মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

সিক্ত অনুভূতি - -

মেঘলা আকাশ আর রাতের অন্ধকার,
তবুও কোথায় যেন এক বিন্দু
আলো, এখনো আছে
আমার নয়নের
তলে !
থাক না, এই ভাবে তোমার প্রণয়ের - -
সজলতা সারা রাত, নীহার
ভেজা শিউলির বৃন্তে,
জানি সবাই যায়
হারায়ে, এই
জগতের
হাট বাজারে, তবুও সাজে নিত্য নতুন
নাগরদোলার রঙীন চক্রাবর্ত !
কখনো তুমি ছুঁয়ে চলেছ
উড়ন্ত গুড়ো মেঘ,
আর কখনো
আমি
চাই ধরতে পৃথিবীর বুকের ঝরা পাতা,
দেখতে চাই বিলুপ্ত বসন্তের কিছু
ছাপ, হয়'ত এখনো আছে
বাকি কিছু সুগন্ধ !
আর তোমার
কম্পিত
হাতের প্রথম পরশের আবেগভরা - - -
অনুভূতি !

* *
-   শান্তনু সান্যাল
 

 http://sanyalsplanet.blogspot.in/
Chris Aiton ~ Mixed media painting

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

অন্তহীন সুড়ঙ্গপথ - -

অনেক দিন আগে, কে যেন অন্তিম বার 
ডেকে ছিল আমায়, ছোটবেলার
ডাক নামে, কোন এক
অলসভরা দুপুরে,
চেয়েছিল
খেলতে চোখের ভাষায় আবেগের খেলা,
ছাদের ওই কোণে আজও বেশ
বিস্তৃত ভাবে আম গাছের
ছায়া পড়ে, আর
ভেসে ওঠে
তার উন্মুক্ত হাসি ভরা চেহারা, ছাদ - -
থেকে নিচে ঝুঁকে, তার ওই
নির্ভয় সুরে ডাক
দেওয়া - -
বহু যুগের পরেও যেন, সারা শরীরে এক
অদ্ভুত সাড়া জাগায় ! তার ওই
গভীর ডাকের সুড়ঙ্গে আজও
আমি খুঁজে বেড়াই
এক ফোঁটা
আলো !

* *
-  শান্তনু সান্যাল



 http://sanyalsplanet.blogspot.in/
flower in light and shade

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

নীল আঁধারে - -

 তুমি হটাৎ যখন করে যেতে চাও
একছত্র দখল, জীবনের সমস্ত
এলোমেলো প্রান্তর, আমি
ভুলে যেতে চাই
সেই মুহুর্তে,
অতীতের বন্ধ্য ভাবনার ঊসর -
ভূমি, তুমি অকস্মাৎ যখন
ছুঁয়ে যাও হৃদয়ের
কোমল তার,
স্পন্দনের স্বরলিপি সহসা বেঁধে
রাখতে চায়, তোমার দীর্ঘ
নিঃশ্বাস, বুকের খুব
কাছে প্রায়
আটকিয়ে, জীবনে কী সব কিছু
আটকানো যায়, আকাশ
সারা দিন ছিল
গুরুগম্ভীর,
সন্ধ্যার মুখে মন চেয়ে ছিল এক
পশলা বৃষ্টি, কোথায় - -
যথারীতি, ছদ্ম
প্রতিশ্রুতি !
এক ফোঁটা মেঘ ঝরে নি, নীল -
আঁধারে তুমি ঠিকই কাছে
এলে, যেন অসময়ে
লেবু ফুলের
গন্ধে, জীবন হতে চায় পুনরায়
উজাড় তোমার জন্যে !

* *
- শান্তনু সান্যাল





 

http://sanyalsplanet.blogspot.com/
hydrous emotion

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

অন্তর্লীন অন্তরতমের মাঝে - -

 সে যখন অন্তর্লীন অন্তরতমের মাঝে,
ঐহিক সুখের পরিভাষা যায়
নিজেই বদলিয়ে, সমস্ত
অভিলাষের তৃষ্ণা
নিজেই খুঁজে
পায়
অমত্র্য ঠিকানা, অন্তহীন গভীরতার
সরসী তখন তরঙ্গায়িত ঠিক
চোখের আগে ! সেই
বিশাল, ঢেউ -
খেলানো
মানস সরোবর করে যায় আবাহন -
নিয়ে যেতে চায় হাত ধরে
পরম মনুষ্যতার পথে,
যেখানে সমস্ত
ভেদাভেদ
যায়
বিলীনতার মুখে, বিগলিত অহংকার
তখন মোক্ষদায়িনী অদৃশ্য নদীর
তীরে, মঠ মহন্ত বিহীন সে
এক আত্মবেদির
আঙ্গিনা,
ফুটে রয় যেখানে মানবিকতার চির
পুষ্পিত ফুলের গুচ্ছ - -

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by rajeev kumar - India

মৌন হাহাকার - -

অন্তর্তমের সৌন্দর্য্য চিরস্থায়ী,
সময়ের আলো - ছায়ার
প্রভাব যেখানে
নিষ্ক্রিয়,
মৌসুমের অনুযায়ী নিখিল -
প্রকৃতির রূপান্তরণ !
অমর লতার
কল্পনা
থাক যথারীতি বুকের মাঝে,
ফুলের নিয়তি তিন
অধ্যায়ে লিখিত,
প্রস্ফুটন,
গন্ধ বিস্তারণ, এবং পরিশেষে
জমির সাথে আলিঙ্গন !
তোমার প্রেম
জানি
অমূল্য অঙ্গুরী তাই সাবধানে
ছুঁই অভিলাষের ফেনা,
অন্যথা রত্ন বিহীন
অনুভূতির
মূল্য
কিছুই নাই, শুধুই অন্তরে এক
অসমাপ্ত মরুভূমির উষ্ণতা
আর মৌন হাহাকার !

* *
- শান্তনু সান্যাল



http://sanyalsplanet.blogspot.in/
art by barbara fox

নিশিগন্ধার সুরভি - -

সারা রাত সে খুঁজেছে ভাঙা তারকা,
সারা রাত ঝরেছে নিশিগন্ধার
সুরভি শিশির বিন্দুর
সাথে, তার দীর্ঘ
নিঃশ্বাসে
ছিল লুকিয়ে কোথায় যেন আমার -
ব্যথা ভরা স্বরলিপি, সারা
রাত বেজেছে বেহালা
নীল পাহাড়ের
পারে - -
বারংবার ফিরে এসেছে তার গানের
অনুরণন, বহু টুকরো হয়ে !
বারেবারে সে তুলেছে
সিক্ত ভাবনার
ফোঁটা - -
মোজাইক মেঝ হতে, সারা রাত - -
ভেসেছে কুয়াশাময় মিহি
কণার মেঘ, বুকের
মরুভূমি ছুঁয়ে,
সারা রাত
সে বুনেছে স্বপ্নজাল একাকী, উন্মুক্ত
আকাশের নিচে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
artist Catherine Klein

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

জীবন্ত অভিলাষ - -

জানি না তার চাহনির রহস্য, কোন
কুয়াশা ভরা পথে, চিনারের
বনে, নীরব নিশীথে,
চাঁদ ঢলার
ঠিক
কিছু ক্ষণ পরে, সে ছুঁয়ে গেছে পরশ -
মণির চমৎকারী পরশে, হঠাৎ
দেখি জং ধরা সারা
শরীরে সুবর্ণ
প্রতিচ্ছবি,
ভেসে উঠতে চায় প্রণয়ের বিস্ময়কর
আলো অঙ্গ প্রত্যঙ্গে ! যেন শাপিত
পাথর খুঁজে পেয়েছে পূর্ব
জন্মের জীবন্ত
অভিলাষ,
অথবা, তার চোখের অগম গভীরতা
টেনে রাখতে চায় আমার ত্রিভুবন
নিজের গুপ্ত অতলে চিরতর
ভাবে একাত্ম লয়ে।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
White Azaleas by Sherry Roper