলাম বিদায় !
হে ! প্রিয় 
বসুন্ধরা, আর ডেকো না, আমরা আর কোনো দিনই -
ফিরব না, এখান থেকে মহৎ প্রয়াণের পালা,
অনন্ত পথের যাত্রী আমরা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Hall of the Dragon Mist. Matte Painting by Tiberius Viris.