বুধবার, ১৭ জুলাই, ২০১৩

অশমিত তৃষ্ণা - -

সম্ভবতঃ তার বুকে ছিল অশমিত তৃষ্ণা, 
কিংবা সীমাহীন বাসনা, আমায় 
পরিপূর্ণ পাওয়ার পরেও 
সে যেন যথারীতি 
রইলো -
অসার, আরও অধিক তৃষিত, পল্লব - - 
বিহীন অরণ্যের যেন অভিলাষ,
প্রলয়ংকারী বৃষ্টির এক 
ঘাতক আশঁসা, 
মহা -
প্লাবনের প্রত্যাশা ! কিন্তু হাড় মাংসের 
দুনিয়ার আছে নৈসর্গিক সীমানা,
এক নির্দিষ্ট বিন্দু তার 
বাইরে পা দিলেই
বিধ্বংসের 
সূত্রপাত,
তার ওই অতিরিক্ত চাহিদা সরিয়ে - -
নিয়েছে ক্রমে ক্রমে, আমার 
অস্তিত্ব আমার কাছে 
থেকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by lynn-acourt

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

নিগূঢ় মুহূর্ত - -

অনেক ক্ষণ সে ছিল, ব্যক্তিত্বের নিকটতম 
অন্তরালে, এমনকি তার প্রতিবিম্বে 
আমার ছবি গেছে হারিয়ে !
তার দেহের গন্ধে -
ছিল অবুঝ 
এক -
আসঞ্জন, যতই চেয়েছি বুঝতে ততই রহস্য 
গেছে ক্রমশঃ ঘনিয়ে, বক্ষে ছিল তুহিন 
জল কণা কিংবা অভিলাষের 
বৃষ্টিবিন্দু, বা গলিত 
মোমের কিছু 
টুকরো,
সব কিছু যেন ভাসা ভাসা, অনিবন্ত অঙ্গার,
শুধুই এক কুহেলিকা ভরা পথের 
অন্তহীন যাত্রা ! অজ্ঞাত 
স্রোতে দিশাহীন 
ভেসে -
যাওয়া, অরিত্র বিহীন নৌকা আর সুদূরে - - 
তীরভূমির অট্টহাস - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by margaret-saheed

রবিবার, ১৪ জুলাই, ২০১৩

আবছায়া আবরণ - -

সরিয়ে যেও যদি সম্ভব, নিজের হাতে ওই
আবছায়া আবরণ ! কোন এক
রাতের শেষ প্রহরে, গেছো 
ঢেকে নিঃশব্দ পায়ে,
সারা দেহ ও 
প্রাণে, 
আকাশপ্রান্তে লিখে পুনর্মিলনের প্রতিশ্রুতি,
সেই থেকে জীবন দাঁড়িয়ে আছে 
কয়েক দশক ধরে, নিয়ে 
হৃদয়ে অতৃপ্ত তৃষা,
অসমাপ্ত -
এক প্রতীক্ষা, জীবন্ত অগ্নিশিখা, তোমার -
সেই অঙ্গীকার অনুযায়ী জীবন 
ভুলে গেছে বসন্তকালীন 
বীথিকা, খুঁজে 
বেড়ায় 
ঊষর ভূমির বুকে, বিলুপ্ত মিঠা জলের - - 
প্রস্রবণ, পরিত্রাণের স্রোত !
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 10

বাস্তবিকতার খুব কাছে - -

মহত্তম বিন্দুতে যখন অভিলাষ ! জীবন 
চায় কিছু অতিরিক্ত মুহূর্ত, বেঁধে 
রাখার ছদ্ম অজুহাত, এক 
প্রলুব্ধ শিল্প ! ছল -
কপট কিছুই 
হতে 
পারে ! প্রেম ও নৈতিকতার মিল তখন -
বেমানান, নিমিষে সুজন মানুষ -
কলঙ্কিত নায়ক, সেটা 
নৈসর্গিক চাহিদা,
মিথ্যা 
আবরণ যায় খসে নিজে নিজেই, আয়না 
এক মূক দর্শক, দেখে যায় সব 
কিছু প্রতিফলন তখন 
নিরঙ্কুশ সত্য, 
খুলে -
যায় স্তর প্রতি স্তর আডম্বরের মিহি তন্তু,
দেহের ইচ্ছাপত্রে তখন প্রেমের 
সংজ্ঞা, কল্পনার বাইরে,
বাস্তবিকতার খুব 
কাছে - - 
* * 
- শান্তনু সান্যাল 

painted canvas unknown source

শনিবার, ১৩ জুলাই, ২০১৩

উন্মুক্ত দ্বার - -

খুবই মুশকিল ছিল তোমাকে বাদ দিয়ে 
অন্য কিছু ভাবা, যেন সাগর -
সৈকত হতে নোনতা 
পিরিতি গায়ে 
মেখে 
ফিরে আসা, খুবই কঠিন ছিল তোমার 
বদলে জীবনে পরিবর্তন ঘটানো, 
যেন প্রস্তর খণ্ডে প্রাণবন্ত 
ছবি আঁকা, খুবই 
দুরুহ ছিল 
একা -
একা মরু পথে, বহুদূর নিরালায় হেঁটে 
যাওয়া, কিন্তু যেতে হয় জীবনের 
নিজস্ব আছে প্রতিবদ্ধতা,
তাই বারংবার 
সমঝোতা, 
এক 
চুক্তি ভেঙে অন্য সন্ধির উপরে দস্তখৎ
করা, কেউ কারোর জন্য থামে 
না বেশি ক্ষণ, নিসর্গের 
আছে নিজস্ব 
নিয়ম, 
আকাশগঙ্গার তীরে আমার বাসা নয় 
যদি পারো ওই কাঁকুরে পথ হয়ে 
এস এক দিন, আজ ও 
বুকের দরজা 
আছে 
খোলা, নিয়ে একরাশ নিশি পুষ্পের গন্ধ !
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/





art by Ioan Popei 

সাগর তীরের বার্তা - -

জানি তুমি আবার আছো অপেক্ষায়, আকাশে 
জমে আছে মেঘ যথারীতি, এখন ও 
শ্রাবণ যাই নি ফুরায়ে, ওই 
সজল সীমান্তে 
কিছু -
স্বপ্নের ছাইরঙ্গী, যুগল সারস উড়ে যায় সুদূর 
দিগন্তে ! পুনরায় তুমি খুলে চলেছ -
কাচের শোকেস, কিছু 
ঝিনুকের রঙ্গীন 
খোল - 
মাথা ঝাঁকুনিয়া মাটির পুতুল, প্রবালের টুকরো 
সহসা যেন জীবন্ত, খুঁজে চলেছে জল -
সমীরণে, সাগর তীরের বার্তা,
সব কিছু কি যথাবত 
আছে অথবা 
উচ্চ -
তরঙ্গে বহে গেছে প্রণয়ের বালুকা বেলা - - - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

art by moira gill