রবিবার, ৯ জুন, ২০১৩

বৃষ্টি থামার পরে - -

আলো অন্ধকারের ওই লুকোচুরির নেপথ্যে 
দাঁড়িয়ে রয় জীবন অদৃশ্য একাকী,
দেখে যায় নিঃশব্দ সব কিছু,
শ্রাবণী মেঘের পৃথিবীর 
বুকে অবতরণ, 
সারা রাত 
একটানা বিশোষণ, বিহানের পূর্বে আকাশ -
যেন অবাক রিক্ত বক্ষে, শুন্য নয়নে 
চেয়ে আছে অন্তঃস্থলের 
যথারীতি অশমিত 
অগ্নিশিখা !
ভেসে উঠছে জলীয় বাষ্পের কুয়াশা চার 
দিকে, পুরাতন বাকল খুলে নিসর্গ 
এখন চায় পুনর্জীবন, তাই 
এক বিন্দু সূর্যের 
কিরণ !
এই মুহুর্তে শাশ্বত, কল্পলোকের অমৃত সম,
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by john-cocoris

শুক্রবার, ৭ জুন, ২০১৩

অনিঃশেষ অভিলাষ - -

অনিঃশেষ তার অভিলাষ, মৌসুমের বদলে 
যায় না কোন ভাবেই বদলিয়ে, সে 
এক অপরূপ ব্যথা ! সাজিয়ে 
রাখতে চায় জীবন 
অন্তর মহলে,
খুবই 
সাবধানে, যেন বহুমূল্য কাচের পুতুল না -
যায় ভেঙে, তার নীরব চোখে লুকিয়ে 
আছে তুমুল কোলাহল, এক 
চাপানো আন্দোলন,
সর্বস্ব হারিয়ে 
ফিরে 
পাওয়ার অদম্য বাসনা, অবাধ্য ভালবাসা !
জোর করে টেনে আনা নিজের 
জীবনে, বৈধ অবৈধ 
পরিভাষার 
বাইরে 
সে এক অনন্ত সমবর্তন, পরিপূর্ণ চুম্বকে - - 
অস্তিত্বের পরিবর্তন !
* * 
- শান্তনু সান্যাল 

rainy night

মঞ্জরিত ভালবাসা - -

স্বপ্নগুলোর প্রবঞ্চনা অনেক সময় ভালই লাগে, 
যদি সে ঝরে তোমার চোখ হতে ! জানি 
সেই কুহক ভরা পথে আছে বহু 
দহন জ্বালা, তবুও জানি 
না কেন মন ছুটে
যায় সুদূরে -
ওই প্রাণঘাতী উপত্যকার দিকে, বুকে নিয়ে -
এক অদ্ভুত আকুলতা, প্রাচীন মরু -
ভূমির এক জ্বলন্ত তৃষা !
দীর্ঘ অধিযুগের 
এক অতৃপ্ত 
কামনা, আকাশভরা রঙ্গীন আলোকের মাঝে, 
তোমার প্রণয়ের এক ফোঁটা নীহার কণা !
জীবন খুলে রাখতে চায় উন্মুক্ত 
হৃদয়ের বাতায়ন, যেখানে 
আছে লাজুক ভাবনার 
অর্ধ মুকুলিত 
ফুলের 
অসংখ্য পাপড়ি, সিক্ত প্রত্যাশা নিয়ে অন্তর্মনে,
মঞ্জরিত ভালবাসার পথে অগ্রসর - -
* * 
- শান্তনু সান্যাল 

by artist Maryanne Jacobsen

বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩

বহু দিনের পরে - -

বহু দিনের পরে সে দেখেছে ফিরে, বহু দিনের 
পরে সাঁঝের আকাশে মেঘের আলোড়ন,
অজ্ঞাতসারে তার চোখের কোণে 
আবার ভেসে উঠতে চায় 
বিগত শ্রাবণের 
বিলুপ্ত 
রাত্রি, বহু দিনের পরে দেখি নিশি পুষ্পের - - 
অঙ্কুরণ ! কিছু পরিচিত গন্ধের 
উপারম্ভ, কিছু সঙ্কুচিত
অপ্রকাশ্য মুহুর্তের 
উদ্ঘাটন,
অনেক দিনের পরে সে খুলেছে, দীর্ঘায়িত ওই 
বন্ধ দক্ষিণমুখী জানালার ফলক, 
হয় ত পুনরায় ছুঁতে চায় -
সে বিবর্ণ দর্পণে 
হারানো 
অতীতের, কিছু সজল ভাবনার প্রতিফলন - - 
* * 
- শান্তনু সান্যাল 
rain pearl 

সোমবার, ৩ জুন, ২০১৩

শর্ত বিহীন - -

কিছু ব্যথা থাক না বুকের মাঝে, ওই সজলতায় 
আছে ভালবাসার সারমর্ম, যদি চোখ হতে 
ঝরে যায় ঘনীভূত ভাবনার মেঘ,
হিয়ার জলাভূমি হয়ে উঠবে 
ক্রমে ক্রমে ঊষর 
প্রান্তর -
একদিন, থাক না জ্বলন্ত ছদ্ম প্রদীপ যবনিকার 
অপর পারে, এখনো শেষ প্রহর অনেক 
দুরে, তোমার নিঃশ্বাসে আছে 
লুকানো নিশিগন্ধার 
সুবাস কি 
মদ্যপ কৃত্রিম সুগন্ধ ! জানতে চায় না জীবন - - 
এই মুহুর্তে শুধুই হৃদয় চায় তোমায় 
ভালবাসতে, শিরায় শিরায় 
শর্ত বিহীন একরাশ 
সন্নিবেশ !
* * 
- শান্তনু সান্যাল 
dropped rose

রবিবার, ২ জুন, ২০১৩

আত্মসমর্পণ - -

গভীর রাতের নীরবতা নিয়ে বুকে, জনশূন্য পথে
একা হেঁটে যেতে চায় মন বহু দূর, নিভৃত 
আলোর যেখানে আছে নিশিপালন,
ওই ঘুমন্ত পাহাড়ের চুড়ায় 
যখন চাঁদ করে সিক্ত 
চুম্বন, ঝির -
ঝির 
জোছনায় ডুবে রয় রহস্যময়ী উপত্যকা ! অরণ্য - 
কুঞ্জে ওঠে প্রগাঢ় অনুরাগের গন্ধ, ঝিমন্ত 
মুহুর্তগুলি তখন সহসা সজাগ, 
অদৃশ্য ছায়ার সত্তা করে 
যেতে চায় দেহ ও 
প্রাণে - 
একছত্র রাজত্ব, অস্থির ভাবনার ওই রোমাঞ্চক - - 
ক্ষণে আত্মসমর্পণ - - 
* * 
- শান্তনু সান্যাল 
moonlit forest 

শনিবার, ১ জুন, ২০১৩

পূর্ণ আহুতির প্রস্তুতি - -

তোমার প্রেমে এখনো আছে পরকীয় গন্ধ ! এক 
অদৃশ্য অন্তরাল, কাঁচা কাদামাটির তনুতা,
সম্ভবতঃ ভেঙ্গে যাওয়ার লুকানো 
ভয়, তাই তফাৎ বানিয়ে 
রাখাটা মন্দ নয়,
বুকের 
অগ্নিকুণ্ডে আসার আগে বহু বার ভাবাটা - - -
পক্কতার ইঙ্গিত, ওই কুমোরের চাকা 
হতে শক্ত মৃন্ময় পাত্রে বদল 
হওয়া সহজ কোথায়,
সে এক অগ্নি 
পথের 
চিরন্তন প্রক্রিয়া, দগ্ধ জীবনের সাথে বোঝাপড়া,
কাজেই বলি, আবেগপূর্ণ সিদ্ধান্ত কি এই 
মুহুর্তে উচিত, কিছু সময় আর 
ও নিজেকে শুষ্ক কর -
সূর্যের তাপে,
তারপরে 
হয় ত ভাবতে পারো, পূর্ণ আহুতির প্রস্তুতি - - 
অনন্ত পথের যাত্রা - - 
* * 
- শান্তনু সান্যাল 
broken vase