শুক্রবার, ১২ মে, ২০২৩

অন্য কোনো সময় - -

এখনো অনেক কিছু অনাবিষ্কৃত, অনেক
কিছু অস্পৃষ্ট, শুধুই চোখের পরশে
দেখেছি জীবনের আলো ছায়া,
এখনো অনেক কিছু আছে
দাবি দেনা। তাই ভীরু
মন চায় কিছু
মন্থর হোক
জীবনের দ্রুতবেগ। এখনো অনেক পথে
আছে অপেক্ষারত সহযাত্রী, এখনো
জীবন খুঁজে পাই নি আকাঙ্ক্ষিত
বাসভূমি। সেই একটানা
যাযাবরবৃত্তি, তাই
মন চায় কিছু
ধীরে
চলুক জীবনের দ্রুতগামী ট্রেন। এখনো
আমার নিঃশ্বাস মিলে নি তার
নিঃশ্বাসে, সম্ভবতঃ, আমি
এখনো পরকীয় তার
কাছে। এখনো
অনেক
তটবন্ধ আছে ভাঙ্গনের পথে, এখনো - -
বন্য নদীর ধারা বাঁধতে পারি নি
আমি। এখনো তুমি আছো
একটু অচেনা, কাজেই
কিছু আরও
সময় যদি পেতাম পুনরায় ভালবাসতাম
তোমায় - -

* *
- শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

অন্তহীন সন্ধান - -

এ কেমন মায়া জাল, নিজের প্রতিচ্ছায়া
ঠাওরান করা মুশকিল, বহিরাগত 
অস্তিত্ব নিয়ে, জীবন চেয়ে 
রয় বিস্ফারিত 
চোখে 
আয়নার মুখোমুখি, ওই নিস্তব্ধ মুহূর্তে -
হৃদয় চায়, শুধু এক মুঠো আলোর 
দান, খাঁচায় বন্দী পাখির 
ডানায় যেন মুক্তির 
পরশ, শাপিত 
পাথরের 
বুকে বিলুপ্ত কম্পনের অনুভূতি, অদ্ভুত 
তখন মনঃস্থিতি, এক দিকে দৈহিক 
প্রণয়ের আগুন, অন্য দিকে
দিব্য চিতা ভস্মের 
অদৃশ্য দহন,
এমন 
সময়ে ভেবাচেকা জীবন খুঁজে পায় না 
কোনটা বাস্তবিক, আর কোনটা 
যে নকল জগৎ, আবছা 
আলোর মাঝে প্রাণ 
ধেয়ে যায় 
বহুদূর 
রঙ্গীন মরীচিকার পিছনে, বুঝতেই - -
পারে না, কোনটা দিগন্ত রেখা 
আর কোনটা সহজ 
ভালবাসার 
সকাল |

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
japanese art

বুধবার, ১০ মে, ২০২৩

শাশ্বত চুক্তি - -

এখানে শূন্যতা যায় হারিয়ে ভরে উঠে
জীবন, তার চোখের আলোর 
নির্ঝরে একরাশ, 
এখানে পথ 
যায় 
উদ্ভাসিত ভাবনার দিকে, ফুটিয়ে - - 
অজস্র রঙের স্বপ্নের বীথিকা,
এখানে শুধুই প্রেম 
চায় অনাবিল 
অনুরাগ,
নিঃস্বার্থ বিনিময়, অবিরাম বিশুদ্ধতা !
এখানে দেহের উপরে আত্মার 
দস্তখত প্রতীয়মান,
শাশ্বত চুক্তি, 
অপার 
উজ্জ্বলতা, সর্ব অভিলাষের উপসংহার.
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

Artist Graham Gercken.

মঙ্গলবার, ৯ মে, ২০২৩

সাপ সিঁড়ির খেলা - -

 
ভোরের পূর্বে কিছু পুষ্প গেছে ঝরে 
ঝিলের স্থির পৃষ্ঠতলে, ভাসন্ত 
স্বপ্ন জেগে আছে বোধ হয় 
এখনো নীল সুপ্ত লহরে, 
ভবঘুরে, জংলী 
নিশুতি 
রাত, ঘুরে বলগা বিহীন রহস্যময় বন -
পথে, দেখি তুমি দাঁড়িয়ে আছ 
অবিশ্রান্ত, ওই কাঠের 
পুলের উপরে, হয় 
ত তার নীচে 
প্রণয়ের 
নদী বহে যায় অপ্রত্যাশিত স্বপ্ন সাগরে !
কল্পনার পরিপার্শ্ব বলে যে তোমার 
দুটি নয়নে লুক্কায়িত রয়েছে 
অনন্য সম্মোহন, নিঃশব্দ
জোরপূর্বক ডেকে রয় !
যদিও তুমি কোনো 
দিন ওই ভাবে 
ডেকো নি 
যে এক ইশারায় আমি দুনিয়া পরিত্যক্ত 
করে যাই, অথচ আত্মা তোমার 
দখলে, নিরবতার গভীরতায় 
রয়েছে মহা প্রহেলিকা, 
আমি দাঁড়ানো 
সিঁড়ির খুব 
কাছে,
জানি শীর্ষে রয়েছে সর্পের রঙ্গীন ফণা !
সময়ের হাতে রয়েছে এই জীবনের 
খেলা, সাপ সিঁড়ি কিংবা
কোনো ভিন্ন নাম,
কি বা তফাত,
সেই প্রেমে 
আছে বিষ কি সুধা, শুধুই নিয়তির বুকে 
আছে সত্য যেন ঢাকা, এক কুয়াশা 
হতে আগমন অন্য কুহেলিতে 
যেন ফিরে যাওয়া, এই 
জীবন উপত্যকা 
চিরকাল যেন
মেঘাচ্ছন্ন,
ভাসা ভাসা, তোমার প্রণয়ের সূর্যে রয়েছে 
অল্পকালীন জীবনের আনন্দোত্সব,
নতুন দিনের পরিকল্পনা, কিছু 
জলরঙে আঁকা ভালবাসার 
অস্পষ্ট কিন্তু সুন্দর 
অধর ছোঁয়া 
অনুকৃতি,
আলিঙ্গনবদ্ধ দুই দেহের একাত্মতা, পূর্ণতা !

- - শান্তনু সান্যাল

শনিবার, ৬ মে, ২০২৩

নিয়তির আঁচল - -

সাদা ও কালোর ওই চিরন্তন সত্য, -
চিরদিনই রইলো অজানা, বহু
বার আমি, ছকের শেষ -
প্রান্তে দাঁড়িয়ে, খুঁজেছি
জীবনের বিলুপ্ত
প্রতিশব্দ !
আর শূন্য হাতে ফিরে এসেছি নিজের
বৃত্তে। দেখি সমস্ত আন্তঃসম্পর্ক
কেমন যেন গুটিয়ে নিতে
চায় নিজেদেরকে
এক নির্দিষ্ট
সীমানায়, তখন আমি কিছু আশাহীন
বৈকি, তবুও হাল ছাড়তে চাই নি।
পুনরায় শিখতে চাই হৃদয়
জেতার শিল্প, জীবন
সেই মুহূর্তে খুবই
অনুগ্রহী,
মৌন ভাবে যেন আমায় উস্কিয়ে যায়,
আর আমি, আবার সমস্ত মনের
ফাটল লুকিয়ে নিতে চাই,
এখানে হয়ত আমি
একটু স্বার্থপর,
আমিই
কেন, সবাই এই দুনিয়ায় প্রত্যক্ষ বা -
পরোক্ষভাবে আত্মকেন্দ্রিত, সবাই
চায় নিজের ভাগের খুশির
উপভোগ, কেউ পায়
অল্প আর কেউ
একরাশ,
যার যত বড় নিয়তির আঁচল - - - !

* *
- শান্তনু সান্যাল   

শুক্রবার, ৫ মে, ২০২৩

অন্তর্মনের অনুনাদ - -

 জীবন শুধুই নয় সীমাবদ্ধ সোনালী ফ্রেমের
চতুষ্কোণে, কিছু আগাছার গায়ও ফুটে
রয় অদ্ভুত সুন্দর ফুল ! অনেক
সময়ে আপন মানুষ ভুলে
যায় আপন জনের
ঠিকানা - -
আবার অনেক সময়ে, পরকীয় মানুষ হয়ে -
ওঠে অনাহূত মসীহের প্রতিরূপ ! তুলে
ধরে পড়ন্ত মানুষের রক্তঝরিত
দেহ খানি । ওই  অদৃশ্য
আত্মীয়তা বেঁধে
রাখে নিজের
বুকে মানবিকতার চির ভাবনা, তাই এখনো
পৃথিবীর সৌন্দর্য ক্ষয়ে যায় নি, এখনো
বহু মানুষের বুকে সংবেদনার লহর
আছে বাকি, এখনো বহু
মানুষের চোখে
ধর্মের ওই
রঙ্গীন চশমা অর্থহীন, তারা বিচার করে শুধুই
অন্তর্মনের অনুনাদে।

* *
- শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

সুজন মানুষ গেল যে কোথায়

বুকে জড়িয়ে সেই বোবা বিগ্রহ, কে তুমি হে !
বিষন্ন বৈষ্ণবী, ঘাটের চাতালে বসে 
কার লাগি পথ চেয়ে আছো, 
ডুমুর ফুল ফুটে ছিল না 
কি, কেউ ত দেখি 
নি, জানি না 
কেন 
নিঝুম রঙ্গীন সাঁঝে ফেলে চলেছ আঁখি জল,
তার প্রেমে ছিল দৈহিক গন্ধ, তাই 
সহজে ফুরিয়ে গেল, নদীর 
এক ডুব জলে, হৃদির 
সেই শূন্যে  ভরতে 
পারি নি,
অনন্ত উপাসনার মর্ম , শুধুই মধুকর হয়ে 
ঘুরে গেছে ফুলে ফুলে, গন্ধে গন্ধে 
ভরা শ্রাবণে যেন রইলো সে 
তৃষিত, অতৃপ্ত, তথাপি 
অন্তরে ছিল  সুধা 
প্লাবিত ভুবন, 
বাহিরে 
খুঁজে গেল সে আজন্ম, সুজনের প্রেমে অন্ধ 
লুটিয়ে গেছে দেহ ও প্রাণ, মনের 
গুপ্ত গর্ভ গৃহে সে পাই নি তার 
দেখা, বহুধা সোহাগ 
ঢেকে অন্ধকারে 
সে ফিরে 
এসেছে উদাস মনে, রাধা ও মীরার মাঝে 
খুঁজেছে সে তার হারানো পরিচয়,
অলৌকিক ও লৌকিক জালে 
জলবিহীন মাছের যেন 
নিয়তি, প্রাণ প্রতিষ্ঠা 
সদাই রইলো 
অপূর্ণ, 
বৃথা গেল দেহের উষ্মা, নিবন্ত অষ্ট প্রহর 
জ্বলে নি মনের প্রদীপ, ভাসন্ত সুখ 
গেছে উড়ে যেন এক শাপিত
স্বর্গ,  হাতছাড়া জীবন 
এখন খুঁজে বেরোয়
 খাঁটি প্রণয়ের 
হদিস, বিক্ষিপ্ত ভাবনা নিয়ে উড়ে যায়  শুষ্ক 
মেঘ, আকাশ পথে জানি না 
কোথায়  - - - 

-- শান্তনু সান্যাল