শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

নিমগ্ন সন্ধ্যা

শুনেছি সে নাকি, নিঝুম সাঁঝে বসে থাকে একাকী, 
নিজের মাঝে নিলীন, নিখোঁজ সান্ধ্য তারার 
সন্ধানে, ধেয়ে যায় বিহ্বল, মধ্যযুগীন 
ছাদের প্রান্তে, আঁধার ঘনিয়ে 
আসে যখন সুদুর নদীর 
বুকে, অন্তিম মাঝি
ফিরে আসে 
ক্লান্ত 
পায়ে, গায়ে জড়িয়ে সোদক গন্ধ, কোন এক চির 
পরিচিত গন্ধে, তার মনের পৃথিবী ও সাড়া
দিয়ে যায় সহসা, জানা শোনা ওই 
গন্ধের ভিতরে সে হারিয়ে 
যেতে চায় সহজে,
ভুলে যায় 
নব 
জাগরিত আকাশের দুনিয়া, তারক সম্মেলনী -
ছায়াপথের প্রতিভাস, সে এখন নিতান্ত 
নিমগ্ন প্রণয়ের প্লাবনে, মোহনার 
উচ্চ তরঙ্গের হাহাকার
শুনতে পায় না,
শুধুই 
পার্থিব দেহের ছাড়া তার অধীনে কিছুই নাই !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mosaic sky 


শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

শিশুবৎ জেদ

বহু বার বারণ করেছি, বহু বার সে ছুঁতে চেয়েছে 
জ্বলন্ত শিখা, ওই শিশুবৎ জেদ পুড়িয়ে গেছে 
গভীর প্রান্তের তৃণভূমি, কিছু স্বপ্নের 
পতঙ্গ, কিছু নীলবরণী ভাবনার 
লাজুক পাখি হয় ত উড়ে 
পেয়েছে ত্রাণ, তার 
ওই বিক্ষিপ্ত 
ভালবাসা 
কিংবা আত্মদহন আন্দোলিত করে গেছে, চির 
মন্থর হৃদয় তরঙ,অপ্রত্যাশিত তার সেই
বিধ্বংসী প্রণয়, ছিনিয়ে গেছে দিবা 
নিশির স্পর্শানুভূতি, সে যেন 
শুনতে, কোনো ভাবেই 
রাজি নয়, তর্ক 
বিতর্কের 
বাহিরে তার প্রেম ! শুধুই হতে চায় এক মুঠো -
চিতাভস্ম - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


wild flower 3 

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

মর্মের কবিতা

কোন আলোর স্রোতে ভেসে যায় দেহ ও প্রাণ,
কার প্রণয়ের ছোঁয়া জাগিয়ে রাখে সারা 
রাত অন্তরতমের গন্ধ কোষ, কার 
নিশীথ ডাকে ঝরে বিন্দু বিন্দু 
নীহার কণা, খুলে রয় 
জীবনের উন্মুক্ত 
গ্রন্থ, লিখে 
যায় অদৃশ্য হাতে কে যেন মর্মের কবিতা, কে 
সে জানি না, ফিরিয়ে আনে বারংবার 
মরিচিকার পথ হতে বাস্তবের 
ধরাতলে, স্বপ্ন গুলো 
চায় অনুমতি,
চোখের 
মাঝে গড়তে মধুর পান্থশালা, কার করুণ সুরে 
দুলে যায় কাঁশ বনের নীরবতা, ভেসে রয় 
হৃদয় স্পন্দন, কোন অজানা শান্ত 
নদীর বুকে, জড়িয়ে রুপালি 
জোছনা, কার লাজুক 
আঙ্গুলে খেলে 
ভীরু 
ভালবাসা, জীবন দাঁড়িয়ে রয় একা, চেয়ে রয় 
অবাক নিশি পুষ্পের বীথিকা - - 

- শান্তনু সান্যাল
painting by TosKos 

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

এ কেমন জ্যামিতি - -


বেশ ছিলাম নিজের বৃত্তে, স্বপ্নের পরিবেষ্টনে,
এ কেমন জ্যামিতি, তার চোখের রেখা 
অদৃশ্য ভাবে যায় ছুঁয়ে অন্তর্মনের 
কেন্দ্র বিন্দু, ঝঙ্কৃত করে 
যায় পলকা পরিধির 
সীমানা, সহসা 
ভাবনার 
বিগঠন, উড়ে যায় উন্মুক্ত আকাশে দেহ ও 
প্রাণের অণু, কিসের সন্ধানে ধেয়ে 
যায় অতৃপ্ত জীবন, গন্তব্য 
বিহীন, শুধুই এক 
অজ্ঞাত যাত্রা,
অনাহূত
রূপে তার এই ভাবে অনুপ্রবেশ, উদ্বেলিত 
করে যায় সমগ্র চেতনার লুপ্ত অগ্নি 
শিখা, যেন নিবিড় আঁধারে 
বৈরাগীর মোহ ভঙ্গ,
অথবা স্বপ্নের 
ধরাতলের 
উপরে 
বাস্তবিকতার ভেসে ওঠা, পার্থিব জগতে 
ফিরে আসা - - 

- শান্তনু সান্যাল
alone 2

বোঝাপড়া


সেই কচুরিপানার মাঝ রাস্তায়, আকাশের 
বিম্বের খুব কাছাকাছি দেখেছি বহু 
বার প্রণয়ের স্থির তরঙ, কথা 
কয় কি জানে, কি নিয়ে 
অবিরল দোয়েলের 
সাথে, ওই 
আবছা বিহানে, উঠোনের গায়ে ঝরে রয় -
শিশির ভেজা শিউলি এক রাশ, 
কে যেন উঁকি দিয়ে যায় 
বুকের অনবহিত 
খোলা 
জানালায়, সুদুর আম্রকুঞ্জে উদাস একাকী 
কোকিল, ভাঙা সুরে ডেকে যায় 
জানি না কাহাকে, হয় ত 
ফিরে যায় নি নিজের 
দেশে, মধুমাসের  
সাথে,
একান্ত লয়ে সে এখন শিখতে চায় মৌন -
ভাষা, কিংবা শরতের সঙ্গে 
বোঝাপড়া, পরাশ্রয়ী 
লতার জীবন 
আগামী 
বসন্তের পথ চাওয়া, শালিকের সাথে অস্থায়ী 
বন্ধুত্ব, নতুন ভাবে নিজে কে চেনা,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
water hyacinth-flower কচুরিপানা.jpg

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

সুপ্ত ঘূর্ণি


মধ্য রাত এখন, ছড়িয়ে আছে আকাশ জুড়ে -
এলোমেলো তারক বৃন্দ, ঝরি নি বোধ 
হয় শিউলির গুচ্ছ, বৃন্তের বুক ধরে
আছে ফুলের নিঃশ্বাস, ঝরে 
গেলেই গন্ধের ইতি,
তাই জড়িয়ে 
যদি 
আরও কিছু ক্ষণ থাকে আবেগের ঘোর, ভরে 
উঠবে শুন্য জীবনের সৈকত, তোমার 
প্রেমের তরঙ্গে এখনো উঠে নি 
সুপ্ত ঘূর্ণি, দেহের বালু চর 
এখনো অনাক্রান্ত 
উদাসীন, 
ডুবতে চাইলেও হৃদয় কি ডুবতে পারবে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

mystic night 1

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

অদৃশ্য দহন

অশমিত অভিলাষ; জেগে রয় তার হৃদয় স্পন্দনে,
নিঃশ্বাসের স্বরলিপি; নিয়ে যেতে চায় সুদুর 
স্বপ্নীল জগতে, চোখের সেই আবেগী 
হাসির মাঝে; লুকিয়ে থাকে 
মৌন প্রণয়ের শাব্দিক 
ধাঁধা, জীবন 
একটানা 
খুঁজে বেড়ায় সেই রহস্যের সুত্র, বিচ্ছিন্ন ভাবনার 
বর্ণমালা, রাত্রি যেন বিকরাল সরীসৃপ, 
লতিয়ে চলেছে গায়ে চন্দ্রপ্রভার
প্রলেপ, মেঘের লুকোচুরি 
ঘনিয়ে আনে অধিক 
রোমাঞ্চ, ছুঁতে 
চায় মন 
তার মায়াবী রূপ, বেঁধে রাখতে চায়  জীবন তার 
উন্মুক্ত ভালবাসা অন্তরতমের পিঞ্জরে,
অপ্রত্যাশিত ভাবে শেষ প্রহরে 
বৃষ্টির দাপট, বুকের মাঝে 
অদৃশ্য দহন, যায় 
সহসা বাড়িয়ে, 
মুহুর্তগুলো যেন হটাত হয় উঠে জীবন্ত আলেয়া, 
সংযুক্ত অক্ষরে তখন দেহ ও প্রাণের 
ভাষা - - 

- শান্তনু সান্যাল 



rose in rain