শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

প্রচ্ছায়ার দেশ


সেই নিথর রাতের অলস সন্ধিক্ষণে, নিঃশ্বাসের 
বিনিময়ে, জীবন খুঁজে পেয়েছিল অমূল্য, 
রঙ্গীন শুক্তির খোল, গাঢ় আঁধারে 
তার প্রণয় বিন্দু, হতে চেয়ে 
ছিল শাশ্বত মুক্তোর
শ্বেতাভ রশ্মি,
তাই 
ভাবনার ঢেউ নিয়ে হৃদয় এগিয়ে ছিল বহুদূর !
মৃন্ময় দেহের বাহিরে ছিল বোধ হয় সেই 
অভিলাষ, কোথায় যেন আবেগের 
আকুল তরঙ, ছুঁতে পারি নি 
ক্ষয়িত কিনারা, ফিরে 
এসেছিল উদাস, 
মাঝ 
প্রবাহে বারংবার, মাটির প্রদীপ সেই রাতে - 
নিভে গিয়েছিল বিহানের অনেক আগে,
ভীরু স্পন্দন চেয়ে ছিল বলতে 
ব্যথিত মনের মর্ম, কিছু 
অপ্রকাশিত জীবনের 
আবছা পৃষ্ঠ !
তার 
পরাস্ত মনোভাব দেখে জোছনা ফিরে গিয়েছিল  
অজানা কোন প্রচ্ছায়ার দেশে - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by Anne Marie Spears

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

প্রায়শ্চিতের পথ

সম্মুখীন আছে গুপ্ত, পরিত্রাণের সিংহ দ্বার !
অকিঞ্চন মন খুঁজে বেড়ায় চার দিকে 
ক্ষিপ্ত হৃদয়ে অপর পার, এখানেই 
বসতি করে স্বর্গ নরকের 
নাগরিক, সব কিছু 
পূর্ব সিদ্ধান্তের 
অধীনস্থ,
গ্রহ নক্ষত্র, গণনার ছক পার করা কি এতই 
সহজ, ওই রাঙা হাতের ছাপ আছে 
অঙ্কিত, কালের গায়ে চির -
স্থায়ী, দেহের চমক 
সাময়িক মাত্র,
কখন যে
যাবে ধুয়ে কে জানে, আরশির মৌন ভাষা -
বিষ ডুবো তীর, ব্যথিত করে যাবে 
অন্তর্মনের পলকা ধরাতল, 
তখন জীবন খুঁজবে 
অদৃশ্য শাপের
উদ্গম,
প্রায়শ্চিতের পথ, দীনহীন মানুষের নেত্র বিন্দু,
রাঙা হাতের মূল স্থান - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
sunset-wave art by O'Leary

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

শেষ আলো

শেষ মরীচির স্পর্শ, যখন ভাঙা প্রাচীরের  
গায়ে লিখে গেছে সাঁঝের ইতিকথা,
আঁধারের প্রতি মায়া গেছে 
বেড়ে, তার প্রণয়ী
চোখের জলে 
দেখেছি 
কিছু ডুবন্ত নৌকার প্রতিচ্ছায়া, অনেক -
কাছে এসে ও ছুঁতে পারি নি, সে 
তখন অধুনালুপ্ত নদীর এক 
হারানো কিনারা, সে 
ফিরিয়ে দিয়েছে 
রিক্ত হাতে 
বৃষ্টির 
আমন্ত্রণ, গুটিয়ে নিয়েছে নিজে কে নিজের 
ভিতরে যেন ভূগর্ভস্থ মৃত জল ধারা, 
হয় তো খুঁজে পেয়ে থাকবে 
পাষাণী ঢালের রাস্তা,
বুকে নিয়ে উষ্ণ 
তটভূমি,
আমি শুধুই এখনো তপ্ত বালুকা বেলা, উদাস 
চেয়ে রই উড়ন্ত শ্বেত মেঘের ভেসে 
যাওয়া - - - 

- শান্তনু সান্যাল
painting by Harry Brioche

শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২

অবুঝ প্রহেলিকা

ফিরে যেতে হয় এক দিন মৌন, ইচ্ছা অনিচ্ছার 
প্রশ্ন রয় যায় বুকের ভিতরে, অদৃশ্য মায়ার 
ডোর ! খুবই কাঁচা হালকা টানে, যায় 
সহজে ছিঁড়ে, তাকে নিয়ে কত
কিছু ভাঙ্গা গড়া, শীশ -
মহলের ছড়ানো 
রূপকথা,
চালাঘর হতে বিস্তৃত শ্বেত পাথরের প্রাসাদ, যখন -
ডাক পড়ে, সব কিছু,যা যেখানে, যেমন আছে, 
নিমেষে ফেলে চলে যেতে হয়, একাকী -
সুদুর আবছা পথে, সেই অন্তহীন 
যাত্রার ছায়াময় সহযাত্রী 
বলতে কিছুই নাই, 
শুধু স্মৃতির 
পৃষ্ঠে অঙ্কিত কিছু অপ্রকাশিত নিঃস্বার্থ ভাবনা, 
কিছু ধুলিমলিন পবিত্র ভালবাসা, জীবনের 
কিছু পরোপকারী মুহূর্ত, জোনাকির 
রূপে ভেসে রয় মহাশুন্যে !
ক্রমশঃ পৃথিবী তখন 
ইতিহাসের 
অবুঝ 
প্রহেলিকা, বহুদূর যায় হারিয়ে - - - - - - - - - - 

- শান্তনু সান্যাল 
paintings by Osnat 

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

উপকুলের ঠিকানা - -

নিভৃত শেষ প্রহরে, জেগে উঠে মনের প্রতিচ্ছায়া !
আসুরিক আয়নার মাঝে তখন জীবন করে
ছটপট, আসক্তির কস্তুরী ঝরে বিন্দু 
বিন্দু, অতিরিক্ত পিপাসা ঘনিয়ে 
আনে তার প্রণয়ের ঝঞ্ঝা, 
প্লাবিত দেহ ও প্রাণে 
অগোচর শক্তির 
সঞ্চার,  
অর্ধেক নিমগ্ন তরণী যেন খুঁজে উপকুলের ঠিকানা, 
সাধু অসাধুর ভেদাভেদ নিমেষে যায় হারায়ে,
ওই প্রকৃত সত্যের মাঝে লুকিয়ে রয় 
সৃষ্টির সৃজন, মাটির নিচে বীজ -
কণার উত্সর্জন, প্রথম 
কিরণের অপেক্ষা !
নব পল্লবের 
বাসনা,
জড়িয়ে বিশাল বৃক্ষ, আকাশমুখী উঠে যাওয়া, -
জলা ভূমি পেরিয়ে সুদুর বনানীর পথে 
পাড়ি দেওয়া, উন্মুক্ত পৃথিবীর  
আবরণ বিহীন শরীরে, 
যেন অন্তরীক্ষের 
শুন্যে !
নিরন্তর ভেসে যাওয়া, অবাক নীহারিকার আলো,
ঝিমন্ত আকাশগঙ্গা, পিঙ্গলবরণী চাঁদের 
ক্রমশঃ বিলুপ্তিকরণ, অধর তীরে 
সঘন মেঘের নেমে আসা, 
বৃষ্টির অনিবার
রূপে বর্ষণ, 
স্বপ্নময় 
কিন্তু বাস্তবিক উপত্যকায়, বহু ক্ষুদ্র  জল স্রোতের 
অকস্মাত অধিজনন, কলকল ধ্বনির সাথে 
নিম্নাঞ্চলে একরাশ বহে যাওয়া - - - 

- শান্তনু সান্যাল
Painting by Ivan Konstantinovich.jpg








বুধবার, ২২ আগস্ট, ২০১২

অক্ষধুরা


যেথা চন্দ্র সূর্য্য, না আকাশগঙ্গা, নিঃসীম আঁধার !
অনুধাবিত অসংকৃৎ আহ্বান, না ছায়া না 
কোনো মায়া, অন্তবিহীন ওই পথের 
উন্মন্থন করে আপন মনের 
খেলা, না বন্ধু, নাহি 
আত্মীয় স্বজন,
একাকী 
অদৃশ্য দেহভৃৎ, অনবরত বিস্মৃত আলোর সন্ধান !
না দেবালয়, নাহি ঋত্বিকের মন্ত্রোচ্চার, ওই 
পন্থে সমস্ত মোহের অবসান, যেন কর -
তলের জোনাকি পেয়েছে মহা -
অভয়দান, মুক্ত সর্ব 
বন্ধন, নাহি
যেথা 
প্রণয় ও ক্রন্দন, আবরণ বিহীন পাখি তবু উড়ে 
যায় অচিন দিগন্তে, ফিরে আসে সমস্ত জ্ঞাত 
অজ্ঞাত অনুরণন, চারদিকে অসমাপ্ত 
নীরবতা, জন্ম মৃত্যুর মহাচক্রে 
দোলায়মান বর্তমান,অতীত,
ভবিষ্যত, নিয়তির
হাতের দড়ি 
খুবই জটিল, সন্ধি বিগ্রহের অজানা দৈবক্রমের 
ভাষা বোঝে না, যেন সর্বদা সে ঘুর্ণিত 
নিজের অক্ষধুরায় একটানা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

mystic moon - courtesy Jackie rose 

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২

মাস্তুল স্পর্শে - - -


আকুলতার মর্মে ছিল জানি না কি যে চুম্বকীয় 
আকর্ষণ, খালি পায়ে যেন হেঁটে গেছে 
নির্বস্ত্র জীবন গায়ে আঁধার ঢেকে, 
একাকী বহু দূর রক্ত ঝরিত
পদক্ষেপে, অনেক বার 
বুঝিয়ে ছিল 
দর্পণ,
ওই সঙ্কীর্ণ, প্রতিফলনের আলোয় আছে শুধুই 
মায়াবী জগত, এমন একটা সুড়ঙ্গ যার 
প্রবেশদ্বারে অঙ্কিত, আগমের তীর -
সংকেত আছে বিদ্যমান, কিন্তু 
প্রস্থানের গুপ্ত পথ উধাত্ত !
দুই মেরু বিন্দুর 
মাঝখানে 
অনন্তকালের কুয়াশাচ্ছন্ন, আবছা প্রাচীন -
সেতু বুকে নিয়ে স্বপ্নের দুনিয়া, যেন 
আছে সৃষ্টির উদ্গমের মুখে 
যথারীতি, ঝুলন্ত 
ভাবে !
তার প্রনয় প্রবাহে ভেসে গেছে হৃদয়, কোনো 
কিছু চিন্তা না করে, বহু ত্রিশুলমুখী 
স্ফটিক শিলার উপরে 
সংজ্ঞাহীন দেহে, 
সুদুর পৃথিবী
আকাশ
শুন্যের অপর পারে, যেন ভূগর্ভস্থ জল ধারা 
বহে যায় এক রাশ অজানা উজানের 
পথে, যখন নির্গলিত দেহ ও প্রাণ  
পৌঁছল মহাসাগরের তীরে !
দেখি নোঙ্গর বিহীন 
নৌকা দুলে বলে 
ওই যে -
কিসের দ্বিধা, ছুঁয়ে যাও একবার অন্তর্মনের 
মাস্তুল, হয় ত ত্রাণ পাবে আমার 
সিক্ত বুকে - - - 

- শান্তনু সান্যাল 
alone boat - no idea about painter 
http://sanyalsplanet.blogspot.in/