রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১২

পত্রশিরা 

আঁধার ছিঁড়ে সহসা যখন সে ছুঁয়ে চলেছে দেহের 
স্তর প্রতি স্তর, অবিরাম  কোষের খনন,
পত্রশিরার মতন ভালবাসা পড়ে
রইলো মাটির আস্তরণে, 
গলে পচে সারের 
রূপে কালান্তরে সে দিয়েছে বহু অনাথ অঙ্কুরের 
জন্ম, বুকে লুকিয়ে রেখেছে আর্দ্রতা, 
তপ্ত  উষ্ণকালে, পুরুষালি বুকে 
সে লিখে গেছে সৃজনের 
কবিতা, জাগিয়ে 
রেখেছে তার 
অহংকার, আত্মসাত করেছে সমস্ত আবর্জনা !
অনেক সময়ে দেখি সে যেন অকস্মাত 
মরুস্থলের লুপ্ত নদী, ডুবিয়ে 
চলেছে আকাল গ্রস্ত 
স্বপ্নের বেলা 
ভূমি, কিছু উলঙ্গ সত্যের বিয়োজিত, বিকৃত 
রাতের শোষিত কাহিনী, চাবুকের 
গুপ্ত ব্যথা, ঊষর জমিতে তে  
লাঙ্গলের ধর্ষণ, তবুও 
সে চেয়ে রয় 
সারা রাত, শুন্য  আকাশে শ্রাবণের হারানো 
মেঘের ছায়া - - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/ 

শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১২


অকথিত 

কেতকী ঝোপের ওই বন্য, উন্মত্ত গন্ধের মাঝেও
ছিল জীবনের সৌন্দর্য্য, সে ফিরে চাই নি 
হয় ত, তার চোখের পৃষ্ঠতলে তখন 
ছিল রংধনুর সাত টি রঙের 
কুয়াশা, গভীর রাতে 
উড়ে গেছে 
কৃতিম ভালবাসা, বাতাসে রইলো কেবল অদ্ভুত 
নিরবতা, চেয়ে ছিলাম দিতে কিছু গোপন 
অসমাপ্ত চিঠি, স্পন্দনের উপহার, 
দীর্ঘ নিঃশ্বাসের কবিতা, 
অপরিভাষিত 
প্রেমের 
ইষ্টিপত্র, চোখের মুচলেকা, কিছু লোহিত রঙ্গী 
গোলাপের বৃন্ত, অনিদ্রিত রাতের 
মুহূর্ত, ভোরের কিছু স্বপ্ন, 
এক মুঠো জোনাকির 
আলো, কেতকীর 
ব্যথিত গন্ধ,
জীবনের কিছু অনাবিষ্কৃত স্রংস উপত্যকা  - - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Albert Bierstadt Yosemite Valley Painting
  


শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২

নিভৃত আবাস

মনের দ্বন্দ্ব চলে সারা রাত, আরশির বাইরে 
বেরিয়ে আসে অস্তিত্ব, আবরণ বিহীন 
উন্মুক্ত, অহংকারের খিল খুলে 
দৌড়িয়ে যেতে চায় মন 
খালি পায়ে, সুদুর 
মরুদ্যান 
পেরিয়ে, বালিয়াড়ির সেই স্বপ্নিল ঢালুর 
উপরে, গড়িয়ে গা ভাসাতে চায় 
জীবন, শিশুবত খেলতে 
ইচ্ছে করে তখন, 
চাঁদের ছায়া 
ঘনিয়ে আনে, নিশীথে সম্মোহনের মুহূর্ত !
অকস্মাত প্রণয়ের দেহে বেরিয়ে 
আসে সহস্ত্র পরাশ্রয়ী লতা, 
ডগা গুলো যেন 
অক্টোপাস,
চুষে নিতে চায় অস্তিত্বের ক্লোরোফিল এক 
নিঃশ্বাসে, কচি লাজুক স্বপ্নের 
পাতা গুলো এমন সময় 
খুঁজে তার বুকের 
অভয়ারণ্য,
নিভৃত আবাস  - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
sanctuary - painting by Robin Bradbury

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১২


অনাহত ভালবাসা 

ওই অন্ধকারে ভাঙতে চেও না, আলোর কাচতুল্য
দেহ খানি, নিস্তরঙ্গ কিছু ক্ষণ থাকতে দিও
সাগরের গভীরতা, ছুঁতে চায় বাউল 
মন আজ রাতে চাঁদের ভাসন্ত 
প্রতিবিম্ব, জানতে চায় 
জীবন সাময়িক
বৈরাগ্য,
তাই অতৃপ্ত দেহ ও প্রাণের ফুলদানি সাজিও না, 
শুন্যের গায়ে ঝুলুক শিশির কণার কিনারা, 
ধুসর পাহাড়ের গায়ে অরণ্য আগুন 
যেন ধরিও না, ঝরুক সারা 
রাত নীহারিকার নীল 
স্ফুলিঙ্গ, আবেগের 
অগ্নিশিখা যেন 
বাড়িও না, 
চাই না প্রণয়ের অপরিণত, অবাঞ্ছিত ঝলসানো !
শুধু চোখের ভাষায় প্রেমালাপ, স্পর্শ 
এখানে নিষিদ্ধ, দেহের বাহিরে 
যদি পারো বেরিয়ে এস,
অঙ্গীকারের আগুন 
নিভে নি এখনো !
আত্মস্বরূপ 
বন্ধু - - - - 


--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY LEE OSKAR 



বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২



অনুনাদ 

কাঁধে নিয়ে স্বপ্নের ঝুলি, রোজ রাতে দেখি অচেনা
মানুষ হেঁটে যায় একাকী সুদুর বন  প্রান্তরে, 
গেয়ে যায় রহস্যময় সুরে জোছনার 
গান, সেই সুরে ডুবে ভাসে 
পৃথিবীর স্বরলিপি,
আরোহ
অবরোহে জীবনের ছন্দ দুলে রয় আশ্চর্য্য ভাবে,
অলৌকিক তার প্রেমের ছোঁয়া জাগিয়ে 
রাখে মনের সুপ্ত জলাভূমি, রাত্রি 
শেষে কে যেন আলতো  
আঙুলে, রেখে যায় 
শিশির ভেজা
অধরের 
স্পর্শ, আহরণ  ব্যথা  বিন্দু বিন্দু যায় জমে, সেই 
প্রভুত্বের মাঝে খুঁজে জীবন, দেহান্তরের 
জটিল চিত্রলেখ, আবেশের নিমগ্ন 
দ্রবীকরণ, ক্রুস বিদ্ধ দেহের 
আলিঙ্গন, অনন্ত প্রণয়ের 
অভিলাষা, তাকে 
ফিরিয়ে 
আনার প্রক্রিয়া ঘুমোতে দেয় না সারা রাত, 
হৃদয় অনুধাবন করে অবিরাম, 
চিরায়ত, বিলুপ্ত 
অনুনাদের 
জন্য - - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
echo harbor author dimms matte painting




মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১২


সাগর কূলের অভিযাত্রী 

মনের ভাঙা, ক্ষয়িত তীর দেখিয়ে কি বা হত,
তাই হাসির মাঝে ভুলিয়ে রেখেছি সাগর
কূলের অভিযাত্রী দল কে, ওই উদাস 
নাবিকের হাতে দিলাম তুলে 
স্বপ্নের মাস্তুল, প্রণয়ী
পালের কাপড়,
নিঃশ্বাসের
দড়ি  দিয়ে  বাঁধানো দেহের  নোঙর, জীবন 
ছিল চার প্রহরের লঘু কাহিনী, তারা 
টেনে ছিঁড়ে করে গেছে অসমাপ্ত 
উপন্যাস, যতই ডুব দিয়ে 
গেছি দেখি শুধুই আর্দ্র 
অন্ধকার, তলের 
সরে যাওয়া,
ক্রমশঃ নিখোঁজ ভালবাসার হারানো প্রদেশ !
অবশেষে সন্ধানের অভিযান গেছে থেমে,
একে -একে যাত্রীরা গেছে নেমে,কার 
গন্তব্য কি বা ছিল বুঝতে পারি নি 
জীবন, শুধুই হাত ঝাঁকুনি, 
মনের মিলন ছিল এক 
অদৃশ্য মরিচিকা, 
তাই গোটা
জীবনে  নিঃশ্বাসের আদান প্রদান, দেহের 
বিনিময়, সব কিছুই নৈসর্গিক কিন্তু 
নৌকা ডুবির জীবন্ত বলি 
বলতে একমাত্র আমি
ছিলাম, তারা 
সবাই উঠে গেছে ঘাটের সিঁড়ি হতে দেউলের  
মুখ্য দ্বারে - - 

- - শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING : Storm at Sea on a Moonlit Night - Ivan Aivazovsky 

সোমবার, ৩০ জানুয়ারি, ২০১২



সে ধরা দিতে চায় না - - - 

বাসন্তী হাওয়ায় এখনো মিষ্টি শীতের ছোঁয়া,
তাই মনের বাতায়ন খুলতে কিছু ক্ষণের 
বিলম্ব, তার দেহের গন্ধে সমুদ্রীয় 
সমিরণের আভাস, ছুঁতেই 
যেন লজ্জাবতী লতার 
আত্ম কুঞ্চিত ভাব,
আবেগের কোষে নিজে কে গুটিয়ে রাখার 
বিফল চেষ্টা, কিংবা জাফরান ফুলের 
চাপানো শুকনো আবেশ, কাছে 
টানার গুণপনা অথবা দূর 
হতে শুন্যে ঝুলিয়ে 
রাখার দক্ষতা, 
প্রায়  মুকুলিত আম্রকুঞ্জে নিশুতি রাতে, ওই 
প্রবাসী কোকিলের ডাক, জাগিয়ে যায় 
প্রসুপ্ত মন প্রাণের পৃথিবী, কচি 
স্বপ্নের মাটি নিয়ে খেলে
রয় প্রণয়ের শিশু,
সারা রাত 
জীবন খুঁজে বেড়ায় তার গোপন ক্রীড়াস্থল - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/