রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪

পৃথিবী ও আকাশের মাঝে - -

খুলে নি সে হৃদয়ের বন্ধ কপাট, চোখের  
মৌন লিপিতে লিখে গেছে, কিছু 
রহস্যময় প্রতিশ্রুতি, যেন 
মিশরের অবর্ণিত 
সঙ্কেত ! 
পাথরের বুকে চিরকালের জন্য প্রোথিত,
কিছুই বলি নি সে, অনিমেষ ও 
নির্বাক চাহনির মাঝে 
কি যা ছিল 
গোপন, 
জানার ইচ্ছে খুব ছিল, কিন্তু জিজ্ঞেস -  
করতেই পারি নি, তার আনত 
চোখের ছায়ায় গেছি 
হারিয়ে, যেন 
ক্লান্ত 
পথিক খুঁজে তপ্ত দুপুরে একফালি বৃক্ষের
ছায়া, জীবন তখন পুনর্জন্মের 
পথে অগ্রসর, ভুলে যেতে 
চায় অতীতের 
সমস্ত 
নিষ্ঠুরতা, চোখে তখন স্বপ্নের অঙ্কুরণ !
প্রাণে জীবন্ত কবিতার রচনা,
দেহের রন্ধ্রে রন্ধ্রে ভেসে 
যেতে চায় তখন
আবেগী 
ঝরনা, ঠিক পরবর্তী মুহুর্তে নৈসর্গিক -
ভাবে ছোঁয়ার লুকানো অভিলাষ,
হাত বাড়াতেই দেখি সে 
বিলুপ্তির পথে হলো 
অদৃশ্য !
পৃথিবী ও আকাশের মাঝে তখন কেবল 
ভাসন্ত নিবিড় কুয়াশা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by - Nasturtiums - Peggy Flora Zalucha

অন্তরতমের মধুমাস - -

অন্তরতমের মধুমাস রইলো অপ্রকাশিত, 
বাহ্য জগৎ ! বাসন্তী রঙে একাকার, 
তার অনুরাগের গভীরতা 
ছিল কল্পনার বাহিরে,
আমি শুধুই 
এক অনুমানিত ভালবাসা জড়িয়ে বুকে 
বসে রইলাম সারা জীবন, সেই 
আমিত্বের পরিধি বেঁধে 
রাখলো চিরদিন 
অন্ধ গহ্বরে,
তাই বুঝতেই পারি নি, কবে যে পাতা -
ঝরার মৌসুম গেছে ঝরিয়ে, ওই 
জীবনের শুকনো মুহূর্ত - 
গুলি, আমি 
খুলে দেখেই নি কোনো দিন অন্তঃস্থলের 
জানালা, শুধুই বাহির হতে সত্যের 
পরিদর্শন, তাই ছুঁয়ে উঠতে 
পারি নি তার হৃদয়ের 
স্পন্দন, এক 
অপূর্ণ অভিলাষ নিয়ে বুকে, তাই ঘুরে - -
মরেছি নিরন্তর মরু মরীচিকার 
পিছনে অহর্নিশ - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Mark Higden Watercolor Oil Paintings

বন্য পথে - -

না ডুবন্ত, না ভাসন্ত, মধ্যিখানে এই 
নিঃশ্বাস, ভেসে রয় নিসর্গে 
যেন অসংখ্য উপগ্রহ,
তার প্রেমের 
সংজ্ঞা 
খুবই জটিল, এক প্রান্তে বিহানের -  
সূচনা, অন্য দিকে সূর্যের 
অবসান, সকাল ও 
সাঁঝের সন্ধি 
ক্ষণে,
ঠিক অন্ধকার ঘনিয়ে ওঠার আগে,
দেখেছি তার দেহ হতে উঠছে 
অপ্রত্যাশিত অরণ্য 
দহন, ক্রমশঃ 
তীব্রতর,
যখন পাহাড়ের গায়ে ঝরে চলেছে -
মহুয়ার মাদক রস, সে ধরে 
রাখতে চায় আমার 
অস্তিত্ব নিজের 
বুকের 
মাঝে বিক্ষিপ্ত ভাবে, তখন জীবন - -
পুংহরিণ, ধেয়ে যেতে চায় 
বন্য পথে উন্মাদিত, 
অগোছাল 
ভাবে !

* * 
- শান্তনু সান্যাল    

http://sanyalsplanet.blogspot.com/
art by terence mckelin.jpg 2

শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪

সত্যের পারদর্শিতা - -

তার আকুল আকাঙ্ক্ষায় স্পষ্ট ভেসে ওঠে, -
কায়িক অভিলাষ হতে গগনচারী
ভালবাসা, আমি প্রায়ই 
কেঁপে উঠি দেখে 
তার এই 
অপরূপ মায়া, সে ধরে বেঁধে নিয়ে যেতে -
চায়, অন্য কোনো আলোকভেদ্য
জগতে, যেখানে সমস্ত 
কিছু প্রকাশ্য -
সত্য - -
আবরণমুক্ত, ওই মুহুর্তে দেহের সব মিথ্যে  
স্তর যায়, একে-একে খসে, বাসনারা 
তখন, শিশুবত হামাগুড়ি 
দিয়ে হাঁটে, নিরীহ 
চোখে দেখে
পিছনে 
ফেলানো মায়াবী পৃথিবী, মহাসাগরের নীল 
গভীরতা হয় ওঠে জলরং ছবি, নীরব 
যেন ঝুলানো রয়েছে শুন্যে, সব 
কিছু কুয়াশা মুক্ত, সব 
কিছু মনে হয় 
শুধুই 
ক্ষণিক ভালবাসার আলোড়ন, যখন জীবন 
বেরিয়ে আসে ওই আগ্নেয়গিরির 
গহ্বর হতে বাহির, সারা 
দেহ ও প্রাণে তখন 
ঝিলিমিলির 
আভাস,
প্রকৃত অগ্নিস্নানের পরে হৃদয় ভুলে যায় - - 
সমস্ত মান অভিমান, রাগ অনুরাগ,
ফিরে পায় নিজের আসল 
মানবিক অস্তিত্ব,
রক্ত মাংস 
বিহীন 
জীবন তখন হয় ওঠে স্ফটিক শিলা, প্রস্তর 
প্রতি প্রস্তর সত্যের পারদর্শিতা !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by marina petro 2

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৪

http://sanyalsplanet.blogspot.com/
cipher beauty 2

অন্তর্মনের অনুরণন - -

ফিরে আসে অন্তর্মনের অনুরণন -
বারে বারে, সহজ নয় দুরে 
সরে যাওয়া, নিভৃত 
ভাবনার যোগী 
আবার 
খুঁজে জন অরণ্যে হারানো মায়ার 
ঠিকানা, কিছু ভাঙা প্রেমের 
শৃঙ্খল, কিছু শুকনো 
ফুলের গন্ধ, 
দেয়ালে
ঝুলানো স্মৃতি চিহ্ন, ছিন্ন ভিন্ন - -
অ্যালবামের পৃষ্ঠা, জীবন 
করে পুন:স্মরণ, ওই 
শৈশবকালের 
কাগজের 
নৌকো পুনরায় ভাসাতে চায় মন,
কিন্তু মেঘ্মাস বহুদূর, উন্মুক্ত 
নীলাকাশ তখন করে 
অট্টহাস, দীর্ঘ 
অপেক্ষা 
নিয়ে বুকে জীবন বসে রয় একা 
অতীতের দোরগোড়ায়,
কুলুপ আঁটা দরজার 
সামনে, সময়ের 
হাতে 
চাবি গেছে কবে যে হারিয়ে, হয় 
'ত সে জানে, কিন্তু তবুও 
আশার লতা যায় 
না শুকায়ে।

* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
silk painting

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪

উন্মুক্ত জলধারা - -

ওই সজল পারদর্শী ভাবনার পারে 
দেখেছি, তার নিঃশর্ত প্রেম 
হয়ে উঠতে চায়, সদ্য 
মঞ্জরিত অনাম 
ফুলের গন্ধ,
জীবনের ধুসর মরু প্রান্তরে যেন -
ভেসে উঠতে চায় জলপূর্ণ 
মেঘ, তার অনুরাগী 
মন ক্রমশঃ পার 
করে যেতে 
চায় 
অনন্ত প্রণয়ের কিলিমাঞ্জারো, সেই 
সুদুর সাহারার বুকে ঝরে 
যেতে যেন আকুল !
তার বুকের 
জমাট
ভালবাসা, প্রাণ ও দেহে সঞ্চারিত -
করে চলেছে মৃত নদীর 
পুনর্জন্ম, জীবন 
ধরে রাখতে 
চায় -
তার দূরপ্রসারিত উন্মুক্ত জলধারা 
বুকের গভীরতম অঞ্চলে - - 

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
the-glory-of-roses-lacy