মঙ্গলবার, ১৯ জুন, ২০১২


ডুবন্ত আঁখির তীরে - - 
সে আজ ও চেয়ে থাকে ডুবন্ত আঁখিতে; আমি 
আজ ও অভিমন্ত্রিত তার শাশ্বত
সম্মোহনে, সে এক দাগ 
বিদারণ, ঢাকতে 
গিয়ে খুলে 
যায়
বারে বারে হৃদয়ের আবরণ, সে আজ ও কাল
বৈশাখী, ধরে রাখি বুকে আমি তৃণ 
কুটির সাধারণ, তার চাহনির 
গভীরে  জীবন ভেসে 
উঠে, নিয়ে নব 
কামনা, 
আমি সান্ধ্য তারা থাকিতে চাই তার নয়নে,
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/



Painting by John Cox 

সোমবার, ১৮ জুন, ২০১২


সুদুর কোন প্রান্তরে - -
অনেক দূরে, পৃথিবী ও শুন্যের মাঝে, দিগন্ত 
রেখার উপরে, কে নীল রঙ্গে লিখে যায় 
জীবনের নিখোঁজ কবিতা, মেঘের 
গায়ে ভেসে উঠে, কার আর্দ্র 
ভাবনার আঁখি, ঝরে 
বিন্দু বিন্দু 
সারা
রাত আকাশ, চেপে রয় বুকে দহন জ্বালা, কে 
সে চির বিরহিনী করে আপনমনে 
চিতা ভস্মের শৃঙ্গার, কার 
সুরে ভেসে রয় মৃদু 
নিশিগন্ধার 
সুরভি, 
কোন রাতজাগা পাখির ডাকে কেঁপে উঠে 
মালতী বৃন্ত, জানি না কার সন্ধানে 
উড়ে যায় ভাবনার মেঘ দল,
কার মরু অঞ্চলে চায় 
অঝর বর্ষণ, 
জীবন 
শুধুই খুঁজে যজ্ঞের বেদী, শুন্য হাতে লয়ে 
প্রণয়ী অর্ঘ্য - - 
- শান্তনু সান্যাল
painting by Jessica Libor

রবিবার, ১৭ জুন, ২০১২


চাণক্যের দেশের মানুষ - - 
তারা সবাই চাণক্য, উঠিয়ে ফেলে নিজের পথের কাঁটা 
অন্যের প্রাঙ্গণে, অন্যান্য নিরুদ্ধ প্রতিবেশী বাস 
করে নিরব রূপে বিষধরের পাসে, ওই 
গর্তের ভিতরে নাকি আছে 
অগণ্য মণি মাণিক,
বিষরোধক 
কে বা 
আছে যে ছুঁতে যাবে মারাত্মক খোঁচা, শুধুই অবেলার 
ক্রান্তি নিয়ে বুকে, ঘুরে ফিরে আসে মিছিলের 
পুরোধা, যখন গাছের সমস্ত কলরব 
যায় থেমে, আঁধারে বেশ গল্প 
করে, নব অনুবন্ধ করে, 
আরো বিষ ঢালে 
পড়সির বুকে,
ঘুমন্ত গর্তের বাসী জানতেই পারে না, অপ্রত্যাশিত 
দাবানল কোথায় হতে উঠলো, শুধুই 
নিয়তির অভিশাপ ভেবে, করে 
দেশান্তর সারাটা জীবন,
হয় উঠে কালান্তরে 
পথের মানুষ,
উদ্বাস্তু,
নিজের দেশে, নিজের ভূমির দলিল তারা আর খুঁজেও
পায় না - - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Painting by Leon Richet 

শনিবার, ১৬ জুন, ২০১২


বহিরাগত আপনজন 
সমস্ত গণনা, যাবতীয় ভবিষ্যদ্বাণী কিছুই কাজে 
লাগে নি, নিয়তির আগে হস্ত রেখা ছিল 
নির্বাক, যখন থামল সময় চক্র;
আপন পরের বিরোধিতার 
মাঝে অকস্মাত সে 
উধাত্ত, লুপ্ত -
প্রায় !
সেই জীবের ইষ্টিপত্র পাতায় শুধুই রয়ে গেল তার 
আবছা নাম, সময়ের সঙ্গে সেও গেছে সরে 
উপান্ত রেখার বাইরে, মৌসুমের 
পরিবর্তনের সাথে সে 
এখন স্মৃতির 
আঁধারে 
রয়েছে অবহেলিত পড়ে, মাঝে মধ্যে সে দাঁড়িয়ে 
রয়ে কাচের দরজার পারে, সব কিছু দেখে 
স্পষ্ট, হাসি খুশির ঢেউর মাঝে সে 
খুঁজে তার চেহারা, শৈশব 
থেকে অন্ত প্রহর 
পর্য্যন্ত, 
কই, সে ত কোথাও নাই, শুধু এক শুন্যতা ঘিরে 
রয়েছে চারদিকে, উত্সবের শেষে, সব 
পরিচিত হাসির মাঝে, সে তুলে 
চলেছে অদৃশ্য, মেঝের 
উপরে ছড়ানো 
কিছু 
কাচিক টুকরো, ভালবাসা কি স্বপ্নের খণ্ডিত বহু 
অংশ, বোঝা মুশকিল - - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
stairs 1 

শুক্রবার, ১৫ জুন, ২০১২


পতঙ্গের জীবনী 
ওই মুখোশের খেলা খেলতে গিয়ে দেখি; 
যা কে ধরেছি বন্ধ চোখে সে আর 
কেউ নয়; আমার অভিন্ন 
বন্ধু, নিয়ে হাতে 
আগ্নেয়
অস্ত্র খানি; পথ চেয়ে আছে  আমার, ওই 
অন্ধকুপে ঠেলে সে এখন কৃত্রিম 
অশ্রুময় চোখে দেখাতে 
চায় নিজেকে 
নিষ্পাপ,
তার বিষাক্ত সৌন্দর্য্যের কাহিনী কোনো 
কল্পনা নয়, লাটানা ফুলের গায়ে 
সে ঘুমিয়ে রয় পুষ্পরজ 
মেখে সমস্ত দেহে,
একাকার, 
মৃগ বৃন্দ ধেয়ে যায় যেমন জীবান্তকের 
মুখোমুখি, নিরীহ ভালবাসা আমার 
থামতে চায় না বিঁধে বুকের
মাঝে অগ্নি শূল, সেই 
মধুর ব্যথায় 
আছে 
লুকানো মৃত্যু উপরান্তের জীবন - - - 
- শান্তনু সান্যাল 
latana flower 



বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২


পরম সত্য
উপান্তে ফেলানো ওই প্রস্তর খণ্ডের মাঝে ও
আছে অজানা নিঃশ্বাসের জগত, নদীর
অভিমান; শ্রাবণ ধারায় সীমাবদ্ধ,
উষ্ণকালে গুটিয়ে যাওয়া
তার নিয়তি, সে
অনুপায়,
সৃষ্টির ভাষা খুবই দুরূহ, হিমশৈলের নিচে
ভেসে রয় জলজ পৃথিবী, কপালের
তরঙ্গে অগোচর ডুবো নৌকা
কখন যে উত্থিত হয়ে
উঠবে কেউ তা
কি জানে,
জীবনের গন্তব্য অনেক সময়ে সম্মুখীন,
তাদের অবহেলিত চোখেই লুকিয়ে
ছিল সফলতার দৃষ্টান্ত, যে
খুঁজে পেল সেই অমূল্য
মণি, তার ভাগ্যে
আছে রাজত্ব
অবশ্যম্ভাবী, হয় ত আজকের দিন তোমার,
আঁধার পেরিয়ে সূর্যের আগমন
কিন্তু পরম সত্য - -
- শান্তনু সান্যাল

flowers 1

বুধবার, ১৩ জুন, ২০১২


সংকোচনের অর্থ 
সূর্যের নিমজ্জনের পরে ভেসে উঠে ছিল 
রঙ্গীন সান্ধ্যধারা, আলোর স্রোতে 
দু কূল ভাসিয়ে ধরতে চেয়ে 
ছিলাম তার ভাসন্ত 
প্রতিচ্ছবি, 
সাগর পারের স্বপ্নগুলো খুবই জেদী, 
জোর করে রেখে গেছে নানান 
পুষ্পিত ভাবনার ঝুলি, 
মখমলি আবরণে 
মোড়ানো 
কিছু প্রণয় গন্ধ, কিছু মধুর প্রতিশ্রুতি, 
বালিশ তলায় জেগে আছে 
স্মৃতির অ্যালবাম
কিছু শ্বেত 
শ্যাম 
জীবনের ছবি, হয় ত মধ্য রাতে হেঁটে 
যাবে ভালবাসা; বুকের পাঁজর 
পার করে, খোলা জানালা 
পেরিয়ে, জোছনার 
দেশে, তুলতে 
কিছু 
বন্য কুসুম, ভরতে হৃদয়ে নব সম্মোহন,
জানি না সকালের আগে ফিরে 
পাবে জীবন হারানো 
নিঃশ্বাস, তার 
লুপ্তপ্রায় 
অনুমোদন, আশার নদী অনবরত সজলা,
সংকোচনের অর্থ বোঝে না - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
  
night 1

Art Print by Dan McCarthy