সোমবার, ১ জুলাই, ২০১৩

অন্তরের উজ্জ্বলতা - -

বহিঃস্থ উজ্জ্বলতার পিছনে যায় দৌড়িয়ে 
সমস্ত পৃথিবী ! প্রকৃত সৌন্দর্য্যের 
নিয়তি, শুধুই নেপথ্যের 
আঁধার, তবুও 
মনের 
ভিতরে জেগে রয় ক্ষুদ্র মাটির প্রদীপ - - 
জ্বলে দিবা নিশি, নিয়ে বুকে 
একরাশ পারদর্শী 
আলোর 
শিখা, চোখের পথে এস কোনো দিন কি -
এখনো জীবনে আছে কিছু অদেখা 
স্বপ্নের সম্ভাবনা, এখনো 
হৃদয় চায় মাটির 
কিন্তু খাঁটি 
সোনার 
মানুষ, যে অগ্নিপথের সহযাত্রী হবার - -
ভাবনা রাখে মনে, গড়তে চায় 
অনুরাগময় অদ্বিতীয় 
পৃথিবী - - 
* * 
- শান্তনু সান্যাল 
empty-vase art by Ankika 

রবিবার, ৩০ জুন, ২০১৩

কিছু অস্পষ্ট প্রতিফলন - -

কিছু অস্পষ্ট প্রতিফলন প্রায়ই দেখি তার 
ভাবনার আলো ছায়ার মাঝে !
মনে হয় সে যেন কোথায় 
ভালবাসে আমায়, 
কিংবা 
মরীচিকার পিছনে আমি ধেয়ে যাই - - 
অলীক আড়ম্বরের বশীভূত !
নিয়ে শুন্য বুকে অজানা 
ছায়াপথের মায়া, 
অথবা 
সুদূরের কোনো এক মরুদ্যানের সমীরণ 
ভরে যায় দগ্ধ হৃদয়ে কিছু ক্ষণের 
শ্রাবণী আভাস ! অদৃশ্য -
পরশ ছুঁয়ে যায় 
বারংবার 
আমার অভিশাপিত জীবন, নিয়ে চোখে 
নবজন্মের বরদান, রেখে যায় 
নিঃশব্দ ভাবে, শেষ প্রহরে 
কিছু স্বপ্নীল উপহার,
আমার মনের 
দ্বারে - - 
* * 
- শান্তনু সান্যাল  

শনিবার, ২৯ জুন, ২০১৩

নদীর আলিঙ্গন - -

রাত্রি আসে যায় নিজের লয়ে, ওই নিঃশ্বাসের 
ওঠানামার মাঝে জীবন তরণী ভেসে 
যায় স্বপ্নীল উজানের প্রবাহে !
সুদুর অন্ধকারে সে 
এক ভাসন্ত 
নীল আলোর দ্বীপ, অথবা তোমার প্রেমের - 
অবুঝ কিছু আশার প্রদীপ, জ্বলে রয় 
সারা রাত নিয়ে বুকে ভোরের 
মিলন বিন্দু, তীরের 
জোনাকিরা  
কথা কয় মৌন ভাষায়, শান্ত নদীর তরঙ - -
চেয়ে রয় নির্বাক, উড়ন্ত আলোকিত 
ডানার মায়া, তোমার স্পন্দনে 
জেগে থাকে আমার 
কবিতার 
কিছু জীবন্ত বর্ণমালা, কিছু এলোমেলো চন্দ্র 
বিন্দু, কিছু আবছা বিসর্গ ! তুমি 
খুঁজে চলেছ আমার দেহ ও 
প্রাণে ক্রমশঃ নোঙ্গর 
স্থান, আমি 
তখন 
সরে যাওয়া তীর ভূমি দৌড়িয়ে ছুঁতে চাই - -
তোমার অস্থির তরী !
* * 
- শান্তনু সান্যাল 

জুড়ান বিন্দু - -

অনেক দিনের জমানো মেঘ যেন ঝরে যেতে 
চায় অবিরাম লয়ে, শতবর্ষের তৃষা 
নিয়ে উন্মুক্ত বুকে চেয়ে 
আছে দগ্ধ পৃথিবী !
আকাশের 
দিকে,
তার প্রেমের গহ্বরে লুকিয়ে আছে জানি না -
কত যে গোপন অগ্নি পথ, কত যে 
প্রসুপ্ত আগ্নেয় গিরি ! ওই 
ভূমিগত এঁদোগলির 
নির্গত দ্বারের 
ঠিকানা 
কেউ জানে না, শুধুই এক অনুমান, সঘন 
তিমিরে, জীবন খুঁজে জুড়ান বিন্দু,
দেহ ও প্রাণের বাহির সে 
এক শাশ্বত প্রণয়ের 
শীর্ষ স্থান !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Le Tramway a Lille

শুক্রবার, ২৮ জুন, ২০১৩

আত্ম সুরভি - -

ওই ভাবে নিজে কে উজাড় করে ভালবাসা 
চাই নি আমি, কিছু নিজের জন্য 
আত্ম সুরভি যদি রাখো !
ক্ষতি কি, তোমার 
ওই দুর্বলতার 
আড়ালে 
জীবন দাঁড়িয়ে রয় নিরুপায় সেটা ত আমি 
চাই নি, এমন একটা পরিকল্পনা যদি 
হত, যেখানে প্রেমের সংজ্ঞা 
নিত অন্তরিক্ষের 
বিশালতা !
তোমার চোখের সেই সামুদ্রিক গভীরতায় 
হয় ত ভেসে উঠত বহুমূল্য ভাবনার 
রত্ন মাণিক ! করে যেত নীল 
আলোর উন্মুক্ত 
অনুদান,
উদ্ভাসিত সেই প্রতিফলনে হয় ত আমার -
দেহ ও প্রাণ হয় উঠত নির্মল জলের
মত আলোকভেদ্য - - 
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 8

বুধবার, ২৬ জুন, ২০১৩

সকালের ঘুমের মত - -

একটানা বৃষ্টি থেমেছে তখন, লোড শেডিংএর 
কোনো এক সন্ধ্যা, হাওয়ায় সেঁতসেঁতে 
ভাব !ওই মধ্যযুগীন অলিন্দের 
ঠিক এক কোণায়, ভেজা 
অন্ধকারে ছুঁয়ে ছিল 
কি যেন -
উষ্ণ কম্পিত অনুভূতি, ঠিক ঘাম ভেজা আধ 
খোলা বুকের উপরে, লিখে ছিল আঙ্গুলের 
ডগায়, কি যেন মৌন ভাষার এক 
পুঁচকে কবিতা, জানতে 
চেয়ে ছিল তার 
শীর্ষক !
আমি কিন্তু গুলিয়ে ফেলেছি, সঠিক উত্তর না  -
পেয়ে সে অস্ফুট শব্দে বলেছিল - এ কি 
সব কিছুই যে নোনতা ! শুনেছি 
যে ওই নোনা জলের অরণ্যে 
মৌচাক ঝুলে রয় উচ্চ 
শাখায় - - 
তার ওই চাপা খিলখিল হাসির মাঝে খুঁজতে  -
চেয়েছিলাম মধুর স্বপ্নের বাসভূমি !
বৃষ্টি বনের কিছু যাযাবর -
বহুরঙ্গী প্রজাপতির 
ডানা, কত দূর 
গেছি - - 
সেই মায়াবী আঁধারের পিছনে সেটা থাক - - -
আজ মেঘে ঢাকা - - ! অনেক সময় 
মেঘাচ্ছন্ন আকাশ ভালোই 
লাগে ঠিক সকালের 
ঘুমের মত !
* * 
- শান্তনু সান্যাল 
art by David Drummond

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

অরণ্য লতা - -

সবে ত শুরু, সর্পিল পথের যাত্রা, এখনো 
অনেক বাকি জীবনের সন্ধান,
অনেক কথা এখনো 
আছে বুকের 
আঁধারে 
কিছু জাগরিত কিছু আধ ঘুমন্ত, এখনই 
বল না ফিরে যাই ! সুদুর প্রান্তরে, 
ওই ঝিমন্ত পাহাড়ের গায়ে 
কিছু স্বপ্নীল জোনাকি,
অবিরত লয়ে 
গেয়ে যায় আলোর গান, কোথায় যেন -
অপ্রত্যাশিত ভাবে, তোমার প্রেম 
জড়িয়ে আছে আমার দেহ 
ও প্রাণে, অরণ্য লতা 
রূপে, খুবই 
কঠিন, এই মুহুর্তে তাকে সহজে সরানো !
থাক না স্বাভাবিকভাবে নিঃশব্দ 
লতানো বুকের অনেক 
কাছে, নিঃশ্বাসের 
জন্য, প্রাণ -
বায়ুর মূল্যাঙ্কন, কবিতার শব্দে বোঝানো 
খুবই মুশকিল - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by asha-sudhaker-shenoy