শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

খোলা দরজা - -

এই জীবন ঘিরে আছে কত যে ভাঙা গড়ার - 
কাহিনী, যোগ বিয়োগের ইতিবৃত্ত !
বসন্ত ঝড়ের পরিপূরক,
হৃদয়ের পলকা 
ভূমি যেন 
মৌন 
সাক্ষী, তবুও সন্ধ্যার সঙ্গে ভাবনার এলোমেলো 
ভগ্নাবশেষ, ভরে নিতে চায় কিছু যাযাবর 
বুনো গন্ধ, খুলে রাখতে চায় অর্ধ 
স্খলিত মনের সদর দরজা, 
প্রেম নাকি মাঝে 
মাঝে দমকা 
হাওয়া,
যদি ফিরে যায় দ্বার হতে, তাই লিখে রেখেছি 
দোরগোড়ায় উদ্ভাসিত শব্দে, সুরভিত 
কবিতার স্তবক, ভুল বানানের 
মাঝে জীবন খুঁজে তার 
অভিমান ভরা 
সংশোধন,
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by Liu Maoshan 

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

অনল বলয়ের বাইরে - -


এইমাত্র ছুঁয়ে গেছে কস্তুরী গন্ধ, পরবর্তী -
মুহুর্তে জানি না কি যে আছে, এক 
অনপেখিত শীত আগুন বহে 
যায় বাতাবরণে, তার 
নয়নের জগৎ !
খুবই 
দুরূহ, কোথায় গিয়ে যে থামবে মায়াবী -
রাতের সম্মোহন, বলা কঠিন, 
আকাশ হতে ঝরে যায় 
উন্মাদিত রঙ !
বিন্দু 
প্রতি বিন্দু, জীবন দুলে রয় নাগরদোলায়,
কোন অশ্রুত মধুমাসের পরশ 
ছুঁয়ে গেছে দেহ ও প্রাণে, 
চার দিকে শুধুই 
পলাশ রঙ্গী 
ছায়া, 
সহজ নয় তার প্রণয় আবর্ত হতে মুক্তি।
* * 
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.com/
art by TONY GORTE

বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

গুপ্ত ঠিকানা - -


মাঝে মাঝে সে সন্ধ্যার নিভু নিভু আলোয়,
দেহলির প্রাচীর হতে নিঃশব্দ ভাবে,
নিশিপুশ্পের গন্ধে ভেসে আসে, 
ভরিয়ে যেতে চায় মনের
অন্তঃপুর ! হৃদয় 
তখন 
পুরাকালীন মন্দির, ভাবনার গর্ভগৃহে - - 
জেগে ওঠে সুপ্ত ঋচার আবৃত্তি,
চন্দনের সুবাসে সে লিখে 
যায় অলৌকিক 
কবিতার 
ছন্দ, জীবন হয় উঠে জ্বলন্ত সুরভিত ধূপ 
কাঠি, ধুম্র বলয়ের সাথে খুঁজে তার 
অসীম প্রেমের গুপ্ত ঠিকানা !
* * 
- শান্তনু সান্যাল 

artist Konstantin-korovin

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

ধীর দহনের উত্স - -

নীল আঁধারে খুঁজে মন, তার চোখের গভীরতা -
ওই স্পর্শ গন্ধে ছিল, কি এমন সম্মোহনের 
কবচ, জীবন হয়ে যেতে চায় যেন 
আপন - ভোলা, ভুলে যেতে 
বাধ্য সব কিছু, নিজস্ব 
ছায়া, এমন সময়ে 
মনে হয় 
অপরিচিত, প্রতিবিম্বে ভেসে ওঠে তার অপরূপ 
মায়া, শিরায় শিরায় বহে যায় নিশি -
পুষ্পের আবেশ, এক অদ্ভুত 
ঘোরে হারিয়ে যায় 
দেহ ও প্রাণ !
বসুন্ধরা তখন আকাশগঙ্গার ধরাতল, অম্বরে 
ঝুলে রয় পলাশরঙ্গী স্বপ্নের অরণ্য -
কুসুম, বিন্দু বিন্দু ঝরে যায় 
সারা রাত প্রণয়ের 
মকরন্দ !
ধীর দহনে জ্বলে রয় অঙ্গ প্রত্যঙ্গ, ঝির ঝির - - 
আলোয় তখন অস্তিত্ব হয়ে ওঠে, এক 
কৃষ্ণ সারং ! ধেয়ে যায় বিক্ষিপ্ত 
ভাবে, যমুনার তীর হতে 
গ্রাম শহর পেরিয়ে 
সুদূর ভাবের 
বৃন্দাবনে,
খুঁজে সেই ভুবন ভুলানো গন্ধের মূল প্রবাহের 
ঠিকানা - - 
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by Chew Yian Pin

রবিবার, ৩১ মার্চ, ২০১৩

অসীম রঙের স্রোতে - -

সেই বৈচিত্র্য প্রবাহে জীবন ধারা যায় বহে,
আকাশ ও পৃথিবীর মাঝে নিরুপম 
পরিপার্শ্বে জেগে উঠে পবিত্র 
প্রেমের রঙীন অনল,
সত্য যখন 
জীবন্ত 
অন্তর্তমের আঁধার যায় মুছে, বিমুগ্ধ চেয়ে 
রয় অন্তরিক্ষের নক্ষত্র দীপমালা, 
চতুর্দিকে ঝরে জ্যোতির্ময় 
বিন্দু, ভরে যায় 
হৃদয়ের 
রিক্ততা পরিপূর্ণ ভাবে, আপন পরকীয় -
বিভেদ ভুলিয়ে সে ডুবোয় সর্ব 
আত্মা এক অভিন্ন রঙে,
মানুষ লিখিত 
দর্শন 
তখন উড়ে যায় বিলীনতার দিকে, সেই 
রূপের মাঝে যায় হারিয়ে সব 
কিছু, আমি আর তুমির 
পার্থক্য নিমিষে 
শুন্য - - 
* * 
- শান্তনু সান্যাল 

color waves - - no idea about painter

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

খণ্ডিত - - অনুরণন - -

আকলনের স্থিতিমাপ তার নজরে কি হতে -
পারে, জানার কৌতুহল করে গেছে 
দেহের বৃত্ত, পরিপূর্ণ ভাবে 
আলোকভেদ্য ! তার 
চোখের গহীনে 
ছিল গুপ্ত 
তৃষ্ণা, অথবা অতৃপ্ত আত্মার প্রতিশোধ, বলা 
বহুত মুশকিল, কল্পনার অতিক্রমে তার 
বাসনার দুনিয়া, মানবিক কি 
পাশবিক, সমস্ত সংজ্ঞা 
যেখানে অর্থহীন,
এক জীবনে 
হয় ত তাকে বোঝা খুবই কঠিন, তাই প্রতি 
মুহুর্তে সমর্পণ, প্রতি ক্ষণে পুনর্জন্মের 
প্রক্রিয়া, প্রতিপলে নিমজ্জন 
প্রতিবারে ভেসে 
ওঠা, প্রতি 
নিশি স্বপ্ন শয়ন, পুনরায়ে নবজাগরণ, তবু
ও তার, বুকের গভীর তল ছোঁয়া যায় 
নি কোনো দিন, অভিশপ্ত প্রেম 
যেন অপূর্ণ চিরকাল, 
ধেয়ে যায় 
সুদুর বন প্রান্তরে লুকিয়ে হৃদয়ে, খণ্ডিত - - 
অনুরণন - - 
* * 
- শান্তনু সান্যাল 

no idea about painter x

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

আঙ্গুলের ফাঁক হতে - -

হয় ত তার কাছে ছিল ঢের আলোক পুঞ্জ,
অগণিত প্রেমের উপহার, উদ্বেলিত 
ভালবাসা, সীমাহীন স্বপ্ন 
শৃঙ্খলা, বোধ হয় 
জীবনাঞ্চল 
ধরে 
রাখতে পারি নি তার সৌগাতের মূল্য !
অঞ্জলির জল কি জোনাকির আলো 
বহে গেছে আঙ্গুলের ফাঁক 
হতে নদীর বুকে 
অনায়াসে,
এক 
গভীর শুন্যে, জীবন খুঁজে চলেছে লুপ্ত -
প্রতিধ্বনি, পরিচিত ছায়ার ঝাঁকে 
আপন মানুষের সন্ধান বা 
নিজস্ব হারানো 
প্রতিচ্ছায়া,
প্রশ্ন 
গুলি মরুযাত্রী, উত্তর লুকিয়ে যেতে 
চায় মরিচিকার বুকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
ART BY ROBIN STREET MORRIS