সোমবার, ২৪ জুন, ২০১৩

একাধিক ভাঙন !

সিক্ত চোখের কাহিনী ভুলে যেতে চাই,
খুঁজো না আমায় ওই পাতাঝরা 
ঋতুর মাঝে, এখনো 
বুকে জেগে 
আছে 
অর্ধেক দেখা স্বপ্নের কুহক, এখনো - -
রাত অনেক বাকি, তোমার 
কথা অনুযায়ী আমি 
আবার দেখতে 
উৎসুক
নিজের হারানো চেহারা, তোমার ওই 
চির গভীর চোখের মাঝে ! তুমি 
কি এখনো সামলিয়ে রেখেছ 
চির হরিত শপথের 
মালা ! জড়িয়ে 
আছো কি 
আজ ও আমার প্রণয়ের গন্ধ সারাটা 
দেহ ও প্রাণ জুড়ে, হয় ত আজ 
অব্দি তোমার বুকের ওই 
পাগল তরঙ্গ খুঁজে 
চলেছে -
আমার অস্তিত্বের চিরস্থায়ী উপকূল - - 
তাই অস্থির জীবন চেয়ে আছে 
পুনরায় একাধিক 
ভাঙন !
* * 
- শান্তনু সান্যাল 
art by NADINE RAMELB

রবিবার, ২৩ জুন, ২০১৩

অপ্রত্যাশিত বাসনা - -

তার অদৃশ্যমান মৃগয়ার অর্থ খুঁজতে চায় মন,
যেন শিকার নিজেই ধেয়ে যেতে চায় 
জীবান্তকের সম্মুখে ! স্বেচ্ছায় 
আত্ম সমর্পণ, ওই মৌন 
চোখের ভাষা 
লিখে 
যায় লিপি বিহীন কাব্য হৃদয়াঞ্চলে, জীবনে - -
অপ্রত্যাশিত পরিবর্তনের সূত্রপাত, এক 
ভুলো ভুলো ভাবের আরভমান,
প্রণয়ের ঘুঁড়ি ভাবনার 
সুতো ধরে যেন 
উড়ে যেতে 
চায় 
মেঘলা আকাশে, উন্মুক্ত উড়ান ! সব কিছু -
ভুলিয়ে, পৃথিবী তখন অচেনা গৃহ, শুধু 
নজরে তখন সেই অদ্ভুত তীরের 
কামনা, বুক চায় যেন 
গভীর বিঁধান,
মধুর 
ক্ষতের দীর্ঘ অভিলাষ, অপরিভাষিত মিষ্টি - - 
আঘাত !
* * 
- শান্তনু সান্যাল 
art by Leonid Afremov 

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

উদ্বর্তনের সারাংশ - -

কোথায় আছে, জানি না এই পথের শেষ বিন্দু !
বহে চলেছি তার প্রণয়ের প্রবাহে জানি 
না কোথায়, এক রহস্যময় 
কুহক, এক কুয়াশা 
ভরা অনুরণন 
ডাকে 
শুধু, সুদুর হতে হৃদয়ের খুব কাছে ! কি যেন 
ভেসে উঠতে চায় গভীর উপত্যকার 
বুক থেকে, করতে চায় নিগূঢ়
মর্মের রহস্য উদঘাটন,
খুলতে চায় যেন 
ভাবনার 
বন্ধ কপাট, বলতে চায় অনেক কিছু যা বলা 
হয় নি কোনো দিন, কিংবা তার সত্তার 
মোহন মায়ায় করতে চায় সে 
নিলীন, অনিশ্চয়তার 
ডগায় ঝুলে 
রয় জীবন, আকাশ ও পৃথিবীর মাঝে, ওই -
মহাশুন্যে খুঁজে অস্তিত্ব, সৃষ্টির 
ইতিহাস, উদ্বর্তনের 
সারাংশ !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
unknown source art 3

বুধবার, ১৯ জুন, ২০১৩

নীরব চোখের স্বীকৃতি - -

ওই উন্মাদনের আছে এক অপরূপ সৌন্দর্য্য - -
যেখানে কল্পনা ও বাস্তবের মাঝে থাকে 
না কোনো ভেদাভেদ ! ভাবনারা 
বহে যায় অজানা স্রোতে 
অনায়াস, সুদুর 
প্রান্তরে, 
ঝরে যেন থেমে থেমে বৃষ্টি তার চোখের পরশে 
লুকিয়ে রয়, চন্দন অরণ্যের ছায়া সঘন,
জীবনের তৃষ্ণা যায় ক্ষণে ক্ষণে 
বেড়ে, সুপ্ত ঊষর ভূমির 
বুকে জাগে কিছু 
হরিত 
স্বপ্নের চারা, এক অদ্ভুত অনুভূতির মাঝে - - 
জীবন খুঁজে তার ভালবাসার উত্স, 
তাকে পরিপূর্ণ ভাবে হৃদয়ে 
আত্মভূত করার 
মাধ্যম,
কিছু অপ্রকাশিত কবিতা চায় যেন তার অধর 
ছুঁতে সহসা, সে তখন গুরুগম্ভীর মানুষ 
চেয়ে রয় নিয়ে চোখে এক 
সম্পাদকীয় দৃষ্টি !
আর মনের 
অবস্থা 
তখন কাচিক পথের যাত্রী, আশঙ্কিত বুকে - - 
দাঁড়িয়ে রয় তার সম্মুখে নিয়ে হাতে 
কিছু অর্ধ মুকুলিত রজনীগন্ধার 
গুচ্ছ, কম্পিত স্পন্দনের 
সাথে, বুঝতে 
আগ্রহী 
তার নীরব চোখের স্বীকৃতি, যেন এক অগ্নি 
পরীক্ষার মুখোমুখি !
* * 
- শান্তনু সান্যাল 

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

কল্পনার অতিক্রম !

নদী ও সাগরের মাঝে শর্ত বলতে কিছু হয় কি, 
প্রায়ই ভাবে মন একান্তে ! ওই মিলন 
বিন্দুর তীরে হয় ত হারিয়ে 
এসেছি হৃদয়ের 
গাঁজন, 
নিঃশ্বাসের লেখচিত্র, বহুমূল্য অনুভূতি, তার -
পরিপূর্ণ নিমজ্জনের জন্য হয় ত ছিল 
আমার চোখে মৌন আমন্ত্রণ !
অথবা এক নৈসর্গিক 
টানে সে গেছে 
মিশে -
গভীর অন্তরতমে, বুকের তরঙ্গে সম্পূর্ণ বিলীন,
দেহের সংজ্ঞা তখন জীববিজ্ঞানের বাইরে, 
দুই প্রাণের একীকরণ হয় ত গেছে 
ডিঙিয়ে সামাজিক সমস্ত 
লক্ষণরেখা কিংবা 
পৃথিবী ও 
আকাশের মাঝে প্রকৃত দিগন্তের জীবন্ত হয়ে 
ওঠা, চোখের তীরে বিন্দু বিন্দু 
পরিতোষের জল ফোঁটা !
অধর হতে সিক্ত 
মধুর গন্ধ 
ঝরা,
বলা মুশকিল ওই মুহুর্তে জীবনের পরিপূর্ণতা,
হয় ত ছিল কল্পনার অতিক্রম !
* * 
- শান্তনু সান্যাল 
midnight-blue art by victoria-chattopadhyay

রবিবার, ১৬ জুন, ২০১৩

সীমান্তহীন যাত্রী - -

কখনো অবিরল বর্ষণের সে এক রাত্রি, পৃথিবীর 
বুকে করে যায় সিক্ত কম্পন, আবার 
কখনো অ - নিবন্ত, অরণ্য 
আগুনের রূপে সে 
ছড়িয়ে যায়,
ধুসর 
পাহাড়ের গা ছুঁয়ে দিগন্ত পার, তার প্রেমের সীমানা 
কল্পনার বাইরে, সে এক চির উড়ন্ত চেতনা, 
ধরে রাখা সহজ কোথায়, লুকিয়ে 
রয় মেঘের ধরাতলে 
অন্তঃশীল -
অশনি সংকেতের রূপে, আচমকা ঝলসিয়ে যায় - 
জীবনের শান্ত সরোবর, তার ওই বিক্ষিপ্ত 
আবেগের গতি বহে যায় অগোছাল 
ভাবে যেখানে ইচ্ছে সেই 
দিকে, মানুষ 
নির্মিত 
সমস্ত প্রতিবন্ধক, তখন নিমিষে কাচের মত যায় 
ভেঙ্গে, মিহি বজ্র কণা শুধু ভেসে রয় 
সে মুহুর্তে মাতাল বাতাসে !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
wild rose - - unknown source 

শনিবার, ১৫ জুন, ২০১৩

কাঁটাতারের সীমানা - -

বিগত রাতের প্রগাঢ় অন্ধকারে, সে গেছে 
ছুঁয়ে নিষিদ্ধ অন্তরতমের বহু -
অনাবিষ্কৃত ভূভাগ !
কাঁটাতারের 
সীমানা
পার করে অনেক গভীরে, তবুও যেন - - 
তার মরু তৃষ্ণা এখনো ভবঘুরে,
জানি না কিসের আগুন 
ছুঁয়ে আছে তার 
ওই - -
বহ্নিমান অধর তীরে, হৃদয়ের আনুপূর্বিক 
সজলতা ও ঢেলে, সে এখনো আছে 
চির শুকনো বালিয়াড়ী, 
তার এই আকুল 
পিপাসার 
মাঝে জীবন খুঁজে কিছু নবীন কুহকের -
মন্ত্র, কিছু জোরাল মোহপাশ বেঁধে 
রাখতে চায় দেহ ও প্রাণে 
জীবন তার প্রেমের 
মন্ত্রমুগ্ধতা !
* * 
- শান্তনু সান্যাল 

barbed mystery