শনিবার, ২৭ জুলাই, ২০১৩

স্ব জ্বলনের সুত্রপাত - -

মরু বৃষ্টি ছিল তার অপ্রত্যাশিত ভালবাসা, 
ভিজিয়ে গেছে জীবনের পরিত্যক্ত 
বালিয়াড়ি নিমিষে ! নিঃশ্বাস 
ওঠে বুক হতে অথবা 
বাষ্প কুয়াশা !
তার 
যাওয়ার পরে দেখি চার দিকে ঘনিয়ে আছে 
নীলাভ অন্ধকার, কিছু সুরভিত পরশ 
জড়িয়ে আছে সারা দেহ জুড়ে,
মিহি রেশমী সুতোর -
বাঁধনে সে 
যেন 
বেঁধে গেছে খুবই দক্ষ হাতে, অনুরাগের - - 
অদৃশ্য মায়াজাল, দিয়ে গেছে নীরব, 
মধুর দহনের বরদান ! তার 
প্রেমের শিখায় এখন 
জ্বলবে অস্তিত্ব 
সারা 
রাত, জীবনে স্ব জ্বলনের সুত্রপাত - - - - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

art unknown source pestel painting

শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

শিরোনামহীন - -

বিস্তীর্ণ মহাশুন্যে ভেসে রয় অগণ্য -
আলোকিত অগ্নিপিণ্ড, তবু ও 
মনের অলিন্দ রয়ে 
যায় রিক্ত !
আসলে 
আয়ুর থেকে দীর্ঘ, ইচ্ছার তালিকা -
প্রতি অভিলাষে পুনর্জন্মের 
প্রতীক্ষা, প্রতি জন্মের 
সাথে জড়িয়ে 
রয় - - 
তাকে পুনরায় ভালবাসবার অশেষ  
বাসনা, ওই অবুঝ পুনরাবৃত্তির 
মাঝে নিহিত জীবনের 
নিষ্কর্ষ, নিঃশ্বাসের 
চিত্রলেখে 
তার 
প্রণয়ের কবিতা চিরকাল অসমাপ্ত -
এবং শীর্ষক বিহীন !
* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
art by sam sidders

অচেনা উপত্যকা - -

অচেনা পথ ধরে, অনেক দূরে, নির্জন স্থানে,
যেতে চায় মন, প্রতিধ্বনির বিনিময় 
হয় না যেখানে, ওই বিরল 
শুন্যতার মাঝে 
মনে হয় 
আছে তোমার প্রণয়ের বাস স্থান, পরিপূর্ণ -
অলৌকিক গন্ধে ভরা, এমন এক 
অনুভূতি, ঈর্ষা - দ্বেষ হতে 
মুক্ত, যেখানে জীবন 
শুধুই টলটলে 
জল -
বিস্তীর্ণ আকাশের বিম্ব ভেসে ওঠে অন্তর্মনে,
* * 
- শান্তনু সান্যাল 
art of japan

বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

মৌন অনুবন্ধ - -

পিপাসিত চোখে সে চেয়ে আছে আবার, 
ভেজা সন্ধ্যার মৃদু আলোয়, বিস্মিত 
নজরে, বৃষ্টি এখনো থামি নি, 
বোধ হয়, ঝরবে 
সারা রাত !
দু জনের মধ্যিখানে ঘনিয়ে চলেছে এক 
আবেগী নীরবতা, অধরের কথা 
নয়ন ধরে রাখতে চায় 
ভীষণ ভাবে !
নয়নের 
সিন্দুক কিন্তু, খুলে খুলে যায় অদৃশ্য - 
আকুলতায়, জল বিন্দু কি 
ঘামের কণা, কম্পিত 
দীপশিখার রূপে 
উদ্ভাসিত,
হয়ে উঠছে সিক্ত মুখের মাধুরী ! ওই 
শব্দহীনতার মাঝে, কোথায় 
যেন প্রগাঢ় মুহুর্তের 
সৃষ্টি, চুপচাপ 
স্বপ্নের 
মায়া জাল বোনা, কাছে আসার এক 
ওজর খুঁজা, প্রেম তখন 
বিবর্তনের পথে 
অগ্রসর।
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art Rain Walker Seattle

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

মনের বাতায়ন - -

মনের বাতায়ন চিরকাল চঞ্চল, ভাবনার পরশে 
খুলে যায় অহর্নিশ, নামহীন কোন এক -
ফুলের গন্ধে খুঁজে পেয়েছি, হঠাৎ
ওই বিস্ময়কর ভালবাসা !
জোছনার প্রবাহে 
ভাসন্ত 
সে এক চিলেকোঠা, ফেলে যায় রঙ্গীন স্বপ্নের -
বলয় প্রতি মুহুর্তে, তার ওই ঐন্দ্রজালিক 
বৃত্তে, জীবন হয়ে উঠে দিশাহারা,
পৃথিবী ও চাঁদের ধরাতল
তখন প্রায় সমান,
উন্মাদনের 
ওই অবস্থায়, দেহ ও প্রাণের মাঝে জেগে ওঠে 
অদৃশ্য সুরভিত আবেগের তরঙ্গ, ঘর -
দ্বার, আপন পর, চেনা অচেনা,
আকাশ পাতাল, ফুল -
কাঁটা, দুঃখ -
সুখ, অনল জল, নিদ্রা জাগরণ,সব কিছুই - -
যেন পরস্পর মিলে মিশে একাকার !
তার প্রেমের মায়া টেনে নিয়ে 
যেতে চায়, বহু দূর এক
অজ্ঞাত গন্তব্যের 
কাছে - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by -box-joanne-coyle

সোমবার, ২২ জুলাই, ২০১৩

মাঝ প্রবাহের ঠিকানা - -

শুধিও না বারংবার ভালবাসার সঘনতা,
ওই চরমপন্থী হাবভাবে, কোথায় 
যেন এক আতঙ্ক লুকিয়ে 
রয় সর্বদা, সুদূরে 
ক্রমশঃ সরে 
যাওয়া সমুদ্রতীর ও পরিত্যক্ত নৌকার 
মধ্যবর্তী, ওই বেলাভূমির বুকে 
আছে কত কাহিনী 
অপ্রকাশিত !
সময়ের ধুলো ঢেকে গেছে, নিঃশব্দ বহু -
পদচিহ্ন, কিছু খাগড়ার ঝোপ 
আর ছড়ানো রঙীন 
আঁশের স্তূপের 
ছাড়া - 
ওই প্রত্যাখাত ভূভাগে, কিছুই অবশিষ্ট 
আর চোখে পড়ে না, এক অশেষ 
নীরবতা নিয়ে জীবন, থেকে
যায় নিজের ভিতরে 
চির একাকী,
নিভৃত !
স্ব - বৃত্তে, স্বয়ং অজানা খুঁজে রয় বিলুপ্ত 
মাঝ প্রবাহের ঠিকানা - - 
* * 
- শান্তনু সান্যাল 
boat on the beach by unknown artist