সোমবার, ৯ এপ্রিল, ২০১২


রঙ্গীন খড়ি 

প্রতিশ্রুতির টানে দেখো ফিরে এলাম, এখন ও 
ঘুমন্ত চোখের কি ঘোর কাটে নি, অলিন্দ 
ছুঁয়ে আছে এক ফালি কচি রোদ্দুর,
চেয়ে আছে আধ খোলা 
গোলাপের পাপড়ি,
কাঁটার উপরে 
এক ফোঁটা নিহার কণা, কিশলয় পাতার ওই 
সবুজ প্রতিফলন, রাতের ছোঁ কিন্তু 
ধরে রাখতে পারি নি সিক্ত 
অন্তর্মন, ভাবনারা 
জোনাকি, তাই 
আঙ্গুলের ফাঁক হতে উড়ে গেছে স্বপ্নের পিছনে,
আস্ত এক জ্যান্ত সকাল আবার দাঁড়ায়ে,
নিয়ে জীবনের অসমাধিত এক 
নতুন সমীকরণ,পুনরায় 
হাঁটা বুকে নিয়ে 
অজ্ঞাত 
যেন এক সংবেদন, ঠিক শিশুর লাজুক হাতের 
স্লেটের উপরে লেখা ভুল বানান, মুছে 
আবার ভালো করে লেখা, রঙ্গীন 
খড়ির ডগায় লুকিয়ে আছে 
সৃজনের বর্ণমালা, 
ভাঙলে ও 
লিখন থামে না, সূর্য্য উঠে চলেছে তপ্ত শুন্যে  - - 

- শান্তনু সান্যাল
sun rise - Artist Adrian Turner


রবিবার, ৮ এপ্রিল, ২০১২


সন্ধ্যার আগে 

সে আসে দক্ষিণ দিশা হতে, ঠিক সাঁঝ নামার আগে 
অরণ্যের সেতু পার করে, দমকা বৃষ্টিতে ভিজে 
ছুঁয়ে যায় মনের দরজা আলতো হাতে, 
জানি না, কেমন এক আনচান 
জেগে উঠে গোধুলির 
প্রাঙ্গনে, উড়ে 
যেতে চায় হৃদয়ের পাখি পিঞ্জর সহ সেই বাতাসে, 
কেওড়া কেতকীর গন্ধ জড়িয়ে সারা দেহে, 
সে যেন সর্পিল পথে ঘুরে বেড়ায় 
বাউণ্ডুলে ভাবনার সাথে, 
এমন সময় কিছুই 
মনে থাকে 
না, কোথায় আমি আর কোথায় আমার অস্মিতা, 
শুধুই ভেসে যাওয়া, দিগন্তের অনেক 
উপরে, আকাশগঙ্গার তীরে, 
কখনো শুন্যে আবার 
কখনো তার 
অন্তরে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art - Fall-Walk- by Phyllis Vernon.jpg

নতুন ভাবে 

অচেনা দেশের ওই পথিক ফিরে গেছে বুঝি 
ঝরিয়ে পরিশুষ্ক পল্লব, পথের দুই 
ধারে, কিংবা দিয়ে গেছে 
মনে প্রস্ফুটনের 
ব্যগ্রতা, 
জানিয়ে গেছে জীবনের বাস্তবিকতা, রোদ
ও মেঘের খেলা, বিরহ মিলনের 
মাঝারে জ্বালিয়ে গেছে 
সম্ভাবনার অদৃশ্য 
প্রদীপ, তাই 
মুগ্ধ পৃথিবী নিয়ে বুকে নির্বাক ভাবনা 
চেয়ে আছে নীল আকাশ অথবা 
তুমি আবার আছ দাঁড়ায়ে 
মুখোমুখি আমার 
হাতে লয়ে 
সদ্য কুসুমিত লাল গোলাপের তোড়া, এবং 
চাইছ বলতে চোখের ভাষায় 
প্রেমের প্রস্তাব - - - 

- শান্তনু সান্যাল 
Fall Road by Linda Kukulski.jpg


শনিবার, ৭ এপ্রিল, ২০১২


কৌশিকীয় তন্তু 

ভরা আসরে, জানি না কেন তার ডবডবে আঁখি, 
সবাই ত তার আপনজন, সবাই নিকটবর্তী, 
তবে  কীসের গোপন ব্যথা ভেসে
উঠলো  অকস্মাৎ বুকের 
মাঝে, জানতে 
চেয়েছিল 
সে দিনের ক্লান্ত সন্ধ্যা, মখমলি আঁধারে, জড়িয়ে 
রাখতে চেয়েছিল তার অশ্রুপূর্ণ সংবেদন,
সর্ব বিদিত তার ধর্য্যের অভিমান, 
তাই ভাঙ্গনের কারণ 
জানতে চেয়ে 
ছিল 
গ্রীষ্মের গুটিয়ে যাওয়া পাহাড়ী প্রবাহিনী, কিন্তু 
সে সুন্দর ভাবে মুছে নিয়েছে চোখের 
সজলতা, অজুহাত রইলো যেন 
অপ্রকাশিত কবিতা, পাট
করে রেখে দিয়েছে 
অতীতের 
পৃষ্ঠা,
আঁচলের কোণায় হয় ত লেগে আছে লাবণিক
ভালবাসা, অসীম অদৃশ্য দাগের  রূপে,
ধরে আছে  হৃদয়ের  কৌশিকীয় 
তন্তু একাধিকার 
ভাবে - - -

- শান্তনু সান্যাল 
Painting by Fay Biegun  - sunset 


শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২


যুগান্তকারী প্রেয়সী 

চোখে জল নিয়ে কত দিন যে বসা যায়, তাই সে 
ধরেছে কবীরের পথ - মায়া মহা  ঠগনি,
হম জানি, দেখতে পাই স্পষ্ট তার 
নিজ মনে হেঁটে যাওয়া, সে 
এখন পৌষের উন্মুক্ত 
আকাশে খেলে 
চলেছে 
ছেঁড়া ঘুড়ির খেলা, ছাদের জগতে শ্রাবণের লাগি 
যজ্ঞ, ঠিকই ত  কৃত্রিম বৃষ্টির যুগে ওই 
পরিত্যক্ত ভূমির জন্য ক্রন্দন 
অর্থহীন নয় তো কি, 
সে যুগান্তকারী 
প্রেয়সী,
লোক দেখানো, মরা বট বৃক্ষের পরিক্রমা করে -
না, সত্যবানের সত্যতা তার অজানা 
নয় তাই, সাহিত্যের বই গুলো 
থলি তে ভরে ওই পুরাতন 
বইর পাড়ায় সে 
দিয়েছে 
পাড়ি, বেচে আসবে সমস্ত আজে বাজে গ্রন্থাবলী,
কিছু বৃথা প্রেমে ঠাসা কবিতার গুচ্ছ,
কিছু মৃত ভাষায় লেখা উপদেশ,
কিছু পচা রাজনৈতিক 
চিন্তাধারা, 
কিছু 
সম্প্রতি কিছু অতীতের প্রতিশ্রুতি - - -

- শান্তনু সান্যাল
night - painting by Nizhny Novgorod, 


বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২


ফিরে যাও আগন্তুক 

তমসা ঘন  রাতে দাঁড়িয়ে ছিল সে সদর দরজায়,
কুণ্ডলিত দড়ি নিয়ে হাতে, মেঘ বরণী 
প্রসস্ত বুক, উত্থাপিত মাংসপেশী,
নিয়ে মুখে কালজয়ী হাসি, 
দ্বার খুলেছি নিশ্চই 
অভয় মনে, 
কিন্তু অগ্রাহ্য করে বলেছি না, এখন সময় হয় 
উঠে নি, এই ভাবে মাঝ জীবনে যেতে 
চাই না তোমার সাথে, তুমি যাও 
ফিরে, অনেক দায়িত্ব আছে 
আমার কাঁধে, হয় ত 
ভাবাবেশে 
চেয়ে ছিলাম ইচ্ছা মৃত্যু, কিছু ক্ষণের জন্য হয় 
ত হারিয়ে ছিলাম দিকনির্ণয়ের ক্ষমতা,
তাই বলে তুমি কেড়ে নিতে 
পারবে না এই জীবন, 
ওই দেখো তারা 
অদৃশ্য 
দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে, বুকে নিয়ে 
অগাধ সম্ব্রম, স্বপ্ন, মিথ্যা ভালবাসা,
নাটকীয় আত্মীয়তা, সব 
কিছুই ত নেতিবাচক 
হবে না, কিছু 
সত্যতার 
ঘোর ও থাকতে পারে, কোথায় যেন এক 
বিশ্বাস এখনো জেগে রয়েছে, ওই 
মায়ার বাঁধন কাটতে পারব 
কি, তাই পরিকল্পনা 
গেছে বদলিয়ে, 
থাকতে 
দাও আমায় আমার মতন, দেখি ত নিয়তির 
জোর কি ভাবে করে এই রহস্যের 
সমাপন - - - 

- শান্তনু সান্যাল
dark clouds 



বুধবার, ৪ এপ্রিল, ২০১২


শীর্ষক বিহীন 

নিরবে চাহিয়া গেছে সে,যখন ও বলতে চেয়েছি,
প্রাণের সিক্ত ভাবনা, শুধাবার আগেই 
যেন  পুষ্পের বন্ধ পাপড়ি, লুকিয়ে 
গেছে গন্ধ কোষ, হৃদয়ের 
শিশির বিন্দু ঝরে 
গেছে নয়ন 
পল্লব 
হতে বসুধার তপ্ত বুকে, ফিরে দেখি আকাশ -
নীল সবুজের মাঝে হয় উঠেছে 
সাগরের প্রতিবিম্ব, তার 
মৌন অভিলাষ 
কিংবা 
বলে ও না বলার ইতিহাস, ভেসে যায় ঠিক 
গা বাঁচিয়ে হালকা শ্বেত মেঘের 
আড়ালে, অজ বীথির 
পথে সে যেন 
এগিয়ে 
চলেছে ধরতে বর্ণালীর অসংখ্য আলোর কণা,  
আমি ফিরে আসি নিয়ে বুকে 
ক্রমশঃ, ঝিরঝির 
বর্ষার
উদাসীনতা, জুড়ে যাই পুনরায় সেতারের তার,
গেয়ে যায় মন অসময়ের  যেন 
মেঘ মল্হার - - - 

- শান্তনু সান্যাল
barbed flower